গেম অফ থ্রোনস: উইন্টারফেল যুদ্ধের পেছনের রহস্য

Published

সতর্কবার্তা: এই লেখায় গেম অফ থ্রোনসের সিজন আটের এপিসোড তিনের কিছু স্পয়লার থাকতে পারে।

আট বছর ধরে চলেছে সিরিজ, সত্তরটি পর্ব আর হাজার হাজার মৃত্যুর মধ্য দিয়ে টেলিভিশন সিরিজটি তার চূড়ান্ত পর্বে এসে পৌঁছেছে।

জীবিত আর মৃতের মধ্যে লড়াইয়ের পর্বটি রবিবার প্রচারিত হয়েছে। লং নাইট বা লম্বা রাত নামের পর্বটি ছিল ৮২ মিনিটের এবং পুরো পর্বটি জুড়ে দর্শকরা যেন রোলার কোস্টারে করে ভ্রমণ করেছেন।

সেই পর্বটি কিভাবে তৈরি করা হয়েছে, তার পেছনের গল্প নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে এইচবিও।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

১১ সপ্তাহ ধরে রাতের পর্বের চিত্রধারণ

অভিনয় শিল্পী এবং কর্মীরা ৫৫ রাত ধরে লং নাইট পর্বের চিত্র ধারণ করেছেন। এজন্য আয়ারল্যান্ডের বেলফাস্টে তাদের কাজ করতে হয়েছে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত।

এমিলিয়া ক্লার্ক, যিনি ডেনেরিস টারগেরিয়ান চরিত্রে অভিনয় করেছেন, তিনি জানিয়েছেন যে, তখন তাপমাত্রা ছিল মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস।

''তখন এতটাই ঠাণ্ডা ছিল যে, তুষার পড়তে পারছিল না। এতো ঠাণ্ডা থাকলে আপনাকে সমস্যায় পড়তেই হবে।''।

টানা তিন সপ্তাহ জুড়ে চিত্র ধারণের পর অনেক অভিনয় শিল্পী আর কর্মীরা মনে করতে শুরু করেন যে, তারাও মৃত বাহিনীর একজন সদস্য।

আরিয়া স্টার্কের চরিত্রে অভিনয় করা মেইসি উইলিয়ামস বলেছেন, ''এটা ছিল বিশাল একটা কর্মযজ্ঞ, তবে আমরা সেটা শেষ করতে পেরেছি।''

তিন বছর ধরে পরিকল্পনা

গেম অফ থ্রোনসের কাহিনীগুলো সবসময়েই গোপন রাখা হয়। খুব গুটিকয়েক ব্যক্তি শুধুমাত্র জানতে পারেন যে, কী ঘটতে চলেছে।

নিজের গুপ্তঘাতকের দক্ষতা ব্যবহার করে আরিয়া স্টার্ক যখন নাইট কিংকে হত্যা করেন, তখন তিনি আসলে লং নাইট পর্বের হিরো হয়ে ওঠেন।

এই পর্বটির পরিকল্পনা করা হয়েছে তিনবছর ধরে।

আরিয়ার এই হত্যা দৃশ্যটি এমনকি এই সিরিজে অভিনয় করা বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীকে চমকে দিয়েছিল।

জন স্নো চরিত্রে অভিনয় করা কিট হ্যারিংটন বলেছেন, তিনি ভেবেছিলেন যে, তিনিই নাইট কিংকে হত্যা করবেন।

''চূড়ান্ত পর্বের স্ত্রিপ্টটি পড়ার আগে পর্যন্ত ভেবেছিলাম, যে নাইট কিংকে হত্যা করবে।, সেটা অবশ্যই আমি''।

প্রযোজকরা বলছেন, জন স্নো সবসময়েই উদ্ধার কর্তা হিসাবে আর্বিভূত হয়েছেন। কিন্তু এবারে তেমনটা দেখানো হলে ঠিক হতো না।

মেইসি ডানহাতি, তবে বাম হাতে লড়াই করা শিখেছেন

দৃশ্য ধারণ করার এক বছর আগে মেইসিকে পুরো ব্যাপারটি জানানো হয়েছিল।

গেম অফ থ্রোনস বইয়ে আরিয়া স্টার্ক বাম হাতি, কিন্তু বাস্তবের মেইসি উইলিয়ামস ডানহাতি।

ফলে তিনি বাম হাত ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ নেন।

প্রযোজকরা জানিয়েছেন, বেশিরভাগ লড়াইয়ের দৃশ্য তিনি নিজেই করেছেন, কোন স্টান্ট নারীর সাহায্য নেননি।

বিগ জায়ান্ট সত্যিকারের অভিনেতা

গেম অফ থ্রোনস যারা দেখেছেন, তারা জানেন যে, তাদের প্রিয় চরিত্রের যেকোনো সময় মৃত্যু ঘটতে পারে।

এই পর্বও তার ব্যতিক্রম নয়। একটি বিগ জায়ান্টের হাতে প্রাণ হারান লিয়ানা মরমন্ট, তবে তার আগে তিনি সেটির চোখে ছুরিকাঘাত করে হত্যা করেন।

এই চরিত্রের অভিনয় শিল্পী বেল্লা রামজি বলছেন, '' যখন আমি জানতে পারলাম যে, আমি মারা যাচ্ছি, সেটা ছিল সবচেয়ে চমৎকার। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, গেম অব থ্রোনস থেকে বেরিয়ে যেতে পারলে আমি খুশী হবো।''

প্রযোজকরা বলেছেন, তারা চেয়েছিলেন যেন তার প্রস্থানটা যেন 'নায়কোচিত' হয়।

আধুনিক অনেক প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা পুরনো একটি কৌশল নেন। জায়ান্ট চরিত্রে অভিনয়ের জন্য তারা সত্যিকারের একজন অভিনেতাকে বেছে নেন।

বিশেষ দৃশ্য ধারণ সুপারভাইজার এরিক কার্নি বলছেন, ''দৈত্য বা জায়ান্ট চরিত্রে অভিনয় করেছেন ইয়ান হুয়েটি, যিনি সাত ফিট পাঁচ ইঞ্চি লম্বা। তিনি সবুজ পর্দার সামনে দৈত্যের সব ভূমিকায় অভিনয় করেন।''

''যে দৃশ্যে তিনি লিয়ানা মরমন্টকে তুলে ধরেন, সেখানে আসলে একটি ট্রাকার লাগানো পুতুল তুলে ধরেন তিনি। সেটাকে চিত্র ধারণ করা হয়। পরে একটি রোবট হাতের মাধ্যমে লিয়ানা মরমন্টকে সেই অনুযায়ী তুলে ধরা হয়। এভাবে ওই চিত্রটির দৃশ্য ধারণ করা হয়।''

স্যামুয়েল টার্লির লড়াই

স্যামুয়েল টার্লি চরিত্রকে প্রেমিক হিসাবে সবাই জানেন, যোদ্ধা নয়। যখন মৃতরা হামলা করে, তখন যুদ্ধের মধ্যে তাকে কাঁদতে দেখা যায়।

ওই চরিত্রে অভিনয় করা জন ব্রাডলি বলছেন, ''কোন যুদ্ধের দৃশ্যের মধ্যে থাকলে হয়তো আপনি নিজেকে লড়াই করতে দেখতে পাবেন।''

''কিন্তু পরিচালক মিগুয়েল আমাকে বলেন, মনে রেখো তুমি স্যামুয়েল টার্লির চরিত্রে অভিনয় করছো, যে যোদ্ধা নয়।''

''যোদ্ধা না হয়েও স্যাম সেখানে দাঁড়িয়েছিল কারণ এরকম অবস্থায় সাধারণ মানুষের অবস্থা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।''