সংক্রমণ বাড়ার জন্য তরুণরা অংশত দায়ী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. আজকের মতো এখানেই শেষ হচ্ছে বিবিসি বাংলার লাইভ পেজ।

    এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পাঠকদের ধন্যবাদ।

  2. করোনাভাইরাস সংক্রমণ বাড়ার জন্য তরুণরা অংশত দায়ী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলছেন, পৃধিবীকে করোনাভাইরাসকে নিয়েই বাঁচতে শিখতে হবে, এবং মহামারির অর্থ এই নয় যে মানুষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে যেতে হবে।

    আজ এক সংবাদ সম্মেলনে টেড্রোস গেব্রেইয়েসুস বলেন, অনেক তরুণ করোনাভাইরাসের ব্যাপারে অসতর্ক হয়ে পড়েছে এবং সম্প্রতি সংক্রমণে যে উর্ধ্বগতি দেখা যাচ্ছে তার জন্য এটা অংশত: দায়ী।

    তিনি মনে করিয়ে দিয়েছেন যে, যাদের বয়স কম তারাও এ ভাইরাসে আক্রান্ত হতে এবং মারা যেতে পারে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রেইয়েসুস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রেইয়েসুস
  3. ইউরোপে করোনাভাইরাসের "দ্বিতীয় ঢেউ" কি এসে গেছে?

    ইউরোপের অনেকগুলো দেশে করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করায় প্রশ্ন উঠছে: “দ্বিতীয় ঢেউয়ের“ যে আশংকা করা হচ্ছিল - তা সত্যি শুরু হয়ে গেছে কিনা।

    লকডাউন শিথিল করার কয়েক সপ্তাহের মধ্যেই স্পেন, ফ্রান্স, জার্মানি, লাক্সেমবার্গ, রোমানিয়া ও পোল্যান্ডের মত অনেকগুলো দেশে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

    ফলে আবার নতুন করে এসব দেশে বিধিনিষেধ আরোপ করা শুরু হয়েছে।

    যুক্তরাজ্য স্পেন থেকে ছুটি কাটিয়ে ফেরা লোকদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধান করেছে।

    ইংল্যান্ডে কেউ কোভিড পজিটিভ হলে বা সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাকে ৭ দিনের পরিবর্তে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে বলে নিয়ম করা হয়েছে।

    ইউরোপের সব দেশই চাইছে যে কোন উপায়ে দ্বিতীয় ঢেউ ঠেকাতে।

    তবে অধ্যাপক পল হান্টার নামে একজন বিশেষজ্ঞ বিবিসিকে বলছেন, এটাকে দ্বিতীয় ঢেউ নয়, বরং পুনরুত্থান বলা যায়। আসলে করোনাভাইরাস বিস্তার থেমে যায়নি, লকডাউনের ফলে স্তিমিত হয়েছিল। লকডাউন শিথিল হবার ফলে তা আবার বেড়ে যাচ্ছে।

    ইউরোপে কোভিডের দ্বিতীয় ঢেউএর আশংকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইউরোপে কোভিডের দ্বিতীয় ঢেউএর আশংকা
  4. ভিয়েতনামের হো চি মিন সিটিতে বার-নাইটক্লাব বন্ধ

    ভিয়েতনামে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সেদেশের প্রধান বাণিজ্যকেন্দ্র হো চি মিন সিটিতে সব বার ও নাইটক্লাব বন্ধ করে দেবার নির্দেশ দেয়া হয়েছে।

    শনিবার গত তিনমাসের মধ্যে প্রথমবারের মতো দেনাং শহরে এক ব্যক্তির করোনাভাইরাস ধরা পড়ে । এর পর এ পর্যন্ত ৪৬০ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।

    বৃহস্পতিবার মাঝরাত থেকে ৩০ জনের বেশি লোক একসাথে সমবেত হওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    রাজধানী হ্যানয়েও একই রকমের বিধিনিষেধ আরোপ করা হয়।

    ভিয়েতনামের হো চি মিন সিটিতে বার-নাইটক্লাব বন্ধ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভিয়েতনামে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে
  5. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর প্রস্তাব করলেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

    এক টুইট বার্তায় তিনি বলেন, ডাকযোগে ভোটের সংখ্যা বেড়ে যাওয়ায় তা থেকে কারচুপি এবং "নির্ভুল নয়" এমন ফলাফল হতে পারে।

    ওই টুইটে “যথাযথ এবং নিরাপদভাবে” লোকের ভোটের ব্যবস্থা না করা পর্যন্ত নির্বাচন বিলম্বিত করার প্রস্তাব করেন মি. ট্রাম্প।

    প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট

    ছবির উৎস, Twitter

    ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট
  6. টেক্সাসে করোনাভাইরাস সংক্রমণ নিউইয়র্ককেও ছাড়িয়ে গেছে

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা এখন নিউইয়র্ককেও ছাড়িয়ে গেছে।

    কয়েক মাস আগেও নিউইয়র্ককে বলা হতো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সেখানে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৪১৩,০০০-রও বেশি।

    তবে ওই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানেই বলা হচ্ছে টেক্সাসে এখন করোনাভাইরাস সংক্রমণ ৪১৮,০০০ ছাড়িয়ে গেছে।

    তবে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেই কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ – প্রায় ৪ লাখ ৮৫ হাজার।

    সারা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৪ লাখেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা ১৫০,৭১৬।

    টেক্সাসে ট্রাম্প সমর্থকদের একটি সমাবেশ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, টেক্সাসে ট্রাম্প সমর্থকদের একটি সমাবেশ
  7. গরিলা 'রাফিকি'কে হত্যা করায় উগান্ডায় একজনের ১১ বছরের কারাদন্ড

    উগান্ডার সবচেয়ে বিখ্যাত গরিলা রাফিকি-র হত্যাকারীকে ১১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

    ফেলিক্স বাইয়ামুকুমা নামে ওই ব্যক্তি গত জুন মাসে একটি সংরক্ষিত এলাকায় ঢুকে সিলভারব্যাক প্রজাতির গরিলাটিকে হত্যার কথা স্বীকার করেছেন।

    মোট ১৭টি পার্বত্য গরিলার একটি দলের প্রধান এই রাফিকি পর্যটকদের কাছেও জনপ্রিয় ছিল।

    বিপন্ন এই প্রজাতির মাত্র এক হাজারের কিছু বেশি গরিলা টিকে আছে বলে মনে করা হয়। এই গরিলা উগান্ডার পর্যটন খাতের এক বড় আকর্ষণ ।

    রাফিকি

    ছবির উৎস, .

    ছবির ক্যাপশান, রাফিকি
  8. সীসা দূষণে মৃত্যুর হারে বাংলাদেশ পৃথিবীতে চার নম্বরে, বলছে ইউনিসেফ

    পৃথিবীর এক-তৃতীয়াংশ শিশুই এখন মারাত্মক সীসা দূষণে আক্রান্ত – বলছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

    ইউনিসেফের এক রিপোর্টে বলা হচ্ছে, পৃথিবীর ৮০ কোটি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় (প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার বেশি) লেড বা সীসার উপস্থিতি রয়েছে।

    একই রিপোর্টে বলা হয়, বাংলাদেশে সীসা দূষণে আক্রান্ত হয়ে মৃত্যুর হার পৃথিবীতে চতুর্থ সর্বোচ্চ।

    ইউনিসেফ এবং পিওর আর্থ নামে একটি প্রতিষ্ঠানের প্রকাশ করা এ রিপোর্টে কথা বলা হয়, বাংলাদেশে যে রান্নার মশলা বিক্রি হয় তাতে রঙ উজ্জ্বল করার জন্য উচ্চমাত্রায় সীসা ব্যবহার করা হয়, এবং লেড-এসিড ব্যাটারি যথাযথভাবে রিসাইকল করা হয় না। এ দুটিকে মানুষের মধ্যে সীসা দূষণ ছড়ানোর অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করা হয়।

    রিপোর্টটি বলছে, বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে রক্তে সীসার উপস্থিতির হার প্রতি ডেসিলিটারে ৬.৮৩ মাইক্রোগ্রাম – যা পৃথিবীতে ১১তম সর্বোচ্চ।

    সীসা দূষণে আক্রান্ত হচ্ছে পৃথিবীর এক-তৃতীয়াংশ শিশু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সীসা দূষণে আক্রান্ত হচ্ছে পৃথিবীর এক-তৃতীয়াংশ শিশু
  9. চীনের মূলভূমিতেও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে

    হংকংএর পাশাপাশি গত ৭ দিন ধরে চীনের মূলভূমিতেও করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।

    বিবিসি মনিটরিংএর কেরি এ্যালেন জানাচ্ছেন, গত ২৪ ঘন্টায় সারা চীনে মোট ১০৫ জন কোভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে ৯৬ জনই শনাক্ত হয়েছেন উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশের উরুমচিতে।

    তবে এই রাজ্যে এখন বিপুল সংখ্যায় টেস্টিং চলছে, এবং তা বেশি সংখ্যায় কেস শনাক্তের কারণ হতে পারে।

    উত্তর পূর্বের দালিয়ান শহরে ৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

    চীনের সংবাদ মাধ্যমে লোকজনকে সতর্ক থাকতে, মাস্ক পরতে, এবং ভিড় এড়িয়ে চলতে বলা হচ্ছে।

    তবে সবচেয়ে বেশি উদ্বেগজনক পরিস্থিতি চীনের মূলভূমির ঠিক বাইরে হংকংএ। সেখানে ৩ হাজারেরও বেশি লোক কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। গত দুদিন ধরে কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছে দৈনিক শতাধিক লোক ।

    চীন করোনাভাইরাস

    ছবির উৎস, CCTV

    ছবির ক্যাপশান, চীনে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে
  10. করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই দেশে দেশে ঈদুল আযহার প্রস্তুতি

    করোনাভাইরাস মহামারির মধ্যেই ঈদুল আযহা পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলের দেশগুলোর মুসলিমরা।

    লেবাননে করোনাভাইরাসজনিত লকডাউন শিথিল করার পর সংক্রমিতের সংখ্যা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই আগামী চার দিনের জন্য নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশটিতে।

    ইরাকেও করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাবার পর বুধবার থেকে ১০ দিনের লকডাউন শুরু হয়েছে।

    সিরিয়া ও মিশরে মসজিদে গিয়ে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে।

    সৌদি আরবের মক্কায় হজ পালন শুরু হয়েছে - তবে করোনাভাইরাসের কারণে মাত্র কয়েক হাজার মুসলিম সেখানে সমবেত হয়েছেন।

    সাধারণত হজে অন্তত ২০ লাখ মুসলিমের সমাগম হয়।

    ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির প্রস্তুতি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানির প্রস্তুতি
  11. করোনাভাইরাসের ২৫ কোটি টিকা কেনার ব্যবস্থা করেছে ব্রিটেন

    ব্রিটেন এখন পর্যন্ত চারটি কোম্পানির তৈরি মোট ২৫ কোটি করোনাভাইরাসের টিকা কেনার আগাম ব্যবস্থা পাকা করে ফেলেছে।

    ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়, যুক্তরাজ্যের লক্ষ্য হচ্ছে এমন অন্তত ১২টি টিকা কেনার জন্য আগাম ব্যবস্থা করা – যেগুলো নিরাপদ এবং কার্যকর বলে প্রমাণিত হবার সম্ভাবনা জোরালো।

    যে চার কোম্পানির টিকা কেনার ব্যবস্থা এর মধ্যেই করা হয়েছে তার মধ্যে আছেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও এ্যাস্ট্রাজেনিকা ১০ কোটি টিকা, বায়ো এনটেক/ফাইজারের ৩ কোটি, ভালনেভার ৬ কোটি, এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইন/স্যানোফি পাস্তুরের ৬ কোটি।

    সব মিলিয়ে প্রায় ২৫ কোটি টিকা ক্রয়ের আগাম ব্যবস্থা করে রাখছে ব্রিটেন – যাতে কোনো দুএকটি টিকা কার্যকর প্রমাণিত হলে যত দ্রুত সম্ভব তা হাতে পাওয়া যায় – জানাচ্ছে গার্ডিয়ান।

    করোনাভাইরাস টিকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বিশ্বের অনেকগুলো দেশে টিকা তৈরির চেষ্টা চলছে
  12. পল্লবী থানায় বিস্ফোরণের মামলায় তিন জনের রিমান্ড

    বাংলাদেশের ঢাকার পল্লবী থানায় বোমা বিস্ফোরণের আগে যে তিন ব্যক্তিকে গ্রেফ তার করা হয়েছিল তাদেরকে আজ আদালতে হাজির করার পর ১৪ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।

    এই তিন ব্যক্তিকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

    বুধবার ভোর পাঁচটা নাগাদ পল্লবী থানার ভেতরে ঐ বিস্ফোরণে পুলিশের চারজন সদস্যসহ মোট পাঁচজন আহত হন।

    বাংলাদেশের পুলিশ বলেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং অপরাধীদের কাছ থেকে আগেই উদ্ধার করা একটি বোমা বিস্ফোরিত হয়েছে।

    তবে অনলাইনে জিহাদি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স বলছে, ইসলামিক স্টেট ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।

    ঢাকা বিস্ফোরণ
    ছবির ক্যাপশান, বিস্ফোরণের পর পল্লবী থানার ছবি
  13. মার্কিন কংগ্রেসে মাস্ক না পরলে চেম্বার থেকে বহিষ্কার: স্পিকারের হুঁশিয়ারি

    মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে যাবার মধ্যেই কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর সকল সদস্যকে মাস্ক পরতে নির্দেশ দেয়া হয়েছে।

    স্পিকার ন্যান্সি পেলোসি হুঁশিয়ার করে দিয়েছেন, এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেয়া হতে পারে।

    গত বুধবার টেক্সাসের একজন রিপাবলিকান সদস্য লুই গোমার্ট করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হন - যাকে মাস্ক ছাড়া ক্যাপিটল ভবনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল।

    এর পরই মিজ পেলোসি এই নতুন নির্দেশ জারি করলেন।

    তবে কংগ্রেসে বক্তব্য দেবার সময় তারা মাস্ক সরাতে পারবেন – বলেন ন্যান্সি পেলোসি।

    যুক্তরাষ্ট্র

    ছবির উৎস, Ge

    ছবির ক্যাপশান, ন্যান্সি পেলোসি
  14. ফ্লোরিডায় একদিনে ২১৬ জনের মৃত্যু, ঝড়ের কারণে টেস্টিং সেন্টারগুলো বন্ধ

    মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে কোভিড-১৯-এ একদিনে ২১৬ জনের মৃত্যু হয়েছে - যা এক নতুন রেকর্ড।

    কিন্তু এ রাজ্যের উপকুলের দিকে ‘ইসাইয়াস’ নামে একটি সামুদ্রিক ঝড় এগিয়ে আসতে থাকায় সেখানকার করোনাভাইরাস টেস্টিং সেন্টারগুলো বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, টেস্টিং সেন্টারের জন্য স্থাপিত তাঁবুগুলো ঝোড়ো বাতাসের মুখে টিকে থাকতে পারবে না। তাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত গুলো বন্ধ থাকবে।

    ফ্লোরিডা হচ্ছে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচাইতে গুরুতরভাবে সংক্রমিত রাজ্যগুলোর একটি। এখানে কোভিড-১৯এ প্রায় ৬,৩০০ লোকের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে সাড়ে চার লক্ষের্ও বেশি লোক।

    যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে দেড় লক্ষের বেশি লোকের মৃত্যু হয়েছে।

    ফ্লোরিডা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফ্লোরিডার করোনাভাইরাস টেস্টিং সেন্টারগুলো ঝড়ের কারণে বন্ধ
  15. আপনাদের সাথে এতোক্ষণ ছিলাম আমি রায়হান মাসুদ।

    এবারে এই পাতায় আপনাদের খবর জানাবেন পুলক গুপ্ত।

    করোনাভাইরাস নিয়ে তথ্য জানতে বিবিসি বাংলার এই লাইভ পাতায় চোখ রাখুন।

  16. ব্রেকিং, ৩০শে জুলাই, বাংলাদেশে করোনাভাইরাস আপডেট

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টার হিসেব অনুযায়ী আরো ২৬৯৫ জন মানুষের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে, গত ২৪ ঘণ্টার হিসেবে মারা গেছেন ৪৮ জন।

    মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ৩০৮৩ জন।

    ২৪ ঘণ্টায় ১২৯৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ১৯৫ টি।

    সামগ্রিকভাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার- ২০.১৮%।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬৬৮ জন।এনিয়ে বাংলাদেশে ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন সুস্থ হয়েছেন। তিনি জানান, সুস্থতার হার ৫৬.৬১%।

  17. করোনাভাইরাস পরিস্থিতি

    ১ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১৬০ জন এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ্বে।

    মারা গেছেন ৬ লাখ ৬৭ হাজার ২১৮ জন।

    সুস্থ হয়ে গেছেন প্রায় ১ কোটি মানুষ।

    যুক্তরাষ্ট্রে প্রায় ৪৪ লাখ রোগী পাওয়া গেছে, মারা গেছেন দেড় লাখ।

    ব্রাজিলে সাড়ে ২৫ লাখ রোগীর মধ্যে মারা গেছেন ৯০ হাজার।

    ভারতে রোগী পাওয়া গেছে ১৫ লাখ, মারা গেছেন ৩৪ হাজার ১৯৩ জন।

  18. গাম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট কোভিড-১৯ পজিটিভ

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  19. টেলিমেডিসিনের কারণে বাংলাদেশের ৬০ শতাংশ হাসপাতাল বেড খালি- স্বাস্থ্যমন্ত্রী

    ঈদ ও বন্যার কারণে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

    করোনাভাইরাসের জন্য নির্ধারিত হাসপাতালে ৬০% বেডই এখন খালি অবস্থায় আছে, এই ব্যাপারে তিনি বলছেন টেলিমেডিসিনের কারণেই মূলত লোকজন হাসপাতালে যাচ্ছেন না।

    আজ ঢাকায় সচিবালয়ে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

  20. ব্রেকিং, ভারতে অর্ধ লক্ষ শনাক্ত হচ্ছে প্রায় প্রতিদিন

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post