আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

মহামারির মধ্যেও বিশ্ববাজারে সোনার রেকর্ড মূল্য

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মিজানুর রহমান খান

  1. মহামারির মধ্যেও বিশ্ববাজারে সোনার রেকর্ড মূল্য

    বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড সৃষ্টি করেছে।

    বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বিনিয়োগকারীরা অন্য কিছুতে আস্থা রাখতে না পেরে এখন সোনার পেছনেই বিনিয়োগ করছেন।

    স্বর্ণকেই তারা মনে করছেন সবচেয়ে নিরাপদ।

    এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি এবং করোনাভাইাসের দ্বিতীয় ওয়েভের আশঙ্কার কথা বলা হচ্ছে।

    মূল্যবান এই ধাতব পদার্থের দাম আজ ২.৪% বৃদ্ধি পেয়ে এক আউন্স সোনার মূল্য দাঁড়িয়েছে ১,৯৪৪.৭৩ ডলার।

    এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সোনার রেকর্ড মূল্য ছিল ১,৯২১ ডলার।

    অনেক বিনিয়োগকারী সোনার মতো মূল্যবান পদার্থের পেছনে বিনিয়োগ করতে আগ্রহী নন কারণ এখান থেকে কোন লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়া যায় না।

    তবে এটাকে তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন।

    সাধারণত দেখা গেছে ভূরাজনৈতিক উত্তেজনার সময় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে থাকে।

    মার্কিন ডলারের মূল্য কমে যাওয়াও এর পেছনে আরো একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  2. প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হোয়াইট হাউজ নিশ্চিত করেছে।

    ৫৪ বছর বয়সী মি. ও’ ব্রায়ান হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কোন কর্মকর্তা যিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন।

    সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, মি. ও’ব্রায়ানের মৃদু উপসর্গ দেখা দিয়েছে এবং তিনি বর্তমানে নিজেকে আর সকলের কাছ থেকে বিচ্ছন্ন রেখে নিরাপদ জায়গা থেকে কাজ করছেন।

    “এতে প্রেসিডেন্ট কিম্বা ভাইস প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ার কোন ঝুঁকি নেই।”

    মি. ও’ব্রায়ান এমাসে প্যারিসে গিয়েছিলেন ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র নীতি বিষয়ক আলোচনায় যোগ দিতে।

    সম্প্রতি তিনি অ্যরিজোনায় একটি বক্তৃতা দিয়েছেন যাতে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের সঙ্গে তুলনা করেছেন।

  3. ব্রেকিং,

    যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে।

    খবরটি সত্য হলে মি. ও’ ব্রায়ান হবেন হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কোন কর্মকর্তা যিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন।

  4. সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ঐশ্বরিয়া রাই

    জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন করোনাভাইরাসমুক্ত হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

    সাবেক এই মিস ওয়ার্ল্ড আজ সোমবার তার কন্যাকে নিয়ে মুম্বাই-এর নানাভতী হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন।

    তবে তার স্বামী অভিষেক বচ্চন ও শ্বশুর অমিতাভ বচ্চনের, তারা দুজনেও জনপ্রিয় অভিনেতা, টেস্ট পজিটিভ হওয়ায় তারা এখনও হাসপাতালে রয়ে গেছেন।

    “ঐশ্বরিয়া এবং আরাধ্যার টেস্টে নেগেটিভ এসেছে। ফলে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা বাড়িতে,” টুইট করে জানিয়েছেন অভিষেক বচ্চন।

    হাজার হাজার ভারতীয় এই পরিবারটির রোগমুক্তির জন্য প্রার্থনা করছেন।

  5. ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত পোষা বিড়াল

    ব্রিটেনে একটি পোষা বিড়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

    পশু বিষয়ক প্রধান চিকিৎসক বলছেন, এই প্রথম যুক্তরাজ্যে কোনো প্রাণী কোভিড-১৯ রোগে আক্রান্ত হলো।

    সরকার বলছে, এই বিড়ালটির মাধ্যমে তার মালিক অথবা অন্য কোন প্রাণী আক্রান্ত হয়েছে এরকম কোন প্রমাণ নেই।

    অন্য কোন পোষা প্রাণীও মানবদেহে করোনাভাইরাস ছড়াতে পারে বলেও প্রমাণ পাওয়া যায় নি।

    ওয়েব্রিজে বুধবার এক পরীক্ষায় এই সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    ইংল্যান্ডে স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে কোন প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলার জন্য।

    পশু চিকিৎসা বিষয়ক প্রধান কর্মকর্তা ক্রিস্টিন মিডলমিস বলেছেন, “কোন প্রাণীর আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। বিড়ালটির শরীরে খুব সামান্যই উপসর্গ দেখা দিয়েছে।”

    এই বিড়ালের মাধ্যমে আর কোথাও ভাইরাস ছড়ায় কিনা তার ওপর নজর রাখা হচ্ছে।

  6. ছয় সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ পর্যন্ত তারা যতো জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মধ্যে কোভিড-১৯ “সবচেয়ে গুরুতর।”

    জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ড. টেড্রোস গেব্রেয়াসাস বলেছেন, সারা বিশ্বে এক কোটি ৬০ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪০ হাজার।

    “মহামারির পরিস্থিতি খারাপ হওয়া অব্যাহত রয়েছে। গত ছয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে,” বলেন তিনি।

  7. সংক্রমণ নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি বক্তব্য

    দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়াতে যাকে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি হিসেবে বলা হচ্ছে তার শরীরে ভাইরাস ছিলো না।

    তিন বছর আগে তিনি উত্তর থেকে দক্ষিণে পালিয়ে গিয়েছিলেন। গত সপ্তাহে তিনি আবার উত্তর কোরিয়াতে চলে যান।

    দক্ষিণ কোরিয়া বলছে, ওই ব্যক্তি প্রথমে ড্রেনের একটি পাইপের ভেতর দিয়ে এবং পরে আরো এক মাইল সাঁতার কেটে উত্তর কোরিয়াতে গিয়ে পৌঁছান।

    গত রবিবার উত্তর কোরিয়া জানায় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি।

  8. করোনাভাইরাসের প্রাথমিক তথ্য ধামাচাপা দেওয়ার অভিযোগ এক চীনা ডাক্তারের

    একজন ডাক্তার যিনি শুরুর দিকে চীনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছিলেন, বিবিসিকে তিনি বলেছেন তার বিশ্বাস স্থানীয় কর্মকর্তারা প্রাথমিক সংক্রমণের মাত্রা ধামাচাপা দিয়েছিলেন।

    উহান শহরে এই রোগের চিকিৎসায় সাহায্য করেছিলেন প্রফেসর কুক ইয়ং ইওয়েন। তিনি বলছেন, শুরুর দিকে এরকম কিছু তথ্য প্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছে। এছাড়াও এর প্রতিকারের চেষ্টাও ছিলো খুব ধীর।

    “আমরা যখন হুয়ানান সুপারমার্কেটে যাই, সেখানে তখন দেখার মতো কিছু ছিলো না। কারণ ইতোমধ্যেই বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। ফলে আপনি বলতে পারেন যে অপরাধের আলামত ততোক্ষণে নষ্ট করে ফেলা হয়েছে। ফলে ভাইরাসটি কোন উৎস থেকে মানবদেহে এসেছে সেটা আমরা চিহ্নিত করতে পারিনি,” বলেন প্রফেসর ইওয়েন।

    “আমার সন্দেহ যে তারা উহানে স্থানীয়ভাবে কিছু ধামাচাপা দিয়েছে। যেসব স্থানীয় কর্মকর্তার এসব তথ্য সরবরাহ করার কথা ছিলো তাদেরকে সেটা খুব দ্রুত করতে অনুমতি দেওয়া হয়নি।”

    ডিসেম্বরের শেষের দিকে যে ডাক্তার এই ভাইরাসের ব্যাপারে তার সহকর্মীদের সতর্ক করে দিয়েছিলেন কর্তৃপক্ষ তাকে শাস্তিও দিয়েছে।

    করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে শুরুর দিকে চীনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এজন্যে দেশটির সমালোচনাও হচ্ছে।

    চীন সবসময়ই এধরনের অভিযোগ অস্বীকার করেছে।

  9. ব্রেকিং, বাংলাদেশে করোনাভাইরাস আপডেট, ২৭শে জুলাই, ২০২০

    বাংলাদেশে আরো ২৭৭২ জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে।

    এনিয়ে বাংলাদেশে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন

    পরীক্ষা বিবেচনায় বাংলাদেশে শনাক্তের হার ২০.১২%।

    বাংলাদেশে আরো ৩৭ জন মারা গেছেন, মোট মারা গেছেন ২ হাজার ৯৬৫ জন।

    বাংলাদেশে সুস্থ হয়ে গেছেন আরো ১৮০১ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩।

  10. আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়ালো ভারতে

    করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার বিচারে ভারত বিশ্ব তালিকার তিন নম্বরে। দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে।

    গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরো প্রায় ৫০ হাজার আক্রান্ত ব্যক্তি।

    প্রথম আক্রান্তের কথা জানা যায় জানুয়ারি মাসে। এর পর থেকে গত পাঁচ মাসে মারা গেছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

    সংক্রমণ ঠেকাতে মার্চ মাসে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। পরে সেসব শিথিল করা হয়।

    জুন মাসে এই সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করে।

    আক্রান্তের সংখ্যা বেশি হলেও ভারতে সুস্থ হয়ে ওঠার হারও উল্লেখ করার মতো – ৬৩ শতাংশ।

  11. উগান্ডায় এনিয়ে করোনাভাইরাসে মারা গেলেন ২ জন

  12. স্বাস্থ্য অধিদফতরের এই রদবদলের কারণ কী?

    ২৮ জনকে রদবদল যার মধ্যে ২০ জনকেই বসুন্ধরা কনভেনশন সেন্টারের আইসোলেশন কেন্দ্র থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়েশা আক্তার বলছেন, বসুন্ধরায় রোগীর সংখ্যা কমে যাওয়ার কারণে যেখানে রোগী বেশি সেদিকে জোর দেয়া হচ্ছে।

    বসুন্ধরার আইসোলেশন কেন্দ্র থেকে সরানো বেশিরভাগ চিকিৎসককেই বদলি করা হছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

  13. ব্রেকিং, স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তা রদবদল

    বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের ২৮ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতরে এক সপ্তাহ ধরেই চলছে নানা পট পরিবর্তন।

    যার মধ্যে আছে মহাপরিচালকের পদত্যাগ ও নতুন মহাপরিচালক নিয়োগ।

    রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনাভাইরাস টেস্ট ফল নিয়ে নানা অভিযোগ ওঠার পরেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

  14. ভারতে আজ ৫ লাখ ১৫ হাজার নমুনা পরীক্ষা হয়েছে

  15. প্রত্যেকের করোনাভাইরাস অভিজ্ঞতা ভিন্ন

    করোনাভাইরাস আক্রমণ করতে পারে যে কাউকেই।

    কিন্তু সবার অভিজ্ঞতা একরকম হয়না।

    কারো হয়তো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, কোথাও হাসপাতাল বোমা বিধ্বস্ত আবার কোন এলাকায় হয়তো ডাক্তারই নেই সেবা দেবার।

  16. ভারতে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি

  17. ভিয়েতনামে ছোট আকারে সংক্রমণ শুরু

    ভিয়েতনামে আরো চারজন নতুন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে। দেশটিতে আবারো নতুন করে কড়াকড়ি জারি করা হয়েছে।

    করোনাভাইরাস মহামারি সামলাতে সবচেয় সফল দেশগুলোর একটি ভিয়েতনাম।

    দেশটিতে ৪০০ এর খানিকটা বেশি রোগী পাওয়া গেছে এবং কেউ মারা যায়নি। ১০০ দিনে কোনো নতুন রোগীও পাওয়া যায়নি দেশটিতে।

    কর্তৃপক্ষ এখনো জানতে পারেনি ঠিক কীভাবে নতুন করে এই সংক্রমণ শুরু হলো।

  18. ব্রেকিং, সরকারদলীয় এমপি-র করোনাভাইরাসে মৃত্যু

    সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

    তার বয়স হয়েছিল ৫৪ বছর।

    তিনি নওগাঁ-৬ আসনের পরপর তিনবারের সংসদ সদস্য।

    তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার শোক জানিয়েছেন।

  19. অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় সংক্রমণ বেড়েই চলেছে, আজ সর্বোচ্চ

  20. আজকের খবর

    আশঙ্কা করা হচ্ছে বিহার হতে পারে ভারতের পরবর্তী করোনাভাইরাস হটস্পট।

    নতুন সংক্রমণ আছে কিন্তু ভ্রমণের জন্য স্পেনকে নিরাপদ বলছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

    করোনাভাইরাস ছাপিয়ে ইংল্যান্ডে শেষ হলো প্রিমিয়ার লিগের মৌসুমের বাকি অংশ।

    বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৯২৮ জনের মৃত্যু হল।

    আর বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ২,২৩,৪৫৩ জন।

    বাংলাদেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,২৩,৮৮২ জন।

    বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের লক্ষ্যে প্রথমবারের মতো নমুনা পরীক্ষা শুরু হয় গত ২১শে জানুয়ারি।

    গত ৮ই মার্চ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ ঘোষণা করে যে বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।