বিবিসি বাংলার লাইভ অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি।
এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
করোনাভাইরাসসহ অন্যান্য প্রতিবেদন পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
মিজানুর রহমান খান
বিবিসি বাংলার লাইভ অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি।
এতোক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
করোনাভাইরাসসহ অন্যান্য প্রতিবেদন পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
চীন হংকং-এর উপর এক নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের পর ব্রিটেন সিদ্ধান্ত নিয়েছে যে ওই ভূখণ্ডের ৩০ লাখ বাসিন্দাকে ব্রিটেনে থাকতে এবং কাজ করতে দেওয়া হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন নিরাপত্তা আইনে হংকং-এর স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে ব্রিটেনে আসার সুযোগ দেওয়া হবে।
তারা পাঁচ বছরের জন্য ব্রিটেনে আসতে পারবে। এর পর তারা নাগরিকত্বের জন্যেও আবেদন করতে পারবেন।
এর আগে চীন ব্রিটেনের এই সিদ্ধান্তের বিষয়ে ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, নতুন আইনটি পাস করে হংকং-এ কর্তৃপক্ষ ১৯৮৫ সালের সিনো-ব্রিটিশ যৌথ ঘোষণাকে লঙ্ঘন করেছে।
এই ঘোষণায় বলা হয়েছিল ১৯৯৭ সালে ব্রিটেন হংকং-এর প্রশাসন চীনের কাছে ফিরিয়ে দেবার পর ৫০ বছর ওই এলাকাটি কী কী স্বাধীনতা ভোগ করবে।
অমিতাভ ভট্টশালী, বিবিসি, কলকাতা
ভারতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ৯৫ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
চিকিৎসকরা বলছেন এতো বয়স হওয়া সত্ত্বেও তাকে আইসিইউতে রাখার যেমন প্রয়োজন পড়েনি, তেমনই দরকার হয়নি বিশেষ কোনও চিকিৎসারও।
হাওড়ার সঞ্জীবন হাসপাতালের সাধারণ বেডে রেখেই চিকিৎসা করা হয়েছে গোবিন্দ হালদারের।
"তাকে মাত্র পাঁচ লিটার অক্সিজেন দিতে হয়েছে। বয়স-জনিত কোনও সমস্যাও হয়নি। ভর্তি হওয়ার সময়ে তিনি পজিটিভ হয়েই এসেছিলেন। সামান্য কাশি আর জ্বর ছিল। গত চার-পাঁচদিন ধরে তার আর কোনও অসুস্থতা ছিল না। বলা যেতে পারে প্রাকৃতিকভাবেই তিনি সেরে উঠেছেন,” বলছিলেন হাসপাতালের পরিচালক ডা. শুভাশিস মিত্র।
করোনাভাইরাস মহামারির মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখে মাস্ক না পরে আবারও জনসমক্ষে হাজির হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ফুটেজে দেখা যাচ্ছে তিনি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে গণভোটে ভোট দিচ্ছেন। এসময় অন্যান্যদের মুখে মাস্ক থাকলেও তার মুখে মাস্ক ছিলো না, গ্লাভসও ছিলো না তার হাতে।
পরিবর্তনের পক্ষে ভোট পড়লে প্রেসিডেন্ট পুতিন আরো ১৬ বছর ক্ষমতায় থাকতে পারবেন।
মস্কোতে ভোট কেন্দ্রের মতো এরকম জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। ফলে রুশ প্রেসিডেন্ট স্পষ্টতই করোনাভাইরাসের বিধি-নিষেধ ভঙ্গ করেছেন।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পুতিনকে কখনো মাস্ক পরতে দেখা যায় নি। তবে মার্চ মাসে মস্কোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করা হয় এমন একটি হাসপাতাল পরিদর্শনের সময় তিনি নিজের সুরক্ষার জন্য হাজমাত স্যুটে নিজেকে পুরোপুরি আবৃত করে রেখেছিলেন।
তবে তিনি যখন ওই হাসপাতালের প্রধানের সঙ্গে বৈঠক করেন তখন তাদের কারোর মুখেই মাস্ক ছিলো না। এক সপ্তাহ পরে হাসপাতাল প্রধান করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন এবং প্রেসিডেন্ট পুতিন আইসোলেশনে চলে যান।
অনেকেরই প্রশ্ন মাস্ক পরতে মি. পুতিনের এতো অনীহা কেন?
বিশ্লেষকরা বলছেন, খালি গায়ে তার ঘোড়ায় চড়ার ছবি থেকে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে তিনি তার পৌরুষ প্রকাশ করতে চান। এই বিচারে মুখে মাস্ক পরাকে তার দুর্বলতা হিসেবে দেখা হতে পারে।
হংকং-এ চীনের জারি করা বিতর্কিত একটি আইনে পুলিশ প্রথমবারের মতো গ্রেফতার করতে গেলে সংঘর্ষ হয়েছে।
প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও মরিচের গুড়ো ব্যবহার করা হয়েছে।
ছুড়ি মারা হয়েছে একজন পুলিশের হাতে।
১৮০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে সাতজনকে করা হয়েছে নতুন আইনের আওতায়।
হংকং-এর স্বাধীনতা চেয়ে ব্যানার ধরার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
হংকং-এর নির্বাহী প্রধান ক্যারি ল্যাম বলেছেন, জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করা হলে তাদের কিছু কিছু অধিকার বাতিল করা হতে পারে।
অনেক দেশেই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা অথবা তাদের আত্মীয় স্বজনরা লকডাউনের বিধি-নিষেধ ভঙ্গ করেছেন।
কিন্তু কলাম্বিয়ার একজন মেয়র এসংক্রান্ত আইন ভঙ্গ করায় তার সন্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন।
উত্তরাঞ্চলীয় একটি শহরের মেয়র কার্লোস হিগিন্স ভিল্লানুয়েভা তার ছেলে, ভাগ্নে ও তাদের একজন বন্ধুকে লকডাউন অমান্য করায় নিজের গাড়িতে করে পুলিশ স্টেশনে নিয়ে গেছেন।
স্থানীয় একটি রেডিওকে তিনি বলেছেন, লোকজনের কাছে শুনেছেন যে এই তারা একটি বাড়িতে জড়ো হয়ে মদ খাচ্ছিল।
“গৃহীত পদক্ষেপের প্রতি আমার আত্মীয় স্বজনকেই তো সবার আগে সম্মান জানাতে হবে। আমার শহরের বাসিন্দাদের জীবন তাদের কারণে ঝুঁকির মুখে পড়বে সেটা আমি হতে দেব না।”
তার এই কাজের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন।
কলাম্বিয়ায় ৯৫,০০০ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩,৩৭৬ জন।
নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র যখন প্রস্তুতি নিচ্ছে, তখন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন নির্বাচনী সমাবেশ না করার কথা ঘোষণা করেছেন।
“আমি ডাক্তারদের নির্দেশ মেনে চলবো- শুধু আমার জন্য নয়, দেশের জন্য- এর অর্থ হলো আমি কোনো সমাবেশ করবো না,” বলেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
তার এই অবস্থান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একেবারে বিপরীত।
স্বাস্থ্য সতর্কতা সত্ত্বেও মি. ট্রাম্প ইতোমধ্যেই ওকলাহোমার টাসলায় সমাবেশ করেছেন।
ওই সমাবেশে লোকজনের উপস্থিতি ছিলো খুব কম। এর পর অবশ্য নতুন কোনো সমাবেশের কথা উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত পাঁচদিনের চারদিনই ৪০ হাজারের বেশি লোক আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।
করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সুরক্ষা সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগে স্লোভেনিয়ায় একজন মন্ত্রীকে আটক করা হয়েছে এবং আরেকজন মন্ত্রী পদত্যাগ করেছেন।
অর্থমন্ত্রী স্দ্রাভকো পচিভালেস্কের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি এমন একটি কোম্পানিকে কাজ দিয়েছেন যারা সঠিক সামগ্রী সরবরাহ করেনি। মন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
এই ঘটনায় তদন্ত চলছে।
পুলিশ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোসের ব্যাপারে তল্লাশি চালালে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে।
প্রতিবাদে পুলিশ বাহিনীর প্রধানও পদত্যাগ করেছেন।
গত মার্চ মাস এই সরকার ক্ষমতায় এসেছে।
এর আগে গত মাসে করোনাভাইরাসের বিস্তার ঠেকতে সরঞ্জমাদি কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবোয়ের স্বাস্থ্যমন্ত্রীকেও গ্রেফতার করা হয়।
বাংলাদেশে আরো ৩৭৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
এই সংখ্যক রোগী শনাক্ত হয়েছে ১৭৮৭৫ টি পরীক্ষা করে। প্রতি ১০০টি পরীক্ষা করে ২১ জন রোগী পাওয়া গেছে।
এখন পর্যন্ত পাওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন।
১৯ জন করে রোগী পাওয়া গেছে প্রতি ১০০ জনে, মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫ জন।
২৪৮৪ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন।
মোট ৬২ হাজার ১০২ জন সুস্থ হয়ে গিয়েছেন।
বাংলাদেশে সুস্থতার হার ৪১.৬১%।
এই ২৪ ঘণ্টায় ৪১ জন মারা গেছেন।
১৮৮৮জন মারা গেছেন এখন পর্যন্ত।
শনাক্ত বিবেচনায় মৃতের হার ১.২৬%।
ভারতের একটি ভিডিওতে দেখা গেছে আটটির মতো মরদেহ কালো ময়লার ব্যাগে ভরে ছুড়ে ফেলা হচ্ছে।
এটি নিয়ে তোলপাড় পড়ে গেছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কর্ণাটকের দায়িত্বশীল কর্মকর্তারা এই ভিডিওটির সত্যতার প্রমাণ পেয়েছে এবং পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
কর্ণাটকে এখন পর্যন্ত ২৪৬ জন মারা গেছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে।
এখনো পর্যন্ত এই রোগের সংক্রমণ রোধে অন্যতম সফল রাজ্য কর্ণাটক।
যুক্তরাজ্যের একজন শীর্ষ বিজ্ঞানী বিবিসি রেডিও ফোরে বলেন ঔষধের মূল্য নির্ধারণ ও কেনার পরিমাণে একটা বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন।
আজ যুক্তরাষ্ট্র বিশ্বের রেমিডেসিভির নির্মাতা প্রতিষ্ঠান গিলিয়াডের সাথে চুক্তি করেছে যেখানে প্রায় ৫ লাখ ডোজ কেনা হবে যা জুলাই মাসের উৎপন্ন হওয়ার সম্পূর্ণ, অগাস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের ৯০ শতাংশ।
এর পরেই এই কথা বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিটার হর্বি।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্ত বেড়েই চলেছে। দেশটির সংক্রমণ ব্যধী বিশেষজ্ঞ অ্যন্থনি ফাউচি জানিয়েছেন সংক্রমণ আরো বাড়তে পারে।
এখন সেটা ৪০ হাজারের ঘরে আছে, পরবর্তীতে হতে পারে দৈনিক এক লাখ।
ভারতের দক্ষিণাঞ্চলের তামিল নাডুর গ্রামাঞ্চলে খুলে দেয়া হচ্ছে উপাসনালয়।
ভারতের অন্যতম ভুক্তভোগী রাজ্য এটি।
মঙ্গলবার এখানে ঘোষণা আসে প্রার্থনাকারীরা দূরত্ব মেনে প্রার্থনা করতে পারবেন।
৬৫ বছর বয়সের বেশি কেউ ঢুকতে পারবেন না, গর্ভবতী কোনো নারী ঢুকতে পারবেন না, শিশুরা যারা ১০ বছরের নিচে তারা ঢুকতে পারবে না।
কোনো উপসর্গ আছে এমন কেউ ঢুকতে পারবে না।
একই সাথে ডিজনি সিও খুলেছে, এশিয়াতে এটিই শেষ ডিজনি থিম পার্ক যেটা খোলা বাকি ছিল।
সামাজিক দূরত্ব ও সীমিত সংখ্যায় অতিথি নিচ্ছে এসব পার্কগুলো।
শাংহাইয়ে ডিজনিল্যান্ড খুলে দেয়া হয় মে মাসে, হংকংয়ে জুনের শেষদিকে।
করোনাভাইরাস থেকে সেরে ওঠার জন্য ব্যবহৃত ওষুধ রেমডিসিভির বিতরণ করা শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।
গিলিয়াড সায়েন্স এই সাপ্লাই পাঠিয়েছে দক্ষিণ কোরিয়াকে। অগাস্টে আরো সাপ্লাই কেনার আলোচনা চলছে।
শুধুমাত্র যাদের অবস্থা খারাপ এবং যাদের অক্সিজেন লাগতে পারে তাদেরই এই ওষুধ দেয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইবোলা প্রতিরোধেও রেমডিসিভির ব্যবহৃত হয়েছিল।
করোনাভাইরাস আসার পর ভারতে শুধু জুন মাসেই সংক্রমণ হয়েছে চার লাখের মতো, মারা গেছেন ১২ হাজার মানুষ।
ভারতে এখন ৫ লাখ ৬৮ হাজার ৯২ জন রোগী শনাক্ত হয়েছে।
আর মারা গেছেন ১৭ হাজার ৪০০ জন।
এর মানে শুধু জুন মাসেই ভারতে সংক্রমণ হয়েছে ৭০ শতাংশ।
জুলাই ও অগাস্ট মাসে ভারতে পিক আসতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা।
রেমডেসিভির ওষুধটির পেটেন্ট যুক্তরাষ্ট্র-ভিত্তিক বায়োফার্মাসিউটিকাল কোম্পানি গিলিয়াড সায়ন্সেস-এর।
ওষুধটি প্রথমে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছিল।
ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, নভেল করোনাভাইরাস সহ আরো কিছু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে যেভাবে বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্থ করে, সেই প্রক্রিয়াটি কিছুটা হলেও থামানোর সক্ষমতা রয়েছে এই ওষুধের।
কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় এই ওষুধ কার্যকর হতে পারে, এমন গবেষণার তথ্য গিলিয়াড সায়ন্সেস প্রকাশ করার পর গত সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি ব্যবহারের উদ্দেশ্যে এই ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বলা হচ্ছে, এই ওষুধের প্রয়োগ বেশী অসুস্থ রোগীদের হাসপাতালে থাকার সময়কাল চার দিন পর্যন্ত কমাতে পারে।
রেমডেসিভিরের পেটেন্টের মালিকানা গিলিয়াড সায়ন্সেস-এর, অর্থাৎ শুধুমাত্র তাদেরই এই ওষুধ তৈরির অধিকার রয়েছে। কিন্তু জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকায় আন্তর্জাতিক বাণিজ্য নীতি অনুযায়ী এই ওষুধ তৈরির ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপর প্রযোজ্য হবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারি শেষ হতে দেরি আছে, কিন্তু চেক প্রজাতন্ত্রের একদল লোক তা মানতে নারাজ।
করোনাভাইরাসকে একটা প্রতীকি বিদায় জানিয়ে দিয়েছেন দেশটির মানুষরা।
কয়েক হাজার মানুষ মঙ্গলবার প্রাগের চার্লস ব্রিজে জড়ো হন।
এখানে আগতরা খাবার ও পানীয় নিয়ে আসেন।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বে তৈরি হতে যাওয়া প্রায় সব রেমডিসিভির কিনে নিয়েছে।
এটি করোনাভাইরাসের পরীক্ষিত একটি ঔষধ।
প্রমাণ পাওয়া গেছে এই ঔষধ ব্যবহার করে কোভিড-১৯ থেকে দ্রুত সেরে ওঠা যায়।
ট্রাম্প প্রশাসন গিলিয়াডের সাথে চুক্তি করেছে যেখানে প্রায় ৫ লাখ ডোজ কেনা হবে যা জুলাই মাসের উৎপন্ন হওয়ার সম্পূর্ণ, অগাস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের ৯০ শতাংশ।