আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো ৩১শে জুলাই পর্যন্ত
বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ
যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়তে থাকায় বিশেষজ্ঞরা উদ্বিগ্ন
বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত লোক এবং মৃত্যুর সংখ্যা- দুদিক দিয়েই সবার উপরে যুক্তরাষ্ট্র। সেখানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৩ লাখ মানুষ, মারা গেছে ১ লাখ ২১ হাজার মানুষ। গত মে মাসের মাঝামাঝি হতে বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা শুরু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রথম ঝাপটা যে স্তিমিত হতে চলেছে, তার লক্ষণ এখনো নেই। পুরো দেশজুড়েই সংক্রমণ বাড়ছে, কিছু কিছু রাজ্যের অবস্থা বেশ খারাপ।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডঃ অ্যান্টনি ফাউসি সংক্রমণের হার দেখে তার উদ্বেগের কথা এরই মধ্যে জানিয়েছেন। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা আর টেক্সাসের মতো রাজ্যগুলোর অবস্থাই সবচেয়ে খারাপ বলে মনে হচ্ছে।
বাংলাদেশে করোনাভাইরাসে বিচারকের মৃত্যু
বাংলাদেশে এই প্রথম একজন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমনট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ আজ রাত আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বলে আইন মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো ৩১শে জুলাই পর্যন্ত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনাভাইরাস ঠেকাতে জারি করা লকডাউন ৩১শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০শে জুন এই লকডাউন শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু ভারত জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছেন যে তাদেরকে এই লকডাউন অব্যাহত রাখতে হচ্ছে “পুরো দেশকে সাহায্য করার” লক্ষ্যে।
কলকাতা থেকে বিবিসির অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন, বর্তমানে কনটেইনমেন্ট জোনগুলোতে যেভাবে লকডাউন চলছে, তার মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। সেটাই আরও একমাস বাড়ানো হল। এখন কনটেইনমেন্ট জোন ছাড়া রাজ্যের বাকি অংশে দোকান- বাজার- শপিং মল - গণপরিবহন সহ বহু ছাড় দেওয়া হয়েছে। এখন যেভাবে জনজীবন চলছে, সেরকমই চলবে, না কি আরও বাড়তি কিছু ছাড় দেওয়া হবে, তা এখন স্পষ্ট নয়। স্কুল কলেজ সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানও এখনকার মতোই বন্ধ থাকবে, চলবে না শহরতলীর ট্রেন বা মেট্রো রেল। কোভিড সংক্রমন ব্যবস্থাপনা নিয়ে আজ একটি সর্বদলীয় বৈঠকের পরে মমতা ব্যানার্জী লকডাউন বৃদ্ধির কথা জানান। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৫১৭৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আগের ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যুর সংখ্যা ধরলে মোট ৫৯১ জন মারা গেছেন।
বাতিল হয়ে গেল নিউ ইয়র্ক ম্যারাথন
করোনাভাইরাসের কারণে এবছর নিউ ইয়র্কের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বাতিল করার কথা ঘোষণা করেছেন আয়োজকরা।
বিশ্বে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা এধরণের কোন প্রতিযোগিতা।
এই ম্যারাথন হওয়ার কথা ছিল নভেম্বরের ১ তারিখে। এবছর ছিল নিউ ইয়র্ক ম্যারাথনের ৫০তম বার্ষিকী। কিন্তু এই বার্ষিকী এখন উদযাপিত হবে আগামী বছর।
প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষ এতে অংশ নেন।
পাকিস্তানে বিমান দুর্ঘটনা: ‘পাইলট করোনাভাইরাসের আলাপে ব্যস্ত ছিলেন’
পাকিস্তানে গত মাসে যে বিমান দুর্ঘটনায় ৯৭ জন নিহত হয়, সেটির পাইলট এবং কো-পাইলট করোনাভাইরাস মহামারি নিয়ে আলোচনা করতে গিয়ে মনোযোগ হারিয়েছিল বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের একজন মন্ত্রী একথা জানিয়েছেন।
পিআইএ’র এয়ারবাস-এ-৩২০ বিমানটি গত ২২শে মে লাহোর থেকে করাচী যাচ্ছিল। এরপর এটি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়।
প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার জন্য মানুষের ভুলকেই দায়ী করা হয়েছে। বিমান পরিবহন মন্ত্রী গোলাম সারোয়ার খান বলেছেন, ঐ বিমানটিতে কোন ত্রুটি ছিল না। কিন্তু পাইলট অনেক বেশি উঁচু দিয়ে উড়ে যাচ্ছিলেন এবং বিমানটির ল্যান্ডিং গিয়ার ঠিকমত কাজে লাগাননি। এর ফলে যে ইঞ্জিনের ক্ষতি হয়েছে, পাইলট সেটিও কনট্রোল টাওয়ারকে জানাতে ব্যর্থ হন। তিনি বলেন, সমস্যায় মনোযোগ দেয়ার পরিবর্তে পাইলট এবং কো-পাইলট করোনাভাইরাস নিয়ে কথা বলছিলেন।
করোনাভাইরাসের মধ্যেই রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ
করোনাভাইরাস মহামারির মধ্যেই মস্কোর রেড স্কোয়ারে এক বিরাট সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল আজ। ইউরোপে নাৎসী জার্মানির পরাজয়ের বার্ষিকী, যা উদযাপিত হওয়ার কথা ছিল ৯ই মে, সেটিই পিছিয়ে শেষ পর্যন্ত আজ করা হয়। সোভিয়েত ইউনিয়নের বিরাট ভূমিকা ছিল হিটলারকে পরাজিত করার পেছনে। প্রায় দুই কোটি সোভিয়েত নাগরিক মারা গিয়েছিলেন যুদ্ধে।
কিন্তু এরকম একটা সময়ে এই অনুষ্ঠানটি করার সঙ্গে রাশিয়ায় আগামীকাল থেকে শুরু হওয়া গণভোটের সম্পর্ক দেখছেন অনেকে। এই গণভোটে রাশিয়ার সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন অনুমোদন করা হবে। এই সাংবিধানিক পরিবর্তন গণভোটে পাশ হলে মিস্টার পুতিন ২০৩৬ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন। এ নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন নীচের লিংকে:
বিশ্ব অর্থনীতির জন্য আরও দুঃসংবাদ
বিশ্ব অর্থনীতির জন্য আরও বড় দুঃসংবাদ দিচ্ছে আন্তর্জাতিক মূদ্রা তহবিল বা আইএমএফ। এবছর এবং সামনের বছর বিশ্ব অর্থনীতির জন্য যে পূর্বাভাস এর আগে আইএমএফ দিয়েছিল, সর্বশেষ পূর্বাভাসে তারা বলছে, অবস্থা তার চেয়ে আরও খারাপ হবে।
আইএমএফ এর হিসেবে ২০২০ সালে বিশ্ব অর্থনীতির কর্মকান্ড সংকুচিত হবে প্রায় ৫ শতাংশ। গত এপ্রিলে তারা বলেছিল সংকোচনের হার হবে ৩ শতাংশ। তাদের মতে, এর ফলে বহু মানুষ তাদের কাজ হারিয়ে বেকার হবে।
যেসব দেশে মেয়েদের করোনাভাইরাস পরীক্ষার বাইরে রাখা হচ্ছে
আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশে পরীক্ষায় যাদের করোনাভাইরাস ধরা পড়ছে, তাদের মধ্যে নারী-পুরুষের বিরাট তারতম্য দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি একথা বলছে।
তারা জানিয়েছে, সোমালিয়া, ইয়েমেন এবং আফগানিস্তানে মেয়েদের করোনাভাইরাস পরীক্ষার বাইরে রাখা হচ্ছে বলে তারা আশংকা করছে। এসব দেশে পুরুষদের মধ্যে সংক্রমণের হার দেখানো হচ্ছে ৭০ শতাংশ, অথচ বাকী বিশ্বে পুরুষদের মধ্যে সংক্রমণের হার ৫১ শতাংশের মতো।
বাংলাদেশ দলের শ্রীলংকা সফর বাতিল
বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত করা হয়েছে বলে খবর দিচ্ছে ইএসপিএন-ক্রিকইনফো। জুলাই-আগস্টে বাংলাদেশ দলের তিনটি টেস্টের এক সিরিজ খেলার কথা ছিল শ্রীলংকার বিরুদ্ধে।
ক্রিকইনফোর খবর অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তের কথা শ্রীলংকাকে জানিয়ে দিয়েছে। এজন্য তারা নিজেদের প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে। এর মানে হচ্ছে করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ এবং শ্রীলংকা, উভয় দলই আরও কিছুদিন মাঠের বাইরে থাকবে।
এ নিয়ে গত মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশ পঞ্চমবারের মতো কোন দেশের বিরুদ্ধে ক্রিকেট খেলা বাতিল করতে বাধ্য হলো করোনাভাইরাসের কারণে। এপ্রিলে করাচীতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট, মে মাসে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড সফর, আর নিজ দেশের মাটিতে জুনে অস্ট্রেলিয়া এবং আগস্ট-সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজও একই কারণে বাতিল করতে হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের নিষিদ্ধ দেশের তালিকায় থাকতে পারে যুক্তরাষ্ট্র
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত আগামী ১ জুলাই বাইরের দেশের নাগরিকদের জন্য খুলে দেয়া হবে কীনা, সেটা নিয়ে আলোচনার জন্য ২৭টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করছেন। যেসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে না দেয়া হতে পারে তার একটি হচ্ছে যুক্তরাষ্ট্র।
ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ চায় পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে। কিন্তু অন্যদেশগুলো আবার করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন।
করোনাভাইরাসে আক্রান্ত মানুষের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত শীর্ষে। কাজেই এমন সম্ভাবনা বেশি যে যুক্তরাষ্ট্র থেকে আসা যাত্রীদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেয়া হবে না। ব্রাসেলস থেকে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারদের সামনে অন্ধকার ভবিষ্যৎ
"আমরা যারা বেকার আছি, চাকরির খুব প্রয়োজন, তাদের জীবনটা এই মহামারির কারণে একটা অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। কোন কাজ নেই, যতদিন যাচ্ছে পরিবারের জন্য বোঝা হয়ে যাচ্ছি। পরিবারের সদস্যদের মলিন চেহারা সেই হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে।"
এই আক্ষেপ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ২০১৮ স্নাতকোত্তর পাশ করে বের হওয়া তানজিলা আক্তারের। তিনি একা নন, বাংলাদেশে আরও হাজার হাজার বেকার তরুণ-তরুণী এখন একই সংকটে।
বাংলাদেশে বেকারত্বের হার এমনিতেই অনেক বেশি। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সংকট আরো বেড়েছে।
প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ-তরুণী বাংলাদেশের চাকরির বাজারে যোগদান করে। এদের বড় একটি সংখ্যক স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশের চেষ্টা করেন। এই গ্রাজুয়েটরা এখন চাকুরি খুঁজতে গিয়ে কী ধরণের সংকটে পড়েছেন, তার বিস্তারিত নীচের রিপোর্টে তুলে ধরেছেন বিবিসি বাংলার সায়েদুল ইসলাম।
ব্রেকিং, বাংলাদেশের করোনাভাইরাস আপডেট, ২৪শে জুন
পশ্চিমবঙ্গে এমএলএ কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন
দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ১ লাখ মানুষ মারা গেছেন
দিল্লিতে নতুন করে ৪ হাজার রোগী শনাক্ত
কেমোথেরাপির ওষুধ দিয়ে কোভিড চিকিৎসার আশা: ইয়েল বিশ্ববিদ্যালয়
দিল্লিতে নতুন করে ৪ হাজার রোগী শনাক্ত
করোনা ভাইরাস: ফুসফুস দীর্ঘমেয়াদে বিকল হতে পারে?, জিম রিড ও সোফি হাচিনসন বিবিসি নিউজ