আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দিল্লিতে পাকিস্তান দূতাবাসের স্টাফ অর্ধেক করার নির্দেশ ভারতের

ভারত ইসলামাবাদে তাদের হাই-কমিশনের স্টাফের সংখ্যা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, একইসাথে দিল্লিতে পাকিস্তানের হাই-কমিশনের স্টাফ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and শাকিল আনোয়ার

  1. দিল্লিতে দূতাবাস নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন: পাকিস্তান

    দিল্লিতে তাদের দূতাবাস গুপ্তচরবৃত্তিতে লিপ্ত হয়ে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা সনদ লঙ্ঘন করেছে বলে ভারতের এক অভিযোগ জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

    দিল্লিতে আজ (মঙ্গলবার )পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করে এবং পাকিস্তানের দূতাবাসের স্টাফ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেয়। ভারত নিজেও জানিয়েছে তারা তাদের ইসলামাবাদ দূতাবাস থেকে অর্ধেক কর্মকর্তা কর্মচারী ফিরিয়ে আনবে।

    পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিকে ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

    পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকীকে উদ্ধৃত করে লিখেছে, “ভিয়েনা সনদ ভঙ্গের যে অভিযোগ ভারত করেছে তা ভিত্তিহীন। দিল্লিতে পাকিস্তানে দূতাবাসের কর্মকর্তারা সবসময় আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক রীতিনীতি মেনে দায়িত্ব পালন করছে।“

    ৩১শে মে দিল্লিতে পাকিস্তান দূতাবাসের দুজন কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগের বহিষ্কারের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে সঙ্কটে পড়েছে।

    পাকিস্তান বলেছে, তাদের দুই কর্মকর্তার বিরুদ্ধে ভারতের অভিযোগ ‘ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত‘ এবং পাকিস্তানের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণার অংশ।‘

  2. সৈন্য পিছিয়ে নিতে চীন ও ভারতের ঐক্যমত্য

    ভারত ও চীনের মধ্যে সেনা কমান্ডার পর্যায়ে দীর্ঘ বৈঠকের পরে দুই দেশ ঠিক করেছে যে পূর্ব লাদাখে যতগুলি সীমান্ত এলাকা নিয়ে পরস্পরর মধ্যে বিরোধ রয়েছে সেই সব এলাকা থেকে দুই দেশের বাহিনীই পিছিয়ে যাবে।

    ভারতীয় সেনাবাহিনীর কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও আসে নি, কিন্তু নির্ভরযোগ্য সেনা সূত্রগুলি জানিয়েছে যে পূর্ব লাদাখে দুই বাহিনী ঠিক কীভাবে পিছিয়ে যাবে, বা কবে থেকে বাহিনী সরিয়ে নেওয়ার কাজ হবে, সেসব খুঁটিনাটি দুই বাহিনী কথা বলে ঠিক করবে।

    চীনের সরকারী সংবাদপত্র পিপলস ডেইলিও সেদেশের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে টুইট করেছে যে ‘দুই সেনা কমান্ডারের মধ্যে এই দ্বিতীয় বৈঠকটি প্রমাণ করে যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই মতবিরোধ মিটিয়ে নিতে আর উত্তেজনা কমাতে চাইছে দুই দেশই।‘

  3. দিল্লিতে পাকিস্তান দূতাবাসের স্টাফ অর্ধেক করার নির্দেশ ভারতের

    ভারত ইসলামাবাদে তাদের হাই-কমিশনের স্টাফের সংখ্যা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, একইসাথে দিল্লিতে পাকিস্তানের হাই-কমিশনের স্টাফ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) একটি বিবৃতি দিয়ে এ খবর জানিয়েছে।

    ভারতের বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে বিবিসি হিন্দি সহ অন্যান্য মিডিয়ায় লেখা হয়েছে, মঙ্গলবার দিল্লিতে পাকিস্তানের চার্জ দ্য আফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়েছে সেখানকার কিছু কর্মকর্তা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত, এবং তাদের সাথে কিছু চরমপন্থি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে।

    ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, গত ৩১শে মে পাকিস্তান হাই কমিশনের দুজন কর্মকর্তাকে তারা গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরেছেন, এবং সাথে সাথে তাদের ভারত ছাড়তে বলা হয়েছে।

    এ ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

  4. ইংল্যান্ডে ৪ জুলাই থেকে খুলছে হোটেল-রেস্তোরা, চুল কাটার দোকান

    ইংল্যান্ডে চৌঠা জুলাই থেকে হোটেল-রেস্তোরা, পানশালা, সিনেমা হল, চুলকাটার দোকান খোলা যাবে।

    প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ঐ দিন থেকে সামাজিক দূরত্ব দুই মিটার থেকে কমিয়ে ‘এক মিটার-প্লাস‘ করা হবে।

    চৌঠা জুলাই থেকে একটি পরিবার অন্য একটি পরিবারে বেড়াতে যেতে পারবে, এবং রাত্রি যাপন করতে পারবে।

    বিয়ের অনুষ্ঠান করা যাবে, তবে ৩০ জনের বেশি অতিথির সমাবেশ করা যাবেনা। মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে প্রার্থনা করা যাবে।

    তবে স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রাদেশিক সরকার জানিয়ে দিয়েছে তারা দুই-মিটার দূরত্বের নিয়ম শিথিল করবে না।

  5. কোভিডে ফুসফুস পাকাপাকিভাবে নষ্ট হয়ে যেতে পারে

    ব্রিটেনে বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে মারাত্মকভাবে সংক্রমিত হয়েছেন এমন অনেক মানুষের ফুসফুস আর কখনই সঠিকভাবে কাজ নাও করতে পারে।

    তারা বলছেন বহু কোভিড রোগী প্রাণে বাঁচলেও তাদের অনেকের ফুসফুসে পালমোনারি ফাইব্রোসিস নামে পরিচিত স্থায়ী ক্ষত তৈরি হতে পারে।

    এই ক্ষত সারেনা, এবং এতে করে মানুষ শ্বাসকষ্ট, খারাপ কাশি এবং দুর্বলতায় ভুগতে পারে।

    চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, কোভিডে আক্রান্ত হাজার হাজার মানুষকে আবারো হাসপাতালে ডেকে এনে তাদের ফুসফুস পরীক্ষার প্রয়োজন হবে।

    ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ জানিয়েছে দেশের বিভিন্ন জায়গায় সেরে ওঠা কোভিড রোগীদের ফুসফুসের চিকিৎসার জন্য বিশেষ কেন্দ্র খোলার প্রক্রিয়া চলছে।

  6. বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে বিবিসি বাংলার লাইভ অনুষ্ঠান

  7. দিল্লির দাঙ্গায় অভিযুক্ত অন্তঃসত্ত্বা মুসলিম ছাত্রীর জামিন

    দিল্লির দাঙ্গায় ইন্ধন দেওয়ার অভিযোগে আটক অন্তঃসত্ত্বা মুসলিম ছাত্রী সফুরা জারগার জামিন পেয়েছেন। তাকে আটক করে কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে এমনকি ভারতের বাইরেও ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।

    এপ্রিলে যখন মিজ জারগারকে গ্রেপ্তার করা হয় তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

    পুলিশ তাকে দিল্লি দাঙ্গার অন্যতম ইন্ধনদাতা হিসাবে চিহ্নিত করেছে। ঐ অভিযোগ সবসময় অস্বীকার করেছে সফুরা জারগারের পরিবার। তাদের বক্তব্য - তিনি শুধু নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

    ফেব্রুয়ারিতে ভারতের রাজধানীতে হিন্দু-মুসলিম ঐ দাঙ্গায় ৫৩ জন মারা যায়, যাদের সিংহভাগই ছিল মুসলিম।

  8. জার্মানিতে আবারো লকডাউন, একটি কারখানায় ১৩০০ জনের দেহে ভাইরাস

    মাংস প্যাকেট-জাত করার একটি কারখানায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জার্মানিতে নতুন করে লকডাউন আরোপ করা হচ্ছে।

    দেশের নর্থ-রাইন-ওয়েস্টফারিয়া প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, গুটেরস্লো জেলায় - যেখানে ৩৬০,০০০ লোকের বসবাস- লকডাউন আরোপ করা হচ্ছে। ৩০শে জুন পর্যন্ত এই লকডাউন বলবত থাকবে।

    টনিজ নামে ঐ মাংস প্যাকেট-জাত করার কারখানার কমপক্ষে ১৩০০ শ্রমিক-কর্মচারীর শরীরে ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

    জার্মানিতে মে মাসে লকডাউন তুলে নেওয়ার পর এই প্রথম তা আবার আবার আরোপ করা হচ্ছে। জার্মানি যেভাবে করোনাভাইস মোকাবেলা করেছে, তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তবে সেদেশে নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

  9. বিবিসি বাংলার ফেসবুক পাতায় দেখুন লাইভ আলোচনা

  10. ব্রেকিং, বাংলাদেশে ৫১ থেকে ৭০ বছর বয়সী ২৮ জন মারা গেছেন

    ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন

    ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন

    ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬ জন

    ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৮ জন

    ৬১ থেকে ৭০ বছর বয়সী ১০ জন

    ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ জন

    ৮১ বা তার বেশি বছর বয়সী ২ জন মারা গেছেন

  11. ব্রেকিং, প্রায় সাড়ে তিন হাজার রোগী শনাক্ত

    ১৬২৯২ জন পরীক্ষা করে ৩৪১২জন নতুন রোগী পাওয়া গেছে।

    মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন

    ৬৫টি ল্যাবে পরীক্ষা হয়েছে, আবারো যোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

    বাংলাদেশে আরো ৪৩ জন মারা গেছেন, মোট মারা গেছেন ১৫৪৫ জন।

    পুরুষ ৩৮ এবং নারী ৫ জন মারা গেছেন।

    ৮৮০ জন সুস্থ হয়েছেন, ৪৭৬৩৫ জন সুস্থ হয়েছেন মোট।

  12. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আজ কড়াকড়ি শিথিলের ঘোষণা দেবেন

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আজ কড়াকড়ি শিথিল করার ঘোষণা দেবেন।

    চৌঠা জুলাই থেকে পাব, রেস্টুরেন্ট, গ্যালারি ও থিয়েটার খুলে দেয়া হবে।

    ২ মিটার থেকে কমিয়ে সামাজিক দূরত্ব এক মিটার করা হবে।

    পাবে যারা যাবেন তাদের একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

    মুখোমুখি হওয়া এড়াতে বিনোদন কেন্দ্রগুলোতে পূর্ব নির্ধারিত বুকিং সিস্টেম অনুযায়ী ধারণক্ষমতার চেয়ে কম মানুষ অংশ নিতে পারবে।

  13. নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর বাতিল

    অগাস্ট ও সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে একটি টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল। যেটি বাতিল করা হয়েছে।

    বিসিবি প্রধান নির্বাহী বলেন, কোভিড-১৯ যে ধরণের পরিস্থিতির মুখোমুখি করেছে সেখানে খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নেয়া উচিৎ হবে না বলেই সিরিজ বাতিল হয়েছে।

    এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তুভূক্ত ছিল।

    পরবর্তীতে সুবিধা অনুযায়ী একটি তারিখ ঠিক করবে দুই দেশের বোর্ড।

  14. পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তিনজন কোভিড আক্রান্ত

    ইংল্যান্ড সফরের কিছুদিন আগে পাকিস্তানের তিনজন ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

    যুক্তরাজ্যের উদ্দেশে এই সপ্তাহের শেষে একটি বিশেষ বিমানে উড়াল দেবে দল।

    তার আগে সব ক্রিকেটারকে টেস্ট করা হচ্ছে।

    জুলাই মাসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে খেলা শুরু হবে।

    পাকিস্তানে ১ লাখ ৮০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।

    মারা গেছেন ৩ হাজার ৬৯৫ জন।

  15. বিশ্বজুড়ে মাংস প্রক্রিয়ার জায়গাতেই কেন এতো সংক্রমণ

    যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রে শত শত কর্মীরা আক্রান্ত হয়েছেন মাংস প্রক্রিয়াজাত করার জায়গায়।

    জার্মানিতে একটি প্লান্টেই ১৫০০ বা তার বেশি কর্মী আক্রান্ত হয়েছেন।

    মূলত মাংস যেখানে প্রক্রিয়াজাত করা হয় সেটিই সবচেয়ে ভাইরাস সংক্রমণের জন্য উপযুক্ত জায়গা।

    ড্রপলেট থেকে সংক্রমণ হয়, এই ড্রপলেটের উৎস হতে পারে কফ, সর্দি।

    মাংস যেখানে প্রস্তুত হয় সেটি ঠান্ডা ও স্যাতস্যাতে থাকে, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন এসব জায়গায় ড্রপলেট ছড়ায় সহজে এবং টিকে থাকে অনায়াসে।

  16. ফ্লোরিডায় ১ লাখ অতিক্রম করেছে করোনাভাইরাস সংক্রমণ

    যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ সংক্রান্ত মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।

    সোমবার আরো ৩ হাজার রোগী পাওয়া গেছে ফ্লোরিডায় যার ফলে সব মিলিয়ে এই রাজ্যে ১ লাখ শনাক্ত পার করেছে।

    ফ্লোরিডায় ৬৫ বা তার বেশি বয়সীদের বাড়ি থেকে বারবার হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়েছে।

    নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, ইলিনোইস, টেক্সাস ও ম্যাসাচুসেটসে এক লাখ ছাড়িয়েছে সংক্রমণ।

  17. ভাইরাস শিকারি নিজেই কোভিড-১৯ আক্রান্ত

    বিশ্বের অন্যতম সেরা একজন ভাইরাস শিকারি বা সংক্রমক রোগ বিশেষজ্ঞ তিনি।

    ১৯৭৬ সালে ইবোলা ভাইরাস আবিষ্কার করেন তিনি, এরপর এইচআইভি বা এইডস নিয়ে গবেষণা করেন তিনি।

    এর আগে কখনো কোনো বড় রোগে আক্রান্ত হননি তিনি।

    কিন্তু এবার পিটার পায়োট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

  18. যুক্তরাষ্ট্রে ৪০ লাখ লোক মারা যেতে পারতো: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রে ২ থেকে ৪ মিলিয়ন লোক মারা যেতে পারতো।

    ১৬ই মার্চ ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি প্রতিবেদনে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে যদি ব্যবস্থা না নেয়া হয়।

  19. যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে

    যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছেন আরো ৪২৫ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২০ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত আক্রান্ত ও শনাক্ত সবচেয়ে বেশি।

    দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি আক্রান্ত ও মৃত দেশটিতে। যদিও সামগ্রিক সংক্রমণ কমছে কিন্তু ২৩টি রাজ্যে সংক্রমণ বেড়েছে।

  20. ভারতে আরো ১৫ হাজারের কাছাকাছি রোগী শনাক্ত

    মোট আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে চার লাখ রোগী।

    ভারতে সুস্থ হয়ে গেছেন দুই লাখ ৪৮ হাজার রোগী।

    বর্তমানে ভাইরাস বহন করছেন ১ লাখ ৭৮ হাজারের বেশি রোগী।