আমেরিকান কোম্পানির মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীন

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. আমেরিকান কোম্পানির মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীন

    বেজিং শহরে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে একটি মার্কিন প্রতিষ্ঠান থেকে মুরগির মাংস আমদানি নিষিদ্ধ করেছে চীনের কর্তৃপক্ষ।

    সেই সাথে বেজিংএ পেপসির একটি ফ্যাক্টরিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বেজিংএর একটি পাইকারি বাজার থেকে সংক্রমণ ছড়াতে শুরু করার পর ২২ জন আক্রান্তকে চিহ্নিত হকরা হয়েচে এবং কর্তৃপক্ষ শহরের ২০ লাখ বাসিন্দাকে টেস্ট করিয়েছে।

    টাইসন ফুডস নামে মার্কিন কোম্পানিটির হিমায়িত মুরগির মাংস চীনে আমদানি করা হতো – কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের একটি উৎপাদন কারখানায় কোভিড সংক্রমণ দেখা দেবার পর আমদানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে চীনা কর্তৃপক্ষ বলছে।

    এ কোম্পানির যেসব পণ্য চীনে ইতিমধ্যেই পৌঁছে গেছে তা বাজেয়াপ্ত করা হবে।

    করোনাভাইরাস

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, বেজিংএ ভাইরাস বিস্তার ঠেকাতে ২০ লাখ বাসিন্দাকে টেস্ট করা হয়েছে
  2. ব্রাজিল, মেক্সিকো, ভারত ও পাকিস্তানে ক্রমাগত বাড়ছে কোভিড সংক্রমণ

    লকডাউন আরোপ করার ফলে পৃথিবীর বহু দেশে করোনাভাইরাস সংক্রমণ সম্প্রতি কমে এলেও - অন্য কিছু দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা মে মাসে বলেছিল, মহামারির নতুন কেন্দ্রে পরিণত হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা।

    কিন্তু তার পর দেখা গেছে আফ্রিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যেও নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করে।

    নিচে বিবিসির এক গ্রাফে দেখা যাচ্ছে: পৃথিবীর কোথায় কোথায় করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।

    ব্রাজিল, মেক্সিকো, ভারত এবং পাকিস্তান এই চারটি দেশে আক্রান্ত (নীল রঙে) এবং মৃত্যুর সংখ্যা (লাল রঙে) ক্রমাগত বাড়ছে।

    করোনাভাইরাস
    ছবির ক্যাপশান, ব্রাজিল, মেক্সিকো, ভারত ও পাকিস্তানে বাড়ছে কোভিড সংক্রমণ
    করোনাভাইরাস
    ছবির ক্যাপশান, ব্রাজিল, মেক্সিকো, ভারত ও পাকিস্তানে করোনাভাইরাসে মৃত্যুও বাড়ছে
  3. ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে’ যোগব্যায়াম করতে বলছেন নরেন্দ্র মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন করোনাভাইরাস মহামারির সময় বিশ্ব যোগব্যায়ামের প্রয়োজনীয়তা আরো বেশি করে বুঝতে পারছে।

    আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে মি. মোদী বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে “যোগব্যায়াম শ্বাসতন্ত্র ও রোগপ্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে” সহায়তা করে, এবং এটা মানুষকে নিরাপদ রাখতে সেরা ব্যায়াম।

    জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৪ সালে যোগব্যায়ামের জন্য একটি আন্তর্জাতিক দিবস পালন করতে মি মোদির আনা এক প্রস্তাব গ্রহণ করে।

    নরেন্দ্র মোদী যোগব্যায়ামের একজন অনুরাগী

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নরেন্দ্র মোদী যোগব্যায়ামের একজন অনুরাগী
  4. কিছু মার্কিন অঙ্গরাজ্যে তরুণদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে

    মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে তরুণ-যুবকদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    কর্মকর্তারা বলছেন, এর কারণ লকডাউন শিথিল হয়েছে এমন কিছু রাজ্যে তরুণ-বয়সীরা সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম মানছেনা।

    ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা ও আরো কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিল হবার পর সংক্রমণের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

    ফ্লোরিডায় শনিবার এক দিনেই সংক্রমণের সংখ্যা ৪ হাজারের বেশি বেড়েছে – যাদের বেশির ভাগেরই বয়স ২০ ও ৩০ এর কোঠায়। তাদের দেহে সংক্রমণের কোন লক্ষণও দেখা যায় নি – বলেন রাজ্যের গভর্নর রস ডেসান্টিস ।

    সাউথ ক্যারোলাইনায় মোট সংক্রমিতের ১৮ শতাংশের বয়স ২১ থেকে ৩০এর মধ্যে।

    এ রাজ্যের একজন স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, তরুণদের সংক্রমণ বৃদ্ধি থেকে বোঝা যায় যে তারা কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত নয়, এবং তারা সামাজিক দূরত্ব রক্ষার নিয়ম ভঙ্গ করছে।

    যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ফ্লোরিডায় লকডাউন শিথিলের পরই তরুণদের মধ্যে কোভিড সংক্রমণ বাড়ছে
  5. ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার পেরোতে চলেছে

    ব্রাজিলে করোনাভাইরাস-জনিত মৃত্যুর সংখ্যা ৪৯,৯৭৬ জনে পৌঁছেছে।

    শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ভাইরাস আক্রান্তের নিশ্চিত সংখ্যা এখন ১০ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন।

    তবে দেশটিতে টেস্টিংএর অপ্রতুলতার জন্য প্রকৃত সংখ্যা আরো বেশি বলে মনে করা হচ্ছে।

    ব্রাজিলে এখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র, সেখানে মৃত্যুর সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে কোভিড-১৯ সংক্রমণ এখনো শীর্ষবিন্দুতে পৌঁছায়নি এবং তা ক্রমশ দেশটির প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসীদের মধ্যে ছড়াচ্ছে।

    দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।চিলি বলছে, গণনার এক নতুন পদ্ধতি প্রয়োগ করায় সেদেশে কোভিড-১৯ সংক্রমণের মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজার ছাড়িয়ে যাবে। চিলিতে ২ লাখ ৩৭ হাজারের বেশি লোক সংক্রমিত হয়েছে।

    মেক্সিকোয় মৃত্যুর সংখ্যা এখন ২০ হাজার ছাড়িয়েছে। সরকার বলছে দেশটিতে আরো এক সপ্তাহ কঠোরতম লকডাউন জারি থাকবে।

    করোনাভাইরাস ব্রাজিল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ব্রাজিলে প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসীদের মধ্যে এখন করোনাভাইরাস ছড়াচ্ছে।
  6. করোনাভাইরাস ‌'দুর্বল হয়ে পড়ছে' - ইতালির বিশেষজ্ঞের দাবি

    নতুন করোনাভাইরাস বা কোভিড-১৯ এখন ‌‘দুর্বল হয়ে পড়ছে’ – বলছেন একজন ইতালিয়ান বিশেষজ্ঞ।

    করোনাভাইরাস সংক্রমণে পৃথিবীতে এ পর্যন্ত ৪ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি ইউরোপ ও পূর্ব এশিয়ায় এর সংক্রমণ কমে এলেও, উত্তর ও দক্ষিণ আমেরিকা আর দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনো প্রতিনিয়ত বাড়ছে।

    তবে ইতালির সান মেরিনো হাসপাতালের সংক্রামক ব্যাধি ক্লিনিকের বিশেষজ্ঞ অধ্যাপক মাত্তিও বাসেত্তি ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফকে বলেছেন, গত মাস থেকে করোনাভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা কমে যাচ্ছে।

    তিনি বলেন, ভাইরাসটি এখন “বাঘ থেকে বুনো বেড়ালে পরিণত হয়েছে।“

    “যে রোগীরা কিছুদিন আগে আক্রান্ত হলে মারা যেতেন - তারা এখন সেরে উঠছেন‍” , দাবি করেন অধ্যাপক বাসেত্তি।

    তিনি আরো বলেন, “সংক্রমণের সংখ্যা কমে যাচ্ছে । এর মানে হলো এটি হয়তো আর ফিরবে না, টিকারও দরকার হবে না।“

    তার সাক্ষাৎকারটি ব্রিটেন ও ইউরোপের বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

    অন্য আরেকজন ইতালিয়ান বিশেষজ্ঞ আলবার্তো জাংগ্রিলোও মে মাসে বলেছিলেন, কোভিড-১৯ তার প্রথম দিককার শক্তি হারিয়ে দুর্বল এবং কম মারাত্মক হয়ে পড়েছে।

    তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এবং অন্য আরো কিছু বৈজ্ঞানিক জুন মাসের শুরুতে বলেছিলেন, করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ছে এমন মনে করার পক্ষে কোন তথ্যপ্রমাণ নেই।

    করোনাভাইরাস

    ছবির উৎস, Getty

    ছবির ক্যাপশান, করোনাভাইরাস
  7. কোভিড-১৯এ মৃত্যুর আসল সংখ্যা কি সরকারি সংখ্যার চেয়ে বেশি?

    বিবিসির এক গবেষণায় বলা হচ্ছে করোনাভাইরাস মহামারিতে সারা পৃথিবীতে মৃত্যুর সরকারি সংখ্যা ৪ লাখ ৪০ হাজার বলা হলেও- বিশ্ব জুড়ে আসলে এ সময় আরো কমপক্ষে ১ লক্ষ ৩০ হাজার লোক মারা গেছে।

    জরিপে মোট ২৭টি দেশের উপাত্ত পরীক্ষা করা হয়েছে, এবং তাতে দেখা যায় যে মহামারির সময়কালে বিভিন্ন দেশে – ভাইরাসে মৃত্যুর সংখ্যা হিসেবে নেয়ার পরও দেখা যাচ্ছে যে ‘সার্বিকভাবে’ মৃত্যুর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি।

    এই ‘অতিরিক্ত’ মৃত্যুগুলোর সংখ্যা হিসেব করে দেখা যাচ্ছে - তা করোনাভাইরাসে মৃত্যুর যে সংখ্যা সরকারগুলো বলছে – তার চেয়ে অনেক বেশি।

    বিশ্লেষকরা বলছেন, এর মধ্যে হয়তো কিছু মৃত্যু আছে যা কোভিড-১৯এ মৃত্যু হিসেবে রেকর্ড করা হয়নি। তবে অন্য মৃত্যুর পেছনে হয়তো মহামারির সময় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর যে চাপ পড়ে তা সহ অন্য নানা কারণ কাজ করেছে।

    জরিপে মোট ২৭টি দেশের উপাত্ত পরীক্ষা করা হয়েছে,
    ছবির ক্যাপশান, জরিপে মোট ২৭টি দেশের উপাত্ত পরীক্ষা করা হয়েছে
  8. ব্রিটেন ও ইইউর পর্যটকদের জন্য দরজা খুলে দিল স্পেন

    স্পেনে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জারি করা জরুরি অবস্থা তিন মাস পর তুলে নেয়া হয়েছে, দরজা খুলে দেয়া হয়েছে পর্যটকদের জন্য।

    ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ‌’র শেংগেন অঞ্চল এবং ব্রিটেন থেকে এখন পর্যটকরা স্পেনে আসতে পারবেন।

    তবে তাদেরকে বিমানবন্দরে তাপমাত্রা পরীক্ষা করাতে হবে, এবং জানাতে হবে তারা আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা। যোগাযোগের ঠিকানাও দিতে হবে।

    সামাজিক দূরত্ব রক্ষার নিয়মও বহাল থাকছে। প্রকাশ্য স্থানে লোকজনকে দেড় মিটার দূরে দূরে থাকতে হবে।

    দোকানে, গণপরিবহনে এবং যেসব জায়গায় সামাজিক দূরত্ব রক্ষা সম্ভব নয় সেখানে মুখে মাস্ক পরতে হবে। বার বার হাত ধুতে হবে।

    স্পেনে করোনাভাইরাস সংক্রমণ সবচেযে গুরুতর চেহারা নিয়েছিল। দেশটিতে কোভিড -১৯ আক্রান্ত হয়ে ২৮ হাজার ৩০০রও বেশি মানুষ মারা গেছে , এবং মৃত্যুর এই সংখ্যা ইউরোপিয়ান ইউনিয়নে তৃতীয সর্বোচ্চ।

    স্পেনের অর্থনীতির জন্য পর্যটন খাত খুবই গুরুত্বপূর্ণ

    ছবির উৎস, GETTY IMAGES

    ছবির ক্যাপশান, স্পেনের অর্থনীতির জন্য পর্যটন খাত খুবই গুরুত্বপূর্ণ
  9. দক্ষিণ কোরিয়াসহ কিছু দেশে নতুন সংক্রমণ - 'দ্বিতীয় ঢেউ' কি আসছে?

    বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস-জনিত লকডাউন প্রতিদিনই একটু একটু করে শিথিল করা হচ্ছে - কিন্তু তার মধ্যেই কিছু দেশে নতুন করে সংক্রমণের খবরও আসছে।

    দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। রাজধানী সোলে নতুন সংক্রমণ সামাল দিতে প্রাণপণ চেষ্টা করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ ।

    এপ্রিলে লকডাউন শিথিল করার পর থেকেই দেশটির নানা জায়গায় করোনাভাইরাস সংক্রমণের নতুন নতুন ‘ক্লাস্টার’ তৈরি হচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে নতুন করে কেউ মারা যায়নি।

    জার্মানিতে নর্খ রাইন ওয়েস্টফ্যালিয়ায় একটি মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে ১ হাজার কর্মী কোভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছে। আরো ৭ হাজার কর্মী ও তাদের পরিবারকে কোয়ারেন্টিন করা হয়েছে।

    অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে গত একমাসের মধ্যে করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে বড় উর্ধ্বগতি দেখা যাবার পর রাজ্যটিতে জরুরি অবস্থার মেয়াদ আরো চার সপ্তাহ বাড়িয়ে দেয়া হয়েছে।

    নিউজিল্যান্ড ও চীনের বেইজিংয়ে এখনো নতুন সংক্রমণ চিহ্নিত হচ্ছে।

    বিশেষজ্ঞরা আশংকা করছেন, করোনাভাইরাস সংক্রমণের একটি দ্বিতীয় ঢেউ আসছে কিনা।

    তারা বলছেন দ্বিতীয় ঢেউ বলতে যা বোঝায় - তা ইরানে ইতোমধ্যেই দেখা যাচ্ছে।

    ভারতে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করার মধ্যেই একদিনে সংক্রমণের সংখ্যা বেড়েছে ১৫ হাজারের বেশি। দেশটিতে কোভিড -১৯ সংক্রমণ শুরু হবার পর একদিনে সংক্রমণের এটাই সর্বোচ্চ সংখ্যা। ভারতে মোট সংক্রমণ এখন ৪ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

    দক্ষিণ কোরিয়ার করোনাভাইরাস মোকাবিলার চেষ্টা প্রশংসিত হলেও সেখানে নতুন করে কিছু সংক্রমণ হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ কোরিয়ার করোনাভাইরাস মোকাবিলার চেষ্টা প্রশংসিত হলেও সেখানে নতুন করে কিছু সংক্রমণ হচ্ছে
  10. ব্রেকিং, আবারো সাড়ে তিন হাজার অতিক্রম করলো শনাক্ত

    বাংলাদেশে ৩৫৩১ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

    ১৫৫৮৫টি পরীক্ষা থেকে এই সংখ্যা পাওয়া গেছে।

    ৬১২১৬৪টি নমুনা পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত।

    প্রতি ১০০ জন পরীক্ষা করে ২২.৬৬% রোগী পাওয়া গেছে।

    ১১২৩০৬ জন মোট শনাক্ত হয়েছে।

    ৬২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে। পরীক্ষা হয়েছে ৬০টি পরীক্ষাগারে।

    ১০৮৪ জন নতুন সুস্থ হয়েছেন।

    ৩৯ জন নতুন করে মারা গেছেন।

    ১৪৬৪ জন মারা গেছেন মোট, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।

  11. করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসছে?

    করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা আসছে?

    ছবির উৎস, Getty Images

    বিশ্বজুড়ে চলছে লকডাউন শিথিল।

    কিন্তু করোনাভাইরাস কি চলে গেছে?

    ঠিক একশো বছর আগে স্প্যানিশ ফ্লুর দ্বিতীয় ধাক্কা ছিল বেশি ভয়াবহ।

    নিউজিল্যান্ডে ২৪ দিন পরেও রোগী পাওয়া গেছে। চীনের বেইজিংয়ে ৫০ দিন পরেও শনাক্ত হয়েছে রোগী।

    বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ধাক্কা বলতে যা যা বুঝায় তা ইরানে ইতোমধ্যে দেখা যাচ্ছে।

  12. যুক্তরাজ্য থেকে স্পেনে গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই

    যুক্তরাজ্য থেকে স্পেনে গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই

    ছবির উৎস, EPA

    স্পেনের কর্তৃপক্ষ বিবিসিকে নিশ্চিত করেছে যুক্তরাজ্য থেকে যদি কেউ স্পেনে যায় তবে তাকে কোনো কোয়ারেন্টিন মানতে হবে না।

    গ্রীষ্মে অনায়াসে স্পেনের কোনো সমুদ্র সৈকতে কাটিয়ে দিতে পারবেন দীর্ঘদিন ঘরে থাকা ব্রিটিশরা।

  13. হজ হবে কি হবে না সিদ্ধান্ত আগামী সপ্তাহে

    বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবে, যেখানে প্রায় ২৫ লাখ মুসল্লী জড়ো হন।

    কিন্তু চলতি বছর সেটা হবে কি হবে না সেটা এখনো বলা যাচ্ছে না।

    সৌদি আরবের সরকার চাচ্ছে এটা সামনে এগিয়ে নিতে।

    ২৮শে জুলাই শুরু হওয়ার কথা হজ্ব।

    সৌদি আরব হজে প্রতি বছর ৫ বিলিয়ন ডলার রাজস্ব তোলে।

    করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথমবার যে হজ নিয়ে শংকা দেখা দিয়েছে।

    সৌদি আরব আজ থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে তবে বাদবাকি কড়াকড়ি বহাল থাকবে।

    আর্থিক ও বানিজ্যিক কার্যক্রম শুরু হবে, কিন্তু আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে।

  14. ব্রেকিং, ভারতে চার লাখ ছাড়িয়েছে মোট রোগী শনাক্ত

    ভারতে আরো ১৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

    ভারতে এখন চার লাখেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

    যার মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ২৭ হাজারের মতো রোগী।

    ৩০৬ জন নতুন মারা গেছেন।

    এখন পর্যন্ত ভারতে ১৩ হাজার ২৫৪ জন মারা গেছেন।

  15. মাস্ক কোথায় কোথায় পরবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

    গণপরিবহন, হাসপাতালের লোকদের, রোগীদের এবং দর্শনার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যেখানে সামাজিক দূরত্ব মানা সম্ভব না সেখানে কাপড়ের মাস্ক হলেও পরতে হবেই।

    যতদিন সম্ভব বাড়ি থেকে কাজ করা প্রয়োজন।

    প্রয়োজনে বের হলে গণপরিবহন এড়িয়ে চলা প্রয়োজন।

  16. দুর্নীতির দায়ে অভিযুক্ত জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী জামিনে মুক্ত

    প্রায় ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হাঙ্গেরির একটি কোম্পানিকে কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়া দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োর ওপর।

    তাকে গ্রেফতার করে নেয়া হয় শুক্রবার।

    করোনাভাইরাস টেস্ট কিট ও সামগ্রীর একটি চুক্তি নিয়ে দুর্নীতির এই অভিযোগ উঠেছে।

    জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত
  17. ভাইরাস আতঙ্কের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শুরু

    ভাইরাস আতঙ্কের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শুরু

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ট্রাম্পের সমর্থকরা

    করোনাভাইরাস লকডাউন শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রচারণা র‍্যালির আয়োজন করেন।

    যেখানে প্রত্যাশার চেয়ে অনেক কম মানুষ জড়ো হয়।

    ১৯ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন একটি স্থানে ধারে কাছেও লোক হয়নি। এবং বাইরে যে জায়গায় মানুষ থাকার জন্য পরিকল্পনা করা হয়েছিল সেটাও বাতিল হয়েছে।

    যুক্তরাষ্ট্রে ২২ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১৯হাজারের মতো মানুষ মারা গেছেন।

  18. শুভ সকাল।

    বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস আপডেট নিয়ে বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম।

    যা যা জানার আছে:

    • ডোনাল্ড ট্রাম্প চালিয়েছেন প্রচারণা
    • দুর্নীতির দায়ে অভিযুক্ত জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী জামিনে মুক্ত
    • কোথায় কোথায় মাস্ক পরবেন আপনি?
    • বাংলাদেশে এখন ১ লাখ ৮ হাজারের বেশি রোগী আছে। বিশ্বে আছে ৮৭ লাখ।