আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সুইডেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়ালো

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মোয়াজ্জেম হোসেন

  1. আমাদের আজকের লাইভ পেজের সমাপ্তি টানছি এখানেই। সারাদিন যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।

  2. করোনাভাইরাসের দিনগুলিতে ঢাকার সেলুন

    করোনাভাইরাস মহামারি শুরুর পর চুল কাটা নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ কম। হেয়ার কাটিং সেলুন বন্ধ হয়ে যাওয়ার পর অনেকই মাথা কামিয়ে ফেলেছেন চুল ছাঁটার ঝামেলা থেকে মুক্তি পেতে। তবে এখন ঢাকায় আবার হেয়ার কাটিং সেলুনগুলো খুলতে শুরু করেছে। এই ছবিতে দেখা যাচ্ছে আপাদমস্তক সুরক্ষা পোশাকে আবৃত সেলুন কর্মীরা খদ্দেরদের চুল কাটছেন।

  3. বেইজিং এর এবারের করোনাভাইরাসে ভিন্ন লক্ষণ?

    বেইজিং এ নতুন করে যে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেটির লক্ষণ কি আগেরবারের চেয়ে আলাদা? স্বাস্থ্য কর্মীরা বলছেন, তারা যেসব নতুন রোগীর চিকিৎসা করছেন তাদের মধ্যে অনেক অদ্ভূত লক্ষণ দেখতে পাচ্ছেন। যেমন শরীরের জয়েন্টে ব্যাথা এবং পেটে অস্বস্তি। গ্লোবাল টাইমস পত্রিকা এই খবর দিচ্ছে।

    করোনাভাইরাস যে বদলাচ্ছে, সেটা চীনা বিশেষজ্ঞরা যে এই প্রথম খেয়াল করেছেন তা নয়। মে মাসের মাঝামাঝিও বিশেষজ্ঞরা রোগীদের অন্যরকম লক্ষণ দেখতে পেয়েছিলেন। জ্বর বা কাশির পরিবর্তে কিছু মানুষের মধ্যে কেবল অবসাদ বা গলা ব্যাথার লক্ষণ দেখা যাচ্ছিল।

    পিপলস ডেইলি বলছে, বেইজিং এ ১১ হতে ১৫ই জুনের মধ্যে যাদের করোনাভাইরাস ধরা পড়েছে তাদের বেশিরভাগের বয়স ৩০ হতে ৩৯ বছরের মধ্যে। ষাট বছরের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন খুবই কম। আর ২০ বছরের কম বয়সীদের কারও করোনাভাইরাস ধরা পড়েনি।

  4. ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

    বাংলাদেশের যে হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে আগুন লেগে ৫ জন রোগী মারা গিয়েছিল, সেই হাসপাতালের শীর্ষ কর্মকর্তাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর দিচ্ছে বিডিনিউজ-টুয়েন্টিফোর-ডটকম। এতে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে, ঢাকার ইউনাইটেড হাসপাতালের ৫/৬ জন কর্মকর্তার ব্যাপারে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উল্লেখ্য গত ২৭শে মে ইউনাইটেড হাসপাতালে এই আগুন লেগেছিল।

  5. ব্রিটেনে ডেক্সামেথাসোন ব্যবহারের নির্দেশ

    করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ডেক্সামেথাসোন ব্যবহার করে ব্রিটেনে যে সাফল্য এসেছে, সে খবর গতকাল বিশ্বজুড়েই আলোড়ন তুলেছিল। ব্রিটেনের চীফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এই স্টেরয়েডটি এখন থেকেই সব গুরুতর করোনাভাইরাস রোগীর চিকিৎসায় ব্যবহারেরজন্য ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএসকে নির্দেশ দেয়া হয়েছে।

    ঔষধ হিসেবে ডেক্সামেথাসোন খুব সস্তা এবং সহজলভ্য। যেসব রোগী ভেন্টিলেটরে আছেন বা যাদের অক্সিজেন নিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ঔষধ মৃত্যুহার অনেক কমিয়ে আনে বলে পরীক্ষায় দেখা গেছে।

  6. সুইডেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়ালো

    সুইডেনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন ৫ হাজার ৪১ জন।

    সুইডেনের জনসংখ্যা এক কোটির একটু বেশি। অন্যান্য প্রতিবেশি দেশের তুলনায় সুইডেনে এই মহামারিতে মৃতের সংখ্যা অনেক বেশি।আর সুইডেন করোনাভাইরাস মোকাবেলায় বিতর্কিত হার্ড ইমিউনিটির পথ নিয়েছিল, তারা অন্যান্য দেশের মতো কঠোর লকডাউন জারি করেনি। ফলে সুইডেনে কী ঘটছে, সেদিকে অনেকেই নজর রাখছেন।

    এই বিতর্কিত নীতির পেছনে যিনি, সেই অ্যান্ডার্স টেগনেল স্বীকার করেছেন যে, সুইডেনে এ কারণে অনেক বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছে।

  7. বেইজিং এ নতুন করে নিষেধাজ্ঞা, এক হাজার ফ্লাইট বাতিল

    চীনা কর্মকর্তারা রাজধানী বেইজিং এ নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এর বিস্তার ঠেকাতে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছেন। বুধবার বেইজিং এ আরও ৩১টি নতুন সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট ১৪০টি নতুন সংক্রমণের ঘটনা ধরা পড়লো। নগরীর স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। যাদের সাম্প্রতিক করোনাভাইরাস পরীক্ষা নেগেটিভ এসেছে, তাদের ছাড়া অন্য বাসিন্দাদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

    নতুন করে ভাইরাস সংক্রমণ ধরা পড়ার আগে বেইজিংয়ে গত ৫৭ দিন ধরে স্থানীয়ভাবে একটি সংক্রমণও ঘটেনি। ধারণা করা হচ্ছে বেইজিং এর যে বিশাল বাজার থেকে শহরের ৮০ ভাগ মাংস এবং সব্জির সরবরাহ আসে, সেখান থেকে এই সংক্রমণ ছড়িয়েছে।

  8. খুলনায় ডাক্তারদের বিক্ষোভ অব্যাহত

    করোনাভাইরাসে যখন বাংলাদেশে স্বাস্থ্য সেবা ব্যবস্থা এমনিতেই সংকটে, তখন খুলনায় এক ডাক্তারকে পিটিয়ে হত্যার ঘটনা সেখানে আরও সমস্যা তৈরি করেছে। খুলনায় একটি ক্লিনিকের মালিক মোহাম্মদ আবদুর রকিব খানের মৃত্যুর প্রতিবাদে আজকেও শহরে বিক্ষোভ করেছেন সেখানকার চিকিৎসকরা। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের স্থানীয় শাখার নেতারা এই ঘটনাটিকে ডাক্তারদের কিরকম নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে হচ্ছে তার উদাহারণ হিসেবে তুলে ধরেছেন। অভিযোগ করা হচ্ছে, ক্লিনিকে এক নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়ার পর তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না, পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এর পর রোগীর আত্মীয়-স্বজনরা ক্লিনিকের মালিক মোহাম্মদ আবদুর রকিব খানের ওপর চড়াও হয়েছিলেন।

    বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেন, ‍“চিকিৎসকরা এখন এতটাই নিরাপত্তাহীন বোধ করছেন যে, বিএমএ’র ওপর চাপ আছে, এই ঘটনার বিচারের দাবিতে ধর্মঘটে যাওয়ার জন্য। কিন্তু দেশে এরকম একটা হেলথ ইমার্জেন্সীর মধ্যে আমরা এমন একটা অমানবিক কাজ করতে পারি না। আমাদের একটাই দাবি, এই নির্মম হত্যাকান্ড যারা ঘটিয়েছে, তাদের বিচার করা হোক। আগামীকাল আমরা কর্মসূচী দেব।”

  9. বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

    বাংলাদেশের আরও একজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর দিচ্ছে ঢাকার ইংরেজী দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল ঢাকার অ্যাপোলো হাসপাতালে। পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি।

  10. আজ থেকে আবার ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু

    ফুটবল ভক্তদের জন্য সুখবর- ইংলিশ প্রিমিয়ার লীগ আবার চালু হচ্ছে।

    ১০০ দিন বন্ধ থাকার পর আজ ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম কোন খেলায় মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা আর শেফিল্ড ইউনাইটেড।ইংলিশ প্রিমিয়ার লীগের মোট ৯২টি ম্যাচ হবে ৪০ দিন ধরে। কারণ ২৬শে জুলাই বর্তমান মৌসুম শেষ করতে হবে।

    তবে প্রতিটি খেলাই হবে দর্শকশূন্য মাঠে। কেবল তিনশোর মত কর্মকর্তা, কর্মচারি, খেলোয়াড়, কোচ আর সাংবাদিকদের উপস্থিতিতে খেলাগুলো হবে। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হ্যান্ডশেকের প্রথাটিও আপাতত বন্ধ থাকছে।

  11. করোনাভাইরাস যখন বাড়ির দোরগোড়ায়

    বাংলাদেশের রাজধানী ঢাকার পাড়ায়-মহল্লায় করোনাভাইরাস কিভাবে থাবা বিস্তার করেছে তার একটা ধারণা পাওয়া যাবে নীচের ছবিটি দেখে। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন পল্লবী এলাকার বাসিন্দা কাজী শাহিনুর ইসলাম। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তার পাশের ভবনের এক প্রতিবেশী। তারপর সব ধরণের সতর্কতা অবলম্বন করে অল্প কিছু মানুষ বাড়ির সামনের রাস্তাতেই মৃত ব্যক্তির জানাজা পড়ছিলেন। তখন নিজের বাসার বারান্দা থেকে ছবিটি তোলেন কাজী শাহিনুর ইসলাম।

  12. ইসরায়েলি গবেষকদের উদ্ভাবন: স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত হয় যে মাস্ক

    ইসরায়েলি গবেষকরা বলছেন, তারা এমন একটি ফেইস মাস্ক উদ্ভাবন করেছেন, যা নিজে নিজে পরিস্কার হয়ে যায়।

    এই মাস্কে একটি ইউএসবি পোর্ট আছে যেটি দিয়ে এটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়। মাস্কের ভেতর কার্বন ফাইবারের একটি স্তর আছে, ইউএসবি সংযোগের মাধ্যমে যেটিকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা যায়। এই তাপে করোনাভাইরাস মরে যায়।

    তবে মাস্কটি যখন ইউএসবির মাধ্যমে জীবাণুমুক্ত করা হচ্ছে, তখন এটি না পরার পরামর্শ দেয়া হয়েছে। এভাবে মাস্কটি জীবাণুমুক্ত করতে সময় লাগে ৩০ মিনিটের মতো। এই মাস্কটির পেটেন্টের জন্য গবেষকরা যুক্তরাষ্ট্রে আবেদন করেছেন।

  13. করোনা ভাইরাস: নতুন ওষুধ ডেক্সামেথাসোন সম্পর্কে আপনার যা জানতে পারেন

  14. ব্রেকিং, বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে শনাক্ত চার হাজার ছাড়ালো

    বাংলাদেশে নতুন করে শনাক্ত ৪০০৮ জন।

    ১৭৫২৭টি নমুনা পরীক্ষা করে এই পরিমাণ শনাক্ত পাওয়া গেছে।

    বাংলাদেশে মোট শনাক্ত হয়েছে ৯৮৪৮৯ জন।

    এখন পর্যন্ত মোট টেস্ট হয়েছে। ৫৫১২৪৪।

    ৫৯টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে।

    বাংলাদেশে আরো মারা গেছেন ৪৩ জন।

    এনিয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ১৩০৫ জন।

    ১৯২৫ জন নতুন করে সুস্থ হয়েছেন।

    ৩৮১৮৯ জন মোট সুস্থ হয়েছেন।

  15. যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে রেকর্ড পরিমাণ শনাক্ত

    এরিজোনা, ফ্লোরিডা এবং টেক্সাসে একদিনে সর্বোচ্চ পরিমাণ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

    ফ্লোরিডায় ২৭৮৩ জন, টেক্সাসে ২৬২২ জন এবং এরিজোনায় ২৩৯২ জন নতুন রোগী পাওয়া গেছে।

    এই তিন রাজ্যেই টেস্টিং বাড়ানো হয়েছে।

    কিছু জায়গায় কড়াকড়ি তুলে নেয়া হয়েছে।

  16. চলতি সপ্তাহেই ব্রাজিলে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে মোট শনাক্ত রোগীর সংখ্যা

    ব্রাজিলে আজ শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৯১৮ জন রোগী।

    এখন পর্যন্ত দেশটিতে মোট রোগীর সংখ্যা ৯ লাখ ২০ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের পরেই এখন ব্রাজিল।

    আরো ১৩০০ মানুষ মারা গেছে দক্ষিণ আমেরিকার দেশটিতে।

    মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ২৪১ জন।

    এই সপ্তাহেই ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

  17. ব্রেকিং, গণস্বাস্থ্যের কিট অকার্যকর, বলছে বঙ্গবন্ধু মেডিকেল

    বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে করোনার নমুনা পরীক্ষার জন্য যে র‍্যাপিড টেস্ট কিট গণস্বাস্থ্য দিয়েছিলো পরীক্ষায় সেগুলো কার্যকর বলে প্রমাণ হয়নি।

    বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া এক সংবাদ সম্মেলনে অবশ্য বলেন যেসবএলাকায় পিসিআর সুবিধা নেই সেখানে এটি সহায়ক হতে পারে।

    "দেশীয় একটি প্রতিষ্ঠানের তৈরি করা কিটের মূল্যায়ন করতে পেরে আমরা আনন্দিত।যারা এ কিটের আবিষ্কার করেছে তাদের ধন্যবাদ জানাই"।

    তিনি জানান ঔষধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু মেডিকেলকে এক বছর সময় দিলেও বাস্তবতার নিরিখে এক মাসের মধ্যে গবেষণা শেষ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে গবেষণা দল।

    মোট ৫০৯টি রক্ত স্যাম্পল পরীক্ষার মাধ্যমে এক মাস সময়ের মধ্যে বঙ্গবন্ধু মেডিকেলের গবেষণা দলের কার্যক্রম শেষ হয় বলে জানান তিনি।

    গণস্বাস্থ্য ১২ইমে প্রথমে দুশো টিকিট দিয়েছিলো পরীক্ষার জন্য। যদিও পরে আবার ১৯শে মে রক্তের পরিবর্তে রোগীর লালা সংগ্রহের অনুরোধ জানান।

  18. স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিদেশি নাগরিকরা এসে ভিসা পাবেন না

  19. হন্ডুরাসের প্রেসিডেন্ট কোভিড-১৯ আক্রান্ত

    হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে।

    তার স্ত্রী ও দুই সন্তানেরও কোভিড-১৯ ধরা পড়েছে।

    যদিও তারা সুস্থবোধ করছেন এবং প্রেসিডেন্ট ঘর থেকে কাজ করছেন।

    হন্ডুরাসে ৯ হাজার ৬ শত রোগী পাওয়া গেছে। মারা গেছেন ৩৩০ জনের মতো।

  20. ব্রেকিং, অন এরাইভাল ভিসা সুবিধা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ

    বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে শুধুমাত্র বিদেশী বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা পাবেন অন এরাইভাল ভিসা।

    এই ক্ষেত্রে যিনি ভিসা আবেদন করবেন তাকে ৭২ ঘণ্টার মধ্যে বের করা কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট দরকার হবে।এছাড়া সকল দেশের নাগরিকদের জন্য এই সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে।