ইংল্যাণ্ডে ১৫ই জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের চলমান ঘটনার খবরাখবর।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and পুলক গুপ্ত

  1. ইংল্যাণ্ডে ১৫ই জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক, নিয়মভঙ্গকারীদের জরিমানা হতে পারে

    করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে আগামী ১৫ই জুন থেকে বাস-ট্রেন-টিউবের মত গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক হবে বলে ঘোষণা করা হয়েছে।

    পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস আজ সংবাদ ব্রিফিংএ বলেছেন, কেউ এই নিয়ম না মানলে তাকে বাস-ট্রেন থেকে নামিয়ে দেয়া বা জরিমানা করা হতে পারে।

    তবে তিনি জানান, শিশুদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

    মন্ত্রী বলেন,তারা তাই করছেন যা অন্য অনেক দেশ করবে। মুখ ঢেকে রাখলে কোভিড-১৯ থেকে সীমিত হলেও কিছু সুরক্ষা পাওয়া যায়।

    এমন সময় মি. শ্যাপস এ কথা ঘোষণা করলেন যখন ব্রিটেনে ধীরে ধীরে লকডাউন শিথিল করা হচ্ছে, তবে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে এলেও ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় তা অনেক বেশি।

    ব্রিটেনে সরকারি হিসেবে গতকাল বুধবার করোনাভাইরাস সংক্রমণের পর ৩৫৯ জন এবং বৃহস্পতিবার ১৭৬ জন মারা গিয়েছেন। মোট মৃত্যুর সংখ্যা ৩৯ হাজার ৯০৪ - যা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ।

    ব্রিটেনে ভাইরাস সংক্রমণ শুরুর প্রথম দিকে সরকারের অবস্থান ছিল এমন যে, ফেস মাস্ক পরার প্রয়োজন নেই – এতে তেমন কোন কাজ হয় না, বরং সাবান দিয়ে বার বার হাত ধোয়া অনেক বেশি কার্যকর।

    তবে সম্প্রতি সেই অবস্থান থেকে ব্রিটিশ সরকার ধীরে ধীরে সরে এসেছে।

    ইংল্যাণ্ডে ১৫ই জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইংল্যাণ্ডে ১৫ই জুন থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক
  2. হাইড্রক্সিক্লোরোকুইন করোনা সংক্রমণ ঠেকাতে পারে না: নতুন জরিপ

    করোনাভাইরাস প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কার্যকর কিনা – এ নিয়ে বেশ কিছুকাল ধরেই আলোচনা-বিতর্ক হচ্ছে।

    এ নিয়ে একাধিক গবেষণাও চলছিল।

    মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বেশ কিছুদিন হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েছেন।

    কিন্তু যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় বলা হচ্ছে, তাদের জরিপে অংশগ্রহণকারীদের দেহে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে পারেনি এই হাইড্রক্সিক্লোরোকুইন।

    মোট ৮২১ জন অংশগ্রহণকারীর ওপর জরিপ চালিযে এ তথ্য পাওয়া গেছে।

    মি.. ট্রাম্পের ডাক্তার অবশ্য বলেছেন, হাইড্রক্সিক্লোরোকুইন খাবার পর প্রেসিডেন্টের স্বাস্থ্য ভালো আছে।

    কোভিড ১৯

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাইড্রক্সিক্লোরোকুইন
  3. ইরানে আবার করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ, বিশেষজ্ঞরা বলছেন, ইরানীরা সামাজিক দূরত্ব রক্ষা করাকে গুরুত্ব দিচ্ছেন না - এটাই বড় কারণ

    ইরানে কয়েকটি প্রদেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আবার বাড়তে শুরু করায় বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

    গত চার দিন ধরে ইরানে প্রতিদিনই ৩ হাজার বা তার বেশি লোক কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন।

    গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত হন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পর খুজেস্তান প্রদেশে কিছু বিধিনিষেধ আবার জারি করা হয়েছে।

    ইরানে ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাস সংক্রমণ শুরু হবার পর এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা।

    বিশেষজ্ঞরা বলছেন, এর বিভিন্ন কারণ আছে তবে সবচেয়ে বড় কারণটি হলো, অনেক ইরানীই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্বের সাথে নিচ্ছেন না।

    ঈদুল ফিতরের ছুটির সময় হাজার হাজার ইরানী 'রেড জোন' বলে চিহ্নিত উত্তর ইরানে বেড়াতে গিয়েছিলেন। তা ছাড়া পাতাল রেল, ব্যাংক ও অফিসগুলোয় সম্প্রতি লোকের ভিড় দেখা যাচ্ছে।

    সম্প্রতি ইরানে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য আরোপিত লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছিল।

    তবে কর্তৃপক্ষ বরাবরই দ্বিতীয় দফায় ভাইরাস সংক্রমণে উর্ধ্বগতি হতে পারে বলে হুঁশিয়ারি দিচ্ছিলেন।

    ইরান

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, বিশেষজ্ঞরা বলছেন, ইরানীরা সামাজিক দূরত্ব রক্ষাকে গুরুত্ব দিচ্ছেন না
  4. কোভিড রোগীকে ভেন্টিলেশন দিতে হবে কিনা - তার নতুৃন পরীক্ষা

    সুইস ফার্মাসিউটিক্যাল কোম্পনি রশ বলছে, মার্কিন কর্তৃপক্ষ এমন একটি পরীক্ষাকে জরুরি অনুমোদন দিয়েছে যার মাধ্যমে - করোনাভাইরাস রোগীদের গুরুতর প্রদাহজনিত প্রতিক্রিয়ার শিকার হবার ঝুঁকি আছে কিনা - তার ইঙ্গিত পাওয়া যাবে।

    কোম্পানিটি বলছে, অন্যান্য প্রক্রিয়ার পাশাপাশিই এই পরীক্ষাটি ব্যবহার করা যাবে।

    এতে ঠিক কোন্ রোগীদের ভেন্টিলেশন দরকার হতে পারে - তা চিহ্নিত করা সহজতর হবে।

    করোনাভাইরাস আক্রান্ত কিছু রোগীর ক্ষেত্রে তাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাস মোকাবিলার জন্য অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে।

    এতে দেহকোষ ও বিভিন্ন প্রত্যঙ্গের যে ক্ষতি হয় তাতে রোগীর মৃত্যুর আশংকা তৈরি হয়।রশের এই পরীক্ষাটির মাধ্যমে রক্তের প্লাজমার এমন একটি উপাদান চিহ্নিত করা যায় যা সেই গুরুতর প্রদাহের পূর্বাভাস দিতে পারে।

    করোনাভাইরাস রোগীদের গুরুতর প্রদাহজনিত প্রতিক্রিয়া হতে পারে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, করোনাভাইরাস রোগীদের ফুসফুসে গুরুতর প্রদাহজনিত প্রতিক্রিয়া হতে পারে
  5. রাশিয়ায় ট্যাংক ভেঙে পড়ে নদীতে ছড়ালো ২০ হাজার টন ডিজেল

    রাশিয়ায় সাইবেরিয়ার নরিলস্ক শহরের কাছে এক বিদ্যু‌ত কেন্দ্রে একটি তেলের ট্যাংক ভেঙে পড়ার পর একটি নদীতে ২০ হাজার টন ডিজেল ছড়িয়ে পড়েছে।

    আমবার্নায়া নামের ওই নদীটির প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়েছে, এবং মোট ১৩৫ বর্গমাইল এলাকা দূষিত হয়ে পড়েছে।

    তেলের কারণে নদীর পানির রং গভীর লাল হয়ে গেছে।

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

    মনে করা হচ্ছে বিদ্যুত কেন্দ্রটির তেলের ট্যাংকের নিচের মাটি বসে গিয়ে এ ঘটনা ঘটেছে। আর্কটিক এলাকায় এ বছর অস্বাভাবিক গরমের কারণে পার্মাফ্রস্ট নামে ঠান্ডায় জমে থাকা মাটির স্তর গলে যাওয়ার ফলে এমন হয়ে থাকতে পারে।

    বিদ্যুত কেন্দ্রটির পরিচালককে এ ব্যাপারে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, তবে এখনো কোন অভিযোগ আনা হয়নি।

    রাশিয়া

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, আমবার্নায়া নদীর প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়েছে
  6. ত্রিপোলির 'পূর্ণ নিয়ন্ত্রণে' আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, জেনারেল হাফতারের বাহিনী ত্রিপোলির উপকণ্ঠ ছেড়ে চলে যাচ্ছে

    লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ঘোষণা করেছে যে তারা ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনর্দথল করার মাধ্যমে ওই শহরটির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছে।

    বেনগাজি-ভিত্তিক কমান্ডার খলিফা হাফতারের বাহিনীর একটি সূত্র বলেছে, তারা ত্রিপোলি শহরের উপকণ্ঠে থাকা তাদের অবস্থানগুলো থেকে সৈন্যদের প্রত্যাহার করে নিচ্ছে।

    জেনারেল হাফতার এক বছরেরও বেশি সময় ধরে ত্রিপোলি ঘিরে রেখেছিলেন।

    কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুরস্কের সামরিক সহায়তায় জাতিসংঘ-সমর্থিত সরকারি বাহিনী জেনারেল হাফতারের যোদ্ধাদের পিছু হটিযে দেয়।

    যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য আলোচনা আবার শুরু করতে নতুন করে কূটনৈতিক প্রয়াস চালানো হচ্ছে।

    লিবিয়া

    ছবির উৎস, GETTY IMAGES

    ছবির ক্যাপশান, ত্রিপোলির বিমানবন্দর পুনর্দখলের পর সরকারি সৈন্যদের উল্লাস
  7. হংকংএ আইন পাস: চীনা জাতীয় সঙ্গীতের অবমাননা এখন অপরাধ

    হংকংএর পার্লামেন্টে আইনপ্রণেতারা এমন একটি বিতর্কিত বিল পাস করেছেন যাতে চীনের জাতীয় সঙ্গীতের অবমাননা করা একটি অপরাধ বলে গণ্য হবে।

    বৃহস্পতিবার ৪১-১ ভোটে বিলটি পাস হয়।

    তবে এসময় পার্লামেন্ট কক্ষে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ নিক্ষেপ করার অভিযোগে দু’জন বিরোধীদলীয় সদস্যকে নিরাপত্তা রক্ষীরা বের করে নিয়ে যায়।

    আইনটিতে বলা হয়েছে, চীনের জাতীয় সঙ্গীত ‘মার্চ অব দ্য ভলান্টিয়ার্স’-এর প্রতি কেউ অসম্মান দেখালে তার বড় অংকের জরিমানা এবং তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    এতে আরো বলা হয়, হংকংএর স্কুলগুলোতে ছেলেমেয়েদের এই গান এবং তার ইতিহাস শেখাতে হবে।

    হংকং

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, হংকং পার্লামেন্টে বিরোধীদলীয় দুই সদস্য দুর্গন্ধযুক্ত তরল পদার্থ ছুঁগে মারার পর তা পরিষ্কার করা হচ্ছে
  8. বলিউড পরিচালক বাসু চ্যাটার্জি মারা গেছেন

    ভারতের মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ পরিচালক বাসু চ্যাটার্জি ৯৩ বছর বয়সে মারা গেছেন।

    টুইটারে এক বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের ফিল্ম ও টিভি পরিচালকদের সমিতির প্রধান অশোক পণ্ডিত।

    বাসু চ্যাটার্জি ১৯৬৯ সাল থেকে ২০১১ পর্যন্ত ৪০টিরও বেশি সিনেমা পরিচালনা করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে ‘রজনীগন্ধা’, ‘ছোটি ছোটিসি বাত’, ‘চিৎচোর’ এবং ‘বাতোঁ বাতোঁ মে’।

    ১৯৯৮ সালে তার পরিচালিত বাংলা ছবি ‌‘হঠাৎ বৃষ্টি‌’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল – যাতে বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস কেন্দ্রীয় ভুমিকায় অভিনয় করেছিলেন। এটি ছিল বাংলাদেশ-ভারত যেৌথ প্রযোজনার একটি ছবি।

    বাসু চ্যাটার্জি

    ছবির উৎস, GETTY IMAGES

    ছবির ক্যাপশান, বাসু চ্যটার্জি
  9. ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী করোনাভাইরাস পরীক্ষার পর আইসোলেশনে

    ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা পার্লামেন্টের অধিবেশনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ার পর তার কোভিড-১৯ সংক্রমণের পরীক্ষা করা হয়েছে এবং তিনি এখন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

    বুধবার হাউজ অব কমন্সে এক বিতর্কের বক্তব্য রাখার সময় দেখা যায়, মি. শর্মা অস্বস্তি বোধ করছেন এবং রুমাল দিয়ে ঘন ঘন তার মুখ মুছছেন।

    তার একজন মুখপাত্র পরে জানিয়েছেন, মি. শর্মার করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা - তা টেস্ট করা হয়েছে, তবে তার ফলাফল এখনো পাওয়া যায় নি।

    অলোক শর্মা

    ছবির উৎস, বিবিসি

    ছবির ক্যাপশান, পার্লামেন্টে বক্তব্য দেবার সময় বার বার রুমালে মুখ মুছতে দেখা যায় অলোক শর্মাকে
  10. ইরান ও মেক্সিকোতেও ভাইরাস সংক্রমণ বাড়ছে

    ইরানে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।

    গত চার দিন ধরে ইরানে প্রতিদিনই ৩ হাজার বা তার বেশি লোক কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে।

    গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

    ইরানে ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাস সংক্রমণ শুরু হবার পর এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা।

    সম্প্রতি ইরানে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য আরোপিত লকডাউন পর্যায়ক্রমে শিথিল করা হচ্ছিল।

    অন্যদিকে মেক্সিকোতে এই প্রথমবারের মতো একদিনে ১ হাজারের বেশি করোনাভাইরাসে মৃত্যু রেকর্ড করা হয়েছে।

    ইরান

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, ইরানে সম্প্রতি করোনাভাইরাসজনিত লকডাউন শিথিল করা হচ্ছিল
  11. ব্রাজিলে করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ১,৩৪৯ মৃত্যু

    ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

    গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৩৪৯ জন মারা গেছেন।

    দেশটিতে এ পর্যন্ত কোভিড ১-৯ সংক্রমণের পর মারা গেছেন ৩২ হাজার ৫০০ লোক, আর দেশটিতে নিশ্চিত করা হয়েছে এমন করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা প্রায় ৬ লক্ষ।

  12. ব্রেকিং, বাংলাদেশে আড়াই হাজারের কাছাকাছি নতুন রোগী শনাক্ত

    বাংলদেশে নতুন করে ২ হাজার ৪২৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৫ জন।

    এনিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৫৬৩ জন।

    কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭৮১ জন।

    গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা যায় বলে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

    নতুন করে মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৯ জনই পুরুষ। যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জনের বয়স ৫১ থেকে ৭০ এর মধ্যে।

    এই ৩৬ জনের ২২ জন বাড়িতে মারা যান, ১২ জন হাসপাতালে মারা যান এবং একজনকে মৃত্যুর পর হাসপাতালে আনা হয়।

    নাসিমা সুলতানা বলেন দীর্ঘদিন ঘরে থাকার পরও পরিবারের বয়স্কদের মধ্যে কেউ কেউ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। এ কারণে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে মাস্ক পড়ে এবং স্বাস্থ্যবিধি মেনে মেলামেশা করার পরামর্শ দেন তিনি।

    গতকালের মত আজও ৫০টি পরীক্ষাগারের তথ্য বিশ্লেষণ করে উপস্থাপন করা হয় স্বাস্থ্য বুলেটিনে।

  13. বাংলাদেশে তিন হাজার মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে

    কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২০০ মেডিকেল টেকনোলোজিস্ট, ১৬৫০ মেডিকেল টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফার নিয়োগ হচ্ছে ১৫০ জন।

    এর আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ২ হাজার চিকিৎসক এবং পাঁচ হাজারের বেশি নার্স নিয়োগ হয়েছিল।

  14. পাকিস্তানে দুই সংসদ সদস্য মারা গেছেন

    পাকিস্তানে বুধবার দুজন আইন প্রণেতা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

    দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৭৭২ জন।

    খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইন প্রণেতা মিয়া জামশেদ দিল কাকাখেল মারা গেছেন ৬৫ বছর বয়সে।

    পাঞ্জাবেও এক সংসদ সদস্য মারা গেছেন যার নাম শওকত মানজুর চীমা।

    এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লকডাউন তুলে নেয়ার পক্ষে কথা বলেন।

  15. সংযুক্ত আরব আমিরাতে আবারো শুরু হবে বিমান ট্রানজিট

    বিশ্বের অন্যতম ব্যস্ত বিমান স্টপেজ সংযুক্ত আরব আমিরাত আবারো কানেকটিং ফ্লাইট চালু করবে দ্রুত।

    বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে দেশটির সরকার।

    মার্চ মাস থেকে এই দেশে কানেকটিং ফ্লাইট বন্ধ ছিল।

    দক্ষিণ এশিয়ার বিমান যাত্রীরা ইউরোপ আমেরিকা যাওয়ার পথে দুবাইয়ে থামে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ এশিয়ার বিমান যাত্রীরা ইউরোপ আমেরিকা যাওয়ার পথে দুবাইয়ে থামে
  16. ব্রেকিং, বাংলাদেশের স্বাস্থ্য সচিব পদে পরিবর্তন

    বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।

    মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসাদুল ইসলামকে সরিয়ে নতুন সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে আব্দুল মান্নানকে।

    আব্দুল মান্নান ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান।

    আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।

    এমন একটা সময়ে এই পরিবর্তন আনা হলো যখন বাংলাদেশ করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়ছে এবং এই লড়াইয়ে মূল দায়িত্ব পালন করতে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে।

  17. পুলিশি হেফাজতে মৃত আমেরিকান ব্যক্তির করোনাভাইরাস ছিল

    আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েড, যিনি পুলিশি হেফাজতে মারা গেছেন তার করোনাভাইরাস হয়েছিল বলে নিশ্চিত করা গেছে মৃত্যুর এক সপ্তাহ পরে।

    তেসরা এপ্রিল তার করোনাভাইরাস ছিল বলে নিশ্চিত করেছেন, হেনেপিন কাউন্টি মেডিকাল পরীক্ষক।

    ভাইরাসটির যে স্বভাব তাতে এটি ব্যক্তির শরীরে সপ্তাহজুড়ে থাকার সম্ভাবনা আছে।

    তবে তার কোনো উপসর্গ ছিল না।

    জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে নানা ঘটনা ঘটে গেছে, দেশব্যাপী বিক্ষোভ চলছে, কারফিউও জারি হয়েছিল।

  18. বাংলাদেশ বিমানের চার্টার বিমান ভাড়ার সুযোগ

    পরিবার নিয়ে চার্টার বিমানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে বাংলাদেশ বিমানে।

    দূরত্ব অনুযায়ী তাতে তিন থেকে পাঁচ লাখ টাকা লাগতে পারে।

    তবে এটা বাংলাদেশের ভেতর ঘরোয়া র‍্যুটে ভ্রমণ করার জন্য।

    বাংলাদেশে চার্টার বিমান নিয়ে বেশ আলোচনা হয়েছে। দুই একজন ধনাঢ্য ব্যক্তি বিমান যোগে বাংলাদেশ ত্যাগ করার পর এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন পড়ে যায়।

  19. অস্ট্রেলিয়া সীমান্ত খুলছে, নিউজিল্যান্ড বলছে 'এখনই নয়'

    Skip X post
    X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

    End of X post

  20. ইতালিতে ভ্রমণ চালু

    ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে আশাবাদ ব্যক্ত করেছেন লকডাউন এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে।

    তিনি বলেন, “আমাদের এখন খুশি হওয়া উচিৎ, আনন্দিত হওয়া উচিৎ, আমরা সপ্তাহের পর সপ্তাহ ত্যাগ করেছি অনেককিছু।”

    ইতালিতে ঘরোয়া ভ্রমণ চালু হয়ে গেছে, আন্তর্জাতিক সীমান্তও খুলছে।

    ইতালিতে প্রায় ৩৪ হাজার লোক মারা গেছে এবং শনাক্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার মানুষ।