করোনাভাইরাসে স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু ২

বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ২

    spain bar

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, স্পেনে পানশালা খুলে দেওয়া হয়েছে।

    গত তিন মাসের মধ্যে স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সবচেয়ে কম সংক্রমণ ঘটেছে। শনাক্ত করা হয়েছে ৯৬ জনকে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন।

    ব্রিটেনে শনাক্ত হয়েছেন ১,৯৩৬ এবং মারা গেছেন ১১৩ জন।

    ইটালিতে সংক্রমণের সংখ্যা ৩৫৫ এবং মৃত্যু ৭৫।

    গত এপ্রিল মাসের তুলনায় স্পেনে মৃত্যুর সংখ্যা এখন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সেসময় মাত্র একদিনেই মারা যেত ৯৫০ জন আর সংক্রমিত হতো কয়েক হাজার মানুষ।

    এর মধ্যেই দেশটি লকডাউনের বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এই স্পেনে সবচেয়ে কঠোর লকডাউন জারি করা হয়েছিল।

    মৃত্যু ও সংক্রমণের হার অনেক কমে গেলেও সতর্ক রয়েছে স্পেনের সরকার। জরুরি অবস্থার মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

    স্পেনে করোনাভাইরাস মহামারিতে মারা গেছেন ২৭ হাজারেরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার।

  2. ব্রাজিলে মৃত্যুর সংখ্যা স্পেন ও ফ্রান্সকে ছাড়ালো

    brazil people

    ছবির উৎস, EPA

    ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা স্পেন ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে।

    জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে এখনও পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২৮,৮৩৪ জনের।

    যুক্তরাষ্ট্রের পরে এই ব্রাজিলেই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।

    ইউরোপ ও এশিয়ার কাছ থেকে পাওয়া সতকর্তা সত্ত্বেও দেশটি এই ভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়েছে।

    পরিস্থিতির অবনতি হওয়ার পরেও অতি-দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এই মহামারিকে খাটো করে দেখছেন, বিরোধিতা করছেন বিভিন্ন রাজ্য সরকার ও শহর কর্তৃপক্ষের জারি করা লকডাউনের।

  3. Brooklyn Park

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন পার্কে নিরাপদ দূরত্বে সামাজিক মেলামেশা।
  4. প্যারিসে খুলে দেওয়া হয়েছে বাগান ও পার্ক

    paris

    ছবির উৎস, EPA

    ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনাভাইরাস লকডাউন শিথিল করার পর এখন শহরের পার্ক এবং বাগানও খুলে দেওয়া হয়েছে।

    এর ফলে প্রচুর সংখ্যক মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে গ্রীস্মকালে তাদের প্রথম পিকনিক উপভোগ করছে।

    তবে এখনও কিছু বিধি-নিষেধ জারি রয়েছে: লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দশ জনের বেশি লোক এক জায়গায় জড়ো হতে পারবে না। একই সঙ্গে সবাইকে মুখে মাস্ক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।

    সারা দেশে ক্যাফে ও রেস্তোরাঁ খুলবে আগামী মঙ্গলবার। তবে রাজধানী প্যারিসে খদ্দেরদের রেস্তোরাঁর বাইরে খাবার পরিবেশন করতে পারবে।

    Paris

    ছবির উৎস, Reuters

  5. ইরানে সংক্রমণ দেড় লাখ ছাড়াল

    ইরানে গত ২৪ ঘণ্টায় ২,৫১৬ জনকে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫১,৪৬৬।

    এই সময়ের মধ্যে মারা গেছে আরো ৬৩ জন। মোট মৃত্যু হলো ৭,৭৯৭ জনের।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন সুস্থ হয়েছেন ১১৮,৮৪৮ এবং সারা দেশে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন ২,৫২৭ জন।

    ইরান গত সপ্তাহে শিয়া মুসলিমদের ধর্মীয় স্থাপনা খুলে দিয়েছে। তবে এসব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

  6. আফগানিস্তানে ‘করোনাভাইরাসের বিপর্যয় আসন্ন’

    MOSQUE

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আফগানিস্তানের একটি মসজিদে ঈদের নামাজ পড়ছে মানুষ।

    আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে দেশটিতে ‘করোনাভাইরাসের বিপর্যয় আসন্ন’।

    দেশটিতে এখনও পর্যন্ত ১৫,০০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় যতো নমুনা পরীক্ষা করা হয়েছে তার অর্ধেকের ফলাফলই এসেছে পজিটিভ।

    আক্রান্তদের অর্ধেকেরও বেশি রাজধানী কাবুলের।

    ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ পুনরায় লকডাউনের বিধি-নিষেধ আরোপের আহবান জানিয়েছেন।

    দেশটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছিল কিন্তু সপ্তাহ খানেক আগে ঈদুল ফিতরের কারণে সেগুলো শিথিল করা হয়েছে।

    মি. মাজরোহ বলছেন, লোকজন সামাজিক দূরত্বের নির্দেশনা ভঙ্গ করার কারণে দেশটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

  7. খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

    mosque

    ছবির উৎস, AFP

    মক্কা ও মদিনার পরে ইসলামে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদের দরজা খুলে দেওয়ার পর কয়েক শত মুসল্লি মসজিদ প্রাঙ্গনে ঢুকলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

    করোনাভাইরাসের কারণে জেরুসালেমের এই মসজিদটি দুই মাস ধরে বন্ধ ছিল। এমনকি পবিত্র রমজান মাসেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারেনি।

    মুসল্লিদেরকে মুখে মাস্ক পরে মসজিদে ঢুকতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে আসার জন্যেও।

    সৌদি আরবেও মসজিদ খুলে দেওয়ার আগে কর্তৃপক্ষের তরফে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

    লাখ লাখ মানুষকে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে দুই মিটার দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে। হ্যান্ডশেক ও কোলাকুলি করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

    লোকজনকে বলা হয়েছে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে। কারণ মসজিদের ওজুখানা বন্ধ থাকবে।

    এছাড়াও সব নামাজ ১৫ মিনিটেরই মধ্যে শেষ করতে বলা হয়েছে।

    সারা দেশের সব মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ আল-হারাম বন্ধ রাখা হয়েছে।

  8. করোনাভাইরাসে এই প্রথম মৃত্যু রোয়ান্ডায়

    রোয়ান্ডায় কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সী একজন গাড়ি চালকের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে দেশটিতে এই প্রথম একজনের মৃত্যু হলো।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই গাড়ি চালক কয়েকদিন আগে প্রতিবেশি একটি দেশ থেকে ফিরে এসেছেন। তিনি সেদেশে বসবাস করতেন। গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি তার দেশে ফিরে আসেন।

    কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়া হয় এমন একটি হাসপাতালে তিনি মারা গেছেন।

    পূর্ব আফ্রিকার এই দেশটিতে ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।

  9. লকডাউনবিরোধী বিক্ষোভ আর্জেন্টিনায়

    আর্জেন্টিনায় লকডাউনের প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

    দেশটিতে দু’মাসেরও বেশি সময় ধরে কঠোর লকডাউন জারি রয়েছে। তাদের দাবি ব্যবসা বাণিজ্য ও দোকান-পাট খুলে দিতে হবে।

    বুয়েনস আয়ার্সসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলবার্তো ফেরনান্দেজের বিরুদ্ধে শ্লোগান দিয়ে তার বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ এনেছেন।

    আর্জেন্টিনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৬,০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

    protest against lockdown

    ছবির উৎস, Reuters

  10. নারায়ণগঞ্জের সেই কাউন্সিলর ও তাঁর স্ত্রী কোভিড-১৯ আক্রান্ত

    নারায়ণগঞ্জের একটি ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খোরশেদ ও তাঁর স্ত্রী কোভিড-১৯ আক্রান্ত।

    তবে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন খোদ।

    স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, তার স্ত্রীকে অক্সিজেন দেয়া কঠিন হয়ে পড়ছে খুব বেশিক্ষণ ধরে রাখতে পারছেন না।

    এখন ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী।

    মূলত এক ব্যবসায়ীর মৃতদেহ সৎকারে এগিয়ে এসে তিনি সুনাম কুড়ান।

  11. করোনাভাইরাসে মারা গেছেন এনটিভির অনুষ্ঠান প্রধান

    বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল এনটিভির উর্ধ্বতন কর্মকর্তা মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    প্রতিষ্ঠানটির কর্মীরা আজ এই তথ্য নিশ্চিত করেন।

    বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

    ১৫ই মে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল মোস্তফা কামাল সৈয়দকে। এরপর থেকে তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

  12. বাসে উঠতে যেসব নিয়ম মানতে হবে বলছে সরকার

    ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনিবাস চলাচল নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একটি প্রজ্ঞাপন দিয়েছে।

    সেখানে বলা হয়েছে ঢাকায় ভাড়া বেড়েছে ৬০ শতাংশ।

    আরো কিছু নিয়ম যোগ করা হয়েছে, যেমন...

    পাশাপামি দুটি আসনের একটি অবশ্যই ফাঁকা রাখতে হবে।

    উল্লেখিত আসনের অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না।

    স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।

    এ ভাড়ার হার পহেলা জুন থেকে কার্যকর করা হবে।

  13. ব্রেকিং, বাংলাদেশে প্রথমবারের মতো একদিনে চল্লিশ জন মারা গেছেন

    ২৫৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    এনিয়ে মোট ৪৭১৫৩ জন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

    গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ টি পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ২১.৪৩ শতাংশ।

    ৪০ জন নতুন করে মারা গেছেন।

    ৬৫০ জন মারা গেছেন এখন পর্যন্ত।

    প্রতি ১০০ জন শনাক্তের বিপরীতে ১.৩৮ জন করে মারা গেছেন

    ৯৭৮১ জন সুস্থ হয়ে উঠেছেন।

    মোট শনাক্তের ২০ শতাংশের বেশি সুস্থ হয়ে উঠেছেন।

  14. খুব সহসা খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান

  15. বাংলাদেশে যেভাবে বাস ও ট্রেন প্রস্তুত হচ্ছে

    সামাজিক দূরত্ব রক্ষার জন্য ছক আঁকা হচ্ছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সামাজিক দূরত্ব রক্ষার জন্য ছক আঁকা হচ্ছে
    দীর্ঘদিন নিষ্প্রাণ থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দীর্ঘদিন নিষ্প্রাণ থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  16. বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ বিমান

    ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর যাবে একটি বিশেষ বিমান যেটি শুধুমাত্র বাংলাদেশে থাকা মার্কিন নাগরিক এবং তাদের পরিবার বহন করবে।

    তেসরা জুন থেকে যাবে এই বিমান।

    যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট এই তথ্য নিশ্চিত করেছে।

    প্রতিটি টিকিটের মূল্য পড়ছে প্রায় ১৭০০ ডলার বা দেড় লাখ টাকার মতো।

  17. কোভিড ব্যবস্থাপনা নিয়ে ভারত সরকারের সমালোচনা সেদেশের মহামারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

    ভারতের মহামারী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এক যৌথ বিবৃতিতে ভারত সরকারের কোভিড ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। যদিও ভারতে কঠোরভাবে লকডাউন বলবৎ করা হয়েছিল দুমাসেরও বেশি সময় ধরে, কিন্তু তার মধ্যেও ৬০৬ জন সংক্রমিত থেকে সংখ্যাটা বেড়ে হয়েছে প্রায় পৌণে দু লক্ষ।

    যে মডেল অনুসরণ করে ভারতে লকডাউন করা হয়েছিল, তার ফলে সারা পৃথিবীতে দুই মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মডেল প্রমাণ করেছে যে কাঙ্খিত ফলাফলের ধারকাছ দিয়েও যায় নি এই ব্যবস্থা। এটা, নাম না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'লকডাউন মডেলে'র সমালোচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    ভারত সরকারও মহামারী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রিভেন্টিভ মেডিসিনের চিকিৎসক এবং সমাজবিজ্ঞানীদের ওপরে ভরসা না করে চিকিৎসক এবং আমলাদের ওপরেই বেশি নির্ভর করেছে বলেও মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে।

    "এর ফলে মানবিক সঙ্কট এবং রোগের বিস্তার - দুই ক্ষেত্রেই ভারতকে চরম মূল্য দিতে হয়েছে। জাতীয় স্তরে মাঝেমধ্যেই কৌশল এবং নীতি বদল করা হয়েছে," লেখা হয়েছে জনস্বাস্থ্য এবং মহামারী বিশেষজ্ঞদের তিনটি সর্বভারতীয় সংগঠনের ওই বিবৃতিতে।

    বিবৃতিটিতে যারা স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে কেন্দ্রীয় সরকারের উচ্চপদে চাকুরীরত এবং অবসরপ্রাপ্ত চিকিৎসকরা যেমন আছেন, তেমনই রয়েছেন অনেকগুলি চিকিৎসা বিজ্ঞান কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও।

    তবে স্বাস্থ্য বিষয়ক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, করোনা ভাইরাস এমন একটা সঙ্কটের মুখোমুখি ফেলেছে দেশের সরকারকে, যা মোকাবিলা করার কোনও পূর্ব অভিজ্ঞতাই কারও নেই। তাই ট্রায়াল এন্ড এরর মেথডেই কোভিড ব্যবস্থাপনা করতে হয়েছে সরকারকে, প্রতিদিনই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ধাপে যেতে হয়েছে তাদের।

  18. ভারতে রেকর্ড শনাক্তের দিনে হোটেল, শপিং মল খোলার ঘোষণা

    ৮ই জুন থেকে রেস্টুরেন্ট, হোটেল, শপিং মল এবং উপাসনালয় খুলে দেয়া হবে ভারতে।

    তিন ধাপে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার।

    শনিবার দেশটিতে আট হাজারের মতো নতুন রোগী শনাক্ত হয়েছে।

    মোট পৌনে দুই লাখ রোগী শনাক্ত হয়েছে ভারতে, মৃতের সংখ্যা পাঁচ হাজার।

    ২ মাস আগে যখন শনাক্তের সংখ্যা শতের ঘরে ছিল ঠিক তখন লকডাউনে যায় ভারত।

    এখন ভারতে যেসব চলতি রোগী আছেন তাদের আশি ভারগই পাঁচটি রাজ্যে, মহারাষ্ট্র, তামিল নাডু, দিল্লি, গুজরাট ও মধ্য প্রদেশ।

  19. বাংলাদেশে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা

    প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল।

    গড়ে ৮২.৮৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবং প্রায় ১ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

    গতবার পাশ করেছিল ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী।

    এবার ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

  20. বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ২২টি দেশের মধ্যে বাংলাদেশ

    বাংলাদেশে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

    যা ইউরোপের নেদারল্যান্ড বেলজিয়ামের কাছাকাছি।

    বেলজিয়াম মৃত্যুর হারের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি দেশ যেখানে প্রতি ১০০ জন শনাক্ত হাওয়া রোগীর মধ্যে ১৬ জন মারা গেছেন।

    বেলজিয়ামে প্রায় সাড়ে নয় হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

    সৌদি আরবে বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে কিন্তু মারা গেছে বাংলাদেশের চেয়ে কম।

    নেদারল্যান্ডসেও মারা গেছেন প্রায় ছয় হাজার মানুষ।

    বিশ্বে সর্বোচ্চ সংক্রমিত দুটি দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে আঠারো লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। ব্রাচিলে প্রায় পাঁচ লাখ মানুষ শনাক্ত হয়েছেন।