আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারতে মদের দোকান খোলার পর মানুষের দীর্ঘ লাইন

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. টিকার জন্য আরো পাঁচ গুণ অর্থ লাগবে: জাতিসংঘ মহাসচিব

    করোনাভাইরাসের টিকা আবিষ্কারে বিশ্বব্যাপী যে গবেষণা চলছে তার জন্য আরো অর্থ দান করতে আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

    সোমবার অনলাইনে অনুষ্ঠিত জাতিসংঘের এক সম্মেলনে প্রাথমিকভাবে ৮২০ কোটি ডলার উঠবে বলে ধারণা করা হচ্ছে।

    ওই সম্মেলনে দেওয়া এক ভিডিও বার্তায় মি. গুতেরেস বলেন, এর টিকা ওষুধ উদ্ভাবন করে সেগুলো সারা বিশ্বে সরবরাহ করতে আরো পাঁচ গুণ অর্থের প্রয়োজন।

    এই তহবিলে ইতোমধ্যে যুক্তরাজ্য, নরওয়ে, জাপান, কানাডা এবং সৌদি আরব অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয়।

    এর আগে এই মহামারি মোকাবেলায় বিশ্ব নেতারা যেভাবে কাজ করছেন তার সমালোচনা করছেন জাতিসংঘের এই মহাসচিব।

  2. যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের শুনানি হবে ফোনে

    করোনাভাইরাস মহামারির মধ্যে মামলার শুনানির বিষয়ে ব্যতিক্রমী কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

    দেশটির সর্বোচ্চ এই আদালতে আগামী দু’সপ্তাহ ধরে শুনানি হবে ফোনে।

    দেশটির ইতিহাসে এই প্রথম আদালত ফোনে মামলার বাদী ও বিবাদী পক্ষের যুক্তি তর্ক শোনার সিদ্ধান্ত নিয়েছে।

    শুনানির অডিও সরাসরি সম্প্রচার করা হবে।

    বেশিরভাগ মামলার ক্ষেত্রেই আইনজীবী তার বাড়িতে থেকে যুক্তি উপস্থাপন করবেন তবে সরকারি আইনজীবীরা থাকবেন আদালতের খুব কাছেই সলিসিটর জেনারেলের অফিসে।

  3. ভারতে মদের দোকানে মানুষের দীর্ঘ লাইন

    ভারতে রাজধানী দিল্লির কোন কোন এলাকায় মদের দোকান খুলে দেওয়ার পর ক্রেতাদের লম্বা লাইন পড়ে গেলে পুলিশ সেগুলো আবার বন্ধ করে দিয়েছে।

    দেশটিতে ২৪শে মার্চ লকডাউন ঘোষণা করা হলে মদের দোকানসহ সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

    বিভিন্ন রাজ্য মদের দোকান খুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দিয়ে আসছিল। কেননা মদের ওপর আরোপিত কর এসব রাজ্যের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।

    মদের দোকানগুলোর সামনে মানুষ বিশাল লাইন দিয়ে দাঁড়িয়েছে- এরকম ভিডিও সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

    কর্তৃপক্ষের নির্দেশ ছিল লোকজনকে অন্তত ছয় ফুট দূরে দূরে দাঁড়াতে হবে এবং যেকোন সময়ে সর্বোচ্চ পাঁচজন দোকানের ভেতরে ঢুকতে পারবেন।

    এসব নির্দেশনা ভঙ্গ করায় দোকানগুলো পুলিশ আবার বন্ধ করে দিয়েছে।

    অন্যান্য রাজ্যেও মদের দোকানের সামনে ক্রেতাদের এরকম লম্বা লাইন চোখে পড়েছে।

  4. যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে: প্রেসিডেন্ট ট্রাম্প

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এই ভাইরাসটি মোকাবেলায় তার সরকার দ্রুত পদক্ষেপ নেয়নি এমন অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

    করোনাভাইরাসে ইতোমধ্যেই দেশটিতে ৬৭,০০০ মানুষের মৃত্যু হয়েছে।

    এবছরের মধ্যেই করোনাভাইরাসের টিকা বের হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    তবে বিশেষজ্ঞদের মতে এজন্য এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

  5. যেসব শর্তে বাংলাদেশে দোকানপাট খোলার অনুমতি

    রোজার ঈদকে সামনে রেখে বাংলাদেশ সরকার সীমিত সময়ের জন্যে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে। তবে এজন্যে কিছু শর্ত পালন করতে হবে:

    • দোকানপাট ও শপিং মল খুলবে ১০ই মে থেকে।
    • দোকানপাট বিকাল চারটার মধ্যে বন্ধ করে দিতে হবে।
    • ক্রেতা ও বিক্রেতার মধ্যে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে হবে।
    • বড় বড় শপিং মলের ঢোকার সময় প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখতে হবে।
    • শপিং মলে আসা যানবাহনকে জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
  6. ইটালিতে শিথিল হতে শুরু করেছে লকডাউন

    দুই মাসেরও বেশি সময় ধরে লোকজন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ঘরে থাকার পর আজ সোমবার সকাল থেকে ইটালিতে সরকার লকডাউনের বিধি-নিষেধ ধীরে ধীরে তুলে নিতে শুরু করেছে।

    এই দেশটিতেই সর্বপ্রথম লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এক সময় করোনাভাইরাস মহামারির কেন্দ্রও হয়ে ওঠেছিল এই ইটালি।

    প্রধানমন্ত্রী জোসেপে কন্টি বলেছেন, লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে সংক্রমণের গতি-প্রকৃতির ওপর।

    তবে তিনি সতর্ক করে দিয়েছেন এই বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘আমরা করোনাভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ সেভাবে দেখা না হয়।

  7. জাপানে জরুরি অবস্থার মেয়াদ বেড়েছে

    জাপানে জরুরি অবস্থার মেয়াদ মে মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার সরকারের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

    দেশটি করোনাভাইরাসের বড়ো ধরনের প্রকোপ এড়াতে সক্ষম হয়েছে কিন্তু শনাক্ত হয়েছে ১৫,০০০ মানুষ যারা করোনাভাইরাসে আক্রান্ত। মারা গেছে প্রায় ৫০০ জন।

    তবে অনেকেই বলছেন যে দেশটিতে যথেষ্ট সংখ্যায় পরীক্ষা করা হচ্ছে না।

    জরুরি অবস্থা বুধবারেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটা ৩১শে মে পর্যন্ত বৃদ্ধি করা হলো।

    এর ফলে গভর্নররা বাসিন্দাদেরকে ঘরে অবস্থান করতে ও দোকান-পাট ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার নির্দেশ দিতে পারবেন।

  8. ব্রেকিং, বাংলাদেশে নতুন নির্দেশনায় আরো যা আছে

    সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার পর বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

    জেলা-উপজেলা পর্যায়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে।

    সকল আন্ত:জেলা গণপরিবহন বন্ধ থাকবে।

    কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না।

    বিশেষ বিবেচনায় ব্যাংকিং ব্যবস্থা চালু রাখা হবে।

  9. শপিং মল খোলা নিয়ে মন্ত্রিপরিষদের নির্দেশনা

    বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে শপিং মল নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

    যেখানে বলা হয়েছে সীমিত পরিসরে পারস্পরিক দূরত্ব বজায় রেখে খোলা হবে শপিং মল।

    বিকাল পাঁচটার মধ্যে বন্ধ করতে হবে এসব শপিং মল।

    প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

  10. ঢাকায় আজ নানা জায়গায় যানজট দেখা গেছে

  11. ব্রেকিং, বাংলাদেশে সাধারণ ছুটি বর্ধিত, নতুন যেসব নির্দেশনা

    বাংলাদেশে ১৪ই মে পর্যন্ত সাধারণ ছুটি চলবে। শুক্র ও শনিবার মিলিয়ে সেটা ১৬ই মে পর্যন্ত থাকছে।

    আজ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

    সকল প্রকার জরুরি পরিষেবা চলবে এই সময়ে।

    সড়ক ও নৌ পথে সকল পণ্য পরিবহন অব্যাহত থাকবে।

    ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানীমুখী শিল্প কারখানা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে চালু রাখা যাবে।

    এই সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সকল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুযায়ী খোলা রাখবে।

    ঈদে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

  12. শ্রমিকদের শহরে ফেরার টাকা দেয়ার প্রস্তাব সোনিয়া গান্ধীর

    ভারতের যেসব শ্রমিকেরা লকডাউনে যার যার বাড়ি ফিরে গিয়েছিলেন তাদের নিজ খরচে শহরে ফিরতে বলছে দেশটির সরকার।

    কয়েক লাখ শ্রমিক যাদের ২৪শে মার্চ থেকে কোনো আয় নেই তারা ৮০০ রুপি দিয়ে কীভাবে শহরে ফিরবেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

    এই শ্রমিকদের দৈনিক আয় ২০০ থেকে ৬০০ রুপি।

    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি বলছে তারা এই শ্রমিকদের ভাড়া দেবে।

  13. ব্রেকিং, বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    ৬২৬০ জনের নতুন করে পরীক্ষা করে এই তথ্য পাওয়া যায়।

    বাংলাদেশে নতুন করে মারা গেছেন পাঁচজন। মোট মৃতের সংখ্যা ১৮২জন।

    গত ২৪ ঘন্টায় ১৪৭ জন সুস্থ হয়েছে।

    এ পর্যন্ত বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী ১২০৯ জন সুস্থ হয়েছে।

    বাংলাদেশে মোট ৮৭৬৯৪ জনের পরীক্ষা করা হয়েছে।

  14. বিটিভির মহাপরিচালক কোভিড-১৯ আক্রান্ত

    বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত।

    বিবিসি বাংলাকে বলেন, শনিবার তিনি ও তার স্ত্রী পরীক্ষা করান এরপর তারা জানতে পারেন তাদের দুজনেরই করোনাভাইরাস নিশ্চিত হয়েছে।

    তিনি ও তার স্ত্রী উভয়েই বাসায় আছেন ও ভালো আছেন বলছেন বিটিভির মহাপরিচালক।

  15. বাংলাদেশে সুস্থতার হার ১১.২৪%, বিশ্বব্যাপী গড়ে ৩২.১৬%

    গতকাল বাংলাদেশে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা হঠাৎ করে ১৭৭ থেকে বেড়ে ১,০৬৩ দেখানো হলে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ১১.২৪ শতাংশ। আর বিশ্বব্যাপী সুস্থতার হার গড়ে ৩২.১৬ শতাংশ।

  16. বাংলাদেশে যেসব জেলায় একশোর বেশি লোক আক্রান্ত

    ঢাকায় প্রায় সাড়ে চার হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।

    নারায়ণগঞ্জে সংখ্যাটা এক হাজার ছাড়িয়েছে। অন্য যেসব জেলায় একশো ছাড়িয়েছে সংক্রমণ

    ঢাকা জেলা ১১০ জন

    গাজীপুর ৩২৪ জন

    কিশোরগঞ্জ ২০১

    মুন্সীগঞ্জ ১২৬

    নরসিংদী ১৫২

    কুমিল্লা ১০৫

    ময়মনসিংহ ১৫০

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী

  17. ভাইরাস কি কোনো ল্যাব থেকে এসেছে

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস টাস্ক ফোর্সের একজন শীর্ষ সদস্য ড. মারিয়া ভ্যান কেরখোভ বিবিসিকে একটি প্রোগ্রামে বলেন, যেসব তথ্যপ্রমাণ তারা পেয়েছেন তাতে বোঝা যায় ভাইরাসটি মানবসৃষ্ট না, এটা প্রাকৃতিক।

    এই মহামারি শুরু হওয়ার পর থেকেই এই ধরণের নানা তর্ক-বিতর্ক শুরু হয়। চীনের শহর উহানের কোনো ল্যাব থেকে এটা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেয়া হয়েছে বলে মনে করেন অনেকেই।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই বলেন, উহানের ল্যাব থেকে যে ভাইরাসটি এসেছে তা নিয়ে বিস্তর প্রমাণ আছে।

    যদিও তিনি সুনির্দিষ্ট প্রমাণের কথা উল্লেখ করেননি।

  18. বিশ্বে সংক্রমণের পূর্ব ইতিহাস আছে চীনের- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

    একটি টুইট বার্তায় তিনি বলেন, চীন আগে থেকেই বিশ্বে সংক্রমণ করেছে। তাদের ল্যাবগুলো মানহীন। এটাই প্রথম ঘটনা নয় যে বিশ্বে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং সেটা চীন থেকে এসেছে।

  19. ফ্রান্স, ইতালি ও স্পেনে মৃতের হার কমে আসছে

    ইউরোপে সবচেয়ে বেশি আঘাত পাওয়া তিনটি দেশ ফ্রান্স,ইতালি ও স্পেন।

    ফ্রান্সে সর্বশেষ একদিনে ১৩৫ জন, স্পেনে শেষদিনে ১৬৪ জন এবং ইতালিতে একদিনে ১৭৪ জন মারা গেছে।

    স্পেনে এই সংখ্যাটা মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন।

    ইতালিতে এটা গেল ২ মাসে সবচেয়ে কম।

    ফ্রান্সের একজন চিকিৎসক বলছেন কিছু রোগীর নমুনা দেখে ধারণা করা যাচ্ছে গত বছরও দেশটিতে এই ভাইরাস ছিল।

    তবে রাশিয়ায় আক্রান্তের সংখ্যাটা বাড়ছে, মৃতের সংখ্যা অন্য দেশগুলোর তুলনায় কম।