আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

করোনাভাইরাসের চিকিৎসার প্রথম ওষুধটি কি পাওয়া গেছে?

বিশ্বের অনেক দেশেই করোনাভাইরাস আক্রান্তের হার কমেছে, তবে বাংলাদেশে সেটা বাড়ছে। প্রতিনিয়ত করোনাভাইরাস নিয়ে নতুন খবর ও আপডেট নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পেজ।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ and মানসী বড়ুয়া

  1. করোনাভাইরাসের চিকিৎসার প্রথম ওষুধটি কি পাওয়া গেছে?

    বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার লিখছেন, “হয়তো” পাওয়া গেছে।

    জিলেড নামের একটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের উৎপাদিত ওষুধ রেমডিসিভির নিয়ে এক বিবৃতি দিয়েছে, তবে কোন তথ্য-প্রমাণ দেয়নি।

    বিবৃতিতে বলা হয়,যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যালার্জি এ্যান্ড ইনফেকশাস ডিজিজেস – এর চালানো এক পরীক্ষা বা ট্রায়াল রানের পর “ইতিবাচক উপাত্ত” পাওয়া গেছে, এবং তাদের এই পরীক্ষা তাদের “প্রাথমিক লক্ষ্য অর্জন করতে পেরেছে। “

    রেমডিসিভির হচ্ছে এমন একটি এ্যান্টি-ভাইরাল ওষুধ যা ইবোলা রোগের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল।

    বিবিসি‌র জেমস গ্যালাহার জিলেডের এই বিবৃতি ব্যাখ্যা করে বলছেন, কঠিন মেডিক্যাল শব্দ বাদ দিয়ে সোজা কথায় বলা যায়, জিলেড জানাচ্ছে যে রেমডিসিভিরে কাজ হয়।

    ‍“তবে আমরা যা জানি না তা হলো কতটা ভালোভাবে এটা কাজ করে, এবং তাদের তথ্যপ্রমাণ কতটা জোরালো “ – বলছেন তিনি।

    তবে কোম্পানিটি ইঙ্গিত দিচ্ছে যে রেমডিসিভির যত আগে আগে দেয়া যায় ততই কার্যকর।

    জিলেড বলছে, ‍“আগেভাগেই চিকিৎসা দেয়া হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীকে দেরিতে দেয়া হয়েছে তাদের শতকরা ৪৯ ভাগ হাসপাতাল ত্যাগ করেছে।

    অবশ্য এ ঘোষণার আগে বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট চীনে রেমডিসেভিরের একটি পরীক্ষার ফল উদ্ধৃত করে জানায় যে এতে কাজ হয় নি – তবে এ জরিপ সম্পূর্ণ হয় নি কারণ তখন যথেষ্ট রোগী ছিলনা।

    জেমস গ্যালাহার বলছেন, নিশ্চিতভাবে জানতে হলে আমাদের যুক্তরাষ্ট্র থেকে পূর্ণাঙ্গ উপাত্ত পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    ফিনান্সিয়াল টাইমস জানাচ্ছে, বুধবার এ খবর বেরুনোর পর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‌‘ইতিবাচক’ বলে এর প্রশংসা করার পর জিলেডের শেয়ারের দাম ৬ শতাংশেরও বেশি বেড়ে যায়।

    আমেরিকার করোনাভাইরাস টাস্ক ফোর্সের ডাক্তার এ্যান্টনি ফওসি বলেন, প্রাথমিক ফল খুবই আশাব্যঞ্জক।

  2. লকডাউনে আটকে পড়াদের বাড়ি ফেরার অনুমতি ভারতে

    একমাসেরও বেশি সময় ধরে অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, তীর্থযাত্রীদের নিজের রাজ্যে ফেরার অনুমতি দিয়েছে ভারত সরকার।

    সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন এক বিজ্ঞপ্তি জারি করে সরকার বলেছে যে রাজ্যের মানুষ অন্য জায়গায় আটকে আছেন, সেই দুই রাজ্য নিজেদের মধ্যে আলোচনা করে বন্দোবস্ত চূড়ান্ত করবে। তার আগে আটকে পড়া মানুষদের তালিকা তৈরি করতে হবে।

    শুধুমাত্র বাসে করেই ফেরানো যাবে পরিযায়ী শ্রমিক বা তীর্থযাত্রী বা ছাত্রছাত্রীদের। যাত্রা শুরু আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, বাসগুলিকে জীবাণুমুক্ত করতে হবে। বাসে যাত্রা করার সময়েও সামাজিক দূরত্বের নিয়ম পালন করতে হবে।

    কোনও রাজ্যই যাতে তাদের এলাকার মধ্যে দিয়ে যাওয়া এইসব বাসগুলিকে না আটকায়, সেই নির্দেশও দিয়েছে কেন্দ্র সরকার।

    নিজের বাড়িতে ফেরার পরে আরও একবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং আবশ্যিকভাবে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

    দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাডু, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যার মতো রাজ্যগুলি থেকে যাওয়া কয়েক লক্ষ শ্রমিক আটকে আছেন।

    অন্য রাজ্যে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রীদেরও অনেকেই আটকা পড়েছেন।

    বুধবার কেন্দ্রীয় নির্দেশিকা জারি হওয়ার আগেই রাজস্থানের কোটায় আটকে পড়া পশ্চিমবঙ্গের প্রায় ২৫০০ ছাত্রছাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সূত্রগুলি বলছে ১০১ টি বাসের ব্যবস্থা করে দিয়েছে রাজস্থান সরকার।

    সিভিল সার্ভিস সহ নানা চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং প্রাইভেট কোচিং নিতে সারা দেশ থেকেই হাজার হাজার ছাত্রছাত্রী রাজস্থানের কোটা শহরে যান।

  3. করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে জানিয়েছেন করোনাভাইরাস মোকাবেলায় ভারত বাংলাদেশের সাথে কাজ করতে চায়।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন বর্তমান সংকট মোকাবেলায় দুই দেশ কীভাবে একসাথে কাজ করতে পারে তা নিয়ে দুই প্রধানমন্ত্রী আলোচনা করেছেন।

    তবে কীধরনের সহযোগিতার ভিত্তিতে তারা কাজ করার কথা আলোচনা করেছেন সে বিষয় বিস্তারিত কিছু জানানো হয়নি।

  4. পণ্য পরিবহনের জন্য ট্রেন চলাচল চালু হতে যাচ্ছে

    বাংলাদেশ রেলওয়ে বলেছে লকডাউনের মধ্যে তরিতরকারি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালু করা হবে দু একদিনের মধ্যেই।

    রেলওয়ের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান কাঁচা মাল পরিবহনের জন্য এই লাগেজ ট্রেন শিগগিরি চালু করার নির্দেশ রেল মন্ত্রণালয় থেকে তাদের দেয়া হয়েছে।

    ঠিক কবে এই পরিবহন চালু হবে তা নির্দিষ্ট করে এখনও জানানো হয়নি।

    সরকার ২৬শে মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউনে যাওয়ার পর থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এরপর দুই দফায় বেড়ে সাধারণ ছুটির মেয়াদ ৫ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

  5. ব্রিটেনের হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীর এক তৃতীয়াংশ মারা গেছে

    বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জেমস গ্যালাহার বলছেন ব্রিটেনে কোভিড নাইনটিন রোগীদের ওপর চালানো এখন পর্যন্ত সবচেয়ে বড় জরিপে দেখা গেছে, আক্রান্ত যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের এক তৃতীয়াংশ মারা গেছে।

    অর্ধেকের কম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বাকিরা এখনও চিকিৎসাধীন।

    লিভারপুল বিশ্বাবদ্যালয়ের অধ্যাপক ক্যালাম সেম্পেল যিনি এই অনুসন্ধানের প্রধান ছিলেন, তিনি বলছেন, এই মৃত্যুর হার অনেকটা ইবোলায় মৃত্যুর হারের সঙ্গে তুলনীয়”।

    তিনি বলছেন হাসপাতালে ভর্তি হবার পর ইবোলা রোগীদের ৩৫ থেকে ৪০ শতাংশ মারা যায়।

    “এটা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ।”

    ব্রিটেনে ১৬৬টি হাসপাতালের ১৭ হাজার রোগীর ওপর এই জরিপ চালানো হয়। স্থূলতা এবং বয়স এই রোগের দুটি বড় ঝুঁকির কারণ।

  6. ঢাকায় তৈরি হচ্ছে বিশাল অস্থায়ী আইসোলেশন ইউনিট

    ঢাকায় লকডাউনের মধ্যেই চলছে ইন্টারন্যাশানাল কনভেনশন সিটি বসুন্ধরায় কোভিড নাইনটিন রোগীদের জন্য অস্থায়ী আইসোলেশন ইউনিট প্রস্তুত করার কাজ।

    বিশালায়তন এই ইউনিটটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

  7. করোনাভাইরাসে আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রে

    যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা সারা বিশ্বে আক্রান্তের প্রায় এক তৃতীয়াংশ।

  8. করোনাভাইরাসে বিশ্বে কাজ হারাতে যাচ্ছে ১৫০ কোটি মানুষ

    আন্তর্জাতিক শ্রম সংস্থা সতর্ক করে দিয়েছে যে বিশ্বব্যাপী যত মানুষ শ্রমবাজারে যুক্ত আছে, এই মহামারির কারণে তাদের প্রায় অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে।

    আর এই সংখ্যা ১৫০ কোটি।

    আইএলও বলছে যারা অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে কাজ করে তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।

    খুচরা ব্যবসা এবং খাদ্য সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্টরাই ভাইরাস মহামারির ফলে লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আইএলও হুঁশিয়ারি দিয়েছে যে, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে এই কর্মীরা এবং তাদের পরিবারের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

  9. কোভিড রোগীদের চিকিৎসা করছেন ৯৮ বছরের ডাক্তার

    ফ্রান্সের সবচেয়ে বয়স্ক ডাক্তার, ৯৮ বছর বয়স্ক ক্রিস্টিয়ান শ্যনে বলছেন, “তিনি তার রোগীদের চিকিৎসা দেয়া বাদ দিতে পারেন না।”

    তিনি এই করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ পরিবেশে রোগী দেখা অব্যাহত রেখেছেন।

    তিনি এমনকী একটি বৃদ্ধাশ্রমে নিয়মিত যাচ্ছেন এবং বয়স্ক মানুষদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। তিনি বাসা থেকে টেলিফোনেও জরুরি চিকিৎসা সেবার কাজ করছেন।

  10. করোনাভাইরাসে আক্রান্ত মরক্কোর কয়েকশ জেলবন্দী

    মরক্বোর জেলে গণহারে কোভিড ১৯ পরীক্ষা চালানোর পর ৩০০ জনের বেশি বন্দীর ভাইরাস শনাক্ত হয়েছে।

    কর্তৃপক্ষ বলছে মরক্বোর একটি কারাগারে ৩০৩জন এবং মারাকেশের এক জেলে আরও ১০ জনের ভাইরাস শনাক্ত হয়েছে।

    গত সপ্তাহে মরক্কোর কোয়ারজাজাতে জেলখানায় একজন রোগীর সংক্রমণ শনাক্ত হবার পর কয়েদীদের গণহারে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

    কর্তৃপক্ষ বলছে আক্রান্তদের আলাদা রাখা হয়েছে এবং জেলখানার কর্মীদের পিপিই দেয়া হয়েছে।

    মরক্কোয় জেলবন্দীর সংখ্যা প্রায় ৮০ হাজার।

    দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৫২ এবং মৃত্যু হয়েছে ১৬৫জনের।

  11. জাতীয় হৃদরোগ হাসপাতালের ২৯ জন কর্মী কীভাবে আক্রান্ত হলেন?

    চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে বাংলাদেশের জাতীয় হৃদরোগ হাসপাতালের ২৯ জন কর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

    দেশের একমাত্র সরকারি বিশেষায়িত হৃদরোগ হাসপাতালটির আটটি সাধারণ ওয়ার্ডের মধ্যে একটিকে লকডাউন করে রাখা হয়েছে বলে জানা গেছে।

    ঐ হাসপাতালে সব মিলিয়ে যে ২৯ জন কর্মী আক্রান্ত হয়েছেন, তাদের মথ্যে ৮ জন ডাক্তার ও ৭ জন নার্স।

  12. ব্যাপক ক্ষতি হতে পারে শ্রমবাজারের

    বিশ্বব্যাংক এর মধ্যেই সতর্কবাণী দিয়েছে যে, এই বছর বাংলাদেশে রেমিটেন্স ২২ শতাংশ কমে যাবে।

    বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে থাকা অভিবাসী শ্রমিকদের অনেকেই চাকরি হারিয়েছেন।

    করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মাত্রার লকডাউন থাকায় সেসব দেশে থাকা বহু বাংলাদেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

    এই পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে কী প্রভাব ফেলবে, তা জানতে পড়তে পারেন: যে প্রভাব পড়বে বাংলাদেশের শ্রমবাজারে

  13. লকডাউনের মধ্যে অনেকেই ন্যাড়া হচ্ছেন কেন?

    করোনাভাইরাসের কারণে তথাকথিত 'লকডাউন' জারি করার কয়েকদিন পর থেকে বাংলাদেশে অনেকেই মাথা ন্যাড়া করতে শুরু করেছেন।

    অনেকে মাথা ন্যাড়া করার ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন।

    কিন্তু হঠাৎ করে এত মানুষের মধ্যে ন্যাড়া করার হিড়িক তৈরি হলো কেন?

  14. এশিয়ার সবশেষ খবর কী জানা যাচ্ছে?

    চীনে নতুন ২২ জনের মধ্যে ভাইরাস সংক্রমণ হয়েছে, যাদের ২১ জনের মধ্যেই ভাইরাস ছড়িয়ছে বিদেশ থেকে।

    ভিয়েতনামে টানা ১৩তম দিনের মত কোনো নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি। গত প্রায় এক সপ্তাহ যাবত ভিয়েতনামে দেশব্যাপী লকডাউনের কড়াকড়ি কমিয়ে দেয়া হয়েছে।

    দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ ধারাবাহিকভাবে কমা অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির পর থেকে দক্ষিণ কোরিয়ায় দৈনিক সংক্রমণের হান কমছে। বুধবার সেখানে মাত্র ৯ জনের মধ্যে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে।

    ভারতে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ভারতে মোট সংক্রমণ হয়েছে ৩০ হাজার মানুষের মধ্যে। দক্ষিণ এশিয়ায় ভারতের মানুষের মধ্যেই সবচেয়ে সবচেয়ে বেশি হয়েছে।

    ফিলিপিন্সে এক দম্পতি তাদের সন্তানের নাম রেখেছেন কোভিড মেরি। সংবাদ সংস্থা এএফপি’কে ঐ দম্পতি জানিয়েছে যে ভাইরাস দুর্ভোগের পাশাপাশি তাদের জন্য সৌভাগ্যও বয়ে এনেছে, তার স্মৃতিচিহ্ন হিসেবে সন্তানের এই নামকরণ করেছেন তারা।

  15. চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়ার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প

    প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের কাছে বলেছেন যে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আগে চীন চাইলে সেটা ঠেকিয়ে দিতে পারতো।

    বেইজিং কর্তৃপক্ষের এই কথিত গাফিলতির বিষয়টি যুক্তরাষ্ট্র এখন গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

    এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৩০ লাখ মানুষের মধ্যে ছড়িয়েছে সংক্রমণ।

  16. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ছেলে হয়েছে

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাগদত্তা ক্যারি সাইমন্ডস পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

    প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন যে সন্তান ও মা দু’জনেই ‘ভাল আছে।’

  17. ব্রেকিং, কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

    বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিভাগে কর্মরত ঐ সদস্য কয়েকদিন আগে অসুস্থ হলে ২৫শে এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ঐ সদস্যকে রাখা হয় কোয়ারেন্টিনে।

    গতকাল (২৮শে এপ্রিল) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    ২৯শে এপ্রিল সকালে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় যে তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।

    গত সপ্তাহে পুলিশের পক্ষ থেকে জানানো হয় সারা দেশে দু্ইশো'রও বেশি পুলিশ সদস্য করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

  18. বাংলাদেশে কখন একজন ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলা হয়?

    ২৮শে এপ্রিলের পরিসংখ্যান অনুযায়ী বাড়িতে থেকে ৩৮ জন রোগমুক্ত হয়েছে, হাসপাতালে ১২জন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

    উপসর্গ শেষ হওয়ার ১৪ দিন পর দ্বিতীয় নমুনা নেয়া হয় এবং তার ৭দিন পর আরো একটি নমুনা নেয়া হয়।

    এই দুটি নমুনায় যদি নেতিবাচক আসে তবেই একজন ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ বলা হয়।

    এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

  19. ব্রেকিং, বাংলাদেশে পরপর দুদিন রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত

    বাংলাদেশে নতুন করে আরো ৬৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

    ৭১০৩ জন এখন পর্যন্ত আক্রান্ত বলে শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    নতুন করে মারা গেছেন আট জন।

    মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে।

    তার মধ্যে ১৩৭ জনই ঢাকা বিভাগে মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় ৪৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    সব মিলিয়ে ৫৯৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

  20. যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ভিয়েতনাম যুদ্ধের চেয়ে বেশি

    যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৫৮ হাজারের বেশি আমেরিকান।

    মাংস প্রক্রিয়াজাতকরার কারখানা চালু রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। পর্যবেক্ষকরা বলছেন, এটা একটা বড় হটস্পট, যা থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।