আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
অনুশীলন করতে ফিরছেন প্রিমিয়ার লিগের ফুটবলাররা
বিশ্বে ২ লাখ ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। প্রতিনিয়ত করোনাভাইরাস নিয়ে নতুন খবর ও আপডেট নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পেজ।
সরাসরি কভারেজ
রায়হান মাসুদ
অনুশীলন করতে মাঠে ফিরছেন প্রিমিয়ার লিগের ফুটবলাররা
ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকজন ফুটবলার অনুশীলনের জন্যে আজ মাঠে ফিরেছেন।
এই লিগ আবার কবে নাগাদ শুরু করা যেতে পারে সেবিষয়ে এসপ্তাহেই এক পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে।
ফুটবল ক্লাব আর্সেনাল এবং ব্রাইটন তাদের খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলনের জন্যে প্রশিক্ষণ মাঠ খুলে দিয়েছেন। ওয়েস্ট অ্যামও শীঘ্রই তাদের মাঠ খুলে দিচ্ছে।
আশা করা হচ্ছে, ৮ই জুন থেকে প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হতে পারে। তবে সেটা নির্ভর করছে সরকারের অনুমোদন পাওয়ার ওপর।
শীর্ষস্থানীয় ক্লাবগুলো তাদের পরিকল্পনা তৈরি করতে এই শুক্রবারে বৈঠকে বসছে।
করোনাভাইরাস ব্রিফিং-এ কী বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের বিষয়ে হোয়াইট হাউজে নিয়মিত প্রেস ব্রিফিং করছেন।
এসব সংবাদ সম্মেলনে তিনি এপর্যন্ত দুই লাখ ৬০ হাজারেরও বেশি শব্দ উচ্চারণ করেছেন।
নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের সাংবাদিকরা প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছেন যে তিনি আসলে কী ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।
পত্রিকাটি বলছে, “এখনও পর্যন্ত দেখা গেছে মি. ট্রাম্পের এসব ব্রিফিং-এ বার বার যেটি এসেছে তা হলো নিজেই নিজেকে অভিনন্দন জানানো।”
“তিনি অন্যদেরকেও কৃতিত্ব দেন (৩৬০ বারেরও বেশি) তাদের কাজের জন্য, আবার একই সাথে অন্যদের দোষী সাব্যস্ত করেন (১১০ বারেরও বেশি) বিভিন্ন অঙ্গরাজ্যে ও কেন্দ্রীয় পর্যায়ে অপ্রতুল সাড়া দেওয়ার অভিযোগের জবাবে।
পাকিস্তানে পরীক্ষামূলক ভেন্টিলেটর
পাকিস্তানে করাচি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে একটি ভেন্টিলেটর তৈরি করেছেন।
এনইডি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই দলটি এখন যন্ত্রটির চূড়ান্ত পরীক্ষা চালাচ্ছেন।
ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে মানবদেহে এর পরীক্ষা চালানো হবে। সফল হওয়ার পরেই শুরু হবে এই ভেন্টিলেটরের উৎপাদন।
এর পেছনে আছেন ড. রিয়াজউদ্দিন। বিবিসির উর্দু বিভাগকে তিনি বলেছেন, তার যন্ত্রটি আন্তর্জাতিক মানের।
পাকিস্তানে ১২,৫০০ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ২৬৯ জন।
কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে রমজান মাসে এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
ভারতে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে মতবিরোধ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর চেষ্টায় ভারতে এখন যে দ্বিতীয় দফার লকডাউন চলছে, সেটা ৩রা মে-র পরেও বাড়ানো হবে কিনা তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ভিন্নমত দিয়েছেন।
মি. মোদী ইঙ্গিত দেন, দেশের যে এলাকাগুলি ইতিমধ্যেই করোনা 'হটস্পট' বা 'রেড জোন' হিসেবে চিহ্নিত হয়েছে – সেখানে ৩রা মে-র পরেও লকডাউন তুলে নেওয়া সম্ভব হবে না।
আর বাকি যে সব এলাকায় লকডাউন শিথিল করা হবে, সেখানেও 'মাস্ক' পরা আর 'দো গজ দূরি' (ছয় ফিট দূরত্ব) বজায় রাখা জীবনযাত্রার অপিরহার্য অংশ করে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে বক্তব্য রেখেছেন ভারতের নটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা – যার মধ্যে পাঁচজন ৩রা মে-র পর লকডাউন অবসানের ও বাকি চারজন লকডাউন জারি রাখার পক্ষে মত দেন।
ভারতে আটকে পড়া বাকি বাংলাদেশিদের ফেরানো হচ্ছে
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউনের কারণে যেসব বাংলাদেশি সেখানে এখনও আটকা পড়ে আছেন তাদেরকে মে মাসের শুরুতেই ফিরিয়ে আনা হচ্ছে।
এর আগে প্রায় এক হাজার বাংলাদেশিকে ভারতের বিভিন্ন স্থান থেকে ফিরিয়ে আনা হয়েছিল।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে জানিয়েছেন বাংলাদেশ বিমানের আরো তিনটি ফ্লাইটে আরো প্রায় এক হাজার বাংলাদেশিকে আগামী সপ্তাহে ফিরিয়ে আনা হবে।
কোন শহর থকে কবে বাংলাদেশিদের নেওয়া হবে:
- ১লা মে: কলকাতা
- ২রা মে: দিল্লি
- ৩রা মে: মুম্বাই
তবে বাংলাদেশ হাই কমিশন বলছে, প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পাওয়ার ওপর এই দিন-তারিখ নির্ভর করবে।
অপরাধী চক্র 'মহামারির সুযোগ নিচ্ছে' এল সালভাদরে
এল সালভাদরের প্রেসিডেন্ট বলছেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় পুলিশ ব্যস্ত থাকার কারণে অপরাধী চক্রগুলো তার সুযোগ নিচ্ছে এবং একারণে হত্যাকাণ্ডের ঘটনাও বেড়ে গেছে।
গত শুক্রবার থেকে রবিবার- এই তিনদিনে দেশটিতে ৫০ জনেরও বেশি মানুষ খুন হয়েছে।
এর পর দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে সহিংসতা দমনে পুলিশ ও সেনাবাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।
করোনাভাইরাসের রোগী নেই উহান শহরে: চীনা কর্তৃপক্ষ
চীনে কর্তৃপক্ষ বলছে, উহান শহরে করোনাভাইরাসের নতুন কোন রোগী পাওয়া যায়নি। গত ডিসেম্বর মাসে এই শহর থেকেই ভাইরাসটির উৎপত্তি।
এছাড়াও শহরের হাসপাতালগুলোতে যতো কোভিড-১৯ রোগী চিকিৎসাধীন ছিলেন তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
সাংহাই ও বেইজিং শহরে কয়েক সপ্তাহের লকডাউনের পর কিছু কিছু স্কুল খুলে দেওয়া হয়েছে।
ব্রেকিং, বাংলাদেশে চারটি জেলায় এখনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি
- খাগড়াছড়ি
- রাঙামাটি
- সাতক্ষীরা
- নাটোর
ব্রেকিং, ঢাকায় যে দশটি এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি
রাজারবাগ
যাত্রাবাড়ি
লালবাগ
মোহাম্মদপুর
বংশাল
মহাখালী
মিটফোর্ড
মিরপুর ১৪
ওয়ারী
শাহবাগ
কাকরাইল
উত্তরা
ব্রেকিং, বাংলাদেশে আবারো পাঁচশোর কাছাকাছি কোভিড-১৯ রোগী শনাক্ত
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৪৯৭জন নতুন করে কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন।
৩৮১২ টি পরীক্ষা করে এই সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছেন।
এখন পর্যন্ত বাংলাদেশে ৫৯১৩ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন।
আরো সাতজন নতুন করে মারা গেছেন।
বাংলাদেশে মোট মারা গেছেন ১৫২ জন মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন। এনিয়ে মোট ১৩১ জন সুস্থ হয়েছেন।
আরো দুটি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে- কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ।
জার্মানিতে মাস্ক পরা নিয়ে নতুন নিয়ম
গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে জার্মানি। কোনো কোনো রাজ্য বলছে শপিং করার সময়েও মাস্ক পরা আবশ্যক।
যারা কাজ করছেন তাদের ন্যুনতম নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা বলেছেন এবং মেডিক্যাল মাস্কগুলো স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য রাখতে বলা হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কোন্টে বলছেন চৌঠা মে থেকে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারবেন ইতালির মানুষ।
এছাড়া পার্কে ও বাড়ির আশেপাশে বের হওয়া নিয়ে কড়াকড়ি থাকছে না ইতালিতে।
বরিস জনসন পুরো দেশকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ দিয়েছেন
১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আজ ফিরেছেন বরিস জনসন।
কাজ থেকে দূরে থাকায় ক্ষমা চেয়েছেন তিনি।
যারা যারা দেশের সংকটে এগিয়ে এসেছেন তাতে ধন্যবাদ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিদিন অনেক সংকট নিয়ে আসছে এই ভাইরাস।
যেকোনো যুদ্ধ ছাড়া এটাই সবচেয়ে বড় সংকট বলছেন তিনি।
ব্রেকিং, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ত্রিশ লাখ
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন মিলিয়নের কাছাকাছি।
এই ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ২ লাখ ৬ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ।
স্পেনে ২ লাখ ২৬ হাজার মানুষ আক্রান্ত।
তবে বিশ্বব্যাপী আসলে কতজন আক্রান্ত হয়েছেন তা নিয়ে সন্দেহ আছে যেহেতু অনেক দেশে টেস্ট কম হচ্ছে।
ফ্রান্সে কালোবাজারি মাস্ক আটক
ফরাসি পুলিশ বলছে তারা কালোবাজারে মাস্কের একটা বড় চালান ধরে ফেলেছে।
একজন ব্যবসায়ী প্রায় ১ লাখ ৪০ হাজার মাস্ক প্যারিসের একটা ঘরে তুলছিলেন।
ফ্রান্স সকল মাস্ক স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ করার ঘোষণা দিয়েছে গত মাসে।
এই ঘোষণার পর অনলাইন ও দোকানে মাস্কের দাম বেড়েছে তিনগুণ।
ইতালি যেভাবে লকডাউন তুলে নিচ্ছে
করোনাভাইরাসের অন্যতম উপকেন্দ্র ইতালি। যেখানে ২৭ হাজার মানুষ মারা গেছে। ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
কিন্তু সময়ের সাথে সাথে কমে আসছে সংখ্যা।
চৌঠা মে থেকে মানুষকে আত্মীয়র বাড়ি যাওয়ার অনুমতি দেয়া হবে ইতালিতে।
তবে কতজন যাবে সেটা ঠিক করে দেবে কর্তৃপক্ষ।
অতি অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।
অস্ট্রেলিয়ার সর্বশেষ অবস্থা
অস্ট্রেলিয়ার স্থানীয় কিছু পত্র পত্রিকা বলছে সেখানে লকডাউন শিথিল হয়ে আসছে।
এখন অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের যে গ্রাফ তা প্রায় নিচের দিকে।
তবে অধিকাংশ স্থানেই বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাড়িতেই থাকছে।
বাইরে বের হলেও দেড় মিটার দূরত্ব বজায় রাখছে।
বার, পাব, জিমনেসিয়াম, গির্জার মতো জায়গাগুলো এখনো বন্ধ।
রেঁস্তোরা চালু আছে কিন্তু খাবার বাড়ি নিয়ে খেতে হচ্ছে।
ব্যাংক ঋণে সুদ মওকুফের কথা বিবেচনা করা হবে- শেখ হাসিনা
পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুদের বিষয়েও শিথিল হওয়ার কথা জানান তিনি।
ব্যাংক ঋণে সুদ মওকুফ করার বিবেচনা করবে সরকার, এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একমাত্র কৃষি মানুষকে বাঁচাতে পারবে।
করোনাভাইরাসে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মানুষের জীবন বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
পণ্য পরিবহন, খাদ্যদ্রব্য পরিবহনে কোনো বাধা দেয়া হবে না বলেছেন তিনি।
কিছু দেশে যেভাবে লকডাউন শিথিল হচ্ছে
স্পেনে গতকাল থেকে বাইরে আসতে পারছে শিশুরা।
যুক্তরাষ্ট্রে কিছু রাজ্যে উঠে যাচ্ছে লকডাউন। কিন্তু সেখানে কর্তৃপক্ষ বলছে সামাজিক দূরত্বের ব্যাপারটা থাকবে আরো কয়েক মাস।
উহানে সর্বশেষ কোভিড-১৯ রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কাজে ফিরছেন দ্রুতই।
নিউজিল্যান্ডে লকডাউন শিথিল, স্থানীয় সংক্রমণ দূর হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
তবে সিঙ্গাপুরে বাড়ছে শনাক্তের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ১৩ হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত।