খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গেলেন মুহাম্মদ ইউনূস

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিকে, প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময়ে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন তিনি।।
    • খালেদা জিয়া ঢাকার যেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার পাশের একটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম। আগামী সপ্তাহে হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে।
    • জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। একইসঙ্গে, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
    • গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৭ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই ১৭ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।
    • মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আনুষ্ঠানিকভাবে অপারগতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
    • সরকারকে না জানিয়েই ব্যবসায়ীর নিজেদের সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, সেটার যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
    • প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন, তবে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
    • বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১০ জন সেনা কর্মকর্তা সম্প্রতি আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার যে আবেদন করেছিলেন, সেটি খারিজ হয়ে গেছে। ফলে ওই কর্মকর্তাদের সশরীরেই ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে।
    • বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নারী সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তার আট বছর বয়সি ছেলেকেও ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা।
    • জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতো তারাও "একটা অসভ্য দল"। দলটির "কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উসকে দিয়ে" ভোটের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
    • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে সংকট এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।
    • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার পুরোটা অংশ প্রত্যাখ্যান করেননি বলে জানিয়েছে রাশিয়া।
    • পাবনায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. আওয়ামী লীগের মতো 'এরাও একটা অসভ্য দল', জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

    জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতো তারাও "একটা অসভ্য দল"।

    বুধবার ঢাকার সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    "একটা খারাপ কথা বলতে হয় যে, আসলে আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোক ওদের সঙ্গে কাজ করতে পারবে না," বলেন মি. আব্বাস।

    "আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল, মওদুদীবাদী বিশ্বাসী একটা দল," যোগ করেন তিনি।

    দলটির "কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উসকে দিয়ে" ভোটের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

    "ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন–– এমন কথাও বলে। ভোট না দিলে কোপায়ে ফালব এটাও বলে। আমার খুব দুঃখ লাগে যারা এই ভোটটা চাচ্ছে, তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই"।

    "নির্বাচনে প্রার্থিতা নেওয়া অনেকেই নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয়, তাদের ধাপ্পা দেওয়া যাবে না," বলেন মি. আব্বাস।

  3. রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল দেওয়ার আহ্বান এনসিপির

    ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে সংকট এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে এই আহ্বান জানান দলটির নেতারা।

    "খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। এখানে দেশের যে রাজনৈতিক অবস্থা রয়েছে, সংকটময় পরিস্থিতি রয়েছে। সংকটগুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটের প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য বলেছি," সাংবাদিকদের বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

    "তফসিল নিয়েও কথা হয়েছে। একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যেন তফসিল দেওয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যাবে," যোগ করেন তিনি।

    তাহলে এনসিপি কি নির্বাচনের তফসিল ঘোষণা পেছাতে চাইছে? এমন প্রশ্নের জবাবে মি. পাটওয়ারী বলেন, "আমরা কেন তফসিল পেছাতে চাইবো? আমরা চাই সংকট সমাধান করে তফসিল দেওয়ার জন্য।"

    এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "সময়টায় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দল যাতে নির্বাচনের যাত্রার শুরু করার পরিবেশে থাকে, রাজনৈতিক পরিবেশে থাকে, সেই সময়টায় তফসিল দেওয়া হয়, সব দলের জন্য উপকার হয়।"

  4. মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

    সজীব ওয়াজেদ জয়
    ছবির ক্যাপশান, সজীব ওয়াজেদ জয়

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

    একইসঙ্গে, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

    বুধবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

    প্রতিবেদনটি যাচাই-বাছাই ও পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

  5. খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মুহাম্মদ ইউনূস

    হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন মুহাম্মদ ইউনূস

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার সন্ধ্যায় তিনি সেখানে যান।

    হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

    প্রধান উপদেষ্টা হাসপাতালে পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জে এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারনের আহ্বান জানান। এছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন।

    তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্যে ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

  6. সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীর, দাবি বাণিজ্য উপদেষ্টার

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

    সরকারকে না জানিয়েই ব্যবসায়ীর নিজেদের সিদ্ধান্তে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    ব্যবসায়ীরা যেভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন, সেটার যৌক্তিকতা ও আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

    বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন মি. বশিরউদ্দীন।

    "উনারা যে দামে বাজারে (তেল) বিক্রি করছে, সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। সুতরাং বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। গতকালই তো কিনেছি উনাদের কাছ থেকে...তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে?" বলেন মি. বশিরউদ্দীন।

    বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

    ব্যবসায়ীরা এত ক্ষমতাধর হয়ে গেল কীভাবে যে সরকারকে পাশ কাটিয়ে তারা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন–– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, "একটু ব্যবসায়ীদের প্রশ্ন করেন। আমাদের পদক্ষেপগুলো তো নেবো। আমরা আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যেয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার জিনিস না"।

  7. গুমের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৭ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই ১৭ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।

    বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন জানানো হয়। এ বিষয়ে ১৪ই ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল।

    গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে 'টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে' ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুম করে রাখার ঘটনায় মামলাটি করা হয়।

    অভিযুক্তদের মধ্যে ১০ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা।

  8. শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে অপারগতা প্রকাশ করলেন জেডআই খান পান্না

    আইনজীবী জেড আই খান পান্না

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, আইনজীবী জেড আই খান পান্না

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আনুষ্ঠানিকভাবে অপারগতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

    বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির হয়ে তিনি একথা জানান।

    নিজে ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হওয়ার পরও এখন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

    এর আগে, গত ২৩শে নভেম্বর শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়ানোর আবেদন করেন জেডআই খান পান্না। এরপর ট্রাইব্যুনাল তাকে রাষ্টনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার আদেশ দেয়।

    কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্টে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে অপারগতার কথা জানান মি. পান্না।

    "যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করবো না," ভিডিও পোস্টে বলেন মি. পান্না।

    বুধবার আনুষ্ঠানিকভাবে তার সেই সিদ্ধান্ত আদালতকে জানালেন।

  9. নির্বাচনের 'লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ' নাহিদ ইসলামের

    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
    ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম, ফাইল ছবি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনে যে রদবদল হতে দেখা যাচ্ছে, সেখানে এখনো রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

    বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শাপলা কলির নিবন্ধন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    "আমরা প্রত্যাশা করি, (নির্বাচনে) কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে ইসি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ আছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে। গণভোট নিয়ে সঠিকভাবে প্রচারণা চালাতে হবে," সাংবাদিকদের বলেন মি. ইসলাম।

    আসন্ন সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে বুধবার হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেটির প্রতিক্রিয়ায় এনসিপি'র আহ্বায়ক বলেন, "নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি"।

  10. প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

    একজন ব্যক্তি মোবাইল ফোন ধরে আছেন, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ৬০ দিনের বেশি সময় বাংলাদেশ থাকলেই প্রবাসীদের অনিবন্ধিত ফোন নিবন্ধন করিয়ে নিতে হবে, প্রতীকী ছবি

    প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন, তবে ৬০ দিনের বেশি থাকলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে জানানো হয়, বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে পহেলা ডিসেম্বর এক সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে আছে–– প্রবাসীদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি) থেকে নেওয়া রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ফ্রিতে মোট তিনটি ফোন সঙ্গে আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে তাদেরকে ট্যাক্স দিতে হবে।

    যে সব প্রবাসীর বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন।

    এক্ষেত্রে মোবাইল কেনার বৈধ কাগজটি নিজের সঙ্গে রাখতে হবে।

    ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোরমধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলোকে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। তবে ক্লোন ফোন ও রিফারবিশডফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না। ১৬ ডিসেম্বর-এর আগে ব্যবহৃত সচল মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না।

    কেসিং পরিবর্তন করে পুরোনো ফোন বিক্রির ব্যবসা বন্ধ করতে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইটগুলো শনাক্ত করা হচ্ছে এবং দ্রুতই এর বিরুদ্ধে কাস্টমস থেকে অভিযান চালানো হবে, জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

  11. পুতিন মার্কিন শান্তি পরিকল্পনার পুরোটা প্রত্যাখ্যান করেননি, বলছে ক্রেমলিন

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার পুরোটা অংশ প্রত্যাখ্যান করেননি বলে জানিয়েছে রাশিয়া।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট পুতিন মার্কিন শান্তি প্রস্তাবের পুরোটা প্রত্যাখ্যান করেছেন, এটা বলা 'ঠিক হবে না'।

    "গতকাল প্রথমবারের মতো সরাসরি মত বিনিময় হয়। সেখানে (প্রস্তাবের) কিছু অংশ গ্রহণ করা হয়েছে, কিছু অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া," নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন মি. পেসকভ।

    পাঁচ ঘণ্টা ধরে চলা আলোচনার বিস্তারিত বিবরণ প্রকাশ করতেও অস্বীকৃতি জানান তিনি।

    "দু'পক্ষের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে যে, বিষয়গুলো বাইরে যত কম জানাজানি হবে, আমাদের আলোচনার তত বেশি ফলপ্রসূ হবে। আমরা এই নীতিতে অটল থাকবো এবং আশা করি, মার্কিন প্রতিনিধিরাও একই কাজ করবেন," বলেন মি. পেসকভ।

    রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের বৈঠক 'গঠনমূলক' ছিল।

  12. পাবনায় পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারী গ্রেফতার

    বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে আছে মা কুকুর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    পাবনায় বস্তাবন্দি করে পুকুরে ফেলে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার মধ্যরাতে ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুন নূর।

    এর আগে, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি মামলা করেন। সেই প্রেক্ষিতেই অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি মি. নূর।

    গ্রেফতার হওয়া নারী ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এক কর্মকর্তার স্ত্রী।

    আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

    উল্লেখ্য যে, অভিযুক্ত ওই নারী যে সরকারি আবাসিক ভবনে থাকতেন, সম্প্রতি সেটির নিচতলায় আটটি ছানা জন্ম দেয় একটি মা কুকুর।

    গত সোমবার ছোট কুকুরছানা গুলোকে পাশ্ববর্তী একটি পুকুরে বস্তাবন্দি করে ফেলে হত্যা করা হয়। পরে অভিযোগ ওঠে, ওই নারীই কুকুরছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছেন।

    এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও সমালোচনা হতে দেখা যায়। এরপরে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

  13. খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় এলেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ব্রিটিশ চিকিৎসক ডা. রিচার্ড বিলি

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ব্রিটিশ চিকিৎসক ডা. রিচার্ড বিলি

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি।

    বুধবার সকাল সাড়ে দশটার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

    ঢাকার নামার পর বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যান ডা. বিলি। ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

  14. গ্রেফতার সেনা কর্মকর্তাদের সশরীরেই ট্রাইব্যুনালে হাজির হতে হবে

    অভিযুক্ত সেনা কর্মকর্তাদের প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পুরোনো ছবি
    ছবির ক্যাপশান, অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে হবে (পুরনো ছবি)

    বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১০ জন সেনা কর্মকর্তা সম্প্রতি আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার যে আবেদন করেছিলেন, সেটি খারিজ হয়ে গেছে।

    ফলে ওই কর্মকর্তাদের সশরীরেই ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে।

    বুধবার আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।

    এর আগে, গুমের মামলায় অভিযুক্ত ওই ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে আদালতে আনা হয়।

    এসময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করতে দেখা যায়।

  15. এভারকেয়ার হাসপাতালের কাছে হেলিকপ্টার ওঠানামা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

    এভারকেয়ার হাসপাতালের সামনে মানুষের ভিড়

    ছবির উৎস, Tajnur Islam

    ছবির ক্যাপশান, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর থেকেই এর সামনে সাংবাদিক, বিএনপির কর্মী-সমর্থকসহ মানুষের ভিড় তৈরি হচ্ছে, মঙ্গলবারের ছবি

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকার যেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তার পাশের একটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

    এতে বলা হয়, বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। দুপুর ১২টা থেকে চারটার মধ্যে এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে এটা হবে।

    এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

    উল্লেখ্য, গত ২৩শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ২৭শে নভেম্বর থেকে তিনি এই হাসপাতালের সিসিইউতে আছেন।

    তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

    এদিকে মঙ্গলবার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

    ভিভিআইপি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে।

    এদিকে, গতকাল ডা. এ জেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, “মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে (খালেদা জিয়াকে) দেখেছেন…পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল মনে হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে”।

  16. ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

    উচ্চ আদালত

    ছবির উৎস, MUNIR UZ ZAMAN

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম।

    বুধবার দায়ের করা এই রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

    রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনপ্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেছেন মি. ইসলাম।

    তার এই রুলের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হয়েছে।

    আগামী সপ্তাহে হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে।

  17. বাংলাদেশের জেল থেকে জামিনে মুক্ত অন্তঃসত্তা নারীকে ফেরত নেবে ভারত

    জামিনে মুক্তি পাওয়ার পরে ভারতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন সোনালি খাতুন

    ছবির উৎস, Samirul Islam / X

    ছবির ক্যাপশান, জামিনে মুক্তি পাওয়ার পরে ভারতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন সোনালি খাতুন, বিবিসির নীতিমালা অনুযায়ী তার সঙ্গে থাকা শিশুদের মুখ ঢেকে দেওয়া হলো

    বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেল থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নারী সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তার আট বছর বয়সি ছেলেকেও ভারতে ফিরিয়ে নেওয়া হবে বলে বুধবার দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা।

    ভারতের আইন আদালত সংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘লাইভ ল’ এ খবর জানিয়েছে।

    সোনালি খাতুন ও তার ছেলেকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা বলেছিল সরকারপক্ষ। কিন্তু আদালত রায় দেয় যে তাদের তার বাবার বাসস্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রাখতে হবে। সোনালি খাতুনের স্বাস্থ্যের দিকে নজর রাখবে জেলার স্বাস্থ্য দফতর। তার ছেলেকে দেখাশোনার দায়িত্বও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

    এর আগে সুপ্রিম কোর্ট দুবার মৌখিকভাবে জানিয়েছিল সোনালি খাতুনসহ যে ছয়জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের যেন সরকার ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

    তবে বুধবার শুধু সোনালি খাতুন এবং তার আট বছরের ছেলেকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে সরকার। মানবিকতার খাতিরে এই সিদ্ধান্ত বলে আদালতকে জানিয়েছেন মি. মেহতা।

    একইসঙ্গে অন্য যে চারজনকে দিল্লি থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের এখনো সেদেশেই থাকতে হবে।

    সোনালি খাতুন এবং তার ছেলেকে মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে রাজি হলেও এদের নাগরিকত্ব নিয়ে এখনো কেন্দ্রীয় সরকারের গুরুতর আপত্তি আছে বলেও বুধবারের শুনানিতে মন্তব্য করেছেন সলিসিটার জেনারেল। যদিও এর আগে কলকাতা হাইকোর্ট এই ছয়জনকেই ভারতের নাগরিক বলে উল্লেখ এদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিল।

    দিল্লি থেকে নিয়ে এসে এদের সবাইকে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কয়েক মাস পরে তাদের গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ। গত সোমবার, পয়লা ডিসেম্বর চাপাই নবাবগঞ্জের আদালত জামিনে এই ছয়জনকে মুক্তি দেয়।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে