আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নগদ কার্যালয়ে অভিযান, আতিক ও তার স্ত্রীকে ডাকা হয়েছে দুদকে

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’এ অনিয়মের অভিযোগে রোববার প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। অন্যদিকে, জুলাই- অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো-

    • জুলাই অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
    • মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’এ নিয়োগ ও আর্থিক অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকে ডাকা হয়েছে আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। সেইসঙ্গে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন বা ইসিকে নির্দেশ দিয়েছে ।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের পর আর যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • রোববার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    • চ্যাম্পিয়নস লিগ ফাইনালের বিজয় উদ্‌যাপনের সময় ফ্রান্সে দুইজন নিহত হয়েছে। এ সময় সংঘর্ষের ঘটনায় ১৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    • গাজার রাফাহ শহরে একটি ত্রাণকেন্দ্রে ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গুলিতে এপর্যন্ত অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে

  2. আগামী বছরের জুনের পর আর নির্বাচন পেছাবে না: শফিকুল আলম

    আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের পর আর যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেছেন, “এটা (নির্বাচন) আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে। কিন্তু জুনের ৩০–এর পরে যাবে না”।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফর নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে মি. আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাপান সফর ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    এদিকে সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

    ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আলোচনার জন্য সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বের এই আলোচনার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

  3. নগদে অনিয়মের প্রাথমিক সত্যতা: আতিক ও তার স্ত্রীকে ডাকা হয়েছে দুদকে

    মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’এ অনিয়মের অভিযোগে রোববার প্রতিষ্ঠানটির বনানী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

    ‘নগদ’-এ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বনানীর প্রধান কার্যালয়ে অভিযান চালায় সংস্থাটি।

    এর আগে প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে অনিয়ম ও তার স্ত্রী জাকিয়া সুলতানাকে দুদকে নিয়োগ দেওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

    বিষয়টি আমলে নিয়ে রোববার নগদ অফিসে অভিযান চালায় দুদক।

    রোববার দুদকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

    অভিযান পরিচালনাকালে দুদকের টিম নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে বলেও জানিয়েছে দুদক।

    নগদের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, দুদকে আর্থিক অনিয়ম ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের বিষয়ে অভিযানের সময় দুদক কর্মকর্তারা নগদের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্যও সংগ্রহ করে।

    তবে, দুদকে অভিযান পরিচালনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন না আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা।

    দুদক জানিয়েছে, ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যাসত্য যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তির পর দুদকের টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

    এদিকে, এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আতিক মোর্শেদ ও তার স্ত্রীকে সোমবার অর্থাৎ আগামীকাল দুদকে ডাকা হয়েছে।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, আমাদের একটি টিম নগদে অভিযানে গিয়েছিল। সেখানে ওনাদের (আতিক ও তার স্ত্রী) সাথে কথা বলতে পারেনি। যে কারণে কাল (সোমবার) তাদেরকে দুদকে আসতে বলা হয়েছে।

  4. সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাত ও পাহাড় ধ্বসের পূর্বাভাস

    রোববার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    রোববার সন্ধ্যায় আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কাও রয়েছে।

    একই সাথে ভারী বৃষ্টির কারেণে ঢাকা চট্টগ্রাম মহানগরী এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতার হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    এদিকে রোববার ভোরে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ির মহালছড়ির সঙ্গে জালিয়াপাড়ার সড়কে যান চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ ছিল।

    খাগড়াছড়ি থেকে স্থানীয় সাংবাদিক নুরুচ্ছাফা মানিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের কারণে জেলার বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধস হয়েছে। কিছু কিছু জায়গায় পাহাড় ধসে সড়কের ওপর পড়ছে।

    এছাড়া খাগড়াছড়ির নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

    পাহাড় ধসের ঝুঁকিতে থাকা খাগড়াছড়ির অন্তত পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তাদের জন্য চারটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

    সিলেটে ভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রাহয়ান বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    তিনি জানান, আগামী চব্বিশ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

    সিলেট থেকে স্থানীয় সাংবাদিক গুলজার আহমেদ বিবিসি বাংলাকে জানান, সিলেটে চারটি পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপরে। বৃষ্টিপাত আরো বাড়লে সেসব এলাকার বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। তবে এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি।

    বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

  5. রায়ের কপি পেলে জামায়াতের প্রতীক ও নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত জানাবে ইসি: সচিব

    আপিল বিভাগের রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

    বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    তিনি সাংবাদিকদের বলেন, “জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ এখনো পাইনি। পাওয়ার পরই আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই সিদ্ধান্ত নেওয়া হবে”।

    “জামায়াতের প্রতীকের ব্যাপারেও বলছি আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে, তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, আমাদের কাছে ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না”, যোগ করেন তিনি।

    অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী করা নিয়ে নিয়ে উচ্চ আদালতের রিট খারিজ হয়েছে। সে বিষয়েও এখন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছে উচ্চ আদালত।

    এই প্রসঙ্গে জানাতে চাইলে ইসি সচিব মি. আহমেদ বলেন, “ইশরাকের ব্যাপারের মাননীয় আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবেই ব্যবস্থা নেবো”।

  6. পিএসজির বিজয় উদযাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, নিহত দুইজন, আহত প্রায় দুইশো

    চ্যাম্পিয়নস লিগ ফাইনালের বিজয় উদ্‌যাপনের সময় ফ্রান্সে দুইজন নিহত হয়েছে। এ সময় সংঘর্ষের ঘটনায় ১৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতার ঘটনায় পাঁচ শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

    স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ১৭ বছর বয়সী এক কিশোর শনিবার সন্ধ্যায় বুকে ছুরিকাঘাতে মারা গেছে।

    অন্যদিকে, প্যারিসের কেন্দ্রস্থলে ২৩ বছর বয়সী এক যুবক স্কুটার চালানোর সময় একটি গাড়ির ধাক্কায় নিহত হন বলেও জানিয়েছে প্রসিকিউটর অফিস।

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার মাঝে ফেলে রাখা অসংখ্য বাইকে আগুন জ্বলছে, আবার আতশবাজি ছোঁড়া হচ্ছে ভিড়ের মাঝখানেই।

    শনিবার রাতে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় বিজয় উদযাপন শুরু হয়।

    ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারানোর পর শুরু হওয়া এ উৎসব এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

  7. সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

    সিলেটে চারটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রাহয়ান বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    তিনি জানান, আগামী চব্বিশ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

    বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে।

    অন্যদিকে সারিগোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী নদীসমূহের পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে।

    এই সময়ে সিলেট ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার উক্ত নদীসমূহ সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকিও রয়েছে।

    পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এবং তা পরবর্তী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে।

    আগামী ২৪ ঘণ্টায় মুহুরী, ফেনী, হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

    এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। এবং তিস্তা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলেও বন্যার পূর্বাভাসে বলা হয়েছে।

  8. গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩১ জন ফিলিস্তিনি নিহত

    গাজার রাফাহ শহরে একটি ত্রাণকেন্দ্রে ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গুলিতে এপর্যন্ত অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    রাফাহর রেড ক্রস হাসপাতালের তথ্য অনুযায়ী, এই হামলায় আরো অন্তত ১৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

    রাফাহ'র স্থানীয় সাংবাদিক মোহাম্মদ গারিব বিবিসিকে জানিয়েছেন, মার্কিন অর্থায়নে পরিচালিত একটি মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে রবিবার ভোরে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন, ঠিক তখনই ইসরায়েলি ট্যাংকগুলো এগিয়ে এসে জনতার উপর গুলি চালায়।

    তবে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, ওই ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহত হওয়ার বিষয়টিতে তারা অবগত নয়, তবে তারা এটি খতিয়ে দেখছে।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত একটি নতুন সংস্থা ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ গত সপ্তাহ থেকে গাজায় নির্ধারিত স্থানে খাবার বিতরণ শুরু করেছে।

    হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনে ইসরায়েল নতুন এই পরিকল্পনা তৈরি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে হামাস।

    এই সংস্থাটির ত্রাণ বিতরণকালে গত ২৭শে মে মঙ্গলবারও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ভিড় সামলাতে গুলি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

    সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ই মার্চ থেকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল।

    ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের সীমান্ত অতিক্রম করে চালানো হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নেওয়ার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

    গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৫৪,৩৮১ জন মানুষ সেখানে নিহত হয়েছেন।

  9. হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি

    জুলাই অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো।

    সেইসাথে শেখ হাসিনা ও আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন।

  10. শেখ হাসিনার বিরুদ্ধে ৮০০০ পাতার অভিযোগ, সাক্ষী ৮১

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

    আনুষ্ঠানিক অভিযোগপত্র ১৩৫ পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণে বিভিন্ন তথ্য-উপাত্ত, দালিলিক প্রমাণসহ ভিডিও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

    সাক্ষী করা হয়েছে ৮১ জনকে।

    মামলায় অভিযুক্ত অন্যরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    রোববার দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হলে তা সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি।

    এর আগে গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

    ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নির্বিচারে এক হাজার ৪০০ এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার।

    তিন আসামীর বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    তিনি আরো বলেন, এ বিচার কোন অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা যে ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ থাকবে না।

    ২০২৪ এর জুলাই বিপ্লব 'বর্ষা বিপ্লব বা মনসুন বিপ্লব' নামে পরিচিত। আন্দোলনকারীদের দমাতে ব্যাপকভিত্তিক ও পদ্ধতিগত হামলা চালানো হয়। এখানে পরিকল্পিত হত্যাকাণ্ডে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠন।

    শেখ হাসিনার বিরুদ্ধে এখন বিচার কার্যক্রম শুরু হলো সেই আদালতে, যে আদালত তার সরকার মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করেছিল।

  11. শেখ হাসিনাকে 'নির্দেশদাতা' উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় 'নির্দেশদাতা' উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে।

    চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ রোববার দুপুর ১২ টার পর ট্রাইবুনালে অভিযোগ দাখিলের ব্যাপারে সূচনা বক্তব্য দেন।

    এরপর ট্রাইবুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হয়।।

    শেখ হাসিনার সঙ্গে আরও দুজন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    অভিযোগ দাখিলের মাধ্যমে জুলাই – অগাস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে প্রথম কোন বিচার কার্যক্রম শুরু হচ্ছে।

    আদালতের এই শুনানি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্পচার করা হচ্ছে।

    মামলাটিতে শেখ হাসিনাকে জুলাই – অগাস্ট আন্দোলনের "মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার" হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের 'উস্কানিদাতা' হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আনা হয়েছে।

  12. সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

    সিলেটের গোলাপগঞ্জে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গোলাপগঞ্জ থানা পুলিশ।

    রোববার ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

    ভারী বৃষ্টিপাতের কারণে ঘটনাস্থলে পৌঁছাতেও বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে। পরে তারা রাতভর অভিযান চালিয়ে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

    ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশও অভিযানে যোগ দেয়। পরে সকাল ৮টার দিকে আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়।

    পরিবারটি একটি আধাপাকা ঘরে থাকতো বলে জানা গিয়েছে। পরে মাঝরাতে টিলা ধসে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

  13. নিবন্ধন ফিরে পেলো জামায়াতে ইসলামী

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।

    সেইসঙ্গে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন বা ইসিকে নির্দেশ দিয়েছে । এছাড়া জামায়াতের দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত নেবে ইসি।

    রোববার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

    আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার মামলাটি রায়ের জন্য এক নম্বরে ছিলো।

    নিবন্ধন-প্রতীক বিষয়ে জামায়াতের আইনজীবিদের কয়েক দফা আপিল শুনানির পর গত ১৪ই মে সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায়ের জন্য পহেলা জুন দিনটি ধার্য করেন।

    জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরের পহেলা অগাস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

  14. জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম।

    জুলাই – অগাস্টের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

    আদালতের এই শুনানি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্পচার করা হতে পারে।

    শেখ হাসিনার সঙ্গে আরও দুজন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    আইনজীবীরা বলছেন, আজ অভিযোগ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে প্রথম কোন বিচার কার্যক্রম শুরু হচ্ছে।

    মামলাটিতে শেখ হাসিনাকে জুলাই – অগাস্ট আন্দোলনের "মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার" হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের 'উস্কানিদাতা' হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আনা হয়েছে।