জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, তাসনিম জারার পদত্যাগ

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। এদিকে, এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা হলো-

    • জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।
    • কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
    • উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদের সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ঢাকা-১০ আসনেই প্রার্থী হবেন বলে জানিয়েছেন তিনি।
    • ভোটার হতে নির্বাচন কমিশনের নিবন্ধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
    • কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষমান জাহাজে আগুনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
    • বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। পরে তাকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির ধানের শীষে প্রতীকে নির্বাচনের মনোনয়ন দেওয়ার কথা জানায় বিএনপি।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার থেকেই সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
    • বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
    • থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই তথ্য জানিয়েছেন।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলবে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. জামায়াতের সঙ্গে জোট চান না এনসিপির ৩০ নেতা, নাহিদ ইসলামকে স্মারকলিপি

    নাহিদ ইসলাম, ফাইল ছবি
    ছবির ক্যাপশান, নাহিদ ইসলাম, ফাইল ছবি

    জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।

    এ বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে শনিবার একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

    ‘জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা ও দলীয় মূল্যবোধের আলোকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি সংক্রান্ত স্মারকলিপি’––শিরোনামের এই চিঠিতে বলা হয়, স্বাক্ষরকারীরা দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে একটি 'গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে' তাদের 'গভীর উদ্বেগ ও অবস্থান' সামনে আনতে চান।

    “সম্প্রতি জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে, সে বিষয়ে আমরা স্পষ্টভাবে আমাদের আপত্তি জানাচ্ছি,” লেখা হয়েছে এতে।

    জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলেছেন তারা।

    তাদের “বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভেতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটেজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা”র কথা বলা হয়েছে।

    এছাড়া, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও দলটির নারী সদস্যদের ‘চরিত্রহননের’ চেষ্টা, ‘ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা’র কথাও বলেছেন এনসিপির এই নেতারা।

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও এনসিপির মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক বলে তারা মনে করছেন।

    তারা বলেছেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এই নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং আমাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে”।

    ৩০০ আসনে প্রার্থী দেওয়া, দেড় হাজার জন ব্যক্তির কাছে মনোনয়নপত্র বিক্রি, পরে ১২৫ জন প্রার্থী ঘোষণা এবং এখন ‘অল্প কিছু আসনের’ জন্য জোটে যাওয়ার বিষয়গুলো 'জাতির সাথে প্রতারণার সামিল' বলেও তারা মনে করছেন।

    জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

  3. স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার, এনসিপিতে পদত্যাগপত্র জমা

    তাসনিম জারা

    ছবির উৎস, Tasnim Jara/facebook

    ছবির ক্যাপশান, তাসনিম জারা

    কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

    আজ ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানান তিনি।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশ নেওয়ার কথা জানিয়ে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ করে তিনি লেখেন, “আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি”।

    “একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না,” লিখেছেন তিনি।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের চার হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন জানিয়ে তিনি লিখেছেন, আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন।

    এদিকে, তার এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, তাদের দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসনিম জারা আজ পদত্যাগপত্র পাঠানোর পরপরই ফেসবুকে পোস্ট দেন। তিনি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি।

    উল্লেখ্য, সম্প্রতি আরো কয়েকজন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

    বিশেষ করে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে দলটির আলোচনা শুরুর পর দলের ভিন্নমত তৈরি হয় বলে জানা যায়।

    "দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে" উল্লেখ করে এনসিপি থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক।

    এর আগে, দলটির আরও তিনজন কেন্দ্রীয় নেতা অনিক রায়, তুহিন খান এবং অলিক মৃ দলটি থেকে পদত্যাগ করেছেন।

  4. আসিফ মাহমুদের জন্য কুমিল্লা থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ, তবে 'প্রার্থী হচ্ছেন ঢাকা থেকে'

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
    ছবির ক্যাপশান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফাইল ছবি

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য জাতীয় সংসদের কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

    এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    কোন আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন জানতে চাইলে বিবিসি বাংলাকে আসিফ মাহমুদ বলেন, “(কুমিল্লার মনোনয়নপত্র) আমি নেইনি।এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই উনারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০ এই প্রার্থী হচ্ছি।”

    প্রসঙ্গত, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন।

    গত ১২ই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

    এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, গত ১০ই ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

    জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

  5. তারেক রহমান ও জাইমার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

    নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

    ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এইতথ্য জানিয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে ইসি।

    আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের আরো বলেন, “ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার আছে। সেই বিবেচনায়, উনারা ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধন করেছেন।”

    “আজ তারা ফর্ম ফিলাপ করে ছবি তুলেছেন এবং বায়োমেট্রিক দিয়েছেন এবং এরপর তারা নিজেদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে,” বলেন তিনি।

    ইসি সচিব জানান, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে গেলেও, এখানে বাদবাকি কাজ শেষ করার জন্য কমিশনের কিছুটা সময় লাগবে। তাদের আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি ম্যাচিং করার পর, কনফার্ম হলে তখন এনআইডি নম্বর দেওয়া হয়। আর এটা করতে কিছুটা সময় লাগবে।

    এগুলো আজকের ভেতরেই হয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

    যেহেতু সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেক্ষেত্রে কবে নাগাদ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিশনের সিদ্ধান্ত বা অনুমতি দুই ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আরেকটা হচ্ছে নথির মাধ্যমে। আমাদের দায়িত্ব এটি কমিশন পর্যন্ত পৌঁছানোর, এরপর যা করা হবে, সেটা কমিশনের এখতিয়ার।

  6. যুদ্ধের ইতি টানতে রোববার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরিকল্পনা জেলেনস্কির

    পাশাপাশি বসে আছেন ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, গত অক্টোবরে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেষ দেখা করেছিলেন ভলোদিমির জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলবে।

    জেলেনস্কি জানান, তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনার ওপর গুরুত্ব দিতে চান, পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার জন্য পৃথক প্রস্তাবগুলোও আলোচনায় থাকবে।

    তবে একজন জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা বলেছেন, এই পরিকল্পনা “রাশিয়া যে পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন”।

    ক্রেমলিন জেলেনস্কির প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি, যেখানে তিনি বলেছেন রাশিয়া সেনা সরালে ইউক্রেনও পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে।

    রাতারাতি রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে সেখানকার মেয়র জানিয়েছেন। কিয়েভ অঞ্চলে আরও একজন আহত হয়েছেন।

    শনিবার সকালেও রুশ হামলা অব্যাহত ছিল। ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে, পুরো দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে।

    রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায়। বর্তমানে মস্কো দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং পার্শ্ববর্তী লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই অঞ্চলগুলো সম্মিলিতভাবে দনবাস নামে পরিচিত।

    ইউক্রেন শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চাইছে এবং জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া যেসব এলাকা দখল করতে পারেনি, সেসব দনবাস অঞ্চলে একটি নিরস্ত্রীকৃত “মুক্ত অর্থনৈতিক অঞ্চল” গড়ে তোলা সম্ভাব্য বিকল্প হতে পারে।

    শুক্রবার জেলেনস্কি সাংবাদিকদের বলেছেন, ২০ দফা পরিকল্পনার ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে, “আমাদের কাজ হলো নিশ্চিত করা যে সবকিছু ১০০ শতাংশ প্রস্তুত”।

    তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমরা একদিনও নষ্ট করছি না। আমরা সর্বোচ্চ পর্যায়ে বৈঠকের বিষয়ে একমত হয়েছি—শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। নতুন বছরের আগে অনেক কিছুই সিদ্ধান্ত হতে পারে”।

    তবে শুক্রবার প্রকাশিত পলিটিকোর এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের হাতে “কিছুই নেই যতক্ষণ না আমি অনুমোদন দিচ্ছি”।

    ট্রাম্প বলেন, “আমার মনে হয় তার সঙ্গে ভালোই হবে। আমার মনে হয় (ভ্লাদিমির) পুতিনের সঙ্গেও ভালোই হবে”।

    তিনি আরও জানান, তিনি শিগগিরই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার আশা করছেন।

  7. ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান

    বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমানের সঙ্গে বিমানে জাইমা রহমান

    ছবির উৎস, bnp

    ছবির ক্যাপশান, গত ২৫শে ডিসেম্বর বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমানের সঙ্গে বাংলাদেশে আসেন জাইমা রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করার পর নির্বাচন কমিশনে গিয়ে ভোট হওয়ার কাজ সেরেছেন তার কন্যা জাইমা রহমানও।

    তিনি তার মা জুবাইদা রহমানের সঙ্গে বেলা সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন বলে সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

    ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্রে জন্য ছবি তোলা, আঙুলের ছাপ, স্বাক্ষর দেওয়া ও আইরিশের প্রতিচ্ছবি (চোখের মনির স্ক্যনিং) এর মাধ্যমে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

    এর আগে গত ২৩শে জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন জুবাইদা রহমান। ফলে তিনি তার জাতীয় পরিচয়পত্র আগেই পেয়েছেন।

  8. সেন্টমার্টিন যাওয়ার জাহাজে আগুনে একজনের মৃত্যু

    কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিন রওনার জন্য যাত্রী তোলার অপেক্ষায় থাকা ‘এমভি আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগে একজন নিহত হয়েছে।

    “জাহাজটি যাত্রী তোলার জন্য অপেক্ষায় ছিল। সে কারণে সবাই বাইরে চলে গিয়েছিলো। শুধু একজন ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনিই মারা গেছেন,” বিবিসি বাংলাকে বলেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

    মি. হোসেন জানান, জাহাজটির অন্য কর্মকর্তা ও কর্মচারীরা বাইরে এসে যখন যাত্রী তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই লঞ্চটিতে ধোঁয়া দেখা যায়।

    প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করছেন। এরপর পুরো জাহাজে সেই আগুন ছড়িয়ে পড়ে।

    জাহাজটিতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।

    ওই জাহাজে যাদের সেন্টমার্টিনে যাওয়ার কথা ছিল তাদের অন্য জাহাজে করে পাঠানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

  9. বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান

    রাশেদ খানের যোগদানের ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, রাশেদ খানের যোগদানের ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব

    বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হবে।

    বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

    তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের জন্য কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।

    ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, “জিয়াউর রহমানকে আমি আদর্শ মনে করি এবং তারেক রহমান আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগনের জন্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব”।

  10. ভোটার হওয়ার নিবন্ধন সারলেন তারেক রহমান

    ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় কাজ শেষ করেছেন।

    নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি ছবি তোলা, আঙুলের ছাপ, স্বাক্ষর দেওয়া ও আইরিশের প্রতিচ্ছবি (চোখের মনির স্ক্যনিং) এর মাধ্যমে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন।

    এর ফলে তিনি তার জাতীয় পরিচয়পত্র পাবেন ও ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে।

    তার দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো যে ২৭শে ডিসেম্বর তিনি এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন।

    মি. রহমান ঢাকায় ভোটার হলেও তার দলের ঘোষণা অনুযায়ী তিনি বগুড়া-৬ নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    বাংলাদেশের নিয়ম অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হতে হয়। তবে ভোটার তালিকায় নাম থাকলে যে কোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারেন।

    ইতোমধ্যে তার পক্ষে স্থানীয় নেতারা নির্বাচনে মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

    তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ওই বছরেই ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত পদ্ধতি চালু হওয়ার পর তিনি আর দেশে না আসায় আর ভোটার হতে পারেননি।

    সরকারি বার্তা সংস্থা বাসসকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেছেন, "ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই"।

    ঢাকায় ভোটার হচ্ছেন তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ঢাকায় ভোটার হচ্ছেন তারেক রহমান
  11. আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

    তারেক রহমান চলে যাওয়ার পর শাহবাগে ফিরে এসেছে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারী
    ছবির ক্যাপশান, তারেক রহমান চলে যাওয়ার পর শাহবাগে ফিরে এসেছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

    শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন।

    তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। এর আগে শুক্রবার জুমার পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছেন।

    রাতেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।

    একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন।

  12. ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল হলো কেন?

    ফরিদপুর জিলা স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল

    ছবির উৎস, BBC/Shyadul Islam

    ছবির ক্যাপশান, ফরিদপুর জিলা স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল

    ফরিদপুরে জিলা স্কুল মাঠে সঙ্গীতশিল্পী জেমসের একটি কনসার্ট বাতিলের পর জেলা প্রশাসন বলছে, স্কুল শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে মারামারি হওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে কনসার্টটি বাতিল করা হয়েছে।

    “জিলা স্কুলের নিজস্ব প্রোগ্রাম। সেখানে জায়গা ছোটো। আবার বাইরে বহু লোকের ভিড় হয়ে গিয়েছিলো। তারা ভেতরে ঢুকতে না পেরে ইট পাটকেল মেরেছে। এ নিয়ে হালকা মারামারি হওয়া সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে কনসার্টটি বাতিলের নির্দেশ দিয়েছি,” বিবিসি বাংলাকে বলেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

    বৃহস্পতিবার জিলা স্কুলের ১৮৫তম বর্ষিকী উদ্‌যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানটি শুরু হয়েছিল বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরাসহ বর্তমান শিক্ষক শিক্ষার্থীরাই এ অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।

    শুক্রবার রাতে দুদিনের এ আয়োজনের শেষ পর্যায়ে জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি বাতিল হওয়া ঢাকায় ফিরে যান জেমস।

    কিন্তু এর মধ্যে সামাজিক মাধ্যমে সংঘর্ষ ও জেমসের কনসার্ট বাতিল নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। কেউ কেউ প্রচার করেন কথিত ‘তৌহিদী জনতা’র হামলায় কনসার্ট বাতিল হয়েছে।

    জেলা প্রশাসক বলছেন, বহিরাগত ও স্কুলের শিক্ষার্থীদের মধ্য মারামারি ছাড়া অন্য আর কোনো বিষয় এর সঙ্গে জড়িত নয়।

    “এর আগের দিন ওয়ারফেইজ নামে আরেকটি ব্যান্ড দল ছিল। তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু শুক্রবার রাতে বাইরের লোক বেশি জমায়েত হওয়ায় সমস্যা হয়েছে,” বলেছেন তিনি।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিক সায়েদুল ইসলাম। তিনি বলছেন, শুক্রবার রাত নয়টার দিকে র‍্যাফল ড্র হচ্ছিলো এবং সেটি শেষেই জেমসের কনসার্ট হওয়ার কথা ছিল।

    “অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী ছাড়া বাইরের কারও ঢোকার সুযোগ ছিল না। কিন্তু জেএমসের কনসার্টের কথা শুনে আশেপাশের এলাকাগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ এসে সেখানে ঢোকার চেষ্টা করেছে। পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ ও এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে বাইরের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে আয়োজকরা কনসার্টটি বাতিল করে দেয়,” ঘটনার বর্ণনা দিয়ে বলছিলেন তিনি।

    স্কুলটিতে দুদিনের অনুষ্ঠানের শুক্রবারই ছিল শেষ দিন

    ছবির উৎস, BBC/Shyadul Islam

    ছবির ক্যাপশান, স্কুলটিতে দুদিনের অনুষ্ঠানের শুক্রবারই ছিল শেষ দিন
  13. কয়েক সপ্তাহের সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত

    দুই জন সেনা একটি রাস্তার ওপর বসে বিস্ফোরণের চিহ্ন দেখছেন

    ছবির উৎস, AP

    ছবির ক্যাপশান, দুই দেশের সংঘাতে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যূত হয়েছে

    থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই তথ্য জানিয়েছেন।

    উভয় পক্ষ সীমান্তে সব ধরনের সামরিক গতিবিধি স্থগিত করতে এবং সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে বাড়ি ফেরার অনুমতি দিতে সম্মত হয়েছে।

    এর ফলে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সংঘর্ষ বন্ধ হবে, যা অন্তত ৪১ জনের প্রাণ নিয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যূত করেছে।

    যুদ্ধবিরতি স্থানীয় সময় দুপুরে (০৫:০০ জিএমটি) কার্যকর হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি টানা ৭২ ঘণ্টা বজায় থাকলে থাইল্যান্ডে আটক ১৮ জন কম্বোডিয়ান সেনাকেও মুক্তি দেওয়া হবে।

    এই অগ্রগতি এসেছে কয়েক দিনের আলোচনার পর, যেখানে থাই ও কম্বোডিয়ান কর্মকর্তারা দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করেছেন।

    যৌথ বিবৃতিতে ‘উত্তেজনা প্রশমন’-এর শর্তাবলী তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে “সাধারণ মানুষ, বেসামরিক স্থাপনা ও অবকাঠামো এবং উভয় পক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করা”।

    “উভয় পক্ষকে বিনা উসকানিতে গুলি চালানো বা অগ্রসর হওয়া কিংবা অপর পক্ষের অবস্থান বা সেনাদের দিকে সেনা সরানো থেকে বিরত থাকতে হবে,” বিবৃতিতে বলা হয়েছে।

    গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল যা চলতি মাসের শুরুর দিকে ভঙ্গ হয় এবং নতুন করে সংঘর্ষ শুরু হয়।

    এরপর থেকে উভয় পক্ষই যুদ্ধবিরতি ভঙ্গের জন্য একে অপরকে দোষারোপ করছিল।

  14. সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, শীত কি আরো বাড়বে?

    আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানাচ্ছে আবহাওয়া অফিস

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানাচ্ছে আবহাওয়া অফিস

    বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত জেঁকে বসতে শুরু করেছে। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলেছে।

    শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

    তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    শনিবার সকাল ৯টার থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

    ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

    কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে।

    এই কয়েকদিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  15. ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

    ছবির উৎস, screen grab

    ছবির ক্যাপশান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

    এ সময় তার সাথে অন্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

    বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ওসমান হাদির কবর জিয়ারত শেষে মি. রহমানের পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই ২০২৪ এর আন্দোলনের সময় আহতদের দেখতে যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

    ওদিকে তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের সুবিধার্থে শাহবাগ এলাকায় গত রাত থেকে অবস্থানরত ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে আজিজ মার্কেটের সামনের এলাকায় অবস্থান নিয়েছে।

    তারেক রহমান আজ একটি সাদা গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান। এর আগে বৃহস্পতিবার দেশে ফিরে ও শুক্রবারের কর্মসূচিগুলোতে তিনি একটি বিশেষ বাসে করে গিয়েছিলেন।

    মি. রহমানের আজকের কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকেই ছাত্রদল নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে স্লোগান দিয়েছে।

    প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণার সময় গত ১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মারা যান।

    এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে আটক করলেও মূল সন্দেহভাজন ব্যক্তির অবস্থান তারা এখনো শনাক্ত করতে পারেনি।

    তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

  16. দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করলো ভারত

    পুশইন হওয়া ব্যক্তিরা এখন বিজিবির হেফাজতে আছে বলে পুলিশ জানিয়েছে

    ছবির উৎস, Faizar Chowdhury

    ছবির ক্যাপশান, পুশইন হওয়া ব্যক্তিরা এখন বিজিবির হেফাজতে আছে বলে পুলিশ জানিয়েছে

    বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

    শুক্রবার বিকেলে দর্শনা সীমান্তের একটি পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এরপর তারা দর্শনা বাজার এলাকায় অবস্থান নেয়।

    বাংলাদেশে পুশইন হওয়া ১৪ জনের মধ্যে ছয় জন নারী, ছয় জন পুরুষ ও দুটি শিশু রয়েছে।

    দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বিবিসি বাংলাকে বলেছেন, এসব ব্যক্তিরা এখন বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে আছেন।

    “তাদের ফেরত পাঠানো চেষ্টা করা হবে। না হলে তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের দায়ে মামলা হবে এবং এরপর কোর্টে পাঠিয়ে দেওয়া হবে,” বলেছেন মি. হাসান।

    পুলিশ ও বিজিবি সূত্র বলছে, পুশইন হওয়া ব্যক্তিরা অবাঙালি মুসলমান এবং তারা নিজেদের ভারতের ওড়িশা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

    স্থানীয় সাংবাদিক ফাইজার চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন যে, পুশইন হওয়া দলের একজন জানিয়েছেন শুক্রবার দুপুরে যখন তিনি খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তখন বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

    পরে তিনিসহ অন্যান্যদের কাছে থাকা ভারতের নাগরিকত্ব-সংক্রান্ত সব কাগজপত্র জব্দ করা হয়। এরপর তাদের বাংলাদেশ সীমান্ত ঠেলে দেওয়া হয়।

    এর আগে এই দলটিকেই বৃহস্পতিবার কুষ্টিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছিল। তবে সে সময় বিজিবির বাধায় ওই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছিলেন।

  17. বিবিসি বাংলার লাইভ