মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে , রাশিয়ার হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
ভারমন্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দারা। গুম কমিশনে ১৬০০ অভিযোগ, সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে। দিনের ঘটনাপ্রবাহ জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পেইজে।
সরাসরি কভারেজ
মঙ্গলবার সারাদিন যা যা হলো-
মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় সকাল থেকে শুরু হয়েছে মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন গোয়েন্দারা।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত গুম কমিশনে ১৬০০ অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে।
প্রায় ১৬ বছর আগে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনরায়
তদন্তে কেন স্বাধীন জাতীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হবে না,
তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে উপ-সম্পাদকীয়তে বিরূপ মন্তব্যের অভিযোগে
যুগান্তরের প্রকাশক ও সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে
হাইকোর্ট।
এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পর্যটকদের
জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন স্থানগুলো। ফলে এখন থেকে ফের সাজেক ভ্রমণ
করতে পারবেন পর্যটকরা।
জর্জিয়ায় বোমা আতঙ্কে আধঘণ্টার জন্য ভোট কেন্দ্র খালি
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টির অন্তত পাঁচটি ভোট কেন্দ্রে বোমা থাকার গুজব শোনা গেছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস। যদিও পরবর্তীতে সেখানে বোমার কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
কাউন্টির নিবন্ধন ও নির্বাচনের পরিচালক নাদিন উইলিয়ামস বলেছেন, হুমকির কারণে এই সুইং স্টেটে প্রায় আধাঘণ্টার জন্য দুটি স্থান খালি করে দেয়া হয়েছিল।
আটলান্টার কাউন্টি শহরটির কর্মকর্তারা এখন ভোটের সময় সাড়ে নয়টা পর্যন্ত বাড়াতে আদালতে আবেদন করেছেন।
এর আগে
পেনসিলভানিয়ার ক্যামব্রিয়ায় প্রযুক্তিগত কারণে কিছু সময়ের
জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল। সেখানেও কিছু সময়ের জন্য ভোটের সময়সীমা বাড়াতে আদালতের আদেশের জন্য আবেদন করেছেন কর্মকর্তারা।
ছবির উৎস, EPA-EFE/REX/Shutterstock
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভোটগ্রহণ
নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহবান
নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন,
নেপাল ও ভুটান মোংলা বন্দর ব্যবহার করলে মোংলা বন্দরের সার্বিক
কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
মঙ্গলবার মোংলায় বন্দর কর্তৃপক্ষের
কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
মোংলা বন্দরকে বিশ্বমানের নিরাপদ ও
আধুনিক সমুদ্রবন্দরে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে
নৌপরিবহন উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক
পর্যায়ে এ বন্দরের আরও বেশি প্রচার প্রচারণা করা দরকার। মোংলা বন্দরের
সুযোগ-সুবিধা সম্বলিত বুকলেট তৈরি করে আমাদের বিদেশি মিশন গুলোর মাধ্যমে প্রচারণা
বাড়াতে হবে”।
পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে উদ্যোগ
নিতে পত্র দেয়া হবে বলে জানান উপদেষ্টা মি. হোসেন।
ছবির উৎস, Kazi Arif
ছবির ক্যাপশান, মোংলা বন্দরে সভায় নৌপরিবহন উপদেষ্টা
নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন
গোয়েন্দারা।
মঙ্গলবার তারা বলেছে, ওই দেশগুলো
নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট করতে চায়।
মার্কিন গোয়েন্দাদের দাবি, প্রতিপক্ষ
দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এর
মাধ্যমে প্রতিপক্ষ দেশগুলো আমেরিকানদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত
সংস্থা - এফবিআই, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় ওডিএনআই
এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা যৌথ বিবৃতিতে এই দাবি করে।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনী
কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে নানা তৎপরতা চালাচ্ছে রাশিয়ার সঙ্গে
সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী। ভোট কারচুপির মিথ্যা দাবি তুলে সেসব প্রচারণা চালানো হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে ভোট
গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরুর ঠিক আগে এমন অভিযোগ তুলল দেশটির অভ্যন্তরীণ এই
তিন গোয়েন্দা সংস্থা।
কোটা সংস্কার আন্দোলন এতদূর যেতে দেওয়াই সরকারের ভুল ছিল: হাছান মাহমুদ, যুক্তরাজ্যের একটি বাংলাদেশি চ্যানেলকে সাক্ষাৎকার দেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ
বিগত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের
কোটা সংস্কারের বিষয়টি এতদূর পর্যন্ত যেতে দেওয়াটাই ছিল সরকারের ভুল।
তিনি বলেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি ছিল কোটা ব্যাপারে, এই
বিষয়টিকে পুরোপুরি আদালতের ওপর ছেড়ে না দিয়ে যদি অন্যভাবে এটাকে হ্যান্ডেল করা হতো
তাহলে ভাল হতো।
শনিবার যুক্তরাজ্যের বাংলাদেশি চ্যানেল এস কে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা বলেন সাবেক আওয়ামী লীগ সরকারের ওই মন্ত্রী।
চ্যানেলটির সাংবাদিক বুলবুল হাসানকে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে কোটা আন্দোলন ছাড়াও বিগত
সময় সরকার পরিচালনা ও রাজনৈতিক বিভিন্ন ভুলের কথাও শিকার করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
গত সাড়ে পনেরো বছরে সরকার পরিচালনায় আওয়ামী
লীগের সবচেয়ে বড় ভুল কী ছিল সেটি নিয়েও তাকে প্রশ্ন করা হয়।
জবাবে হাছান মাহমুদ বলেন, “বিএনপিকে আমরা নির্বাচনে আনতে পারিনি এটা আমাদের ব্যর্থতা। যদিও বা
তারা সব সময় আমাদের ব্যর্থ করার চেষ্টা করেছে এটা আমাদেরও ব্যর্থতা”।
“সরকারে থাকলে ভুল হবেই। ভুল আমাদেরও হয়েছে।
একটি দুটি নয় অনেক ভুল হয়েছে”, বলছিলেন তিনি।
তবে তিনি জানিয়েছেন এটি তার ব্যক্তিগত মত,
দলীয় কোন বক্তব্য নয়।
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সাথে তার দল কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।
তিনি বলেন, আমি বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সাথে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ একযোগে প্রস্তুত। বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করবো।''
জুলাই হত্যাকাণ্ডের দায় কী আওয়ামী লীগ এড়াতে
পারে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, “এখন আমাদের নেতাকর্মীদের হত্যার দায় যেমন অন্তর্বর্তীকালীন সরকার
এড়াতে পারে না। তেমনি আমাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওই হত্যাকাণ্ডের দায়ও
আমরা এড়াতে পারি না। সে কারণেই কমিশন গঠন করে আওয়ামী লীগ সরকার তদন্ত শুরু করেছিল।''
এই সাক্ষাৎকারে বিএনপির সাথে ঐক্য, ছাত্রলীগ নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বর্তমানে যে
সব দাবি উঠছে তারও সমালোচনা করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক এই মন্ত্রী দেশের বাইরে পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। যদিও এই সাক্ষাৎকারে তার অবস্থান পরিষ্কার করেননি।
এর মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনার সাথে সাথে ওবায়দুল কাদের, হাছান মাহমুদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন: ফটো গ্যালারি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি রাজ্যের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০টি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যেরে ভোটগ্রহণের যে চিত্র দেখা যাচ্ছে।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, নিউইয়র্কের ভোটের চিত্র
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, নিউইয়র্কের ভোটারদের লাইন
ছবির ক্যাপশান, পেনসিলভানিয়া রাজ্যে ভোটারদের লাইন
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বিভিন্ন রাজ্যে চলছে ভোটগ্রহণ
সুইং স্টেটসহ আরো কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু
মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চেলর অন্তত ১০টি অঙ্গরাজ্য ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল আটটায়। এর মধ্যে একটি সুইং স্টেটও রয়েছে।
এখন পর্যন্ত সব রাজ্যে ভোট শুরু হয়েছে সেগুলো হল-
আলাবামা
আইওয়া
ক্যানসাস
মিনেসোটা
মিসিসিপি
নর্থ ডাকোটা
ওকলাহোমা
সাউথ ডাকোটা
টেক্সাস
উইসকনসিন (সুইং স্টেট- অর্থাৎ যেসব রাজ্যের ভোট যেকোন দিকেই যেতে পারে)
পঞ্চাশটি রাজ্যের ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচন করবেন এই
ভোটে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
কমালা হ্যারিস, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
বয়স: ৬০
দল: ডেমোক্রেটিক পার্টি
প্রচারণায় যা গুরুত্ব দিচ্ছে : ‘আমরা পেছনে ফিরে যাবো না’ কমালা হ্যারিস নির্বাচনি প্রচারণায় এই শ্লোগানে
ডোনাল্ড ট্রাম্পের আমলে নেয়া নীতিগুলোর কথা তুলে ধরেন। গর্ভপাতের অধিকারকে সমর্থন,
গ্রোসারী দোকানে জিনিসপত্রের দাম কমানো ও আবাসন সংকটের সমাধানের ঘোষণাও দিয়েছেন
তিনি।
২০২৪ সালের গুরুত্বপূর্ণ মুহূর্ত: নির্বাচনি লড়াই
থেকে জো বাইডেন সরে দাড়ানোর পর ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনের উদ্বোধনী
বক্তব্য।
ডোনাল্ড ট্রাম্প, সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
দল: রিপাবলিকান পার্টি
বয়স: ৭৮
নির্বাচনি প্রতিশ্রুতি: ট্রাম্প বলেছেন যে তিনি অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধে
‘সীমান্ত বন্ধ’, কর কমানোর প্রতিশ্রুতি, আমদানির উপর ১০ শতাংশ শুল্ক কমানো ও এবং
জ্বালানির মূল্য কমানোর প্রতিশ্রুতি।
২০২৪ সালের প্রধান মুহূর্ত: পেনসিলভানিয়ার একটি
নির্বাচনি সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলির পর রক্তাক্ত ট্রাম্পের মুষ্ঠিবদ্ধ হাত।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প
ভারমন্টে ভোট গ্রহণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শুরু
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার
সবার আগে ভোট গ্রহণ শুরু হয়েছে ভারমন্ট অঙ্গরাজ্যে। দেশটির পূর্ব উপকূলের এই
অঙ্গরাজ্যটিতে আজ স্থানীয় সময় ভোর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে কয়েকটি নির্বাচনী
কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
ভারমন্টে ভোট গ্রহণ শুরু
হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির আরও বেশ কিছু অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা
রয়েছে।
ভারমন্টের পর যেসব
অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হবে, সেগুলোর
মধ্যে নিউইয়র্ক ও ভার্জিনিয়া অন্যতম।
এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪
কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে কতজন ভোট দেন, সেটা অবশ্যই দেখার বিষয়।
যুক্তরাষ্ট্রে এবার এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ ভোট
দিয়েছেন।
ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু
গুম কমিশনে ১৬০০ অভিযোগ, সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে
ছবির উৎস, Munir Uz Zaman
ছবির ক্যাপশান, সরকার গঠিত গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ (প্রতীকী ছবি)
আয়নাঘরের চেয়েও ভয়াবহ বন্দিশালার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে গুম
সংক্রান্ত কমিশন অফ ইকনকোয়ারি।
সকালে রাজধানীর গুলশানে জাতীয় গুম কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে
সংস্থাটি জানায় ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ই অগাষ্ট পর্যন্ত হওয়া ১
হাজার ছয়শো গুমের ঘটনার সন্ধান তারা পেয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গুম সংক্রান্ত কমিশন ঢাকাসহ সারাদেশের ৮টি গোপন বন্দিশালা
পরিদর্শন করেছে।
সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ১,৬০০ অভিযোগের মধ্যে কমিশন ইতোমধ্যে ৪০০টি অভিযোগ পর্যালোচনা করেছে এবং ১৪০
জনের সঙ্গে কথা বলেছে। বেশিরভাগ অভিযোগেই দেখা গেছে, গ্রেপ্তারের
পর আসামিকে আদালতে যথাসময়ে হাজির করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি জানান, গুম বিষয়ে এখন সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে।
এছাড়া ডিবির বিরুদ্ধে ৫৫টি, পুলিশের কাউন্টার টেরোরিজম
অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বা সিটিটিসি বিরুদ্ধে ৩৭টি, ডিজিএফআইয়ের বিরুদ্ধে ২৬টি ও পুলিশের বিরুদ্ধে ২৫টি অভিযোগ জমা পড়েছে।
এছাড়া অন্যান্য সংস্থার মাধ্যমে ৬৮টি গুমের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গুম
কমিশন।
মি. চৌধুরী জানান, জাতীয় স্বার্থ কিংবা জনস্বার্থের পরিবর্তে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা
বাহিনীকে ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে এবং রাজনৈতিক
উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, আমরা এখন পর্যন্ত
যেটা জেনেছি আয়নাঘরের চেয়েও নিকৃষ্টতম সেল বা বন্দিশালা আমাদের কাছাকাছি জায়গাতে
ছিল। আমরা সেগুলো পরিদর্শন করেছি। দেখতে পেয়েছি। কত নিষ্ঠুরভাবে যে মানুষকে রাখা
হয়েছে সে সব তথ্যও আমরা পেয়েছি।
গুমের
সঙ্গে দেশি-বিদেশি কারা সম্পৃক্ত তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান এই কমিশন।
প্রায় ১৬ বছর আগে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনরায় তদন্তে কেন স্বাধীন জাতীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হবে না, তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার দিনকে কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার নেপথ্যের কারণ জানতে চায় জনগণ।
এর আগে, গত রোববার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সরকার কোনও কমিশন বা কমিটি গঠন করেছে কি না, আজ মঙ্গলবারের মধ্যে সে বিষয়ে রাষ্ট্রপক্ষকে তথ্য জানাতে বলেছিলো আদালত।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে বিডিআর সদস্যরা, ছবি - ২৬ শে ফেব্রুয়ারি ২০০৯
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ৫৭ জন সেনা কর্মকর্তার মৃত্যু একটা বড় ধাক্কা ছিল সেনাবাহিনীর জন্য। ছবি – ২রা মার্চ ২০০৯
যুগান্তরের প্রকাশক-সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে উপসম্পাদকীয়তে বিরূপ মন্তব্যের অভিযোগে যুগান্তরের প্রকাশক ও সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
মাসদার হোসেন মামলার রায় নিয়ে একটি কলামে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলামের আবেদনের শুনানিতে আজ মঙ্গলবার এ রুল জারি করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ।
গত পহেলা নভেম্বর যুগান্তরে ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথককরণ’ শীর্ষক কলাম প্রকাশিত হয়, যা লেখেন ড. মোহাম্মদ আবদুস ছালাম। আবেদনে বলা হয়, ওই লেখায় আদালত অবমাননা হয়েছে। এজন্য লেখক ড. মোহাম্মদ আবদুস ছালাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলামকে বিবাদী করা হয়েছে।
আজ থেকে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন স্থানগুলো
এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ির পর্যটন স্থানগুলো। ফলে এখন থেকে ফের সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় পাহাড়ি ও বাঙালিদের মাঝে সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে যায় সাজেকসহ খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো।
মি. জুয়েল বলেন, এখন কোনও সমস্যা না থাকায় সাজেক উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, মেঘের রাজ্য খ্যাত 'সাজেক'
তরুণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন হ্যারিস
আজ পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে নির্বাচনি প্রচারণার শেষ ভাষণটি দিয়েছেন কমালা হ্যারিস।
জনসম্মুখে ভাষণের এই শেষ পর্যায়ে তিনি বলেন, “এই প্রচারণা আমেরিকার সকল কোণের সব শ্রেণির মানুষকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য বড়- আমরা শক্তি, আশাবাদ ও আনন্দ নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। ঠিক সেভাবেই শেখ করছি এখন।”
তিনি তরুণ এবং নতুন ভোটারদের উদ্দেশে বলেন, “তোমাদেরকে আমি বিশেষভাবে বলছি, আমি তোমাদের শক্তি দেখি এবং আমি তোমাদেরকে নিয়ে গর্বিত।”
আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট জানেন যে এবারের নির্বাচনে জয়ী হতে হলে তাকে তরুণ ভোটারদের সমর্থন পেতে হবে।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, কমালা হ্যারিস
আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না, শেষ নির্বাচনি বক্তৃতায় ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসের মঞ্চে তার শেষ নির্বাচনি প্রচারণার সমাপনী বক্তৃতায় বলেছেন, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।
ট্রাম্প তার বক্তৃতায় উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তারা এখন চার বছর আগের চেয়ে ভালো অবস্থায় আছেন কি না। তার এই প্রশ্নের বিপরীতে র্যালিতে উপস্থিত জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন।
এরপর ট্রম্প বলেন বলেন, “আজ রাতে আপনাদের ও সকল আমেরিকানদের প্রতি আমার খুব সহজ বার্তা, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।”
প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির কমালা হ্যারিসকে আক্রমণ করতেও ছাড়েননি মি. ট্রাম্প। তিনি মিজ হ্যারিসকে “একজন উগ্র বামপন্থী পাগল” বলে মন্তব্য করেছেন।
একদিনে চারটি (র্যালি) করা একটু কঠিন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রতিটি র্যালিতে যে সমর্থন তিনি পেয়েছেন, তাতে তার এই পরিশ্রম সার্থক হয়েছে।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা দেরিতে শেষ র্যালিতে পৌঁছান, যা স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল।
মি. ট্রাম্প তার সমর্থকদের বলেন যে তিনি আজকের নির্বাচনে জয়ী হবেন। তিনি আরও বলেন, “এটি আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় বিজয় হবে।”
এই একই স্থানে তিনি ২০১৬ ও ২০২০ সালে তার নির্বাচনী প্রচারণা শেষ করেছিলেন।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প
'ইসলামী মহাসম্মলন' ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ভিড়
পূর্ব ঘোষিত ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার ভোর থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছেন আলেম-ওলামা ও জনতা।
এদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ‘দাওয়াত ও তাবলীগ, মাদারিসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও ‘আপামর তাওহিদি জনতাকে’ এই মহাসম্মেলনে যোগ দিতে আহ্বান জানান আলেমরা।
শেষ কর্মসূচিতে ব্যস্ত ট্রাম্প ও হ্যারিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা প্রায় শেষ। তবে আজ রাতে উভয় প্রার্থীর ডায়েরিতেই সর্বশেষ কর্মসূচি রয়েছে।
মিশিগানে ডোনাল্ড ট্রাম্পের পূর্বনির্ধারিত ভাষণ। রিপাবলিকান দলের সমর্থকরা তার নির্বাচনি প্রচারণার এই সর্বশেষ ভাষণ শোনার জন্য কয়েক ঘণ্টা ধরে জড়ো হন।
এদিকে নির্বাচনি প্রচারণার জন্য কমলা হ্যারিস সর্বশেষ গন্তব্য পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে। সেখানে র্যালি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
সঙ্গীতশিল্পী ক্যাটি পেরি ও লেডি গাগা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মিজ হ্যারিসের আগমনের আগে উপস্থিত জনতাকে গান গেয়ে উজ্জীবিত করেন।
এই দুই প্রার্থীই তাদের সমাপ্তি টানছেন দেশটির বড় রাজ্যগুলোতে। দেশটির প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণ করতে এই রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।