আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ব্যাংক থেকে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তুলতে বাংলাদেশ ব্যাংকের আহ্বান, পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার

ধানমন্ডি থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে পুলিশ। ডেঙ্গুতে একদিনে আরও চার জনের মৃত্যু। গণমাধ্যমে হামলা ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় টিআইবি’র উদ্বেগ। লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৮৩ জন বাংলাদেশি।

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    • স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ আমদানিতে আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
    • ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন।
    • আওয়ামী লীগ সরকারের সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের তৌফিকা করিম নামক এক বান্ধবীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অনুসন্ধান শুরু করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে।
    • আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
    • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন।
    • আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে পুলিশ।
    • দুটি পৃথক ফ্লাইটে লেবানন থেকে আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
    • বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – হাব।
    • ঢাকার রাস্তায় এখন থেকে কোনও দোকান বসতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
  2. আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তুলতে বাংলাদেশ ব্যাংকের অনুরোধ

    ব্যাংক থেকে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র হুসনে আরা শিখা এ কথা বলেন।

    তিনি বলেন, কিছু গ্রাহক প্রয়োজন ছাড়া আমানতের টাকা তুলে তা অন্য ব্যাংকে জমা করছেন। এর ফলে কোনো কোনো ব্যাংক টাকা দিতে গিয়ে সমস্যায় পড়ছে। একযোগে অনেক গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না।

    “শুধুমাত্র তারা যদি প্রয়োজনের টাকাটা উত্তোলন করতেন তাহলে তারল্য সংকট এত প্রকট আকার ধারণ করতো না”, যোগ করেন তিনি।

    বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ‘আমরা সব আমানতকারীকে আহ্বান করছি, প্রয়োজনের বেশি টাকা ব্যাংক থেকে তুলবেন না। আমরা আস্থা ফেরাতে চাই। এ জন্য কাজ চলছে। যেসব ব্যাংকে সমস্যা হয়েছে, সেগুলোর পর্ষদে ইতিমধ্যে পরিবর্তন আনা হয়েছে”।

    তিনি বলেন, “এক ব্যাংক থেকে তুলে আরেক ব্যাংকে রাখার এই প্রবণতা থেকে যদি গ্রাহকরা বেরিয়ে আসেন তাহলে এই সমস্যার সমাধান অচিরেই সমাধান করা সম্ভব”।

  3. দাম সহনীয় রাখতে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর

    স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর।

    বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।

    এতে জানানো হয়, পেয়াজ আমদানিতে মোট করভার ১০ শতাংশ হতে হ্রাস করে শূন্য শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করেছে।

    এর ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোন প্রকার শুল্ককর থাকবে না।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে পেঁয়াজ আমদানি ও সরবরাহ বৃদ্ধির পাশাপাশি পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করে এনবিআর।

  4. ডেঙ্গুতে একদিনে আরও চার জনের মৃত্যু

    ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন।

    এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩০ জনের।

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮, ঢাকা উত্তর সিটিতে ২৯২, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৫ ও খুলনা বিভাগে ১৩৯ জন রয়েছেন।

    এ ছাড়া রাজশাহী বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫, রংপুর বিভাগে ২০ এবং সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৮ হাজার ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  5. গণমাধ্যমে হামলা ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় টিআইবি’র উদ্বেগ

    সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের হামলা-ঘেরাও, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

    বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “স্বার্থান্বেষী বিভিন্ন মহল দেশের কোনো কোনো গণমাধ্যমের বিরুদ্ধে কুৎসা রটনা, হামলা, ঘেরাওয়ের হুমকিসহ নানাবিধ আক্রমণ চালিয়ে যাচ্ছে”।

    বিবৃতিতে তিনি বলেন, “কখনো অতি ক্ষমতায়িত কোনো কোনো মহলের স্বার্থের বাইরে গেলেই গণমাধ্যমকে আক্রমণ ও সাংবাদিক হেনস্তা, গণমাধ্যমকে দখল বা খেয়ালখুশিমতো পরিচালনার প্রচেষ্টা চলছে। যা আসলে মুক্ত গণমাধ্যমের সম্ভাবনার জন্য অশনি সংকেত।’

    বিবৃতিতে মি. জামান বলেন, “গণমাধ্যমের ওপর সাংবাদিক ও গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ “নতুন বাংলাদেশ’-এর অভীষ্টের জন্য ভালো বার্তা বয়ে আনবে না”।

    যে কারণে গণমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য ভয়ডরহীন পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।

    একইসঙ্গে, গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষমতার অপব্যবহার রোধ করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট অংশীজনের প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পেজে

  6. আনিসুল হকের ‘বান্ধবী’তৌফিকা করিমের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অনুসন্ধান শুরু

    আওয়ামী লীগ সরকারের সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের তৌফিকা করিম নামক এক বান্ধবীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অনুসন্ধান শুরু করেছে বিশেষ পুলিশ সুপার বা সিআইডি।

    বুধবার সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ওই নারী সাবেক আইন মন্ত্রী মি. হকের ব্যক্তিগত ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিল। যিনি আইনপেশার সূত্রে সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।

    মিজ করিম সাবেক মন্ত্রীর মদদ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সিন্ডিকেট ও লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলেও জানান হয় এতে।

    সিআইডি জানিয়েছে, মিজ করিম ২০১৪ সাল থেকে বিভিন্ন জেলা ও মহানগরীর অধস্তন আদালতে খাতা পরিবর্তন, জালিয়াতি, পরীক্ষা না দিয়েও চাকরি প্রদানসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের কাছ থেকে টাকা নিয়ে তাদের জামিনসহ মামলার রায় পরিবর্তন করতে ভুমিকা পালন করতেন।

    যে কারণে মিজ করিমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করা হয়েছে বলেও জানিয়েছে সিআইডি ।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পেজে

  7. পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত অস্ত্র উদ্ধার

    আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি’র ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার দুইটি বাড়ির মাঝখানে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়।

    শপিং ব্যাগে তল্লাশি করে ৭.৬২ মি.মি. পিস্তল, ০২টি পিস্তলের ম্যাগাজিন, ২৫ রাউন্ড গুলি, ক্লিনিং কিট ও পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।

    তেজগাঁও থানা পুলিশ বলছে, প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত লাইসেন্স পর্যালোচনায় দেখা যায় অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

    অস্ত্র ও গুলি উদ্ধারের পর তা তেজগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে। একই সাথে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এর আগে গত ২৫শে আগস্ট বৈধ লাইসেন্সকৃত সব অস্ত্র জমা দিতে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    গত ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জামা দিতে বলা হয়েছিল।

  8. উইসকনসিনে জিতলেন ট্রাম্প – সাথে বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও

    যুক্তরাষ্ট্রে বিবিসি’র সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানাচ্ছে সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে প্রেসিডেন্ট নির্বাচনেও জয় নিশ্চিত করেছেন।

    এর মাধ্যমে ট্রাম্প আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন।

  9. প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে আবু সাঈদের পরিবার

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন।

    বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, অধ্যাপক ইউনূসের সাথে দেখা করার জন্য আবু সাঈদের দুই ভাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন।

    আবু সাঈদের ভাইয়েরা জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে মুহাম্মদ ইউনুস যখন আবু সাঈদ ও অন্যান্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেছিলেন, তখন তারা কাঁদছিলেন।

    আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “আমরা গর্বিত যে আপনি আবু সাঈদের বিপ্লবী ভূমিকা তুলে ধরেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পর আমাদের গ্রামে এসে আমাদের সম্মানিত করেছেন।”

    তারা দু’জন জানান, তারা নিহত আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলবেন। সেই ফাউন্ডেশন গরীবদের জন্য এবং জুলাই-অগাস্টে আহত-নিহতদের সহায়তায় কাজ করবে।

    সেইসাথে, তারা তাদের গ্রামে একটি মসজিদ ও মেডিকেল কলেজ নির্মাণ করতে চান। এজন্য তারা ইতোমধ্যে দু’টো মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছেন।

    মুহাম্মদ ইউনূস তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, “বাংলাদেশ কখনও শহীদ আবু সাঈদকে ভুলবে না। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"

    প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই অধ্যাপক ইউনূস গত নয়ই অগাস্ট আবু সাঈদের গ্রামের বাড়িতে তার বাবামায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং শহীদ আবু সাঈদের কবরেও শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

  10. আমির হোসেন আমু গ্রেফতার

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা এই খবরটি নিশ্চিত করেছে।

    জানা গেছে, সাবেক এই মন্ত্রীকে ঢাকার পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা শাখা ডিবি।

    আমির হোসেন আমু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের সমন্বয়ক ও মুখপাত্র ছিলেন।

    পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর ওইদিন রাতে ঝালকাঠি শহরের রোনালস রোডের আমির হোসেন আমুর বাসায় ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

    সেসময় তার বাড়ি থেকে প্রায় চার কোটি টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

    এরপর ১৮ই অগাস্ট আমির হোসেন আমু, তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

    একই সঙ্গে সেসময় তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ।

  11. লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৮৩ জন

    দু’টো পৃথক ফ্লাইটে লেবানন থেকে আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

    বাসস-এর খবর বলছে, প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জনকে ও দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জনকে গতকাল রাতে ফেরত আনা হয়েছে।

    এ নিয়ে এখন পর্যন্ত মোট নয়টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরলেন।

    গাজায় চলমান যুদ্ধকে ঘিরে লেবাননের পরিস্থিতি অবনতি হওয়ার কারণে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফিরে আসছেন।

  12. বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

    বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ – হাব।

    আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব। সেখানে এজেন্সি মালিকরা এই ঘোষণা দেন।

    ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালে দু’টো হজ প্যাকেজ থাকবে।

    সাধারণ প্যাকেজে খরচ পড়বে পাঁচ লাখ ২৩ হাজার।

    বিশেষ প্যাকেজের মূল্য ছয় লাখ ৯৯ হাজার টাকা।

  13. নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুল হকসহ পাঁচ জনকে

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার চার থানায় হওয়া পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

    বাংলাদেশ সংবাদ সংস্থা’র খবর বলছে, এসব মামলায় গ্রেফতার হওয়া অন্যরা হলেন– সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম।

    বুধবার সকালে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

    এসময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

    আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

    আসামিদের মধ্যে কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার একটি মামলায়, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে খিলগাঁও থানার একটি মামলায়, সালমান এফ রহমানকে মিরপুর থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

    এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর ও উত্তরা পূর্ব থানার একটি করে মোট দুইটি মামলায় এবং জাহাঙ্গীর আলমকে লালবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

  14. ঢাকার রাস্তায় দোকান বসতে পারেব না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ঢাকার রাস্তায় এখন থেকে কোনও দোকান বসতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

    আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    তবে, ফুটপাতে দোকান বসতে পারবে কী না জানতে চাইলে তিনি বলেন, “রাস্তা আর ফুটপাত আলাদা জিনিস। রাস্তায় দোকানপাট বসতে পারবে না।”

    চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে উপদেষ্টা স্বীকার করেন যে চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে।

    তিনি বলেছেন, "তবে যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না।”

  15. ঢাকার প্রেসক্লাবে তাবলীগের সাদপন্থীদের সমাবেশ

    বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মাওলানা সাদের অনুসারী এবং বিরোধীদের মধ্যে উত্তজনাকর পরিস্থিতি তৈরির আভাস পাওয়া যাচ্ছে।

    বুধবার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে আসন্ন ইজতেমায় তাবলীগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভির উপস্থিতি নিশ্চিতের দাবি জানিয়েছেন তাবলীগের একটি অংশ, যারা মাওলানা সাদের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেন।

    এর আগে সকাল থেকে তারা জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেন।

    গতকাল মঙ্গলবার ঢাকায় তাবলীগের আরেক অংশ, যারা নিজেদের মাওলানা জুবায়েরপন্থী বলে পরিচয় দেন, তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন করেছেন।

    সেখানে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হলে তাকে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তাদের নেতরা।

    টঙ্গীর তুরাগ নদীর তীরে এবারে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দিন ঠিক করা হয়েছে, এতে প্রথম পর্বের ইজতেমা ৩১শে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আর দ্বিতীয় পর্বের ইজতেমা চলবে সাত থেকে নয়ই ফেব্রুয়ারি।

    তাবলীগ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদ কান্দালভির কিছু বক্তব্য ও মতবাদকে কেন্দ্র করে বাংলাদেশে তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি চলছে গত কয়েক বছর ধরে।

    ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন তাবলীগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে - যখন বাংলাদেশে তাবলীগের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়।

    ২০১৮ সালের বিশ্ব ইজতেমার সময় সাদ কান্দালভির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলে তিনি ইজতেমা প্রাঙ্গণে উপস্থিত না হয়েই দিল্লি ফিরে যান।

    সেসময় টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন।

    এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলীগ জামাত।

    ২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলীগের কার্যক্রম পরিচালনা হয়ে আসছে, এর মধ্যে প্রথম পর্বে জোবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থীরা আয়োজক হিসেবে থাকেন।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  16. ইসকন নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামে তুলকালাম

    চট্টগ্রামে হিন্দু সংগঠন ইসকনকে নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে ঘিরে শহরের হাজারী গলি নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টাব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    হিন্দু সংগঠনের নেতাদের বিক্ষোভ মিছিল একসময় বিক্ষোভকারী, পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়।

    এতে এ পর্যন্ত অন্তত সাতজন পুলিশ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

    চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানাবেন তারা।

    তবে, সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আটক হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদদাতারা।

    এছাড়া, গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

    হাজারীগলির মূল ফটকে তালা মারা আছে এবং হাজারীগলিতে সবগুলো দোকানে সিলগালা করা হয়েছে।

    সেখানকার পরিস্থিতি থমথমে বলে জানাচ্ছেন স্থানীয় সংবাদদাতারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

  17. অভিনেত্রী শমী কায়সার মাঝরাতে গ্রেফতার

    ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের সাবেক সভাপতি শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ।

    উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করে বলেছেন, উত্তরা উত্তর ও পূর্ব থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

    মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই গ্রেফতারের ঘটনা ঘটে।

    যে বাসা থেকে শমী কায়সার গ্রেফতার হয়েছেন, সেটি তার আত্মীয়ের বাসা। ওখানে মিজ কায়সার আত্মগোপনে ছিলেন।

    শমী কায়সারকে উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তিনি পূর্ব থানার হেফাজতে আছেন।

    বুধবার তাকে আদালতে তোলা হবে, বলেন পুলিশ কর্মকর্তা মি. রহমান।

    ওই হত্যাচেষ্টা মামলাও জুলাই-অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সাথে সম্পর্কিত।

    আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৪ই অগাস্ট ই-ক্যাব সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।