আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এই কর্মকর্তাদের বেশির ভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। এদিকে, বিশ্বের খবরের মধ্যে রয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
    • তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে। জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। জানাজা শুরুর আগেই মানুষের ক্রমবর্ধমান ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
    • প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।
    • ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে বলে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে।সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
    • বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুরে এক পূর্বাভাসে এ কথা বলেছে ।
    • বরিশালের ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
    • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও একইসময়ে হামের উপসর্গজনিত রোগে সাত শিশু মারা গেছে।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ৮৬ বছর বয়সে মারা গেছেন।
    • প্রায় পাঁচ মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে। দু'দেশের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন।
    • দৈনিক তেল উৎপাদনের কোটা এক লাখ ৮৮ হাজার ব্যারেল বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেছে ওপেক প্লাস(ওপেক+)তেল উৎপাদনকারী দেশগুলো।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর চার মাস পর ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর পুনরায় সচল হয়েছে।
    • বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

    ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

    রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

    এই কর্মকর্তাদের বেশির ভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

    ৩৩ জনের মধ্যে ডিআইজি পদমর্যাদার দুইজন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তারা হলেন, মোল্যা নজরুল ইসলাম এবং মোঃ সাইফুল ইসলাম।

    বাকিদের কেউ কেউ পলাতক আছেন, অনেকে বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। একইসঙ্গে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  3. উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে বলে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে।

    আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, এটি দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কি.মি. পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৮৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

    পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এই মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এর প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং এই সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

    নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে, পৃথক আরেকটি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, কক্সবাজারসহ ১৮ জেলায় দমকা বা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

    এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর পুনরায় এক নম্বর সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত একটা পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

  4. তেল উৎপাদনের কোটা বাড়িয়েছে ওপেক প্লাস

    দৈনিক তেল উৎপাদনের কোটা এক লাখ ৮৮ হাজার ব্যারেল বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেছে ওপেক প্লাস(ওপেক+)তেল উৎপাদনকারী দেশগুলো।

    ওপেক-প্লাসের সাতটি প্রধান উৎপাদনকারী দেশ, সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমানের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ওপেক-প্লাসের বিবৃতিতে বলা হয়েছে, কোটা বৃদ্ধির এই সিদ্ধান্তটি চলতি বছরের অগাস্ট মাসে অর্থাৎ এখন থেকে প্রায় এক মাস পর কার্যকর করা হবে।

    ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের তেল উৎপাদন কমিয়ে দিয়েছিল।

  5. ইরানের আব্বাস বিমানবন্দর পুনরায় সচল

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর চার মাস পর ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর পুনরায় সচল হয়েছে।

    ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদ থেকে আসা প্রথম যাত্রীবাহী ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে চার মাস পর বন্দর আব্বাস বিমানবন্দর পুনরায় সচল হয়েছে।

    বন্দর আব্বাস বিমানবন্দরের ফ্লাইটসূচিতে তেহরান, শিরায, ইয়াজদ ও মাশহাদগামী ফ্লাইটগুলো “পর্যায়ক্রমে” যুক্ত করা হবে বলে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

  6. ব্যবসায়ীর শরীরের সংবেদনশীল অংশ চেপে ধরে চেক সই করানোর অভিযোগে দুইজন গ্রেফতার

    বরিশালের ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

    বরিশালের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    গত ২৭ জুনের ওই ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি জানা যায়।

    ওই ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আব্দুল আজিজের অফিস কক্ষে চারজন যুবক ঢুকে পড়েন। তাদের মধ্যে এক যুবক আজিজকে মারধর করছেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুইটি চেক ও একটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়। মারধরের সময়ে আজিজ ‘বাচ্চু-বাচ্চু’ বলে একজনকে ডাকাডাকি করেন।

    ডাক শুনে আরেক ব্যক্তি কক্ষের মধ্যে ঢুকলে লিটুর সঙ্গীরা ধাক্কাধাক্কি করে তাকে বের করে দেন। পরে চেক ও স্টাম্প হস্তান্তরের ছবি তোলা হয়।

    কোতোয়ালী মডেল থানার ওসি মি. ইসলাম বলেন, “উনি বিজ্ঞ অআদালতে একটা প্রেয়ার(আবেদন) করেছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এই মামলার ভিত্তিতে মোস্তাফিজুর রহমান লিটুসহ তার সেকেন্ড ইন কমান্ডকে গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করে আদালতে সোপর্দ করেছি আজকেই বিকালে।”

    পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান মি. ইসলাম।

    ভুক্তভোগী মামলায় কী অভিযোগ করেছেন- জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কিছু ব্যবসায়িক লেনদেনের অভিযোগ আছে এবং চাঁদা দাবি ও চাঁদা লেনদেনের অভিযোগে মামলা করেছেন তিনি।”

  7. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও একইসময়ে হামের উপসর্গজনিত রোগে মারা গেছে সাত শিশু

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও একইসময়ে হামের উপসর্গজনিত রোগে সাত শিশু মারা গেছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    হামের উপসর্গজনিত কারণে মারা যাওয়া সাত জনের মধ্যে চার শিশুই ঢাকায় মারা গেছে।

    সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে বাকি তিন শিশু মারা গেছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গজনিত রোগে ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে মারা গেছে ৯৩ জন।

    এদিকে, ডেঙ্গুর পৃথক আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হয়ে ২৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি।

    ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৫৭ জন ভর্তি হয়েছেন।

    দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৪ ও সিলেট বিভাগের হাসপাতালগুলোতে দুইজন ভর্তি হন।

  8. প্রায় পাঁচ মাস পর ইরান ও কাতারের মধ্যে পুনরায় সমুদ্রপথে বাণিজ্য শুরু

    প্রায় পাঁচ মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে। দু'দেশের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন।

    এর মধ্যে কাতারের পরিবহন মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রকাশ করে লিখেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দু'দেশের "সব ধরনের জলযান ও জাহাজ" সমুদ্রে চলাচল করতে পারবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

    অন্যদিকে, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টা আব্বাস আবদুলখানিও খবরটি নিশ্চিত করেছেন।

    “দোহায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্রের দূতাবাসের নিরন্তর তত্ত্বাবধান এবং কাতার সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে দেইয়ার এবং আল রুওয়াইস বন্দরের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন পুনরায় শুরু হয়েছে," ইরানের গণমাধ্যমকে বলেছেন মি. আবদুলখানি।

    গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতারের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বন্ধ হয়ে পড়ে।

    এখন এমন এক সময় দু'দেশের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হওয়ার কথা জানা যাচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান।

  9. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ৮৬ বছর বয়সে মারা গেছেন।

    রোববার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

    "দুপুরে উনি পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ অসুস্থবোধ করায় পাশেই একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন বলে আমরা জেনেছি," বলেন অধ্যাপক আজম।

    অধ্যাপক হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া গ্রামে।

    একাধারে প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য সমালোচক এই শিক্ষক তার কর্মজীবনে ২০টিরও বেশি বই লিখেছেন। সেগুলোর মধ্যে ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’ ‘সংস্কৃতির সহজ কথা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

    সেইসঙ্গে, ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দু'টি সাময়িকপত্রের সম্পাদনাও করতেন তিনি। ছিলেন সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে সোচ্চার 'রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি'র আহ্বায়ক।

    নিজের কাজের স্বীকৃতি হিসেবে অধ্যাপক হককে ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে তাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি নিযুক্ত করে সরকার।

    তার একমাত্র ছেলে ফয়সল আরেফিন দীপন ২০১৫ সালের ৩১ই অক্টোবর ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠানে হত্যার শিকার হন।

  10. কয়েকটি জেলায় ভারি বর্ষণের আভাস, পাহাড় ধসের আশঙ্কা

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

    সেই সাথে অতি বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক বা অস্থায়ীভাবে জলাবদ্ধতা এবং ভূমিধস হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুরে এক পূর্বাভাসে এ কথা বলেছে ।

    রোববার দুপুর একটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

    টানা বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িকভাবে বা অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

    পাশাপাশি অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

    অন্যদিকে, বর্তমানে বিভিন্ন জেলায় যে মৃদু তাপপ্রবাহ চলছে, বৃষ্টির ফলে সেটি কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  11. আয়কর নিরীক্ষা থেকে অব্যাহতির নামে প্রতারণার বিষয়ে সতর্ক করল এনবিআর

    আয়কর নথি নিরীক্ষা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে করদাতাদের কাছে টাকা দাবি করছে প্রতারকদের একটি চক্র। এ ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করেছে জাতীয় রাস্ব বোর্ড (এনবিআর)।

    রোববার সকালে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে এনবিআর।

    সেখানে বলা হয়েছে, এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি নিরীক্ষার বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতাদের কারো সঙ্গে যোগাযোগ করেন না।

    নিরীক্ষার জন্য ফাইল নির্বাচিত হলে নিয়মানুযায়ী সেটা লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।

    ফলে কেউ যদি এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করেন, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বিষয়টি জানানোর অনুরোধ জানিয়েছে এনবিআর।

  12. ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২১শে জুলাই

    ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

    এবিষয়ে আদেশ হওয়ার জন্য আগামী ২১শে জুলাই দিন ধার্য করেছে আদালত।

    রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিচারক বি এম তারিকুল কবির শুনানি শেষে এ আদেশ দেন।

    শুনানির আগে কারাগার থেকে মি. রহমানকে আদালতে হাজির করা হয়। আদালতের কাছে তিনি নিজেকে নির্দোষ করে করেন।

    ২০২৩ সালের কোরবানি ঈদের আগে মি. রহমানের ছেলে ১৫ লাখ টাকায় ছাগল কিনলে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। ঘুস ও দুর্নীতির অভিযোগ ওঠে মতিউর রহমানের বিরুদ্ধে।

    পরে অভিযোগ তদন্ত করে ২০২৪ সালে মি. রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দু'টি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

    ২০২৫ সালের ১৪ই জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মি. রহমানকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

  13. 'ইরানের সেনাবাহিনীকে আমরা ধ্বংস করে দিয়েছি' ডোনাল্ড ট্রাম্পের দাবি

    ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তবে, সেনাবাহিনীকে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা দেননি মি. ট্রাম্প।

    এদিকে, আজই স্থানীয় সময় সকাল আটটায় তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভাষণে মি. ট্রাম্প বলেছেন, “মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মত সুসংহত আর কোনদিনই ছিল না।”

    বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনানদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

    ৪০ মিনিট দীর্ঘ ভাষণে মি. ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদে আমেরিকার অর্থনৈতিক সক্ষমতা ও স্বাধীনতা, সেনাবাহিনীর ক্ষমতা ও সাফল্যের প্রশংসা এবং ‘কমিউনিস্টদের’ সমালোচনা করেন।

    প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন মি. ট্রাম্প।

    অনুষ্ঠানে আতশবাজি ফোটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।

  14. আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তেহরানে জনসমুদ্র

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। জানাজা শুরুর আগেই প্রিয় নেতাকে বিদায় জানাতে আসা মানুষের ক্রমবর্ধমান ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।

    রোববার ভোর থেকেই জানাজাস্থল তেহরানের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও আর আশপাশের এলাকায় সমবেত হতে থাকেন লাখো নারী-পুরুষ।

    স্থান সংকুলান না হওয়ায় জানাজা শুরুর এক ঘণ্টা আগেই মসজিদ কমপ্লেক্সটির সবকটি ফটক বন্ধ করে দেওয়া হয় বলে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে।

    পরে মসজিদের আশেপাশের সড়ক ও উন্মুক্ত স্থানগুলোতে অবস্থান নেন জানাজার নামাজ পড়তে আসা মানুষেরা। জানাজার আগে সেসব জায়গাও কানায় কানায় ভরে যায়।

    জানাজা উপলক্ষে গোটা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি লক্ষ্য করা গেছে।

    স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়।

    শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন।

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি জানায় অংশ নেন।

    আরও ছিলেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি।

    তারা ছাড়াও জানাজা নামাজের সামনের সারিতে উপস্থিত ছিলেন আলী খামেনির তিন ছেলে - মাসুদ, মাইসাম এবং মুস্তফা।

    তবে, অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তাদের আরেক ভাই ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা যাচ্ছে।

    তবে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির একজন উপদেষ্টা মোহাম্মদ আলি আবতাহি অভিযোগ করেছেন, বিরোধী রাজনীতিক ও সাবেক কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হয়নি।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    চার মাসেরও বেশি সময় পর তার দাফন সম্পন্ন হতে যাচ্ছে। এজন্য ছয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের নানা অনুষ্ঠান পালনের ঘোষণা দিয়েছে তেহরান।

    গত শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

    শনিবার সকাল স্থানীয় সময় ভোর ছয়টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

    কয়েক দফা জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে আগামী বৃহস্পতিবার আলী খামেনিকে দাফন করার কথা রয়েছে।

  15. আলী খামেনির জানাজায় ছিলেন না ইরানের শীর্ষনেতা মোজতবা খামেনি

    রোববার সকালে তেহরানের কেন্দ্রীয় মসজিদে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।

    অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা যাচ্ছে।

    তবে তার অন্য তিন ভাই মেইসাম, মাসুদ এবং মুস্তফা বাবার জানাজায় অংশ নিয়েছেন। তাদেরকে জানাজা নামাজের সামনের সারিতেই দেখা গেছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    হামলায় আলী খামেনি ছাড়াও তার জামাতা এবং নাতনিসহ পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

    এরপর মোজতবা খামেনিকে ইরানে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

  16. সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

    রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

    এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।

    বিষয়টি অনতিবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

    প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি অনুষ্ঠান এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড তৈরি করার প্রচলন রয়েছে।

    বিষয়টি নিয়ে নানা সময়ে আলোচনা ও সমালোচনাও হয়েছে।

  17. দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

    অনেকদিন পর জনসম্মুখে দেখা গেল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।

    রোববার সকালে তেহরানের একটি মসজিদে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় মি. ভাহিদি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

    যুদ্ধের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসি'র তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয় বলে জানা যায়।

    এরপর জেনারেল ভাহিদিকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে।

    দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরএনএ প্রকাশিত একটি ভিডিওতেও জেনারেল ভাহিদিকে কালো টুপি মাথায় দিয়ে জানাজা অনুষ্ঠানে দেখা গেছে।

  18. এটি আমেরিকার স্বর্ণযুগের সূচনামাত্র: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ওয়াশিংটন ডিসি’র ন্যাশনাল মলে দেওয়া ওই ভাষণে তার শাসনামলের নানান অর্জন তুলে ধরে মি. ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র তার স্বর্ণযুগে প্রবেশ করেছে।

    “এটি কেবল আমেরিকার স্বর্ণযুগের ভোর, যার নিয়তি লিখে দিয়েছেন ঈশ্বর,” বলেন ট্রাম্প।

    পূর্ব নির্ধারিত এই ভাষণ শোনার জন্য অসংখ্য মার্কিন নাগরিক সভাস্থলে একত্রিত হন। বৈরি আবহাওয়ার মধ্যেই তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।

    গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিদ্যুৎ চমকানির মধ্যেই মি. ট্রাস্প ন্যাশনাল মলে এসে পৌছালে হাজার হাজার মানুষ তাকে হাত তালি দিয়ে স্বাগত জানান।

    প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প তার শাসনামলের অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন।

    এর মধ্যে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। ভোট দেওয়ার জন্য নাগরিকত্ব ও পরিচয়পত্রের প্রমাণ বাধ্যতামূলক করে আইনটি পাস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

    সেইসঙ্গে আরও জানান যে, অসুস্থতা, সামরিক মোতায়েন বা অন্যান্য ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো নিষিদ্ধ করবে তার সরকার।

    ভাষণে বারবার ‘সাম্যবাদের প্রেতাত্মা’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায় ট্রাম্পকে। সাম্যবাদকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন সেটা “অবশ্যই ছেঁটে ফেলতে হবে” বলে মন্তব্য করেন তিনি।

    আর্টেমিস ২-এর ক্রুদেরকে মঞ্চে হাজির করেন ট্রাম্প। এরপর তাদের হাতে বিশেষ পতাকা তুলে দেওয়া হয়।

    প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সভাস্থলে আসার জন্য উপস্থিত জনতাকে ধন্যবাদ দেন ট্রাম্প, তারপর “ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন," বলে ভাষণ শেষ করেন।

    অনুষ্ঠানে আতশবাজি ফুটানোর পাশাপাশি আকাশে যুদ্ধবিমানের বিশেষ প্রদর্শনীও দেখানো হয়।

  19. তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত

    তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন। গতকালই জানিয়ে দেয়া হয়েছিল যে মোজতবা খামেনি পিতার জানাজা পড়াবেন না।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই জানাজা উপলক্ষে শুক্রবার থেকেই তেহরান মসজিদে কড়া নিরাপত্তা জারি করা হয়।

    আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর, দেশটিতে তার জন্য ছয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করা হয়।

    শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

    শনিবার সকাল স্থানীয় সময় ভোর ছয়টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, সেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

    ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি ধর্মীয় পরিবারে ১৯৩৯ সালের ১৯শে এপ্রিল জন্ম হয়েছিল আলী খামেনির। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

    এই মাশহাদেই বৃহস্পতিবার তাকে দাফন করা হবে।

    তার বাবা সৈয়দ জওয়াদ খামেনি ছিলেন স্থানীয়ভাবে সুপরিচিত একজন শিয়া পণ্ডিত। মা খাদিজে মির্দামাদীও একজন ধার্মিক নারী ছিলেন।

  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে