আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি

নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। আজ ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এদিকে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে দাবি করেছে বিএনপি। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার দিনের উল্লেখযোগ্য ঘটনা...

    • ময়মনসিংহের ভালুকায় অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে জামায়াত নেতা-কর্মীদের দাবির মুখে পুলিশ গ্রেফতার করেছে এক ব্যক্তিকে। আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তি বাংলাদেশে 'যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের' স্থানীয় পর্যায়ের সংগঠক ছিলেন বলে জানা গেছে।
    • জাতীয় নির্বাচনের আগে 'গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত' মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি।
    • নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। বৃহস্পতিবার ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
    • রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না, বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
    • জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন।
    • প্রতীকের তালিকায় শাপলা কলির অন্তর্ভুক্তির সঙ্গে কোনো রাজনৈতিক দলের দাবির বিষয় প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
    • শাপলা প্রশ্নে এনসিপি আপসহীন বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কমিশন কীসের ভিত্তিতে শাপলা কলি নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি মূল পাতায়...

  2. ময়মনসিংহে জামায়াতের নেতা-কর্মীদের দাবির মুখে গ্রেফতার গণজাগরণ মঞ্চের নেতা

    ময়মনসিংহের ভালুকায় অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তি বাংলাদেশে 'যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের' স্থানীয় পর্যায়ের সংগঠক ছিলেন বলে জানা গেছে।

    ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাকে 'রাজনৈতিক মামলায়' গ্রেপ্তার করা হয়েছে।

    রাজনৈতিক মামলা বলতে ঠিক কী ধরনের অপরাধের মামলা এমন প্রশ্নে তিনি বলেন, এটিকে তারা 'রাজনৈতিক মামলাই' বলে থাকেন। তবে, মামলায় মি. আজাদের নাম ছিল না, অজ্ঞাত ব্যক্তি হিসেবে সম্পৃক্ততার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান সুমন বিবিসি বাংলাকে জানান, বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ পিস্তলের লাইসেন্স নবায়ন করতে ভালুকা মডেল থানায় যান। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা থানায় জড়ো হয়ে তাকে গ্রেফতারের দাবি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে।

    মি. আজাদ বামপন্থি রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন বলে জানান তিনি।

    জামায়াত নেতা-কর্মীদের দাবির মুখে গ্রেফতারের বিষয়ে প্রশ্নের জবাবে থানার ওসি বলেন, "কেউ না কেউ তো তথ্য দিয়ে সহায়তা করে।"

    ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বিবিসি বাংলাকে বলেন, "গণজাগরণের মঞ্চের সময় উনি(আবুল কালাম আজাদ) সবসময় টিভিতে বক্তৃতা দিয়েছে, ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত ছিল। তাদের কারণে, যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তির ফাঁসির রায় হয়েছিল।"

    এ কারণেই তাকে গ্রেফতারের দাবি জানান জামায়াতের নেতাকর্মীরা, বলেন মি. পাঠান।

  3. শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল, এটি এক ধরনের বৈষম্য - সামান্তা শারমিন

    জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, "কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।"

    বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে মিজ শারমিন বলেন, এটি এক ধরনের বৈষম্য।

    এনসিপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুবশক্তির আয়োজনে এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

    যদিও, ইসি শাপলা কলিকে তালিকাভুক্ত করলেও, এখনো কোনো দলকে এই প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করেনি।

    সেমিনারে এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন কীসের ভিত্তিতে শাপলা কলি নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়।

    "তবে শাপলা প্রশ্নে আমরা আপসহীন," যোগ করেন তিনি।

    মি. পাটওয়ারী আরো বলেন, "ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিন্মকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।"

  4. শাপলা কলির সঙ্গে কোনো দলের দাবির বিষয় প্রাসঙ্গিক নয় - ইসি সচিব, 'শাপলা আর শাপলা কলির ভিতর পার্থক্য আছে'

    নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তালিকার কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় সেগুলো বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করা হয়েছে, যার মধ্যে শাপলা কলিও রয়েছে। এর সঙ্গে কারোর কোনো দাবির বিষয় প্রাসঙ্গিক নয়।

    বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা প্রতীকের তালিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    "শাপলা আর শাপলা কলির ভিতর পার্থক্য আছে," যোগ করেন মি. আহমেদ।

    ইসি সচিব জানান, আগের ১১৫ টি প্রতীক থেকে ১৬ টি বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করার পর তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে ১১৯।

    "নির্বাচন কমিশন মনে করেছে সংশোধন করা দরকার, তাই করেছে," বলেন তিনি।

    দাবি করেন, "কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীনতা আছে বলেই তালিকা সংশোধন করেছে।"

  5. নভেম্বরের মধ্যে গণভোট চেয়ে ইসিকে জামায়াতসহ আট দলের স্মারকলিপি

    নির্বাচন কমিশনের কাছে নভেম্বর মাসের মধ্যেই জুলাই সনদের ওপর গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

    গণভোটসহ পাঁচ দাবিতে বৃহস্পতিবার কমিশনে স্মারকলিপি জমা দেয় তারা।

    ঢাকার আগারগাঁওয়ে একটি সমাবেশের পর মিছিল নিয়ে দলগুলো স্মারকলিপি দিতে যায়।

    সমমনা অন্য দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

  6. জাতীয় নির্বাচনের আগে গণভােট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত

    জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে।

    মি. তাহের আরো বলেন, সংবিধান সংস্কারে কমিশনের প্রস্তাব পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় তার দল।

    জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যেতে চায় কি না, সামাজিক মাধ্যমে এমন সংশয় তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির নায়েবে আমির।

    জাতীয় ঐকমত্য কমিশন, একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার যে অভিযোগ কোনো কোনো দলের পক্ষ থেকে তোলা হচ্ছে, তার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, দাবি করেন মি. তাহের।

  7. রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না - আসিফ নজরুল

    রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না, বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    "২৭০ দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক," বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলছিলেন আইন উপদেষ্টা।

    সংবাদ সম্মেলনে, গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে হবে, তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা সে ব্যাপারেও প্রশ্ন করা হয়।

    আসিফ নজরুল বলেন, গণভোটের সময়ের ক্ষেত্রে দুইটি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

  8. নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

    নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। আজ ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    ইসি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, শাপলা কলি, সিঁড়ি, সূর্যমুখি, হ্যান্ডশেক–– নতুন এই চারটি প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে।

    প্রসঙ্গত, দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে।

    প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন।

    শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন।

    তবে এনসিপি শাপলার দাবিতেই অনড় ছিল।

    এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিবিসি বাংলাকে জানান, তারা মাত্রই ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এই প্রতীক নেবেন কি না সেব্যাপারে দলীয় ফারামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

    তিনি আরও বলেন, কীভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হচ্ছে- এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে।

  9. নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি, শেখ মুজিবের ছবির বিধানসহ জুলাই সনদের কয়েকটি দফা বিএনপি'র অগোচরে সংশোধন করা হয়েছে

    জাতীয় নির্বাচনের আগে 'গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত' মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি

    জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা বিএনপি'র অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। যার অন্যতম, শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার ব্যাপারে ঐকমত্য হলেও সনদে তা অন্তর্ভূক্ত করা হয়নি।

    বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে 'একপেশে' উল্লেখ করে, "তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে" বলেও মন্তব্য করেন মি. আলমগীর।

    সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকে, 'সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর' বলেও মনে করে বিএনপি।

  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে