বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার এক মাস পূর্ন হয়েছে আজ। এ উপলক্ষ্যে ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্মরণে শহীদী মার্চ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবারের সারাদিনের খবরাখবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়।
সার সংক্ষেপ
গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি 'অবন্ধুত্বসুলভ' আচরণ।
শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি হয়েছে বৃহস্পতিবার। আন্দোলনে নিহতদের স্মরণে 'শহীদী মার্চ' করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনার
ইসলামের নবীকে নিয়ে 'কটূক্তি' করার অভিযোগে খুলনায় এক কিশোর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গণপিটুনির শিকার হয়েছে।
বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে হাইকোর্টের রুল জারি
সরাসরি কভারেজ
বৃহস্পতিবার যা যা ঘটেছে
গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে” বলেও জানান উপদেষ্টা মাহমুদ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসা দেবার বিষয়টি তার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক লিখিত বার্তায় একথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, যে সুযোগ ছাত্র-জনতা তৈরি করে দিয়েছেন সে সুযোগ কখনো হাতছাড়া হতে দেবেন না। একটি 'নতুন যুগের সূচনা' করতে চান বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।
এর আগে অধ্যাপক ইউনূস ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি 'অবন্ধুত্বসুলভ' আচরণ বলে অধ্যাপক ইউনূস উল্লেখ করেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছেন।
শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস উপলক্ষে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হয়ে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ কর্মসূচি শেষ হয়।
হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে যোগ দিয়েছে।
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তানসহ পরিবারের পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, ছেলে সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন এবং মো. শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে কটুক্তির অভিযোগে খুলনায় শ্রী উৎসব নামের এক ব্যক্তিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে ঢুকে মারধর করেছে বিক্ষুব্ধ জনগণ। তবে সেনাবাহিনী তাকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ওই ব্যক্তি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। একইসাথে আশঙ্কামুক্ত তিনি।
গণভবনকে 'জুলাই স্মৃতি জাদুঘর' করা হবে
গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার
সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে
জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
সন্ধ্যায়
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, “ গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ইতোপূর্বে
পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মেইড ইন মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি
গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য। পৃথিবীতে আরো বিভিন্ন
জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটি নিব”।
“কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী
সময়ের অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি
সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেয়া হবে। গণপূর্ত
মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে” বলেও জানান উপদেষ্টা
মাহমুদ।
একইসাথে
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে মি. মাহমুদ বলেন, “দলের বিচারের ব্যাপারে কোন
সিদ্ধান্ত হয় নি। বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে। আইন মন্ত্রণালয়
খুব দ্রুতই একটা সুস্পষ্ট রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন
করবে”।
সাংবাদিকদের
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে। যেহেতু একটা
গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এ দেশে। সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে
ফিরতে দেয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে, এটা জনগণের সিদ্ধান্ত”।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দোসরা সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেয়া এক ভিডিও বার্তায় গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির কথা বলেছিলেন।
ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করবে।
একইসাথে
বাংলাদেশ এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্তের
মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান
জানিয়েছে।
গত পহেলা সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হন মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণা
দাস।
সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত ও অযৌক্তিক বলে বাংলাদেশ সরকার তাদের
জানায়। এ ধরনের কর্মকাণ্ড জয়েন্ট ইন্দো-বাংলাদেশ গাইডলাইস ফর বর্ডার অথোরিটিস
১৯৭৫ এর বিধানের লঙ্ঘন।
বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ স্বার্থ
সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত
নিয়েছে সিআইডি।
এক খুদে বার্তায় সিআইডি
জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস, নালা, নদীসহ
আটশ একর (দুই হাজার চারশ বিঘা) এবং ভাওয়াল রাজ এস্টেটের দুইশ ১৬ একরসহ মোট এক
হাজার ১৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে।
সিআইডি জানিয়েছে, বাংলাদেশের
স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম
সোবহান আনভীর। উক্ত সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরী
করে প্রায়শই স্বর্ণের বাজার অস্থিতিশীল করে তোলার তথ্য পাওয়া যায়।
এ বার্তায় আরো বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন
প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, জাল
জালিয়াতি, শূল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি, আন্ডার ইনভয়েসিং/ওভার ইনভয়েসিং করে হাজার হাজার কোটি
টাকা আত্মসাৎ ও পাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মানিলন্ডারিং অনুসন্ধানের
সিদ্ধান্ত নিয়েছে সিআইডি।
সুযোগ হাতছাড়া হতে দেব না, নতুন যুগের সূচনা করতে চাই - ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসা দেবার বিষয়টি তার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
তিনি বলেন, আহত শতশত মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং শহীদ পরিবারের দেখা শোনার জন্য একটি ফাউন্ডেশন তৈরির কাজ শেষ পর্যায়ে আছে।
আন্দোলনে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, মূল তালিকা হয়ে গেছে। এখন শুধু দূর -দূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলিতে পূর্ণাঙ্গতা দেয়া হচ্ছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক লিখিত বার্তায় একথা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হল বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করবো তাদের চোখের আলো ফিরিয়ে দিতে”।
"তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংগঠিত হয়েছে। শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন। আমাদের বাংলাদেশকে এর পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের”।
অধ্যাপক ইউনূস বলেছেন, “যে সুযোগ তারা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন সে সুযোগ আমরা কখনো হাতছাড়া হতে দেব না। আজ তাদের স্মৃতিময় দিনে আবারো প্রতিজ্ঞা করলাম তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ আমরা গড়বোই”।
তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে অধ্যাপক ইউনূস বলে, “ শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই”।
তরুণদের এখন ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। তাই এখন সময় পড়াশোনায় ফেরার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি তোমাদের ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার”।
অন্তর্বর্তী সরকারের একমাসের কাজ তুলে ধরে বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস।
তিনি বলেন, “আমাদের প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এদেশে এসেছেন এবং তাদের কাজ শুরু করে দিয়েছেন”।
দেশ থেকে যে পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে চান উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা খুনিদের প্রত্যর্পণ এবং স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা দেশে ফিরিয়ে আনতে চাই। এজন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু করেছি”।
সম্প্রতি বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “ ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত ‘গুম সংস্কৃতি’র সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি”।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, অধ্যাপক ইউনূস
ঢাবির সাবেক উপাচার্য এস এম এ ফায়েজকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস
এম এ ফায়েজকে নিয়োগ দেয়া হয়েছে।
আগামী চার বছরের জন্য
তাকে এ নিয়োগ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ আদেশ তার যোগদানের
তারিখ থেকে কার্যকর হবে।
এরই মধ্যে ইউজিসিতে যোগদান করেছেন অধ্যাপক ফায়েজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ
বিভাগের সাবেক এই অধ্যাপক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালে ড. ফায়েজ ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান। তিনি ছয় বছর দায়িত্ব পালন করেন।
শেখ হাসিনা সরকার পতনের পর গত ১১ই অগাস্ট ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ
করেছেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
ছবির উৎস, UGC
ছবির ক্যাপশান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক এস এম এ ফায়েজ
ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে
কটুক্তির অভিযোগে খুলনায় শ্রী উৎসব নামের এক ব্যক্তিকে পুলিশ কমিশনারের কার্যালয়ে
ঢুকে মারধর করেছে বিক্ষুব্ধ জনগণ। তবে সেনাবাহিনী তাকে জীবিত উদ্ধার করেছে বলে
জানিয়েছে আইএসপিআর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, বর্তমানে ওই ব্যক্তি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। একইসাথে
আশঙ্কামুক্ত তিনি।
আইএসপিআর জানিয়েছে, ধর্মীয় মূল্যবোধে আঘাতের কারণে ওই
ব্যক্তির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুস্থ হলে তার
বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাকে
হস্তান্তর করা হবে।
একইসাথে সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকান্ড রোধ ও
আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট বলে উল্লেখ করা হয়েছে সংবাদ
বিজ্ঞপ্তিতে।
এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই ব্যক্তির মৃত্যু
সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করেছে আইএসপিআর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
গত চৌঠা সেপ্টেম্বর জনৈক শ্রী উৎসব (বয়স- ২২ বছর) ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে। পরে
তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে খুলনা ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত
হয়।
পরবর্তীতে ওই স্থানে তিন থেকে সাড়ে
তিন হাজার স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে এ বিজ্ঞপ্তিতে উল্লেখ
করা হয়েছে।
একই সাথে ওই ব্যক্তিকে
প্রকাশ্যে শাস্তি দেয়ার জন্য তারা আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে
সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা ডেপুটি
পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে ওই ব্যক্তির উপর আক্রমন চালায়। সশস্ত্র
বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে আইএসপিআর।
সাবেক স্পিকার শিরীন শারমিনসহ পরিবারের ব্যাংক হিসাব তলব
জাতীয় সংসদের সাবেক
স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তানসহ পরিবারের পাঁচজনের ব্যাংক
হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক
গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের বিভিন্ন ব্যাংক
ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
চিঠিতে শিরীন শারমিন চৌধুরী,
তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, ছেলে সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন
এবং মো. শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
২০১৩ সালের ৩০শে এপ্রিল
স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে
ছিলেন। গত দোসরা সেপ্টেম্বর স্পিকার হিসেবে পদত্যাগ করেন তিনি।
বাংলাদেশের প্রথম নারী
স্পিকার ছিলেন তিনি।
রংপুরের তার বিরুদ্ধে
হত্যা মামলা হয়েছে বলে বাংলাদেশের গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
ছবির উৎস, BSS
ছবির ক্যাপশান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী
হারিছ চৌধুরী মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
বিএনপি নেতা হারিছ চৌধুরীর
মরদেহ কবর থেকে তুলে পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
২০০৭ সালে জরুরি অবস্থা
ঘোষণার পর সিলেটের কানাইঘাটে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। যৌথবাহিনীর অভিযান
চলাকালে ওই বছরের ২৯শে জানুয়ারি সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে
জানা যায়। তবে এরপর থেকে হারিছ চৌধুরীর অবস্থান নিশ্চিত ছিল না।
বেক্সিমকো গ্রুপের সব
সম্পত্তি দেখভালের জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে
কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয়।
এছাড়াও বেক্সিমকো গ্রুপের 'বিদেশে পাচার করা' অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার
নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বেক্সিমকো গ্রুপের বকেয়া
ঋণ কত রয়েছে সে বিষয়ে প্রতিবেদন দিতেও রুল দিয়েছে হাইকোর্ট।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের
বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান
বেক্সিমকো।
এরই মধ্যে
সালমান এফ রহমানের নিয়ন্ত্রনাধীন আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ
ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন তিনি।
শেখ হাসিনা পদত্যাগ ও ভারতে পালিয়ে যাবার পর গত ১৩ই অগাস্ট গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে। পরে রাজধানীর
নিউমার্কেট থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তা্র দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।
‘শহীদী মার্চ’ কর্মসূচি শুরু
শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস উপলক্ষ্যে ‘শহীদী মার্চ’ কর্মসূচি
শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। শত শত মানুষ এ কর্মসূচিতে
যোগ দিয়েছে।
এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও
সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে
কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ কর্মসূচি শেষ হবে।
ছাত্র –জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষ্যে সারাদেশে ইউনিয়ন থেকে
থানা পর্যায়ে এ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, যারা নিহত হয়েছেন,
যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচী।
গত পাঁচই অগাস্ট তুমুল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ
করে ভারতে পালিয়ে যান।
ছবির ক্যাপশান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি শুরু
ছবির ক্যাপশান, রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে কর্মসূচি
ভারতে বসে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে - পিটিআইকে ইউনূস
ছবির উৎস, get
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
বলেছেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ
হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি "অবন্ধুত্বসুলভ" আচরণ।
ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের কাছে ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে।
তিনি বলেন, "বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে যে তাকে চুপ
থাকতে হবে।"
ঢাকায় তার সরকারি বাসভবনে পিটিআইকে এ সাক্ষাৎকার দেন অধ্যাপক ইউনূস।
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস।
পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে শক্তিশালী
সম্পর্ককে গুরুত্ব দেয়।
"তবে দিল্লিকে 'আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক
দলকেই ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা' এবং 'শেখ হাসিনা ছাড়া দেশটি
আফগানিস্তানে পরিণত হবে' - এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে," বলেন অধ্যাপক ইউনূস।
অধ্যাপক ইউনূসকে নোবেল বিজয়ীদের অভিনন্দন
অধ্যাপক
মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপানো
হয়েছে নোবেল বিজয়ীদের, নির্বাচিত প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃত্বের
তরফ থেকে।
সেখানে স্বৈরাচারের চাপে তার ভোগান্তির কথা উল্লেখ করে বলা হয় গণতান্ত্রিক
শক্তি ও শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিবাদের বদৌলতে ‘আশা’ দিয়ে ‘একনায়কতন্ত্র’ প্রতিস্থাপিত হয়েছে।
দেশকে উপরে
তুলে ধরতে অধ্যাপক ইউনূস এখন মুক্তভাবে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অন্তর্বর্তী
সরকারের সমর্থনে বা যে কোনও প্রয়োজনে তারা পাশে থাকবেন বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মানবাধিকারকর্মী শিরিন এবাদি, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরসহ ৯২ জন নোবেল বিজয়ী।
এর আগেও
তাকে নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটন পোস্টে বিবৃতি দেয়া হয়েছিল।
সেই বিবৃতির সমালোচনা করেছিল বিগত সরকার। গত জানুয়ারি মাসে
তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, এটি ‘ওয়াশিংটন পোস্টে
নিউজ নয়, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কোনো অফিস
ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে।’
ছবির উৎস, Washington Post
পদত্যাগের ঘোষণা প্রধান নির্বাচন কমিশনারের, '২০২৪ সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি'
প্রধান
নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাজী হাবিবুল
আউয়াল।
বিএনপিসহ
সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় ২০২৪ সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি
বলে স্বীকার করেছেন তিনি।
“নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজেই এই নির্বাচনকে সরকারিভাবে
প্রভাবিত করার কোনও আবশ্যকতা ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি...” বলেন মিঃ
আউয়াল।
যদিও অতীতের মতো ২০২৪ এর নির্বাচন ব্যাপক বিতর্কিত হয়নি বলে
দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে
বাংলাদেশের ইতিহাসের নির্বাচনগুলো নিয়ে বলতে গিয়ে তিনি বলেন “২০১৪ সালের নির্বাচনে বিএনপিসহ
অনেক দল অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও ২০২৪ সালের অনুরূপ অংশগ্রহণমূলক
বা অন্তর্ভুক্তিমূলক হয়নি।”
নির্বাচন
পদ্ধতিতে সংস্কারের প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের
কিছু প্রস্তাবনা রাখেন। এর মাঝে “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে” নির্বাচন হলে
উদ্দেশ্য আরও সুনিশ্চিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্য শেষ হলে সাংবাদিকরা প্রশ্ন করতে থাকলেও উত্তর না
দিয়ে উঠে চলে যান তিনি।
কারামুক্ত দুর্নীতিতে আলোচিত সাহেদ
রিজেন্ট
হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জামিনে ছাড়া হয়েছে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগার
থেকে নিশ্চিত করা হয়েছে।
বিভিন্ন
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে তার বিরুদ্ধে ৯৬ টি মামলা ছিল যার মাঝে পাঁচটি মামলায় তিনি
সাজাপ্রাপ্ত আসামি।
কোভিড-১৯
মহামারির সময় রিজেন্ট হাসপাতাল জালিয়াতির ঘটনা সামনে আসে। হাসপাতালে নমুনা পরীক্ষা
ছাড়াই টেস্টের ভুয়া ফলাফল, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের তার
ছবি, প্রতারণার মাধ্যমে মানুষের টাকা আত্মসাতের বিষয়ে ব্যাপক
আলোচনা সৃষ্টি হয়।
সেসময় র্যাব
জানায় বোরকা পরে ছদ্মবেশে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ১৫ই জুলাই
তাকে গ্রেফতার করা হয়।
অস্ত্র
আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছিল।
ছবির উৎস, RAB
ছবির ক্যাপশান, র্যাবের হাতে আটকের পর মোহাম্মদ সাহেদ
শহীদ ও আহতদের স্মরণে সারা দেশে ‘শহীদী মার্চ’
শিক্ষার্থী বিক্ষোভের মুখে শেখ
হাসিনার সরকার পতনের এক মাস পূর্তিতে ছাত্র আন্দোলনে
শহীদ ও আহতদের স্মরণে দেশে ‘শহীদী মার্চ’ পালন
করার ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বিকাল ৩ টায়
কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কর্মসূচি শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
নীলক্ষেত, নিউমার্কেট,
কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া
অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে
কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।
শেখ হাসিনার পতনের এক মাস
৫ই অগাস্ট দুপুর নাগাদ পদত্যাগ
করে দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এরপর থেকে সেখানেই আছেন
তিনি।
শিক্ষার্থী বিক্ষোভের শুরু হয়েছিল
জুলাই মাসের শুরুতে উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের
দাবিতে। ২০১৮ সালে কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন বাতিল করে আদালত।
তবে আলোচনা বা রাজনৈতিক সমাধানের
পথে না গিয়ে আন্দোলন দমনে বলপ্রয়োগ করতে থাকে সারকার। সরকারের একের পর এক বক্তব্য, আইনশৃঙ্খলা
বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের মাধ্যমে আন্দোলন দমন এবং প্রতিবাদকারীদের দিকে গুলি
চালানোর মতো ঘটনা পরিস্থিতি আরও জটিল করতে থাকে এবং বিক্ষোভ এক গণআন্দোলনে রূপ
নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট
বন্ধ রেখে কারফিউ জারি করলেও আন্দোলন থামেনি। পাঁচ সপ্তাহে শত-শত মানুষের
মৃত্যু হয়, যার পূর্ণাঙ্গ হিসেব এখনো পাওয়া যায়নি। দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি রক্তপাতের মধ্য দিয়ে পতন ঘটে
সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের।
৫ই অগাস্ট সরকার পতনের খবরে গণভবন, প্রধানমন্ত্রীর
কার্যালয়, সংসদ ভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দখল,
ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে।