আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দাম বেড়েছে ভোজ্যতেলের, কার্যকর সোমবার থেকে

ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে, সোমবার থেকে মূল্যবদ্ধি কার্যকর করা হবে। ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান করবে দুদক। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ - ১ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
    • জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে, নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার প্রচারের কথা ইঙ্গিত করে মি. রহমান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরে নিজ দলের নেতা-কর্মী ও জনগণকে তা মনে রাখার আহ্বান জানান।
    • ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
    • নির্বাচনী দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
    • ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
    • পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টারের ভেতরে বস্তাবন্দী করে আট কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে জামিন দিয়েছে আদালত।
    • 'রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ' বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ - ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
    • অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
    • প্রস্তাবিত ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে দুপুর একটা থেকে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হাইকোর্ট থেকে শিক্ষা ভবনগামী সড়কটিতে রাতেও অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একটু স্ট্যাবল’ হয়েছে: মির্জা আব্বাস

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একটু স্ট্যাবল’ হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস।

    রাজধানীর মালিবাগে মিজ জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

    মি. আব্বাস বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে একটু স্ট্যাবল হয়েছেন খবর পেয়েছি।”

    এদিকে, বাংলাদেশের কয়েকটি টেলিভিশনে মিজ জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, তার সিটিস্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক।

    মেডিকেল বোর্ডের বরাত দিয়ে এ তথ্য প্রচার করছে টেলিভিশনগুলো।

    খালেদা জিয়া গত ২৩শে নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।

  3. দাম বেড়েছে ভোজ্যতেলের, কার্যকর সোমবার থেকে

    ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে বাংলাদেশে। সোমবার থেকে এই মূল্যবদ্ধি কার্যকর করা হবে।

    রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অংএল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।

    নতুন দাম অনুযায়ী এখন বোতলজাত সয়াবিন তেল কেজি প্রতি ১৯৫ টাকা যা আগের থেকে ছয় টাকা বেড়েছে।

    খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা, আগের থেকে সাত টাকা বেড়েছে।

    খোলা পাম তেল প্রতি লিটার ১৬৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

  4. ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

    'রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ' বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ - ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামের এক আইনজীবী মামলাটির আবেদন করেন।

    এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

    পরে সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে(ডিবি) মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

    এরই মধ্যে নিজের ফেসবুক পেইজে এই মামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন শিশির মনির।

    মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি 'ডিএসএন' নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির মন্তব্য করেন 'রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ'।

    বাদীর অভিযোগ, তিনি রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

    রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের উক্তি সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাতের শামিল এবং তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস বলে মামলার আবেদনে উল্লেখ করেছেন বাদী।

    একইসাথে শিশির মনিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও জানিয়েছেন বাদী।

    এরই মধ্যে নিজের ফেসবুক পেইজে এই মামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন শিশির মনির।

    মি. মনিরের নিজের আইনজীবী চেম্বার ল ল্যাবের প্যাডে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান তিনি।

    এতে বলা হয়েছে, মামলার বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সকলেই একটি রাজনৈতিক দলের কর্মী।

    মি. মনির বিবৃতিতে লিখেছেন, মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ

    অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।

    উপযুক্ত আদালতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন মি. মনির।

  5. ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত

    ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

    সেসময় তিনি নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান বলে প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে বৈঠকে জানিয়েছেন সিইসি।

    প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা।

    তিনি বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

    এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।’

    তিনি বলেন, ‘জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’

    প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত‍্যয়ে এগিয়ে চলছি।

  6. একাত্তরে জামায়াতে ইসলামী কী করেছিল তা মনে রাখার আহ্বান তারেক রহমানের

    জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    তিনি বলেন, ''মানুষ যখন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তখন আমাদের প্রধান কাজ হবে দেশকে সঠিকভাবে পরিচালনা করা''।

    রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি'র 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    মি. রহমান বলেন, "কেউ কেউ বলে থাকে পলাতক স্বৈরাচার বিএনপির সম্পর্কে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানীং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একইসুরে কথা বলার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দু'জন ব্যক্তি আমাদের সাথে সেইসময় সরকারে ছিল। এই দু'জন ব্যক্তি পৃথিবীতে আর নেই।"

    " দু'জনেই সিনিয়র মানুষ। দু'জনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা। তারা গত হয়েছেন। কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয়। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলতে চাই, সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষদিন পর্যন্ত থাকা দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে। এক তাদের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল, খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল" বলেন মি. রহমান।

    তিনি মন্তব্য করেন, " এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথাই বলুক না কেন, খালেদা জিয়া শেষ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেই আত্মবিশ্বাস তাদের ছিল বলেই শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার সরকারে ছিল। কাজেই এই কনক্লুশানে আমাদের আসতে হবে বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব।"

    উল্লেখ্য, ২০০৩ সালে বিএনপি জামায়াতে ইসলামীর সাথে জোট বেঁধে নির্বাচন করে জয়লাভ করে। সেসময় জামায়াতে ইসলামীর দুইজন নেতা জোট সরকারের মন্ত্রিসভায় ছিল।

    নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার প্রচারের কথা ইঙ্গিত করে মি. রহমান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরেন।

    "কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানীং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় সোশাল মিডিয়ায় বলে, অমুককে দেখলাম তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কীভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজার হাজার মানুষ হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য " বলেন মি. রহমান।

    একইসাথে নিজ দলের নেতা-কর্মী ও জনগণকে একাত্তরে জামায়াতে ভূমিকার কথা মনে রাখতে আহ্বান করেন।

    "যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালে দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ মানুষ শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদের মনে রাখতে হবে " বলেন মি. রহমান।

  7. নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা

    নির্বাচনী দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

    এক ব্রিফিং এ মি. সানাউল্লাহ বলেন, এই সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কাল সিইসির বক্তব্যের জন্য বিটিভির কাছে চিঠি পাঠানো হবে।

    ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং শেষ হবে সাড়ে চারটায়।

    তিনি আরো জানান, আগের রাতে ব্যালটসহ সব সামগ্রী পৌঁছে যাবে ভোটকেন্দ্রগুলোতে।

    একইসাথে কাল প্রবাসীদের জন্য ব্যালট পেপার ছাপানো হবে এবং পরশুদিন থেকে সেগুলো পাঠানো শুরু হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, গত সপ্তাহে ভোট নিয়ে ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তার সাথে জামায়াত নেতার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

  8. ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট গঠনের ঘোষণা

    ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।

    আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

    তিনি বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় নতুন এই মঞ্চটি কাজ করবে।

    মি. ইসলাম আরও বলেন, আগামী নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই এই জোটের যাত্রা শুরু।

  9. সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    জাতীয় প্রেসক্লাব ও সাংবাদিকদের সংগঠন বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বছর এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।

    দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ।

    মি. মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

  10. আট কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে জামিন দিয়েছে আদালত

    পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টারের ভেতরে বস্তাবন্দী করে আট কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে জামিন দিয়েছে আদালত।

    রোববার দুপুর সাড়ে বারোটার দিকে পাবনা আমলি-২ এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ দিয়েছে।

    পাঁচ হাজার টাকার বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।

    এর আগে, গত বুধবার বিকেলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তার দুই বছর বয়সী সন্তানসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

    ওই সপ্তাহেই রোববার উপজেলা পরিষদ কোয়ার্টারে তার বাসার সামনে থাকা আট কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

    পরে উপজেলা প্রশাসন মা কুকুরের আর্তনাদে পুকুরে তল্লাশি চালিয়ে বস্তা উদ্ধার করলে কুকুরছানাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

    এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে গত সপ্তাহে ব্যাপক তোলপাড় শুরু হয়।

    বাংলাদেশে বিদ্যমান প্রাণি কল্যাণ আইন অনুযায়ী, প্রাণি হত্যার সর্বোচ্চ সাজা দুই বছর।

  11. সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান করবে দুদক

    সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ - ১ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

    রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

    এই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে হামিদের তিন তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

    অভিযোগে বলা হয়েছে, বাড়ির পাশের রাস্তায় বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে।

    ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনে এসব অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধন করার অভিযোগ রয়েছে।

    এই বিষয়টি এখন দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে বলে জানান তিনি।

  12. প্রস্তাবিত ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

    প্রস্তাবিত ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।

    রোববার দুপুর দেড়টা থেকে তারা সড়কেই বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    ফলে হাইকোর্ট মোড় থেকে সচিবালয়গামী সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

    শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

    গত ২৪শে সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা 'স্কুলিং' কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে।

    প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলোতে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।

    ফলে বিভিন্ন দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে বিক্ষোভ – আন্দোলন করছে।

    প্রস্তাবিত এই স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে আবার সকালে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করেছিল। প্রায় ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা সেখান থেকে উঠে যায়।

    শাহবাগ থানার ইন্সপেক্টর(অপারেশন) ইব্রাহিম সোহেল বিবিসি বাংলাকে জানান,শাহবাগের রাস্তা থেকে শিক্ষার্থীরা সকালেই উঠছে গেছে। তবে, শিক্ষা ভবনের সামনের সড়কে এখনো অবস্থান করছে তারা।

  13. জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা আজ বিকেলে

    জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হবে আজ রোববার বিকেলে।

    বিকেল চারটায় রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হবে।

    এর আগে, এই জোটে থাকার আলোচনায় ছিল গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশও। তবে, এই দুইটি সংগঠন থাকছে না জোটে।

    বেলা বারোটায় এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের এই ঘোষণার বিষয়ে জানিয়েছেন।

    এই জোট হবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা নির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য, জানিয়েছেন মি. সালেহীন।

    গত মাসখানেকের বেশি সময় ধরেই এই দলগুলো জোট গঠন নিয়ে আলোচনা করছিল।

  14. অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক আটকে বিক্ষোভ মোবাইল ফোন ব্যবসায়ীদের

    অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

    প্রায় তিন ঘণ্টা ধরে ওই এলাকার রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

    আজ রোববার সকাল এগারটা থেকে তারা সড়কে বসে অবস্থান নিলে একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

    এদিকে, শেরেবাংলা থানার ইন্সপেক্টর(অপারেশন) মাসুদ রানা বিবিসি বাংলাকে জানান, মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বিটিআরসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছে।

    “তারা বিটিআরসির ভবনের সামনে একপাশের রাস্তা বন্ধ করে রেখেছে। বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে বোঝা যাবে। একপাশের রাস্তা বন্ধ থাকায় অপর পাশ দিয়েই দুইদিকে যান চলাচল করছে” বলেন মি. রানা।

    আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এর প্রতিবাদে গত রোববার থেকে ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে