আজ মঙ্গলবার যা যা হলো:
- রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর সরকারের দিক থেকে নির্বাচনের বিষয়ে সুষ্পষ্ট কোনো রোডম্যাপ না আসায় হতাশার কথা জানিয়েছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে দলটি ডিসেম্বরের মধ্যে সংসদ গঠনের জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বলেছে, এর অন্যথা হলে সরকারের প্রতি বিএনপি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।
- মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস করে রায় দিয়েছে আপিল বিভাগ। তার বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকলে তাকে দ্রুত মুক্তিরও নির্দেশ দিয়েছে আদালত।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব বলছে, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ৮২ ডলার বেড়ে দুই হাজার ৮২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
- বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আজ ভোরে কুষ্টিয়া থেকে তারা সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে আটক করেছে। এরপর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল থেকে সুব্রত বাইনের সহযোগী 'শ্যুটার আরাফাত' ও শরীফকে আটক করা হয়েছে বলে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
- আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়েছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
- ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান আন্দোলনকারীদের একজন নেতা নূরুল ইসলাম।
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- দাবি করেছে গত নয় মাসে প্রায় এক বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে, যা বাংলাদেশি টাকায় ১২ হাজার কোটি টাকারও বেশি। সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গত বছর অক্টোবর থেকে চলতি বছর মার্চ পর্যন্ত দেশে প্রায় নয় হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বুধবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।

























