আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনদিকে যাবে 'সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে': শামা ওবায়েদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এদিকে,বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আগামী ২০শে অগাস্ট ভোট।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা

    • ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে, সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা পাঁচই অগাস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।
    • জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে বৃহস্পতিবার ঢাকায় ওই জোটের এক সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।
    • বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ই অগাস্ট, যাচাইবাছাই ১৬ই অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট।
    • সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে ফিফা অবস্থান নেওয়ার ইউরোপীয় দলগুলো এখনও বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতা বয়কট করতে পারে। ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একটি বিবৃতিতে বলেছে, বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার ইনফান্তিনোর পরিকল্পনা প্রত্যাহার করা হলেও, তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হয়নি।
    • আগামী ১০ই অগাস্ট ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
    • বাংলাদেশের কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট নিম্ন আদালত। ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
    • দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি - সিজেপি দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই। এ ধরনের তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের হুমকিও দিয়েছেন তিনি।
    • জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এসময় ট্রাইব্যুনালে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের

    বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগ পাকিস্তান প্রত্যাখ্যান করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

    বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে তাহির আন্দ্রাবির কাছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য সম্পর্কেও জানতে চাওয়া হয়। সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেছিলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-কে বাংলাদেশে "অবাধ সুযোগ" দেওয়া হয়েছে।

    জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই বক্তব্য দেখেননি। তবে বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা নিয়ে যেকোনো ধরনের ইঙ্গিত তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

    তিনি বলেন, আইএসআই নিয়ে ভারতের "ভীতি" সম্ভবত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

    তবে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা ও বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যকার রাজনৈতিক বিরোধ নিয়ে পাকিস্তান কোনো মন্তব্য করবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকাই পাকিস্তানের নীতি বলে উল্লেখ করেন তিনি।

    তাহির আন্দ্রাবির কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনা ও তার ছেলের পাকিস্তান-সংক্রান্ত মন্তব্যের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কোনো কূটনৈতিক যোগাযোগ হয়েছে কি না।

    জবাবে আন্দ্রাবি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তা কোনো নির্দিষ্ট ঘটনা বা বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয়।

    মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। হস্তক্ষেপ না করার পাকিস্তানের নীতির পুনরুল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বা তা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের কোনো মন্তব্য নেই।

    তিনি আরও বলেন, যেহেতু ওই বক্তব্য ভারত থেকে দেওয়া হয়েছে, তাই বিষয়টি মূলত বাংলাদেশ ও ভারতের ব্যাপার।

    মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের জনগণ বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম।

    তিনি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি পাকিস্তানের শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ইসলামাবাদ বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন জানিয়ে যাবে।

  3. 'রাষ্ট্র ও শৃঙ্খলা বিরোধী অপতৎপরতায় জড়িত' শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    রাষ্ট্র ও শৃঙ্খলা বিরোধী অপতৎপরতায় লিপ্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

    জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রচলিত নিয়মে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন “ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি” গঠন করেছে।

    বৃহস্পতিবার রেজিস্ট্রার দপ্তর থেকে ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের অপতৎপরতা সংক্রান্ত একটি সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

    “এ ধরনের কর্মকান্ড দেশের প্রচলিত আইন, বিচারিক প্রক্রিয়া এবং রাষ্ট্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের শামিল। নিষিদ্ধ সংগঠনের কর্মকান্ডের সাথে যুক্ত হওয়া এবং শৃঙ্খলা বিরোধী তৎপরতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো গুরুতর শাস্তিযোগ্য অপরাধ”।

    বিশ্ববিদ্যালয়টির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় মুক্তবুদ্ধির চর্চা, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল। তবে মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্র ও শৃঙ্খলা বিরোধী কিংবা বিশ্ববিদ্যালয়সহ গোটা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, নৈতিক অবস্থান এবং দায়িত্বশীলতার সঙ্গে সাংঘর্ষিক।

  4. ইনফান্তিনোর ওপর ‘আস্থা হারানোয়’ বিশ্বকাপ বয়কট করতে পারে উয়েফা, ড্যান রোয়ান, বিবিসি স্পোর্টস এডিটর

    সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষে ফিফা অবস্থান নেওয়ার ইউরোপীয় দলগুলো এখনও বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতা বয়কট করতে পারে।

    ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা একটি বিবৃতিতে বলেছে, বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার ইনফান্তিনোর পরিকল্পনা প্রত্যাহার করা হলেও, তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হয়নি।

    বিবৃতিতে বলা হয়, "ফিফার প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ না করার বিষয়ে উয়েফার সদস্য সংস্থাগুলো তাদের শর্তগুলো খুবই পরিষ্কারভাবে জানিয়েছিল।"

    "প্রথমত, প্রধান প্রতিযোগিতাগুলোর অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাহার করতে হতো এবং দ্বিতীয়ত, এ ধরনের প্রয়াসের মাধ্যমে খেলাটিকে বিকৃত করার চেষ্টা আর কখনও করা হবে না, সেই নিশ্চয়তা দিতে হতো। এই শর্তগুলো পূরণ করা হয়নি।"

    উয়েফা ইতোমধ্যেই জানিয়েছে, তারা ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে এবং ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবকে "নিম্নমানের, অন্তরালে করা, অস্বচ্ছ চুক্তি" বলে অভিহিত করেছে।

    বিবৃতিতে আরও বলা হয়, "শনিবারের বিবৃতিতে উয়েফা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছিল যে তারা জিয়ান্নি ইনফান্তিনোর সভাপতিত্বের প্রতি আস্থা হারিয়েছে।"

    "সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে।"

    "গতকালের ঘোষণায় দেখা গেছে যে ফিফা সভাপতির অধীনে কর্মরত কিছু ব্যক্তি (যাদের কর্মজীবন তার অনুগ্রহের ওপর নির্ভরশীল) তার সঙ্গে একমত হয়েছেন। এতে কোনো কিছুই পরিবর্তিত হয় না।"

    এ বিষয়ে মন্তব্যের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

  5. নয়াদিল্লী বাংলাদেশের জনগণের প্রতি চরম অসম্মান ও ঔদ্ধত্য প্রদর্শন করেছে: এনসিপি

    মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে মিথ্যা, বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর সুযোগ দেওয়ার মাধ্যমে নয়াদিল্লী বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা এবং জাতীয় মর্যাদার প্রতি চরম অসম্মান ও ঔদ্ধত্য প্রদর্শন করেছে।

    এই বক্তব্য দিয়েছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি। পাঁচই অগাস্ট ভারত থেকে শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এনসিপি নিজেদের ফেসবুক পাতায় পোস্ট করা এক প্রেস বিবৃতিতে ওই বক্তব্য দিয়েছে।

    বিবৃতিতে বলা হয়, "এ ঘটনায় নয়াদিল্লী তার বাংলাদেশ নীতি আবারো স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের বা বাংলাদেশের জনগণের সাথে নয়, তারা তাদের তাবেদার আওয়ামী লীগের সাথে সম্পর্ক দিয়েই বাংলাদেশকে দেখতে চায়"।

    শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে আসামী প্রত্যার্পন চুক্তির আওতায় দ্রুত ফিরিয়ে দিতে আহবান জানিয়েছে এনসিপি।

    একই সঙ্গে, এনসিপি বলেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের লক্ষ্যে যথেষ্ট কার্যকর, দৃশ্যমান ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। দলটি বাংলাদেশ সরকারের জবাবদিহিও দাবি করেছে।

  6. এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ই অগাস্ট

    আগামী ১০ই অগাস্ট ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

    বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এর আগে, গত মাসের ২০শে জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।

    প্রসঙ্গত, এই বছরের ২১শে এপ্রিল থেকে ২০শে মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা চলে। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

    ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

    গত সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফলাফল প্রাপ্তির নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া।

  7. তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ

    বাংলাদেশের কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য হাফিজুরের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট নিম্ন আদালত। ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, চেম্বার আদালতের আদেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হবে।

    আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী রোববার চেম্বার বিচারক তারিখ নির্ধারণ করেছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

    প্রসঙ্গত, এই বছরের ২২শে এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পিবিআই। তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর তাকে গ্রেফতার করা হয়।

    পরে দোসরা অগাস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বেঞ্চ।

    হাইকোর্টের ওই আদেশের পর চারই অগাস্ট সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান হাফিজুর। এনিয়ে গণমাধ্যমে খবর প্রচারের পর আজ এই নির্দেশনা এলো।

    ২০১৬ সালের ২০শে মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন এবং সেনানিবাসের একটি বাসায় প্রাইভেট পড়াতে যেতেন।

    সেই বাসার পাশে একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পুলিশের ধারণা করছিলো।

  8. দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে 'সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে': শামা ওবায়েদ

    ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা পাঁচই অগাস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।

    তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা দুই দেশের জনগণ আর সরকার চায় বলেই তিনি বিশ্বাস করেন।

    “কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে, আর সেটা যদি ভারত সরকার এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে”।

    দুই দেশের মধ্যকার সম্পর্ক বহুমাত্রিক এবং নানা ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্তদের বক্তব্য দিতে দিবে কি না এই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে”।

  9. বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে

    বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২৪শে জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

    বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার পদে প্রবেশের তারিখ থেকে পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। কোনো ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।

    মেয়াদ শেষ, পদত্যাগ কিংবা অভিশংসন জনিত কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে এই নির্বাচনের আয়োজন করে থাকে নির্বাচন কমিশন।

    এছাড়া শারীরিক অসুস্থতা, মানসিক কারণ কিংবা গুরুতর কোনো অসদাচরণজনিত কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে।

    সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যের ভোটেই নির্বাচিত হন রাষ্ট্রপতি। এক্ষেত্রে কারও বয়স ৩৫ বছরের কম ও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হলে কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না।

    একসময় বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরাসরি ভোটে রাষ্ট্রপতি হওয়ার বিধান ছিল। তবে ১৯৯১ সালে পুনরায় সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার পরে সেই পদ্ধতি বাতিল হয়।

    বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী, এখন দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে।

    নিয়ম অনুযায়ী, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি 'নির্বাচনী কর্তা' হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন। রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

    সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী ৯০ হইতে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।।

    রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে বিধান অনুযায়ী ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না।

    তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশন চলাকালীন সময়ে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় সময়ে যদি অধিবেশন না থাকে, তাহলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে প্রজ্ঞাপন জারি করে ভোটগ্রহণের কমপক্ষে সাতদিন আগে অধিবেশন আহ্বান করবে।

    ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০শে অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ই অগাস্ট, যাচাইবাছাই ১৬ই অগাস্ট, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ই অগাস্ট।

  10. টানা বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

    আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    বৃহস্পতিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানা হয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    পরের তিনদিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

  11. 'ককরোচ জনতা পার্টির' নতুন কর্মসূচি ঘোষণা করলেন অভিজিৎ দীপকে

    দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক আন্দোলনের পর 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

    বৃহস্পতিবার নিজের শহর ছত্রপতি সম্ভাজীনগরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে 'ক্যায়া বোলতি পাবলিক' নামে এই কর্মসূচির ঘোষণা দেন।

    মানুষের সমস্যাগুলো বোঝার উদ্দেশ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

    চলতি বছরের জুন-জুলাইয়ে নিট প্রশ্নফাঁসের ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। ২৫শে জুলাই ধর্মেন্দ্র প্রধানপদত্যাগ করার পর সেই আন্দোলন শেষ হয়।

    বৃহস্পতিবার দীপকের সঙ্গে দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন।

    দীপকে বলেন, তাদের প্রচারে শিক্ষা অগ্রাধিকার পাবে। তার দাবি, স্কুল, কলেজ ও কোচিংয়ের বেতন বেড়ে যাওয়ায় বহু পরিবারের পক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

    তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমছে এবং ক্ষোভ বাড়ছে।

    “সকালে মানুষ এক দলকে ভোট দেয়, সন্ধ্যায় সেই জনপ্রতিনিধি অন্য দলে চলে যান। কোথাও ভোট এক সরকারের পক্ষে পড়ে, কিন্তু পরে অন্য সরকার গঠিত হয়। তা না হলে ইডি-সিবিআই ব্যবহার করে দল ভাঙা হয়। এভাবে চলতে থাকলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক”, বলেন তিনি।

    দীপকে নির্বাচন কমিশন ও বিচারব্যবস্থার জবাবদিহিতার প্রশ্নও তোলেন। তার অভিযোগ, “আগে ভোটার সরকার বেছে নিত, এখন সরকার ঠিক করছে কে ভোট দেবে। সাধারণ মানুষের মামলার শুনানি বিলম্বিত হলেও প্রভাবশালীদের ক্ষেত্রে দ্রুত, এমনকি মধ্যরাতেও শুনানি হয়”।

    ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, দলটি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছে। একটি প্রতিনিধি দল রাঁচিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবে এবং পরে দলের শীর্ষ নেতারাও সেখানে যাবেন।

    দেশব্যাপী প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে দীপকে বলেন, কোনো সংগঠনের নিজস্ব এজেন্ডা থাকা জরুরি, তবে জনগণের মতামতও জানতে হবে। তার দাবি, যন্তর মন্তরের আন্দোলনে অংশ নেওয়া মানুষই শিক্ষা ইস্যুর পাশাপাশি নির্বাচন কমিশন ও বিচারব্যবস্থা নিয়েও কথা বলার পরামর্শ দিয়েছেন। তাই আরও বিস্তৃত জনপরামর্শের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

  12. খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক যুগ্মসচিব জগলুল পাশার রিমান্ড

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

    আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। খবর বাসসের।

    এর আগে, মঙ্গলবার দিকাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮শে ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ জন আসামিসহ অজ্ঞাত ২৫০/৩০০ জন মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সারা দিন অবস্থান করে। তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর করে। খালেদা জিয়া যেন সমাবেশে যোগ না দিতে পারেন সে জন্য রাস্তার উপর ত্রাস সৃষ্টি করে।

    আরো বলা হয়েছে, পরদিন ২৯শে ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেয় এবং বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক রাস্তায় রেখে ব্যারিকেড দেয়। খালেদা জিয়া বার বার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন।

    এ ঘটনায় ২০২৪ সালের চৌঠা অক্টোবর গুলশান থানায় মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

  13. যুক্তরাষ্ট্রের গোলাবারুদের ঘাটতি নেই – দাবি ট্রাম্পের, তথ্য ছড়ানো ব্যক্তিদের কারাদণ্ডের হুমকি

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই। এ ধরনের তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের হুমকিও দিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়া নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোর সমালোচনা করেন।

    তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে "বিশাল পরিমাণ গোলাবারুদ রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের"। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

    ট্রাম্প আরও বলেন, “এছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক কারখানা ও উৎপাদন স্থাপনা নির্মাণ করছে”।

    ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে গোলাবারুদের ঘাটতি নিয়ে ব্যাখ্যা চেয়েছিলেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ট্রাম্প হেগসেথকে বলেছিলেন, তিনি মনে করেছিলেন গোলাবারুদের ঘাটতির বিষয়টি “সমাধান হয়ে গেছে”।

    বৃহস্পতিবার ওই প্রতিবেদনগুলোর তীব্র সমালোচনা করে ট্রাম্প লেখেন, "যারা এই রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য ফাঁস করেছে, তাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা দীর্ঘমেয়াদি কারাদণ্ডের মুখোমুখি হবে"।

    সিএনএনও জানিয়েছে, দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতি ইরানকে ঘিরে ট্রাম্পের নীতিকে প্রভাবিত করেছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনী তাদের থাড ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় ৮০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।

    ওয়াশিংটন পোস্ট আরও জানায়, এসব ঘাটতির কারণে ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন কিছু হামলার পরিকল্পনা বাতিল করেন, যদিও তিনি এর আগে দেশটির বিরুদ্ধে "অত্যন্ত কঠোর" হামলার হুমকি দিয়েছিলেন।

    ট্রাম্প ও পিট হেগসেথের মধ্যে বাকবিতণ্ডার খবরকে “ভুয়া সংবাদ” বলে অভিহিত করেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি হেগসেথের সঙ্গে ক্যাম্প ডেভিডে ছিলাম। এমন কিছুই ঘটেনি”।

    পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেলও ট্রাম্প ও পিট হেগসেথের মধ্যে বিরোধ এবং অস্ত্রের ঘাটতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে “সম্পূর্ণ মনগড়া” বলে উল্লেখ করেছেন।

  14. ২৫৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে: দুদক

    শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

    বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “আমি যেটুকু জানি তদন্ত প্রায় শেষ পর্যায়ে”।

    এছাড়াও তিনি জানান, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের নামে ৩০৯ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্তও চলমান রয়েছে; এ সংক্রান্ত নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক।

  15. ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

    জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে।

    এসময় একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের দাবি, কল রেকর্ডটি তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

  16. দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

    গ্যাস সংকট স্বাভাবিক হতে দুই থেকে তিনদিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

    তিনি বলেন, এখনো ফ্রিজিং চলছে এবং এটা শেষ হয়ে গেলে বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। "সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেসার যে কমে গেছে, সেটা উন্নত হবে। মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সেই মতো উত্তোলন করতে পারবো”।

    এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত দুই তিন দিন লাগবে।

    “এটা বন্ধ হবার আগে যেমন ছিলেন, তেমনই হবে,” বলেন তিনি।

  17. ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ছয় জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজনই ঢাকা বিভাগের।

    গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৩ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেxয়া হয়।

    এছাড়া ১৫ই মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৬৪ জনে, আর হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৬ জন।

  18. হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে- জানালো ইরান

    ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের একটি রুট নির্ধারণে সমঝোতা হয়েছে এবং চুক্তিটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান।

    তবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইরানের বিরুদ্ধে চলমান হুমকির কারণে শুধু এই চুক্তি নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা দেবে না।

    এ বিষয়ে এখনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ওমান।

    ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস -এলএনজি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত চলাচল সীমিত করে রেখেছে ইরান।

    মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রণালিটি দ্রুত খুলে না দিলে ইরানকে “কঠোরভাবে আঘাত” করা হবে।

    বাঘাই জানান, ওমানের সঙ্গে নতুন রুটের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত হয়েছে। পরে উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, এটি অস্থায়ী ব্যবস্থা এবং দুই থেকে চার মাস কার্যকর থাকতে পারে।

    সংঘাতের মধ্যে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক তিন শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক দুই চার ডলারে নেমেছে।

    রয়টার্সের তথ্যমতে, ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের পণ্যমূল্যের পাঁচ থেকে সাত শতাংশ হারে মূল্য চায়; ওমান প্রায় তিন শতাংশ প্রস্তাব করেছে, আর যুক্তরাষ্ট্র কোনো মূল্য দিতে চায় না। প্রস্তাবিত ব্যবস্থায় উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর ইরানের নিয়ন্ত্রণও থাকবে।

    এর আগে, জুনে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হলেও তা ভেঙে যায়।

  19. সরকার গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে: নাহিদ ইসলাম

    জ্বালানি তেল ও গ্যাস-সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে অবস্থান কর্মসূচির পর সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

    এসময় পুলিশি বাধার মুখে এগোতে না পেরে সচিবালয়ের সামনে কিছু সময়ের জন্য অবস্থান নেন তারা। এসময় জামায়াতের আমির শফিকুর রহমান এবং এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন।

    নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে গত পাঁচ মাসে একের পর এক ওয়াদা ভেঙেছেন।

    “তারা প্রথম ওয়াদা ভঙ্গ করেছে গণভোটের গণরায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে। তারা জুলাই সনদ এখনো বাস্তবায়ন করে নাই।”

    এছাড়া এই সরকার জনগণের মৌলিক চাহিদা গ্যাস, বিদ্যুৎ, পানির 'কৃত্রিম সংকট' তৈরি করেছে বলে দাবি করেন তিনি।

    এর আগে অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সরকার পাঁচ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

    “গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই,” বলেন তিনি।

    প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ই সেপ্টেম্বর থেকে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

  20. সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি

    অবস্থান কর্মসূচি শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা নিজেদের দাবিদাওয়া জানাতে সচিবালয় অভিমুখে যাত্রা করলে তাদের আটকে দেন পুলিশ সদস্যরা।

    এসময় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

    পরে সেখানেই দাঁড়িয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন জামায়াতের আমিরসহ ঐক্যের নেতাকর্মীরা।

    কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সাংবাদিকদের সামনে বলেন, তারা আশা করেছিলেন সরকারের প্রতিনিধিরা তাদের কাছে এসে তাদের কথা শুনবেন, কিন্তু তা না হওয়ায় তারা ক্ষুব্ধ।

    এসময় সচিবালয় কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) হওয়ায় সেখান থেকে সরে যাওয়ার জন্য তাদের অনুরোধ করেন পুলিশ সদস্যরা। পরে ঘণ্টাখানেকের মতো সেখানে অবস্থান করে সেখান থেকে চলে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।