'এক এগারোর পদধ্বনি' ব্যাখ্যা দিয়ে পরর্বর্তীতে পোস্ট সরিয়ে নিলেন মাহফুজ আলম

সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট দেয়ার ঘণ্টাখানেক পর ব্যাখ্যা দিলেও পরবর্তীতে পোস্টটি সরিয়ে নেন তিনি। এক নজরে দিনের খবরাখবর পড়ুন এই পাতায়।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে বলেছেন, “এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে”। এরপর পোস্টটির ব্যাখ্যা দিলেও পরবর্তীতে তা সরিয়ে নেন মি. আলম।
    • সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
    • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
    • সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
    • মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে উদ্ধার করা হয়েছে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ।
    • সরকারি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।
    • যে কোনো মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
    • জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজকের মতো বিবিসি বাংলার লাইভ পাতা এখানেই বন্ধ করা হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মঙ্গলবার সকালে আবার লাইভ পাতাটি চালু করা হবে।

    আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ‘জনগণের আস্থা পেলেই কেবল আপনি নেতা’, যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান

    শুধুমাত্র জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ জন নেতাকর্মী নিহত হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘‘জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এ কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন।"

    "মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন," যোগ করেন মি. রহমান।

    সোমবার বিকালে জাতীয়তাবাদী যুবদলের এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, "একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। কী সেটি? পলাতক স্বৈরাচারের প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আপনাদেরকে যুবদলের নেতাকর্মী সমর্থকদেরকে রাজপথ থেকে দূরে রাখতে পারেনি সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান জনগণের আস্থায় থাকুন জনগণকে সঙ্গে রাখুন।"

    জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এম আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মেহেদি আমিনসহ বিভিন্নজন বক্তব্য রাখেন।

  3. এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে - তার ব্যাখ্যা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম

    উপদেষ্টা মাহফুজ আলম

    ছবির উৎস, Ministry of Information

    সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এক এগারো পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

    সেই পোস্টটি দেয়ার ঘণ্টা খানেক পর কেন তিনি এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন। অবশ্য রাতে এই পোস্টটি সরিয়ে নেন মি. আলম।

    ওই ফেসবুক পোস্টেরই কমেন্ট বক্সে তিনি লেখেন, "১/১১ এর পদধ্বনির কথা কেন বলসি? জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং এ ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায়, তারচেয়ে বেশি পুরাতন ১/১১ শক্তিগুলোর অন্তর্ঘাতক কর্মকান্ড দায়ী।”

    তিনি লেখেন, “জুলাইয়ের শক্তিগুলোর আত্মতুষ্টির সুযোগে পুরাতন ১/১১ পন্থীদের বিভাজন এবং অন্তর্ঘাতের সুযোগ বৃদ্ধি। আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ এবং জুলাইয়ের ছাত্র-জনতাকে ভিলিফিকেশন মূলধারা হয়ে উঠসে। পুরাতন অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোড়জোড়, যার পথ ধরে লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে।”

    উপদেষ্টা মি. আলম মন্তব্যের ঘরে আরো লেখেন, “ক্ষমতার দ্বন্দ্বে দলগুলো নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি এবং বিরাজনীতিকরণের পুরাতন প্রচেষ্টা। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ দেখিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি এবং হতাশ জনগোষ্ঠীর মধ্যে স্যাভিওর ক্রাইসিস তৈরির প্রচেষ্টা।”

    তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে অন্য দশটা ইভেন্টের মত বানিয়ে জনগণ বিশেষ করে ছাত্রদের মধ্যে হীনম্মণ্যতা তৈরির প্রচেষ্টা। জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী অযোগ্য, ব্যর্থ হিসাবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাকচ করে দেয়া”।

    তিনি আরো লিখেছেন, “নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি, যেখানে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য টানাপোড়েন নেই। রাজনৈতিকতার অবসান, বিরাজনীতিকরণের প্রচেষ্টা, রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে হতাশা তৈরি এবং স্যাভিওর ক্রাইসিস তৈরি- সবই ১/১১ এর পুনরাবৃত্তির প্রচেষ্টা হিসাবে উল্লেখ্য”।

    এর আগে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টের পোস্টে তিনি লেখেন “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে।”

    সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে প্রথমে এক লাইনের পোস্টটি দেন তিনি।

    এর কিছুক্ষণ পর আবার সেই পোস্টটি এডিট করে আরো একটি লাইন যুক্ত করেন। যেখানে তিনি লেখেন- “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না”।

  4. সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন হয়েছে: টিআইবি

    টিআইবির সংবাদ সম্মেলন

    ছবির উৎস, TIB

    ছবির ক্যাপশান, গবেষণা প্রতিবেদন প্রকাশ করতে টিআইবির সংবাদ সম্মেলন

    সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

    সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে 'কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব মন্তব্য করে সংস্থাটি।

    প্রতিবেদনে উল্লেখ করা কিংস পার্টির প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান এই কিংস পার্টি কারা?

    জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এটা গোপন করার কিছুই নেই। এটি জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি। কারণ, এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন, তাঁদের মধ্যে দুজন সরকারে এখন আছেন। সে হিসেবে কিংস পার্টি।’

    টিআইবির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তকোর্ন্দলের ঘটনায় গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪৭১টি রাজনৈতিক সংঘাতে ১২১জন নিহত হয়েছে এবং আহত হয়েছে পাঁচ হাজারেরও অধিক ব্যক্তি।

    টিআইবি তাদের গবেষণায় রাজনৈতিক এসব সংঘাতের ঘটনায় ৯২ শতাংশ ক্ষেত্রে বিএনপি, ২২ শতাংশ ক্ষেত্রে আওয়ামী লীগ, পাঁচ শতাংশ ক্ষেত্রে জামায়াত ও এক শতাংশ ক্ষেত্রে এনসিপির সংশ্লিষ্টতা পেয়েছে।

    একই সাথে আধিপত্য প্রতিষ্ঠা, দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে বলেও বলা হয় প্রতিবেদনে।

    এই প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ হবে।

    আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে টিআইবির প্রতিবেদনে বলা হয়, "কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি ঝুঁকি সৃষ্টি করবে।"

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  5. এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ আলম

    উপদেষ্টা মাহফুজ আলম

    ছবির উৎস, Ministry of Information

    ছবির ক্যাপশান, উপদেষ্টা মাহফুজ আলম

    অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে”।

    সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টের পোস্টে তিনি লিখেন “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে”।

    সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে প্রথমে এক লাইনের এই পোস্টটি দেন।

    এর কিছুক্ষণ পর আবার সেই পোস্টটি এডিট করে আরো একটি লাইন যুক্ত করেন। সেখানে তিনি লেখেন- “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না”।

    এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা আগে উপদেষ্টা মি. আলম গত বছরের দোসরা অগাস্ট দেওয়া তার একটা পুরনো পোস্ট শেয়ার দিয়ে লেখেন- “যখন সবাই এক দফা দিয়ে হাসিনাকে পতনের কথা বলছিল, ২ তারিখ রাতে সমন্বয়কদের চাপের মুখে এক দফা দিতে বলা হচ্ছিল, তখন আমরা অসহযোগের কথা বলছিলাম। অনেকের সমালোচনার মুখেও অসহযোগ আন্দোলনকে কর্মসূচি বানানো হইসিল”।

    “অসহযোগ হয়ে সকল পক্ষ থেকে জুলাইয়ের শক্তি আর ফ্যাসিবাদী শক্তি আলাদা হয়ে গেলে আজকের অনেক সঙ্কট দেখতে হতো না”, ফেসবুক পোস্টে লিখেন তিনি।

    প্রসঙ্গত, ২০০৭ সালের ১১ই জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। তখন রাষ্ট্র ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ সালের সেই দিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল।

  6. ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

    ছবির উৎস, BANGABHABAN

    ছবির ক্যাপশান, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

    একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, গুম, খুন ও ভোটাধিকার হরণসহ সবধরনের নিপীড়নের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ।

    জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “যারা দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণ-অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ”।

    রাষ্ট্রপতি বলেন, বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃ-প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য।

  7. পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

    জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

    অধ্যাপক ইউনূস বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।

    জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন পাঁচই আগস্ট। এক বছর আগে এ দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন।

    প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সংস্কারে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলমান আছে। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।

  8. কাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    জুলাই বিপ্লবের ঘোষণাপত্র

    ছবির উৎস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন/FACEBOOK

    ছবির ক্যাপশান, ৩১শে ডিসেম্বর এই পোষ্টার দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

    বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

    ২০২৪ সালের জুলাই-অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কয়েক মাস পর ডিসেম্বরের শেষ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' ঘোষণার কর্মসূচি দেন।

    ওই ঘোষণাপত্র প্রদানের অনুষ্ঠানে '৭২এর সংবিধানের কবর রচনা' করা হবে বলে নেতৃবৃন্দ দাবি করেন।

    পরে, সরকার জানায় তারা নিজেরাই 'জুলাই ঘোষণাপত্র' প্রণয়ন করবে।

    প্রায় সাত মাস ধরে নানা আলোচনার পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার।

    কয়েকটি দলের সঙ্গে আলোচনা করলেও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ঘোষনাপত্র তৈরি করা হয়েছে।

    ফলে এতে কী থাকছে, এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

    জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া প্রস্তুত করে জুলাই মাসের শেষ দিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতামত নেওয়া হয়।

    এ নিয়ে আরো পড়তে পারেন:

  9. সংস্কার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা অস্থিতিশীলতা তৈরি করতে পারে- টিআইবি

    টিআইবির গবেষণা প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

    ছবির উৎস, TIB

    ছবির ক্যাপশান, টিআইবির গবেষণা প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

    অন্তর্বর্তীকালীন সরকারের ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও এগুলো বাস্তবায়ন নিয়ে এখনো সংকট দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

    এমন পরিস্থিতিতে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা করছে টিআইবি।

    সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে 'কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব মন্তব্য করে সংস্থাটি।

    প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বিচারব্যবস্থা, নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের কিছু উদ্যোগ নিলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার যে প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হয়নি।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অগাস্টের হত্যাকাণ্ড প্রসঙ্গে টিআইবির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের আগেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। তবে ট্রাইব্যুনালের বিচারকাজে ধীর গতি আছে বলেও মনে করি টিআইবি।

    এক বছরের পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অব্যাহত রয়েছে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, আন্দোলন, লুটপাট, অরাজকতা। মব জাস্টিস ও গণপিটুনিতে মৃত্যুর ঘটনার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

    ঢালাও মামলা

    ঢালাওভাবে মামলায় আসামি হিসেবে নাম দেওয়া, গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ, রাজনৈতিক চাপ বাড়লে গ্রেপ্তার বৃদ্ধির অভিযোগ বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু অব্যাহত আছে।

    আন্দোলন দমন করতে পুলিশের কার্যক্রমে বৈষম্য-কোনো পক্ষের প্রতি নমনীয় মনোভাব, কোনো পক্ষের ওপর নির্যাতন হয়েছে বলেও মনে করে টিআইবি।

    আগামী নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা ও কোনো সংকটের শঙ্কা রয়েছে কী-না এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন “এখন তো একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তবে অস্থিরতা যেকোনো সময় হবে না, তা বলা যায় না।”

    এনবিআর সংস্কারের উদাহরণ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কোথাও কোথাও সংস্কারের নাম করে আরো বেশি অরাজকতা তৈরি করা হয়েছে।

  10. চট্টগ্রামের একটি গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

    সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ

    ছবির উৎস, Harun Rashid/FACEBOOK

    ছবির ক্যাপশান, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ

    সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ আজ চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে উদ্ধার করা হয়েছে। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

    চট্টগ্রামের সাংবাদিক কামাল পারভেজ বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে পৌছে একটি গেস্ট হাউজে ছিলেন মি. রশীদ। রাতে খাবারের পর তিনি গেস্ট হাউজের কক্ষে ঘুমানোর জন্য যান।

    তিনি জানান, সকালে তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। পরে সেখানে বিছানার ওপর তার মরদেহ দেখতে পায়।

    চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাহমুদা বেগম বিবিসি বাংলাকে জানান, চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান মি. রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন।

    পরে বিকেলে সাবেক এই সেনাপ্রধানের মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি।

    হারুন-অর-রশীদ ২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।

    ডেসটিনির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে তিনি রোববার বিকালে চট্টগ্রামে আসেন। চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউজের ৩০৮ নম্বর কক্ষে তিনি উঠেছিলেন।

    হারুন-অর-রশীদের জন্ম ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নে।

    পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর প্রতীক খেতাব পান।

  11. চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের

    শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের

    সরকারি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

    আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ কথা জানান।

    তিনি বলেন, “ সাত কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল এন্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে।"

    স্কুল অব সাইন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস এন্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের আওতায় কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থাকবে বলে জানান মি. রহমান।

    একজন প্রক্টরসহ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে।

    গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছিল এই সাত কলেজের শিক্ষার্থীরা।

    আন্দোলন
    ছবির ক্যাপশান, গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছিল এই সাত কলেজের শিক্ষার্থীরা।
  12. যে কোন মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে রাজি বিএনপি: সালাহউদ্দিন আহমদ

    সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, TV GRAB

    ছবির ক্যাপশান, যে কোন মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে রাজী বিএনপি: সালাহউদ্দিন আহমদ

    যে কোন মুহূর্তে জুলাই সনদের খসড়ায় সই করতে বিএনপি রাজী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    মি. আহমদ বলেন, "জুলাই সনদের খসড়া যদি আগামীকাল আমাদের কাছে দেওয়া হয় তাহলে আগামীকালকেই আমরা সই করবো। যে কোন মুহূর্তে আমরা সই করতে রাজী। এ বিষয়ে কোন দ্বিমত নেই। যে সমস্ত বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্টসহ। সেই কাগজ আমাদেরকে যখনই দেবে তখনই আমরা সই করবো। সে অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি। এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

    দুই দফায় অন্তর্বর্তী সরকার বিএনপিকে জুলাই ঘোষণাপত্র সংবলিত যে খসড়া দিয়েছে, তাতে ১৯৭১ সালের ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেন মি. আহমদ।

    "সেখানে তারা ১৯৭১ সালের ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি। পরে সেটা আমরা আবার নয়ই জুলাই প্রেরণ করেছি। ২৭শে জুলাই আবার আরেকটা ড্রাফট পাঠায়। সেখানেও দেখলাম তারা ১৯৭১ সালের ২৬শে মার্চের কথা উল্লেখ করতে চাননি। আমরা বলেছি এই জাতির শুরুই হলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে” বলেন এই বিএনপি নেতা।

    জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ১২টি বিএনপি ঐকমত্যে পৌঁছেছে। সাতটিতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে।

    জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক করতে চায় এমন প্রশ্নে মি. আহমদ বলেন, " আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। ১৯৭১ সালের যুদ্ধের মাধ্যমে আমরা এই রিপাবলিকটা পেয়েছি। আরেকটা রিপাবলিক বলতে তারা কি বোঝাতে চায়? "

    এদিকে, জুলাই সনদের ব্যাপারে যে প্রস্তাব সরকারকে দিয়েছে বিএনপি, সেই প্রস্তাবের কপিও আজ সাংবাদিকদের দেওয়া হয়েছে।

  13. নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বৈঠক

    ছবির উৎস, HOME MINISTRY

    জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

    মি. আলম বলেন, "পুরো দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। অস্বীকার করার উপায় নাই যে, আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় জারি আছে।"

    বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 'খুব ভালোভাবে করা যাবে' বলে আশা প্রকাশ করেছেন তিনি।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সরকার পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করছে বলে জানান মি. আলম।

    "কাঙ্খিত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুক উন্নতি করতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা কোন মিডিয়া বা সাধারণ পারসেপশনে আছে কোথাও? আমরাতো ওই স্ট্যান্ডার্ডেই কোন সময় যেতে পারি নাই। আমরা আমাদের লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু উন্নতি করা যায়" বলেন তিনি।

    শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন পাঁচই অগাস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    এ উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাঁচই অগাস্ট নিয়া কোন ধরনের আতঙ্কের কোন কারণই নাই। আল্লাহয় দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে সব ভালোভাবে হয়ে যাবে।”

    পুলিশ কেন মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করছে না - এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স তো কমছে। এটা আস্তে আস্তে একেবারে ইলিমিনেট হয়ে যাবে। আমরা মব ভায়োলেন্সের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেব না।”

    কোন দলকে বেশি পুলিশী নিরাপত্তা দেওয়া হচ্ছে কী না - এমন প্রশ্নে তিনি বলেন, সবাইকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, “যে একটু বেশি ভালনারেবল, তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু কম ভালনারেবল তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়।”

    আরো পড়তে পারেন:

    বৈঠক

    ছবির উৎস, HOME MINISTRY

    ছবির ক্যাপশান, “ যে একটু বেশি ভালনারেবল তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু কম ভালনারেবল তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
  14. আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতা - কর্মীকে গ্রেফতার

    সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

    আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ১১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

  15. জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে আজ।

    জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে আজ।

    সাধারণত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে এগারটায়।

    আজ সোমবার সকাল সাড়ে নয়টায় এ মামলার একমাত্র গ্রেফতার আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

    এর আগে গতকাল রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।

    গত বছরের পাঁচই অগাস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এক চোখ, নাক ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মণ প্রথম সাক্ষ্য দেন।

    পরে তাকে জেরা করেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

    মামলার এই সাক্ষী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেন, “যারা হাজার হাজার মানুষকে মারলো সেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, কাউয়া কাদের (ওবায়দুল কাদের), পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শামীম ওসমানের বিচার চাই। তারা দায়ী, তাদের বিচার চাই।”

    এর আগে, গত দশই জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগে চার্জ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, উস্কানি, প্ররোচনা, রংপুরে আবু সাঈদকে হত্যা, চাঁনখার পুলে ছয় শিক্ষার্থী হত্যা ও আশুলিয়ায় একজন জীবিত ব্যক্তিসহ ছয়জনের মরদেহ পুড়িয়ে মারার অভিযোগ আনা হয়েছে।