রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, শপথ পড়ালেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতির শপথের পর নতুন চার জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীকেও শপথ পড়ানো হয়েছে। এক নজরে জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ সব খবর

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন সজল দাস, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. শুক্রবার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের ২৩-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ছয়জনকে শপথ পড়ানো হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির শপথের পরই শপথ নেন তারা।
    • কলকাতায় একটি হোটেলে আগুনে প্রাণ হারানো সাত বাংলাদেশি নাগরিকের মৃতদেহ শুক্রবার পর্যন্ত দেশে ফেরেনি।
    • পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, “বালুচিস্তান ও পাকিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ পরস্পরের সঙ্গে যুক্ত এবং সবসময়ই যুক্ত থাকবে।”
    • চীন বলেছে, যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সহায়তা করবে না। এর আগে ওয়াশিংটন- চীনসহ বিভিন্ন দেশকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে প্রয়োজন হলে তিনি আরও একশ’ বার হামলা চালাতেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. শপথ নিলেন নতুন চারজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

    শপথ নিচ্ছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, শপথ নিচ্ছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা

    বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ছয়জনকে শপথ পড়ানো হয়েছে। আজ শুক্রবার রাষ্ট্রপতির শপথের পরই তারা শপথ নেন।

    তাদের শপথবাক্য পাঠ করান নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এসময় মন্ত্রী হিসেবে শপথ নেন আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু এবং আন্দালিভ রহমান পার্থ।

    মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ন কবির এবং শামিম কায়সার।

    শপথ নিচ্ছেন নতুন দুই প্রতিমন্ত্রী

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, শপথ নিচ্ছেন নতুন দুই প্রতিমন্ত্রী
  3. রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিটে বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

    এর আগেই অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

    সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে অনুষ্ঠানস্থলের মূলমঞ্চে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

  4. রাষ্ট্রপতির শপথ- বঙ্গভবনে আসছেন অতিথিরা

    বঙ্গভবনের দরবার হলে আমন্ত্রিত অতিথিরা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বঙ্গভবনের দরবার হলে আমন্ত্রিত অতিথিরা

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে অংশ নিতে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।

    সন্ধ্যা সাড়ে সাতটায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টর কায়সার কামাল।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

  5. কলকাতার অগ্নিকাণ্ডে মৃতদের দেহ বাংলাদেশে ফিরবে কবে- প্রশ্ন স্বজনদের

    মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে পর উদ্ধার কাজ চলছে - ফাইল ছবি

    ছবির উৎস, Asian News International

    ছবির ক্যাপশান, মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে পর উদ্ধার কাজ চলছে - ফাইল ছবি

    কলকাতায় একটি হোটেলে আগুনে প্রাণ হারিয়েছেন সাত জন বাংলাদেশি সহ মোট নয় জন।

    বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ এখনো দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি স্বজনরা।

    দেশে থাকা তাদের পরিবার-পরিজনের কাছে মরদেহ ফিরতে সময় লাগবে বলেই জানাচ্ছে সূত্রগুলো। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্রে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কলকাতা পুলিশ মৃত ব্যক্তিদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি।

    পুলিশের ছাড়পত্র পাওয়ার পর, মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য তাদের এফআরআরও-এর কাছ থেকে এনওসি বা অনাপত্তি মূলক সার্টিফিকেট নিতে হবে। এরপরই মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে বলে উপদূতাবাস সূত্রগুলো জানিয়েছে।

    তারা আরও জানিয়েছে, ইতোমধ্যে উপদূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক ও পরিবহন সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে।

    কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে 'শিখা ইন' হোটেলে বুধবার রাত দুটো নাগাদ আগুন লাগে।

    আগুনে খবর পেয়ে শুরুতে কয়েকজন দমকল কর্মী উদ্ধারকাজে আসেন, এরপর একটি স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলও তাদের সাথে উদ্ধারকাজে যোগ দেয়।

    কলকাতা পুলিশ জানায়, আগুনের খবর পাওয়ার পর হোটেল প্রাঙ্গন থেকে ৬০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে নয়জন অচেতন অবস্থায় ছিলেন, যাদের মধ্যে দুইজন নারী ও একটি শিশু রয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

  6. পাকিস্তান ও বালুচিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ অবিচ্ছেদ্য: আসিম মুনির

    পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

    পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, “বালুচিস্তান ও পাকিস্তানের বর্তমান ও ভবিষ্যৎ পরস্পরের সঙ্গে যুক্ত এবং সবসময়ই যুক্ত থাকবে। রাষ্ট্রের অটল, দৃঢ় ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।”

    পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের বরাতে বলা হয়েছে, আসিম মুনির বালুচিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেছেন।

    বিবৃতিতে বলা হয়, আসিম মুনির বলেছেন যে, বহিরাগত পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি উপাদানগুলোকে বালুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি, প্রদেশটির উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে বিভেদ তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে।

    তরুণদের সমাজের সবচেয়ে গতিশীল ও সম্ভাবনাময় অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের অটল, দৃঢ়প্রতিজ্ঞ ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া এসব অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

  7. যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নয়: চীন

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান

    ছবির উৎস, EPA-EFE/REX/Shutterstock

    ছবির ক্যাপশান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান (ফাইল ছবি)

    চীন বলেছে, যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সহায়তা করবে না।

    এর আগে ওয়াশিংটন চীনসহ বিভিন্ন দেশকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল।

    শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “নিষেধাজ্ঞা ও চাপ এই সমস্যার সমাধানে সহায়তা করবে না।”

    তিনি আরও বলেন, “চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছে।”

    যুক্তরাষ্ট্র বলছে, তাদের অর্থনৈতিক অভিযান “ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে”।

    তবে তেহরান এই হুমকিকে “অর্থনৈতিক সন্ত্রাসবাদ” বলে অভিহিত করেছে এবং এটি ব্যর্থ হতে বাধ্য বলে তারা মনে করে।

    বেইজিংকে এই অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্র চাপ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট সিএনবিসিকে বলেন, “কিছু আলোচনা গোপনে করাই ভালো হবে”, তবে তিনি বেইজিংকে “এই কর্মসূচিতে যোগ দেওয়ার” আহ্বানও জানান।

    স্কট বেসান্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “চীন এমন অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত নয়।”

  8. প্রয়োজন হলে আরও একশ’ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে প্রয়োজন হলে তিনি আরও একশ’ বার হামলা চালাতেন।

    তার পদক্ষেপ না থাকলে আজ ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত বলেও ট্রাম্প দাবি করেছেন।

    এই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যখন পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল, তখনই তিনি দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেন।

    তিনি আবারো দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে এবং দেশটির অর্থনীতি ধসে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে।

    গণমাধ্যমে যা প্রতিফলিত হয় তার বিপরীতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

    ইরানকে “মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা রাষ্ট্র” বলে আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা যেমন দেখেছি, ইরান এমনকি কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর ওপরও হামলা চালিয়েছে, যাদের ইরানের প্রতি সমর্থন খুবই কম ছিল।”

    মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ না নিলে ইরান এসব দেশের সবগুলোকে ধ্বংস করে দিত এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

  9. রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘরে বঙ্গভবনের আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
    ছবির ক্যাপশান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘরে বঙ্গভবনের আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে শুক্রবার দুপুর থেকেই ঢাকায় বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

    বঙ্গভবনের আশপাশের সড়কগুলোতে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

    বৃহস্পতিবারই এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছিল যে, শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে।

    ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

    এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী গণপরিবহনগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে এসব বাসকে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

    এই শপথ অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

    বঙ্গভবনের আশপাশের এলাকায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে
    ছবির ক্যাপশান, বঙ্গভবনের আশপাশের এলাকায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে
  10. মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার জন

    বঙ্গভবনের সামনে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছেন
    ছবির ক্যাপশান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে আজ

    বাংলাদেশের মন্ত্রিসভার আকার বাড়ছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ চার জনের শপথ হতে পারে।

    তাদের বাইরেও কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভায় আরো কয়েকজনকে যুক্ত করা হতে পারেও বলেও সূত্রগুলো জানিয়েছে।

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তার জায়গায় এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

    রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াতে পারেন বলেও জানা গেছে।

    মন্ত্রিসভার নতুন চার সদস্য হিসেবে যাদের নাম জানা গেছে তাদের মধ্যে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

    তাদের মধ্যে দুই জন বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য তাদের ডাকা হয়েছে।

    প্রসঙ্গত, বাংলাদেশের মন্ত্রিসভায় বর্তমানের প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী আছেন ২৪ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।

    এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদার পাঁচ জন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরো পাঁচ জন উপদেষ্টা রয়েছেন।

  11. সন্ধ্যায় শপথ নেবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ছবির উৎস, Elke Scholiers/Getty Images

    ছবির ক্যাপশান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ।

    শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন।

    তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

    নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

  12. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ছয় জন সংসদ সদস্য এই ভোটে অংশ নেননি।
    • বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় প্রার্থী অলি আহমদ। এছাড়া তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
    • বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
    • কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডের এক দিন কেটে যাওয়ার পরে শনাক্ত করা হয়েছে আরও দুই জন বাংলাদেশি পর্যটকের মরদেহ। এতে নিহত নয়জনের মধ্যে বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো সাতজনে।
    • গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।
    • পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’ এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে 'আইনের ব্যত্যয় ঘটেছে' দাবি করে এটি পুনর্বিবেচনার আবেদন করেছে বলে সরকার, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
    • যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় এবং ইরানের নিকটবর্তী অঞ্চলে প্রবেশ করেছে।
    • ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গোষ্ঠীটি সৌদি আরবের ‘সংবেদনশীল’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
    • লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণে ভারী কামান নিয়ে হামলা চালিয়েছে।
    • ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিচকো। এমন এক সময়ে এই হামলা হলো, যখন ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন, পাশাপাশি যেসব দেশ ইরানকে সহায়তা করে বা তার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবেন। তার এই হুমকির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র সামরিক যুদ্ধে ব্যর্থ হয়ে অর্থনৈতিক যুদ্ধ শুরু করছে বলে মন্তব্য করেছেন ইরানি কর্মকর্তারা।
    • ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, আবার “যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে”।
    • সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়েছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময় শেষে সন্ধ্যা ছয়টায় তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
    • বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- দিল্লিতে এমন আশা করা হচ্ছে বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তাকে জানিয়েছেন।
  13. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে