আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ডিবি থেকে সরিয়ে দেয়া হলো হারুন অর রশীদকে, নতুন যে কর্মসূচি দিলো শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ নামে কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। অন্যদিকে, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে। আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সার সংক্ষেপ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা, সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা গেছে।
  • নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
  • প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর ফেসবুক, ইউটিউব ও টিকটক খুলে দিয়েছে সরকার।
  • দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদীর পৌরসভাসমূহ ছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার (৪ই আগস্ট) থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দেয়া হয়েছে।
  • বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ অর্থাৎ ‘আমাদের বীরদের স্মরণ’ নামে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সরাসরি কভারেজ

  1. বুধবার বাংলাদেশে যা যা ঘটেছে

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা, সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করতে দেখা গেছে পুলিশকে।

    নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এর আগে, আইন মন্ত্রণালয় এ বিষয়ে তাদের মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

    প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর ফেসবুক, ইউটিউব ও টিকটক খুলে দিয়েছে সরকার।

    ছাগলকাণ্ডে সমালোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে অবসর প্রদান করেছে সরকার। সম্প্রতি তিনি অবসরের আবেদন করলে সরকার তা অনুমোদন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা আইআরডি বুধবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাকে এনবিআর থেকে সরিয়ে গত জুনে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিলো।

    দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদীর পৌরসভাসমূহ ছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার (৪ই আগস্ট) থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দেয়া হয়েছে। ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন করে ডিবি বা গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ অর্থাৎ ‘আমাদের বীরদের স্মরণ’ নামে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

  2. শিক্ষার্থীরা নতুন যে কর্মসূচি ঘোষণা করেছে

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ অর্থাৎ ‘আমাদের বীরদের স্মরণ’ নামে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

    রিফাত রশিদ নামে একজন সহ-সমন্বয়কের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মসূচিতে নয় দফা দাবি আদায়ের জন্য ‘নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ’, ‘শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ’, ‘চিত্রাঙ্কন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রেট তৈরি’ এবং ‘ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক প্রতিবাদ ও সাংস্কৃতিক আয়োজন’ এর মতো কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও শিক্ষকসহ সব শ্রেণিপেশার মানুষকে নতুন কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে।

  3. ডিবি থেকে সরিয়ে দেয়া হলো হারুন অর রশীদকে

    আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি সদর দপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে।

    অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেয়া হয়েছে।

    নতুন করে ডিবি বা গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান। তিনি এতদিন ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

    মোহাম্মদ হারুন অর রশীদ সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় বেশ আলোচিত ছিলেন। বিশেষ করে তার দপ্তরে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে খাবার খাওয়া ছবি ও ভিডিও প্রকাশের পর উচ্চ আদালত এটিকে ‘মশকরা’ হিসেবে আখ্যায়িত করে।

    গত বছর ৩০ই জুলাই বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দলীয় কর্মসূচি চলাকালে ধোলাইখাল থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়ার পর মি. রায়কে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করার ছবি ও ভিডিও করে গণমাধ্যমে দেয়া হলে সেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়।

    এরপর বিভিন্ন সময়ে অভিনয় জগত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিদের তার দপ্তরে দুপুরের খাবার খাওয়ান তিনি। পরে সেগুলোর ছবি ও ভিডিও গণমাধ্যমে আসে।

  4. প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার

    দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদীর পৌরসভাসমূহ ছাড়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয় রোববার (৪ই আগস্ট) থেকে খুলে দেয়া হবে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

    কোটাবিরোধী আন্দোলন কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত ষোলই জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিলো।

  5. বরিশালে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ছবি

  6. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, গণস্বাক্ষর

    কোটা আন্দোলন ঘিরে ‘মার্চ ফর জাস্টিস’কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

    দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবন সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়ক, নতুন প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

    এরপর একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জা.বি. শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিয়নসহ গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাক্ষর করেন।

  7. সিলেটে বিক্ষোভের দৃশ্য

  8. সিলেটে মিছিলে বাধা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ

    সিলেটে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি মিছিলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

    মিছিলের আগে শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে জমায়েত হয় এবং প্রায় এক ঘণ্টা অবস্থান করে।

    এরপর বেলা সাড়ে বারটার পর তারা মিছিল বা পদযাত্রা নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দেয়।

    প্রায় দুই কিলোমিটারের মতো আসার পর সুবিদবাজার এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

    এক পর্যায়ে মিছিলকারীরা বাধা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে পুলিশ টিয়ারশেল বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে একং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

    এরপরেও শিক্ষার্থীরা অনেকে বিচ্ছিন্নভাবে কোট পয়েন্টের দিকে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

  9. ঢাকার হাইকোর্ট এলাকায় আন্দোলনকারীদের কর্মসূচির কিছু ছবি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ঢাকার হাইকোর্ট এলাকায় শিক্ষার্থীরা যে সমাবেশ-মিছিল করেছে, তার কিছু ছবি:

  10. বরিশালে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত অন্তত ১৫

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও ‘পিস ফর জাস্টিস’ কর্মসূচি পালন করতে নেমেছিলো শিক্ষার্থী ও অন্যান্যরা।

    বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বামপন্থী ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা সদর রোডের দিকে আসছিলো। কিন্তু পুলিশ সেখানে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

    এর বাইরে বরিশাল জজ কোর্টের দিকেও শিক্ষার্থীরা জড়ো হতে গেলে সেখানেও বাধা দেয় পুলিশ। এই দুই ঘটনায় অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন বলে জানান বরিশালের স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম।

    তিনি বলেন, আহতদের মাঝে তিনজন সাংবাদিকও আছেন। তারা সবাই এখন বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  11. মতিউর রহমানকে তার আবেদনের ভিত্তিতে অবসরে পাঠিয়েছে সরকার

    ছাগলকাণ্ডে সমালোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে অবসর প্রদান করেছে সরকার। সম্প্রতি তিনি অবসরের আবেদন করলে সরকার তা অনুমোদন করেছে।

    অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা আইআরডি বুধবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তাকে এনবিআর থেকে সরিয়ে গত জুনে আইআরডিতে সংযুক্ত করা হয়েছিলো।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে মি. রহমানের ‘পঁচিশ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা ব্যতীত অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো’।

    অর্থাৎ তিনি অবসর উত্তর ছুটি, লাম্পগ্রান্ট এবং পেনশন বাবদ কোনো অর্থ পাবেন না।

    সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কাজ করছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের একটি অনুসন্ধান দল।

    সম্প্রতি কোরবানি ঈদের আগে মুশফিকার রহমান ইফাত নামে এক তরুণ পনের লাখ টাকার ছাগল বায়না করে আলোচনায় আসার পর সামাজিকমাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওই তরুণ মি. রহমানের সন্তান। যদিও তিনি সংবাদমাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন।

    পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য একাধিক সংবাদমাধ্যমকে জানান যে, মি. রহমানেরই সন্তান ইফাত এবং ইফাতের মা মি. রহমানের দ্বিতীয় স্ত্রী। ওই সংসদ সদস্য তখন জানিয়েছিলেন যে ইফাতের মা তার নিকটাত্মীয়।

    এর মধ্যেই গণমাধ্যমে মি.রহমানের একের পর এক সম্পদের খবর প্রকাশিত হতে থাকে এবং সংবাদমাধ্যমে প্রকাশ পায় দেশে ও বিদেশে তার সন্তান ও পরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনের খবর।

    এ প্রেক্ষাপটে গত তেইশে জুন অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বিসিএস শুল্ক ও আবগারী ক্যাডারের কর্মকর্তা মি. রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে।

    কিন্তু এরপর থেকে তিনি আর কর্মস্থলে যাননি।

  12. হাইকোর্টের গেটের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

    কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসাবে গতকাল মঙ্গলবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার মিছিল নিয়ে হাইকোর্টের সামনে গিয়েছেন শিক্ষার্থীরা।

    কিন্তু হাইকোর্টের সামনে ও দোয়েল চত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীদের এই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

    বিবিসি সংবাদদাতা শাহনেওয়াজ রকি হাইকোর্ট চত্বর থেকে জানিয়েছেন, পুলিশ হাইকোর্টের সামনে থেকে “কয়েকজনকে” তুলে নিয়ে গেছে।

    ঘটনা শুরু হয় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। ওইসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে দোয়েল চত্বরে জড়ো হয়। সেখানে থেকে তারা “মার্চ করে” হাইকোর্টের দিকে আসার পথে পুলিশ তাদেরকে বাধা দেয়।

    ওইসময় অন্যদিক থেকে শিক্ষার্থীদের আরও একটি দল হাইকোর্টের দিকে এলে সেখানে পুলিশ বাঁধা দেয়। পরে হাইকোর্টের আইনজীবীরা শিক্ষার্থীদেরকে হাইকোর্ট প্রাঙ্গণের ভেতরে নিয়ে যায় এবং তাদের সাথে কথা বলে।

    এখনও “হাইকোর্টের গেটের সামনে শ’দুয়েক শিক্ষার্থী অবস্থান করছেন” বলে জানান শাহনেওয়াজ রকি।

  13. চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভের কিছু ছবি

  14. চট্টগ্রামের আদালত চত্বরে বিক্ষোভকারীদের অবস্থান

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে ‘ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসাবে বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

    চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক কমল দাশ বুধবার বেলা দেড়টার দিকে বিবিসিকে জানান, চট্টগ্রাম আদালত চত্বরে হাজারের বেশি আন্দোলনকারী আছেন।

    এখন পর্যন্ত সেখানে বড় কোনও সহিংসতা না হলেও এদিন বেলা ১১টার দিকে পুলিশের সাথে কথা কাটাকাটি হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। “এক পর্যায়ে পুলিশ পাঁচজনকে জনকে ধরে ফেলে এবং তিনজন নারী শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।”

    তিনি জানান, বাকি দুইজনকে পুলিশ ধরতে পারেনি, কারণ সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে “ছিনিয়ে নেয়।”

    কমল দাশ আরও জানান যে বিক্ষোভকারীদের সমর্থনে অন্তত দুই থেকে আড়াইশো আইনজীবীও সেখানে আছেন, যারা আন্দোলনকারীদেরকে “রক্ষা করছেন”।

    চট্টগ্রাম আদালত চত্বরে এখন বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। সেইসাথে চত্বরের বাইরের সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী।

    শিক্ষার্থীদের চাওয়া কী, জানতে চাইলে তিনি বলেন, “ওরা বলছে…জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত চায়…আর আজ তারা সরকার পতনের প্ল্যাকার্ডও নিয়ে এসেছে।”

  15. ফেসবুক, ইউটিউব, টিকটক খুলে দিয়েছে সরকার

    বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বুধবার থেকে ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর জারি করা সরকারি বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে। বুধবার বিকাল থেকেই এসব সেবা পুরোপুরি পাওয়া যাবে।

    ঢাকায় বিটিআরসি ভবনে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''আমরা যেসকল স্যোশাল মিডিয়া প্লাটফর্ম সাময়িকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করেছিলাম বিটিআরসির পক্ষ থেকে, সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, ব্যবসায়িক সম্প্রদায়, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক,গবেষকদের কথা চিন্তা করে,এগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম বলে আমরা মনে করি, তবে সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছিলাম,।'

    তিনি বলেন, 'আমি আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাচ্ছি, সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি। বাংলাদেশের সাইবার স্পেসে ফেসবুক, ইউটিউব ও টিকটকের কার্যক্রম পরিচালনা করতে আমরা আর কোন বাধা রাখছি না। সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি।''

    ''আশা করি বিকালের মধ্যে সবগুলো অ্যাপ্লিকেশন ওপেন করে দিতে পারবো। আমরা দেখেছি, এসব বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশন ব্যবহারের কারণে আমাদের ব্যান্ডউইথ ট্রাফিক দেশের বাইরে চলে যাচ্ছে। সেটা নিরাপত্তার জন্যও ঝুঁকি, অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি। ''

    তিনি জানান, সাম্প্রতিক সহিংসতার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও সাজানো খবর ছড়ানো হয়েছে। এসব খবরের বিষয়ে এসব সামাজিক মাধ্যমকে জানানো হলেও তারা ২০ শতাংশ সরিয়ে দিয়েছে, বাকিটা সরায়নি। সরকারের তরফ থেকে এ বিষয়ে তাদের কাছে আপত্তি জানানো হয়েছে।

    তিনি বলেন, ''১৬/১৭/১৮/১৯ তারিখে যে ধ্বংসাত্মক কাজ হয়েছে, সেগুলো তুলে ধরেছি। সেই সময় অর্থ খরচ করে দেশ থেকে ও বিদেশ থেকে মিথ্যা গুজব ছড়িয়ে দেয়া হয়েছে, যা পরিস্থিতিতে উস্কে দিতে সহায়তা করেছে। সেক্ষেত্রে তাদের এআই সিস্টেম, হিউম্যান সিস্টেম যেন ঠিকভাবে কাজ করে, সেজন্য বলা হয়েছে। এর ফলে প্রাণহানি বেড়েছে, এটার দায় তারা কোনভাবে এড়াতে পারেনা। আমরা যে অনুরোধগুলো পাঠিয়েছিলাম, সেগুলোর ২০ শতাংশ তারা রিমুভ করেছে, বাকিটা করেনি, যা গ্রহণযোগ্য নয়।''

    তিনি জানান, ফেসবুক, ইউটিউব ও টিকটকের বিষয়ে এসব বিষয়ে জানতে চায়া হলে তারা ইমেইলে ব্যাখ্যা দিয়েছে ও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

  16. প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খোলা চিঠি

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ধরনের সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।

    গতকাল মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে সেই চিঠি প্রকাশ করা হয়।

    প্রায় তিন পাতার চিঠির শুরুতেই তিনি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং আন্দোলনের সময় ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

    মি. ক্যালামার্ড লিখেছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত ২৮ জুলাই সংবাদ সম্মেলনে ১৪৭ জনের নিহত হওয়ার কথা বললেও প্রথম আলো’র মতো বেসরকারি সূত্র থেকে জানা যাচ্ছে যে সহিংসতায় কমপক্ষে ২১১ জন নিহত হয়েছেন।

    তিনি আরও লিখেছেন যে সংস্থাটি গত ১০ দিনের ঘটনাকে পর্যালোচনা করেছে এবং তারা বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন; যাতে ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনীর মতো বাহিনী মোতায়েন করে বেআইনিভাবে বলপ্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    গত ১৯শে জুলাই পুলিশদের প্রতি সেই ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশনা এবং এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন মি. ক্যালামার্ড।

    বাংলাদেশে চলমান ‘অনির্দিষ্টকালের জন্য কারফিউ’ অবিলম্বে প্রত্যাহার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণভাবে চালু, গণগ্রেফতার বন্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে সংযম ধারনসহ নানা বিষয়ে অনুরোধ করেন তিনি।

  17. আমি জানি না – আমার অপরাধটা কী ছিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি জানি না, আমার অপরাধটা কী ছিল।”

    বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় মৎস সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে উচ্চ আদালত থেকে কোটার পক্ষে রায় দেওয়ার পরও “তারা” আন্দোলনে নামে।

    “আমি কোনোদিন ভাবতে পারিনি, এই ধরনের অবস্থা সৃষ্টি হবে। কতগুলো প্রাণ ঝরে গেছে। কেন এই রক্ত ঝরা?” স্থাপনা ধ্বংস প্রসঙ্গে তিনি বলেন, “স্থাপনা পুনর্গঠন করা যাবে। কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল, সেগুলো আমরা ফিরে পাবো না।”

    এই আন্দোলনকে ঘিরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হল উল্লেখ করে তিনি বলেন, “এতে করে কে কী অর্জন করলো, সেটাই এখন প্রশ্ন।”

    দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহত’র ঘটনার “চক্রান্তে” কারা জড়িত, তা বিচারের ভার তিনি “দেশবাসীর” কাছে দিয়েছেন।

  18. রিয়াসহ ১৬ শিশুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

    কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ছয় বছর বয়সী শিশু নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিলো।

    এবার রিয়াসহ ১৬ শিশুর নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

    রিটকারী হলেন সুপ্রিমকোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার।

  19. গুলি না চালানোর রিটে বিচারপতি অসুস্থ থাকায় শুনানি হয়নি

    কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে ও ডিবি কার্যালয়ে থাকা ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি চেয়ে হাইকোর্টে যে রিট করা হয়েছিল, একজন বিচারপতি অসুস্থ থাকায় সেটির শুনানি হয়নি।

    হাইকোর্টের আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এই রিট করেছিলেন। গত দুদিন ওই রিটের ওপর শুনানি হয়েছে।

    রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    মানজুর আল মাতিন সাংবাদিকদের বলেন, ''এখানে সন্দেহের কোন অবকাশ নেই যে, তারা ডিবি হেফাজতে রয়েছেন। আদালতের এখতিয়ার রয়েছে যে, এটা শোনার যে তারা স্বেচ্ছায় সেখানে রয়েছেন কিনা। কী বিচারে ডিবি কার্যালয়ে, গোয়েন্দা কার্যালয়ে কেন একজন মানুষ যাবেন, নিকটস্থ থানায় নয়?''

  20. দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে ছাত্র-জনতার ওপর ‘গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে’ আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক একটি কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের জানান যে আজ দুপুর সাড়ে ১২টায় এই কর্মসূচি পালিত হবে।

    ঢাকায় জমায়েত স্থান হিসাবে তারা হাইকোর্ট ও জজকোর্ট প্রাঙ্গণকে বেছে নিয়েছেন।

    এর বাইরে সারাদেশের সকল নাগরিকদের নিজ নিজ সুবিধামতো স্থান ও সময়ে ‘প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে’ এই কর্মসূচি পালনের আহ্বান জানান আন্দোলনকারীরা।

    এই কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে আবদুল কাদের “সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে” তাদের সাথে একাত্মতা ঘোষণা করার অনুরোধ করেন।

    শিক্ষার্থীদের এই কর্মসূচির উদ্দেশ্য, জাতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমাপ্রার্থনাসহ তাদের পূর্বঘোষিত নয় দফা দাবি বাস্তবায়ন।