আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, নেপালে মৃতের সংখ্যা ৫০০ ছাড়ালো, ৯০ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত

চীন সতর্ক করেছে যে, সাম্প্রতিক ভূমিধসের পর সৃষ্ট একটি হ্রদের বাঁধ ভেঙে ভাটির দিকে দ্বিতীয় দফা বন্যার ‘প্রবল ঝুঁকি’ রয়েছে। এদিকে, নেপালে বুধবার আঘাত হানা আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পাঁচশ জন ছাড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলায়…

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. মা, বাবা, স্বামীসহ পরিবারের সবাই নিখোঁজ

    নেপালের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হলো নুয়াকোট।সেখানে একটি সেনা ক্যাম্পকে উদ্ধারকেন্দ্রে পরিণত করা হয়েছে।

    ওই কেন্দ্রের বাইরে শত শত মানুষ তাদের নিখোঁজ স্বজনদের খোঁজ পেতে অপেক্ষা করছেন। বিবিসি নেপালির শ্রীজনা শ্রেষ্ঠা সেখানে গিয়েছিলেন।

    তিনি গিয়ে দেখেন যে এক নারী তার শিশুকে কোলে নিয়ে অঝোরে কাঁদছেন।তার বাবা, স্বামী ও মা-সহ পরিবারের সবাই নিখোঁজ।

    সেখানে অনেক আহত মানুষও ছিলেন। কেউ কেউ বলছিলেন, তারা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

    রাসুয়ায় কাজ করা এক চালক বিবিসি নেপালিকে জানান, বন্যার সময় পানির তোড়ে তিনি ভেসে গিয়েছিলেন। কীভাবে বেঁচে ফিরেছেন, তা এখনো বুঝতে পারছেন না। তবে নিজে বাঁচলেও তার ২০ জনের বেশি বন্ধু মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

    তার সঙ্গে কথা বলার সময় শ্রীজনা শ্রেষ্ঠা দেখেন, তিনি ঠিকমতো মনোযোগ দিতে পারছিলেন না। মানসিকভাবেও স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তার চোখ ভরা ছিল অশ্রু।

    একপর্যায়ে শ্রীজনা শ্রেষ্ঠা যখন ভিডিও করছিলেন, তখন সম্ভবত ৬০ বা ৭০ বছর বয়সী এক নারীকে হেলিকপ্টার থেকে নামিয়ে ওই কেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয়। ভিডিও করার সময়ই হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায়, তিনি মারা গেছেন।

  2. নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে শুক্রবার জানানো হয়েছে আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে যোগাযোগ করা যাচ্ছে না বা নিখোঁজ এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ৩২০ জন।

    শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সময় মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “নেপালে যে ২১জন ভারতীয় পর্যটককে উদ্ধার করা হয়েছিল তাদের ফিরিয়ে আনা হয়েছে। তারা আজ দিল্লিতে ল্যান্ড করেছেন। এরা সকলে তামিলনাড়ুর বাসিন্দা।”

    “এছাড়া ত্রিশূলী প্রজেক্টে কর্মরতদের মধ্যে এখনো পর্যন্ত ৬৩জনকে উদ্ধার করা হয়েছে। চীনের দিকে আটকে থাকা ৯৬জন ভারতীয় নাগরিক নিরাপদে স্থলপথে নেপাল সীমান্তে এসে পৌঁছেছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

    তিনি জানিয়েছেন, চীনের দিকে আটকে থাকা আনুমানিক ৪০০জন ভারতীয় সুরক্ষিত রয়েছেন, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।

    “যে সমস্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছিলাম না, বা যারা নিখোঁজ তাদের সংখ্যা ৩২০জন। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।”

    পাশাপাশি তিনি জানিয়েছেন, যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ১০০জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিও রয়েছেন। এদের অন্য দেশেরও নাগরিকত্ব রয়েছে। সরকারের তরফে এদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে।

  3. নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস

    নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।

    নেপালে সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেছেন, দেশটিতে নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা নিয়েও তারা উদ্বিগ্ন।

    আইএফআরসি এক বিবৃতিতে জানিয়েছে, নেপালে জরুরি সহায়তায় জন্য তারা আড়াই কোটি সুইস ফ্রাঁ (প্রায় দুই কোটি ৩০ লাখ পাউন্ড বা তিন কোটি ১০ লাখ ডলার) অর্থায়নের আবেদন জানিয়েছে।

    সংস্থাটি বলছে, পরিস্থিতি মোকাবিলায় তাদের বিশ্বজুড়ে থাকা নেটওয়ার্ককে কাজে লাগানো হচ্ছে।

  4. মরদেহ শনাক্ত ও ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হয়ে উঠছে, বিবিসিকে নেপাল কর্তৃপক্ষ

    বুধবারের আকস্মিক বন্যায় স্রোতের তোড়ে অনেক মরদেহ ভেসে দূরের জেলাগুলোতে চলে গেছে। ফলে নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

    নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডু থেকে প্রায় ১৮৬ কিলোমিটার দক্ষিণে চিতওয়ানে ২২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে নওয়ালপরাসি পূর্ব এলাকা থেকে ১৩৪টি মরদেহ পাওয়া গেছে।

    চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার গণেশ আরিয়াল বিবিসিকে বলেছেন, অনেক মরদেহের অবস্থা ভালো নেই। ফলে সেগুলো সংরক্ষণ ও ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে।

    স্থানীয় হাসপাতালের মর্গেও আর মরদেহ রাখার জায়গা নেই। এ কারণে মরদেহ রাখার জন্য আপাতত একটি সরকারি ভবন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

    নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

  5. ব্রেকিং, নেপালে বন্যায় নিহতের সংখ্যা আরও বেড়ে ৫৪৭

    নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

    এই বন্যায় আহত হয়েছেন এক হাজার ৪৭৩ জন।

    কিছুক্ষণ আগেই নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) ৫৩৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।

    নেপাল পুলিশ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারকাজে চার হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন।

  6. নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮

    নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যার পর শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৩৮টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির পুলিশ।

    সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ান, নওয়ালপরাসি পশ্চিম ও নওয়ালপরাসি পূর্বের নারায়ণী নদী থেকে।

    এছাড়া অন্যান্য জায়গা থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা-

    রাসুয়া- ১২

    নুয়াকোট - ৩৭

    ধাদিং - ৩৩

    খোরখা - ৪৬ (মানুষের শরীরের বিভিন্ন অঙ্গও রয়েছে)

    চিতওয়ান - ২৮

    নওয়ালপরাসি পশ্চিম - ১৩৪

    নওয়ালপরাসি পূর্ব - ২২১

    বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অধিকাংশ মরদেহ নদীর স্রোতে ভেসে নিচের দিকে চলে গেছে।

    বুধবার রাসুয়ায় ভোটেকোশি নদীতে বন্যা দেখা দেয়। এই নদীর পানি রাসুয়া থেকে ধাদিং, গোরখা, চিতওয়ান ও তানাহুন হয়ে দেবঘাটের দিকে প্রবাহিত হয়।

    তানাহুনের দিক থেকে আসা কালীগণ্ডকী নদীও নারায়ণী নদীর সাতেহ মিশেছে। এদিকে, নারায়ণী নদী আবার চিতওয়ান ও নওয়ালপরাসি হয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতে এই নদী গণ্ডক নামে পরিচিত।

  7. নেপালে ১২১ জন বিদেশি নাগরিক উদ্ধার

    নেপালের ভয়াবহ বন্যার পর অন্তত ১২১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পর্যটন বোর্ড। এই বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪৯০ জন মানুষের মৃত্যু হয়েছে।

    উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা এবং নয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।

    এ ছাড়া তিনজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এর আগে নেপাল কর্তৃপক্ষ জানিয়েছিল, পাঁচ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মাঝে ১৭৮ জন ভারতীয়, ৬৫ জন আমেরিকান, ৫৩ জন ইউক্রেনিয়ান, ৫১ জন মালয়েশিয়ান, ৩৩ জন অস্ট্রেলিয়ান ও ৩৩ জন ব্রিটিশ।

    নেপাল পর্যটন বোর্ড বলেছে, বন্যায় আহত, আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সব ধরনের চেষ্টা চলছে।

  8. নেপালকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের

    ভয়াবহ বন্যার পর নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মাত্রার দুর্যোগ “এর আগে কখনও দেখা যায়নি” এবং “মজবুত ভবনগুলোও পানিতে ভেসে গেছে”।

    ট্রাম্প জানান, ৫০ থেকে ৬০ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, তাদের মধ্যে কয়েকজন “দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন”।

    যুক্তরাষ্ট্র নেপালের নেতৃত্বের সঙ্গে কথা বলেছে এবং যে কোনো ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে বলেও তিনি জানান।

  9. নেপালের বন্যা নিয়ে জরুরি বৈঠক করেছেন শি জিনপিং

    নেপালের ভয়াবহ বন্যার পর উদ্ধারকাজ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

    বন্যায় নিখোঁজদের মাঝে চীন ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। সবাইকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে।

    উদ্ধার কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতিতে চালানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

    সিনহুয়া জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে জরুরি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। সেইসাথে, উদ্ধারকাজে অন্য দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করবে দেশটি।

  10. নেপালি সরকার প্রকাশিত নিখোঁজদের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতীয় নাগরিকদের নাম

    নেপালের সরকার বন্যার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ থাকা শত শত পর্যটকের নাম প্রকাশ করেছে। ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে যে, এই বন্যায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে।

    সরকারি তালিকায় ৫৩৭ জন বিদেশি নাগরিকের নাম, জন্মতারিখ এবং জাতীয়তা উল্লেখ করা হয়েছে, যাদের সঙ্গে বুধবার বন্যা আঘাত হানার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

    এই তালিকায় রয়েছে ১৭৮ জন ভারতীয় নাগরিক, ৬৫ জন মার্কিন নাগরিক, ৫৩ জন ইউক্রেনীয়, ৫১ জন মালয়েশীয়, ৩৩ জন অস্ট্রেলীয় এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক।

  11. তিব্বতে বন্যায় পাঁচজনের মৃত্যু, নিখোঁজ ৫৫৮

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের ভয়াবহ বন্যায় তিব্বতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

    এ ঘটনায় এখনো ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

  12. নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯

    নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

    সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুয়াকোট জেলা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    তবে সবচেয়ে বেশি মরদেহ পাওয়া গেছে চিতওয়ান জেলায়।

    চিতওয়ানের মধ্য দিয়ে ত্রিশূলী নদী প্রবাহিত হয়েছে, যা পরে সেতি গান্ডাকি নদীতে গিয়ে মিশেছে।

  13. হ্রদের তীর ভেঙে বন্যার ‘উচ্চ সতর্কতা’ জারি করলো চীন

    চীন সতর্ক করেছে যে, সাম্প্রতিক ভূমিধসের পর সৃষ্টি হওয়া একটি হ্রদের তীর ভেঙে যাওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে, যা ভাটির দিকে দ্বিতীয় দফা বন্যার কারণ হতে পারে।

    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত নেপাল-তিব্বত সীমান্তের কাছে অবস্থিত ওই বাঁধসদৃশ হ্রদে আনুমানিক ২৫ লাখ ঘনমিটার পানি জমা হয়েছে।

    বাঁধসদৃশ হ্রদ হলো এমন একটি জলাধার, যা নদীর প্রবাহ ধ্বংসাবশেষের কারণে বাধাগ্রস্ত হয়ে তৈরি হয়।

    চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের মতে, ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলে গঠিত এই বাঁধসদৃশ হ্রদটি বৃহস্পতিবার থেকেই উপচে পড়তে শুরু করেছে।

    কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তের মধ্যে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি হ্রদটিতে প্রবাহিত হবে বলে ধারণা করা হচ্ছে, যা ‘তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি’ তৈরি করছে।

    ঝুঁকির কারণে উদ্ধারকাজ কিছু সময় স্থগিত রেখে পরে আবার শুরু করে চীন।

  14. গতকাল সারাদিন যা যা হয়েছে:

    • বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করলো সংসদের বিরোধী দল। বাংলাদেশে প্রথম ওয়াকআউটের ঘটনা নিয়ে আরো পড়তে পারেন- জাতীয় সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল
    • বাংলাদেশে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে ব্যাপক হট্টগোল হয়েছে।
    • “মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই”- এই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
    • “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়- এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না”- দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
    • নেপালের পুলিশ বুধবারের আকস্মিক বন্যায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ ৩৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
    • নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর ৯১০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
    • নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং জাতীয় পুলিশের ১৩ হাজারের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। এছাড়া দিনজুড়ে পরিচালিত ৬৯টি ফ্লাইটের মাধ্যমে ৫৭৩ জনকে উদ্ধার করা হয়েছে।
    • আকস্মিক বন্যায় নেপালের ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
    • নেপালে দুর্যোগের কারণে আটকে রয়েছেন বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমন ভারতীয় নাগরিকের সংখ্যা ২৮৮ জন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের মতে, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
    • চীন-নেপাল সীমান্তে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যেখানে দ্রুত পানি জমছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে হ্রদটির তীর ভেঙে যেতে পারে।
  15. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।

    দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে