বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারদা পুলিশ একাডেমিতে একযোগে আড়াইশোর বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বঙ্গোপসাগরের নিম্নচাপটি বুধবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’য়।
সরাসরি কভারেজ
মঙ্গলবার সারাদিন যা যা ঘটলো
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধের পর রাতে ব্যারিকেড ভেঙে ভেতরে
প্রবেশের চেষ্টা করে বিভিন্ন সংগঠনের কর্মীরা। পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। রাত সাড়ে ১০টার সময়েও সেখানে উত্তেজনা চলছিল। সংঘর্ষ আহত অবস্থায় পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহবায়ক ও
আরিফ সোহেলকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা
হয়েছে। এই কমিটি পুরো বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে।
সেন্টমার্টিন ভ্রমণ সীমিত করে নতুন
নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আাগামী
নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না। ডিসেম্বর-জানুয়ারিতে দিনে সর্বোচ্চ
২ হাজার পর্যটক যেতে পারবে।
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা
দিয়ে বৃহস্পতিবারের মধ্যে নিষিদ্ধ করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলন। একই সাথে এ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগসহ কয়েক দফা দাবি জানিয়েছে
সংগঠনটি।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশের
সমাপনী কুচকাওয়াজে 'নাশতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি'র
অভিযোগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।
জনভোগান্তি দূর করতে শাহবাগের পরিবর্তে
বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার বিষয়ে আহবান জানিয়েছে
সরকার।
সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে
আটকের পর ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায়
সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বুধবার সেটি ঘূর্ণিঝড় 'দানা'য় রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে
ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ
দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বঙ্গোপসাগরের নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘দানা’য়
বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপ থেকে সন্ধ্যা ছয়টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এ গভীর নিম্নচাপটি আরো পশ্চিম – উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী এলাকায় এখন অবস্থান করছে।
এর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।
তিনি বলেন, “কাল আমরা সাইক্লোন ডিক্লেয়ার (ঘূর্ণিঝড় ঘোষণা) করবো।”
ছবির ক্যাপশান, বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ
দাবিতে বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থানের পর রাতে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ
করার চেষ্টা করে আন্দোলনকারীরা।
এ সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্যরা তাদের বাঁধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ধাওয়া দেয় পুলিশ ও সেনাবাহিনী। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এই সময় অন্তত পাঁচ জন আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
রাত সাড়ে ১০টার দিকেও সেখানে উত্তেজনা চলছিল।
এর আগে বিকেল থেকে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মঞ্চসহ বেশ
কয়েকটি সংগঠন বঙ্গভবনের রাস্তা আটকে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল।
তাদের রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়।
পরে সরকার তাদের সাথে বুধবার বৈঠক করার আশ্বাস দিয়েছে, এমন তথ্য ছড়িয়ে পড়লে একটি পক্ষ সেখান থেকে সরে যায়।
কিন্তু আন্দোলনকারীদের একটি অংশকে রাত
পর্যন্ত বঙ্গভবনের সামনে বিক্ষোভ করতে দেখা যায়।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে
গণজমায়েত করে রাষ্ট্রপতিকে বৃহস্পতিবারের মধ্যে পদচ্যুত করাসহ ৫ দফা দাবি জানানো
হয়।
হাসনাত আব্দুল্লাহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ঘোষণা
ছবির ক্যাপশান, হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেল
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহবায়ক ও
আরিফ সোহেলকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
করা হয়েছে।
মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে
আয়োজিত সংবাদ সম্মেলনে চার সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
চার সদস্যের প্রাথমিক এই প্রাথমিক
কমিটিতে কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে
দায়িত্ব পালন করবেন উমামা ফাতিমা।
কমিটির নাম ঘোষণা শেষে সারজিস আলম বলেন,
এই কমিটি পুরো বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে।
তিনি জানান,
এই কমিটি সারাদেশে যারা জুলাই অগাস্টের আন্দোলনে সংগঠক হিসেবে কাজ
করেছে তাদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসবে।
কেন এই কমিটি গঠন করা হয়েছে তার কারণ
ব্যাখ্যা করে মি. আলম বলেন, “বিভিন্ন সময় আমরা শুনছি বিভিন্ন জায়গায় ভুয়া
সমন্বয়ক সেজে অনেকে অনেক ধরনের কাজ করছে। কিন্তু আমাদের কোন কমিটি কাঠামো না থাকায়
এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায় না”।
যে কারণে নতুন কমিটি তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নিবে ও সারাদেশের বৈষম্যবিরোধী প্লাটফরমে যারা কাজ করেছে তাদেরকে সংগঠিত
করবে।
পরবর্তীতে কমিটির আকার আরো বড় করা হবে বলেও জানান হয় এই সংবাদ
সস্মেলনে।
সেন্টমার্টিনে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ, যাওয়া যাবে না ফেব্রুয়ারিতে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন ভ্রমণ সীমিত
করে নতুন নির্দেশনার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আাগামী
নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা।
শুধুমাত্র ডিসেম্বর ও
জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। সেক্ষেত্রে মাত্র দুই হাজার জন
রাত্রিযাপনের সুযোগ পাবেন।
আর ফেব্রুয়ারি মাসে এই
প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের
বৈঠকে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার
ডেপুটি প্রেস সেক্রেটারি সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না
করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে
দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছিল দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্ট
বেসরকারি খাতের অংশীজনরা।
ছবির ক্যাপশান, রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন
সংগঠনের কর্মীরা।
এই বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে
মঙ্গলবার সন্ধ্যা ৭টার মধ্যে আইন উপদেষ্টাকে কর্মসূচিতে আসার দাবি জানানো হয়।
এর আগে বিকেল থেকে ইনকিলাব মঞ্চসহ
বিভিন্ন সংগঠনের নেতাকমীরা বঙ্গভবনের রাস্তার সামনে গিয়ে অবস্থান নেয়।
রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানিয়ে এসময় তারা বিক্ষোভ মিছিল করতে থাকে।
এসময় আন্দোলনকারীরা বর্তমান
রাষ্ট্রপতিকে 'আওয়ামী লীগের দোসর' দাবি করে তাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
তারা বলেন, রাষ্ট্রপতি যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে
কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এদিকে, বঙ্গভবনের সামনে রাস্তা অবরোধের আগেই ওই এলাকায় নিরাপত্তা
জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। বঙ্গভবনের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য
মোতায়েন করা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে পুলিশ ও
সেনাবাহিনীর এপিসি-জলকামান।
এদিকে
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক
হাসনাত আব্দুল্লাহ।
একই
সাথে বিগত তিনটি জাতীয় নির্বাচন বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানায় বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন।
এ সময়
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দাবি ফ্যাসিবাদের দোসর
রাষ্ট্রপতি চুপ্পুকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে। অভ্যুত্থান ও জুলাই
বিপ্লবের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এ সপ্তাহের মধ্যে নতুন
করে প্রোকলেমশন অব রিপাবলিক ঘোষণা করতে হবে। এবং সেটির ভিত্তিতে এবং বাংলাদেশের
বর্তমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক বলয়ের মতের ভিত্তিতে ২৪ পরবর্তী বাংলাদেশ
পরিচালিত হবে।’
বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম
ছবির ক্যাপশান, শহীদ মিনারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা
দিয়ে বৃহস্পতিবারের মধ্যে নিষিদ্ধ করতে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র গণজমায়েত থেকে এই আল্টিমেটাম দেয়া হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন,
“যে
ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই”।
গণজমায়েতে অন্যতম সমন্বয়ক সারজিস
আলম বলেন, "আবারও যদি প্রয়োজন হয়, আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে
প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে
আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের উত্থান সহ্য করা হবে না।"
শহীদ মিনারের গণজমায়েতে
বৈষম্যবিরোধী প্লাটফরমের কর্মীরা অবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে
পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে।
শহীদ মিনারের সমাবেশে সমন্বয়ক মি.
মাসুদ বলেন, “রাষ্ট্রপতি হিসেবে মো.
সাহাবুদ্দিন জনতার সঙ্গে প্রতারণা করছেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুনি হাসিনা যেভাবে পালিয়েছেন, চুপ্পুকেও
পালাতে হবে”।
'নাস্তা না খেয়ে হইচই করে' চাকরি খোয়ালেন পুলিশের ২৫২জন এসআই
রাজশাহীর
সারদায় বাংলাদেশ পুলিশের সমাপনী কুচকাওয়াজে 'নাশতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি'র অভিযোগে ২৫২
জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে সকালে শৃঙ্খলাভঙ্গের
অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর
আলম চৌধুরী।
চাকরি থেকে পুলিশের যে এসআইদের অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে চিঠি পাঠিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।
চিঠির একটি কপি বিবিসি হাতে পেয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ
একাডেমি প্যারেড মাঠে গত পহেলা অক্টোবর সকালে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস
ব্যাচ–২০২৩ এর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন প্যারেড কার্যক্রম চলছিল।
সে সময়ে
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী
কর্তৃক পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী প্যারেডে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীকে প্যারেড বিরতিতে সকালের নাশতা পরিবেশন করা হয়।
কিন্তু পুলিশের
ওইসব এসআই সেখান থেকে সরবরাহকৃত নাশতা না খেয়ে হইচই করে মাঠের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি
করে।
চিঠিতে বলা
হয়, অভিযুক্ত সদস্যরা নিজেরা 'চরম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে' এবং 'অন্যান্য প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের পরস্পর সংগঠিত করে একাডেমি কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করে চরম বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে'।
এরপর "বিশৃঙ্খলা সৃষ্টির পর তারা নিজের ইচ্ছামত নিজ নিজ ব্যারাকে চলে যান, যা সম্পূর্ণভাবে
শৃঙ্খলা-পরিপন্থী" বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ওই অভিযোগে তাদেরকে দিনের মধ্যে কৈফিয়তের জবাব দিতে
বলা হয়। তাদের জবাব সন্তোষজনক ছিল না।
পুলিশের
গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড বড় ধরনের অন্তরায় ও
অযোগ্যতার শামিল বলে অব্যহতিপত্রে উল্লেখ করা হয়েছে।
গত আটই অক্টোবর একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার
(অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) বিভাগ থেকে ওই শোকজ চিঠি ইস্যু করা হয়েছিল।
শাহবাগে না, সভা সমাবেশ করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে
জনভোগান্তি দূর
করতে শাহবাগের পরিবর্তে বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ও সমাবেশ করার
বিষয়ে আহবান জানিয়েছে সরকার।
মঙ্গলবার
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আরো কয়েকটি বিষয়ের সঙ্গে এই বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সংবাদ
সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাস্তাঘাটে
সমাবেশ করতে গেলে যানজট তৈরি হয়। জনভোগান্তি দূর করতে শাহবাগের মোড়ের পরিবর্তে
সোহরাওয়ার্দী উদ্যানে যদি সমাবেশটা করে তাতে জনভোগান্তি অনেক কম হয়”।
তিনি বলেন, “বৈঠকে
এ ব্যাপারে আলোচনা হইছে। আমরা সবাইকে রিকুয়েস্ট করবো শাহবাগের পরিবর্তে যেন
সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ বা সভা সমাবেশ করে”।
সভায় সারা দেশে
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা
উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা,
সন্ত্রাসী ও জঙ্গি প্রতিরোধ, অস্ত্র
জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।
স্বরাষ্ট্র
উপদেষ্টা জানান, সভায় সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের
রাজনৈতিক পরিচয় প্রকাশ করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া জামিনে
মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা কোন ধরনের অপরাধে লিপ্ত হলে দ্রুত গ্রেফতারের
ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়।
ছবির ক্যাপশান, রাজধানী ঢাকার শাহবাগ চত্ত্বর (ফাইল ছবি)
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
ছবির উৎস, Syed Sayedul Haque Suman/Facebook
যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামেই বেশি পরিচিত, তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
বাসসের খবর অনুযায়ী, উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ব্যারিস্টার সুমনকে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর-৬ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আজ সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছিলেন, তারা 'গোপন সংবাদের ভিত্তিতে' ব্যারিস্টার সুমনকে আটক করেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত
ছবির উৎস, Hasnat Abdullah/Facebook
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার রাতে ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্টার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
পোস্টে ছাত্রলীগকে তিনি 'সন্ত্রাসী' হিসেবে বর্ণনা করে নিষিদ্ধেের দাবি জানান। এছাড়া নিজের পোস্টে রাষ্ট্রপতিকে 'ফ্যাসিবাদের দোসর' অ্যাখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তার কাছে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।
এ নিয়ে সোমবার দিনভর নানা বিতর্ক ও সমালোচনা চলেছে দেশজুড়ে। এ নিয়ে পড়তে পারেন এখানে।
এরপর থেকেই বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদে তার থাকা নিয়ে প্রশ্ন ওঠে।
যদিও এর আগেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ’র মাঝে চলমান যুদ্ধের মাঝে লেবাননে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রথম দফায় ৫৪ জন দেশে ফিরেছেন।
সোমবার সন্ধ্যা ছয়টায় তারা সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ সংবাদ সংস্থার অনুযায়ী, ফেরৎ আসা প্রবাসীদের মাঝে ২৬জন পুরুষ, ২০জন নারী, ছয়জন শিশু এবং দুইটি নবজাতক রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরেছেন তারা।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসীদের অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে একলাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন।
তবে, এর মধ্যে ১৮ শো জনের মত দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
এর মধ্যে প্রায় ১৬০ জনের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র রয়েছে।
নিম্নচাপে পরিণত হয়েছে সাগরে অবস্থানরত লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আগামীকাল
ছবির উৎস, আবহাওয়া অধিদফতর
বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আজ মঙ্গলবার বিকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।
তিনি বলেন, “কাল আমরা সাইক্লোন ডিক্লেয়ার (ঘূর্ণিঝড় ঘোষণা) করবো।”
ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা কবে নাগাদ আঘাত হানতে পারে জানতে চাইলে তিনি বলেন, “কাল তো সাইক্লোনটা ফর্ম করবে। আঘাত হানতে পারে পরশু, মানে ২৪ তারিখ। এটি সিভিয়ার সাইক্লোন হতে পারে।”
সেক্ষেত্রে, আসন্ন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার।
এই ঘূর্ণিঝড়ে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আর চট্টগ্রাম-কক্সবাজারের দিকটা অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হবে, জানিয়েছেন মি. হোসেন।
এদিকে, আজ এই নিম্নচাপ সম্বন্ধে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মাঝে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সেইসাথে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে পারে।
ছবির উৎস, Medical College Kolkata Resident Doctors' Association/Facebook
ছবির ক্যাপশান, সোমবার রাতে অনশনরত প্রত্যাহার করে নেন আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকরা।
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থাসহ ১০ দফা দাবিতে অনশনে থাকা পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলন প্রত্যাহারের করেছেন।
মঙ্গলবার স্বাস্থ্য খাতে সার্বিক ধর্মঘটের যে ইঙ্গিত দেয়া হয়েছিল তা-ও প্রত্যাহার করা হয়েছে।
সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠকের পর কলকাতার ধর্নামঞ্চে গিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তারা এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
তবে, জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন, সরকারের সাথে আলোচনার প্রেক্ষপটে নয়, বরং নিহত চিকিৎসকের মা-বাবা এবং সাধারণ মানুষের অনুরোধেই তারা অনশন প্রত্যাহার করছেন।
সোমবার সন্ধ্যায় ধর্মতলার ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।
তারা অনশনরত তরুণ ডাক্তারদের বলেছেন, একমাত্র কন্যাকে তারা ইতিমধ্যে হারিয়েছেন, আর কাউকে হারাতে চান না তারা।
পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের দাবি, নাগরিক সমাজের একাংশ যারা ওই আন্দোলনে সামিল হয়েছিলেন, তাদের পক্ষ থেকেও একই অনুরোধ এসেছিল।
তবে অনশন প্রত্যাহার করলেও আন্দোলন থেমে থাকবে না - জানিয়েছেন তারা।
নয়ই আগস্ট কর্মক্ষেত্রে ধর্ষণের পর খুন করা হয় ওই তরুণী চিকিৎসককে।
প্রতিবাদে তারপর থেকে লাগাতার কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন জুনিয়র চিকিৎসকরা।
এরপর পাঁচই অক্টোবর থেকে শুরুর গত ১৭ দিন ধরে তারা অনশন করে আসছিলেন।
এতে সামিল হয়েছিলেন কলকাতার সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের মধ্যে কয়েকজন।
আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের
ছবির উৎস, BSS
ছবির ক্যাপশান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন
বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি তার দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন।
সোমবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) খবর বলছে, বৈঠকে পররাষ্ট্র সচিব আমিরাতের রাষ্ট্রদূতকে দেশটিতে মুলতবি অবস্থা থাকা কর্মসংস্থান ভিসার আবেদনসহ এ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ ও সমস্যা সমাধানের আহ্বান জানান।
রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দেন।
ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ভিসা পদ্ধতি সহজীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সামাজিক কল্যাণমূলক প্রকল্পসহ নানা বিষয় আলোচনা হয়েছে বলে বাসসের প্রতিবেদনে বলা হয়েছে।
সারদায় একযোগে আড়াইশোর বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি
ছবির উৎস, Getty Images
সারদা পুলিশ একাডেমিতে একযোগে আড়াইশোর বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বিবিসি বাংলাকে আজ বেলা সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, “শৃঙ্গলাভঙ্গের দায়ে তাদেরকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিলো, এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনও উত্তর পুলিশ সদর দপ্তর থেকে দেয়া হয়নি।
বাহিনীর মুখপাত্র বিবিসি বাংলাকে শুধু বলেছিলেন, ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে।
যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছেছিলেন।
নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ের পথ খুললো জামায়াতের
ছবির উৎস, Bangladesh Jamaat-e-Islami/Facebook
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর মধ্য দিয়ে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুললো।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
গত পহেলা সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলো আপিল বিভাগ ।
২০১৩ সালের পহেলা অগাস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলো হাইকোর্ট।
এরপর ২০১৮ সালের সাতই ডিসেম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
পরবর্তীতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী।
এরপর চলতি বছরের পহেলা আগস্ট জামায়াত-শিবিরকে 'সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার' অভিযোগে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিলো সাবেক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সে প্রজ্ঞাপন বাতিল করা হয়।
ব্যারিস্টার সুমন গ্রেফতার
ছবির উৎস, Barrister Syed Sayedul Haque Suman/Facebook
ছবির ক্যাপশান, ব্যারিস্টার সুমনের ফেসবুক পোস্ট
সামাজিক মাধ্যমের আলোচিত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামেই বেশি পরিচিত, তাকে গতরাতে গ্রেফতার করেছে ডিএমপি পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মিরপুর ছয় নম্বর থেকে তিনি গ্রেফতার হন।
সেসময় তিনি নিজের বোনের বাসায় “আত্মগোপনে” ছিলেন।
মি. ইসলাম জানিয়েছেন, তারা ব্যারিস্টার সুমনকে 'গোপন সংবাদের ভিত্তিতে আটক' করেছেন।
মঙ্গলবার সকালের দিকেই তাকে আদালতে নেওয়া হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়েছেন বা আত্মগোপনে রয়েছেন। গত আড়াই মাসে গ্রেফতার হয়ে কারাবাসও করছেন অনেকে।
ব্যরিস্টার সুমনের বিষয়েও এতদিন গুঞ্জন ছিল যে, তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন।
গতকাল রাত দেড়টার দিকে ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজ থেকে পরপর দু’টো পোস্ট দেন, যার প্রথমটিতে তিনি লেখেন, “আমি দেশ ছেড়ে যাইনি। যাইতেও চাই না।”
এক ঘণ্টার ব্যবধানে প্রায় তিন মিনিটের একটি ভিডিও বার্তাসহ আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি বলেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে।”
তার এই ফেসবুক পোস্টের বিষয়ে পুলিশ কর্মকর্তা মি. ইসলাম বলেন, “ধরতে গেছি, তখন ফেসবুকে দিছে।”
ব্যারিস্টার সুমন তার ভিডিও বার্তায় বলেছেন, “অনেকেই নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি। কোনোটাই সঠিক না। আমি বাংলাদেশেই আছি। ঢাকা শহরেই আছি।”
“শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি একটু গোপনে ছিলাম। এটাই হল আমার বাস্তবতা।”
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দু’টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিও বার্তায় তিনি বলেন, তার বিরুদ্ধে হওয়া মামলা 'বিচারের মাধ্যমে মোকাবিলা করার সৎসাহস তার আছে'।
ছবির উৎস, Barrister Syed Sayedul Haque Suman/Facebook
ছবির ক্যাপশান, ব্যারিস্টার সুমনের ফেসবুক পোস্ট
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। বাংলাদেশ ও বিশ্বে আজ ঘটা সব খবরের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই লাইভ পাাতায়। রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা।