আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

আ'লীগকে রাজনীতির বাইরে রাখতে করা রিট প্রত্যাহার, অবশেষে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১৩১২ জন আক্রান্ত, মৃত্যু ছয় জনের। আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফ। দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ। পঞ্চদশ সংশোধনী রিটে যুক্ত হলো বিএনপি, বুধবার শুনানি। গাজায় ইসরায়েলের হামলায় আরও ৯৩ জন নিহত, নিখোঁজ অনেকে।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা হলো

    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। পরিকল্পনা অনুযায়ী তাকে প্রথমে লন্ডনে নেয়া হবে এবং এরপর সেখান থেকে তৃতীয় কোন দেশে ‘মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে’ নেয়া হবে। প্রায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে।
    • বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং অপর দুই কমিশনার পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই দুদক সংস্কারের জন্য প্রস্তাবনা দিতে একটি কমিশন গঠন করেছে। ওই কমিশনের প্রধান হিসেবে কাজ করছেন দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
    • আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ডের বিধান রহিত করা সম্ভব নয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, তাদের হত্যার বিচারকে সামনে রেখে হঠাৎ করে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার প্রশ্নই আসে না।
    • এছাড়া তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার একটি সার্চ কমিটি গঠন করেছে এবং এর মাধ্যমে সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
    • লেবাননে হেজবুল্লাহ জানিয়েছে নাইম কাশেম তাদের নতুন নেতা হতে যাচ্ছেন। তিনি এখন এই গোষ্ঠীর ডেপুটি সেক্রেটারি জেনারেল। মি. কাশেম সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত শেখ হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
    • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রিটে সম্পৃক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বুধবার এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
  2. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১৩১২ জন আক্রান্ত, মৃত্যু ৬জনের

    বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে ১৩১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

    এটিই এক দিনের আক্রান্ত হওয়ার সর্বোচ্চ সংখ্যা। আর এই সময়ে মারা গেছে ৬ জন।

    সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮৬ জন মারা গেলো এবং মোট রোগীর সংখ্যা ৫৯ হাজার ৪২০।

    দেশে এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

    রাজধানীর হাসপাতালগুলোতে এখনই ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা।

    স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী যারা মারা গেছে তাদের দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, দুজন চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া একজন করে বরিশাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন অবস্থায় যারা গেছেন।

  3. দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

    বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং অপর দুই কমিশনার আজ পদত্যাগ করেছেন বলে সংস্থাটি জানিয়েছে।

    পদত্যাগকারী অপর দুই কমিশনার হলেন- মো. জহুরুল হক এবং মোছা. আছিয়া খাতুন।

    দুদকের নিয়ম অনুযায়ী কমিশনকে পদত্যাগের জন্য এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা। এ বিষয়ে জানতে চাইলে কমিশনের জনসংযোগ বিভাগ থেকে ‘নিয়মানুযায়ী’ করার কথা জানানো হয়েছে।

    একজন কর্মকর্তা জানিয়েছেন পদত্যাগের পর বিদায়ী চেয়ারম্যানসহ পুরো কমিশন দুপুরে কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন।

    গত আটই অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই অনেকে দুদকের বর্তমান কমিশনের পদত্যাগ দাবি করে আসছিলো।

    কর্মকর্তারা বলছেন গত পাঁচই অগাস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছুদিন অফিস করা থেকে বিরত ছিলেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। পরে অগাস্টের মাঝামাঝি থেকে তারা আবার কার্যালয়ে যেতে শুরু করেন।

    তবে এর মধ্যেই আন্দোলনকারীসহ বিভিন্ন মহল থেকে দুদক সংস্কারের অংশ হিসেবে কমিশনের পদত্যাগ দাবি করা হচ্ছিলো। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুদককে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার জন্য একটি সংস্কার কমিশন গঠন করেছেন।

    ওই কমিশনের প্রধান হিসেবে কাজ করছেন দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এই কমিশন ইতোমধ্যেই ত্রিশ অক্টোবরের মধ্যে দুদক সংস্কারের জন্য পরামর্শ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

    প্রসঙ্গত, সরকারের সাবেক সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে ২০২১ সালের মার্চে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলো সরকার।

  4. ইসরায়েলের হামলায় গাজায় আরও ৯৩ জন নিহত, নিখোঁজ অনেকে

    গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছে এবং অনেকে এখনো নিখোঁজ আছে।

    উদ্ধারকারীরা জানিয়েছেন পাঁচ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে হামলা করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কম্বলে মুড়িয়ে মৃতদেহগুলো ফ্লোরে রাখা হয়েছে।

    ইসরায়েলের সামরিক বাহিনী এখনো এ হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি। এর আগে তারা দাবি করেছিলো যে হামাস ওই এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে।

    নিকটবর্তী জাবালিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন যে ওই হাসপাতালে শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ঔষধ ও কর্মীর সংকট থাকায় রোগীদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছেন।

    “প্রাথমিক চিকিৎসা উপকরণ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই,” বলছিলেন তিনি।

    ইসরায়েলি ডিফেন্স ফোর্স গত সপ্তাহে এই হাসপাতালে অভিযান চালিয়েছিলো। তাদের অভিযোগ হাসপাতালটি হামাস যোদ্ধারা ব্যবহার করে।

    প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় বারশ মানুষ নিহত হয়েছিলো এবং জিম্মি করা হয়েছিলো আরও ২৫১ জনকে।

    এরপর গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৪জনের মৃত্যু হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

  5. আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফ

    বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের জুলাই ও অগাস্ট মাসে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানে’ আহত শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারা।

    মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যারা আহত হয়েছে তারা এ সুযোগ পাবে।

    এটি সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    এতে বলা হয়েছে আহত শিক্ষার্থীর শিক্ষা জীবনের বর্তমান পর্যায় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন বা টিউশন ফি মওকুফ এর সিদ্ধান্ত কার্যকর থাকবে।

  6. অবশেষে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

    পরিকল্পনা অনুযায়ী তাকে প্রথমে লন্ডনে নেয়া হবে এবং এরপর সেখান থেকে তৃতীয় কোন দেশে ‘মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে’ নেয়া হবে।

    প্রায় ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে।

    এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা।

    এর আগে তার হৃদযন্ত্রেও পেসমেকার বসানো হয়েছে ঢাকায়। হৃদপিণ্ডে লাগানো এই পেসমেকার একটা ইলেক্ট্রনিক ডিভাইস। এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগন্যাল পাঠায় যাতে হার্ট পাম্প করে।

    মিসেস জিয়ার জীবন রক্ষার্থে বিদেশে ‘এডভান্সড মেডিকেল সেন্টারে’ চিকিৎসা গ্রহণ অত্যাবশ্যক” উল্লেখ করে বিদেশে নেয়ার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের কাছে বহুবার আবেদন করেও সাড়া পায়নি তার পরিবার।

    বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তখন সরকারের কাছে পরিবার থেকে যে আবেদন করা হয়েছিলো তাতে তিনি ‘লিভার সিরোসিস ও হৃদরোগ এবং ক্রনিক কিডনি ডিজিজ’ এ আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছিলো।

    এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন বিদেশে নেয়ার জন্য লং ডিসটেন্স এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা ছাড়াও মিসেস জিয়ার সঙ্গে চিকিৎসকসহ আরও যারা যাবেন তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

    "আশা করছি, সব কাজ সম্পন্ন করে অতিদ্রুতই ম্যাডাম বিদেশে নিয়ে যেতে পারব। সব পাসপোর্ট ও ভিসা হয়ে গেছে। তার সঙ্গে যাবেন এমন পনের জনের তালিকাও করা হয়েছে,” বলেছিলেন মি. হোসেন।

    দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সর্বশেষ এক মাস চিকিৎসাধীন থাকার পর গত একুশে অগাস্ট তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

    গত পাঁচই অগাস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই নির্বাহী আদেশে মুক্তি পান আওয়ামী লীগের আমলে দুর্নীতি মামলা দণ্ডিত খালেদা জিয়া।

    তখন বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছিলো যে, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হয়েছে।

    ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো খালেদা জিয়াকে। পরে সেই সাজা বেড়ে দশ বছর হয়েছিলো।

    এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার আরও সাত বছরের সাজা হয়। করোনা মহামারির সময় ২০২০ সালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে মিসেস জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করেন।

    ওই বছরের ২৫ মার্চ তিনি সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাসায় ফিরেন। তখন থেকে তিনি সেখানে আছেন। তবে এর মধ্যে অনেকবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়েছে।

  7. মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।

    “মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সে বিবেচনায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের হার অনেক কম এবং দিন দিন পরিস্থিতির আরও উন্নতি ঘটছে,” জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে বৈঠকের পর ব্রিফিং এ বলছিলেন তিনি।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে আরও জানানো হয়েছে যে মি. তুর্কের সাথে বৈঠকে মূলত মানবাধিকার ইস্যু নিয়েই আলোচনা হয়েছে।

    উপদেষ্টা ব্রিফিং এ আরও বলেছেন, “মানবাধিকার ইস্যুতে আমরা যেন তাদের সহযোগিতা করি, তারা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা চেয়েছে। তাছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে উত্তরণ ও বিভিন্ন সংস্কার কমিশনের কাজেও তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।''

    তিনি বলেন পুলিশ সংস্কার কমিশনে মানবাধিকার সংরক্ষণের বিষয়টি যেন গুরুত্ব প্রদান করা হয় সে বিষয়েও তারা আলোচনা করেছেন।

    “পাশাপাশি তারা আমাদের বিচার প্রক্রিয়ায় সাক্ষী সুরক্ষা ও ভিকটিম সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে নিশ্চিতকরণের পরামর্শ দিয়েছেন”।

  8. জাতিসংঘ ত্রাণ সংস্থার কার্যক্রম বন্ধে ইসরায়েলের সংসদে বিল পাস, তীব্র প্রতিক্রিয়া

    ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করতে ইসরায়েল পার্লামেন্টে যে বিল পাস করেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলের এমপিরা এ বিষয়ে দুটি বিল পাসের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে ইউএনআরডব্লিউএ-কে ইসরায়েল, অধিকৃত পূর্ব জেরুসালেম ও দখলীকৃত পশ্চিম তীর ও গাজায় কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে।

    গাজায় যুদ্ধকালে আশ্রয় শিবির তৈরি এবং ত্রাণ বিতরণে জাতিসংঘের এ বৃহত্তম সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইউএনআরডব্লিউএ কমিশনার জেনারেল ফিলিপ্পে লাজ্জারিনি তার সংস্থার ওপর এ ধরনের নিষেধাজ্ঞাকে নজিরবিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা করেছেন।

    তিনি বলেছেন এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আইনটি কার্যকর হলে এর ‘বিপর্যয়কর পরিণতি’ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

    যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট বলেছে ইউএনআরডব্লিউএ গাজায় উপত্যকায় ত্রাণ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ‘এ মূহুর্তে অন্য কেউ তাদের জায়গা নিতে পারবে না’।

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন তিনি মারাত্মক উদ্বিগ্ন এবং নতুন আইন গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ত্রাণ বিতরণ কার্যক্রমকে ঝুঁকিপূর্ণ করে তুলবে। একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়েসহ আরও কয়েকটি দেশ।

    ইসরায়েল দাবি করে আসছিলো যে গাজায় হামাসের সাথে মিলে কাজ করছিলো জাতিসংঘের এই সংস্থার কর্মীরা।

    গত বছর সাতই অক্টোবর ইসরায়েলে যে হামলা হামাস করেছে তাতে এই সংস্থার কর্মীরাও অংশ নিয়েছে।

    জাতিসংঘ পরে তদন্ত করে এই সংস্থার নয় জনকে চিহ্নিত করেছে যাদের ওই হামলার সাথে যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া গেছে।

    গত অগাস্টেই তাদের বরখাস্ত করার কথা বলেছেন জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হক। গাজার একজন সাংবাদিক জানিয়েছেন গাজার বাস্তুচ্যুত শরণার্থীদের বেশিরভাগই ইউএনআরডব্লিউএ- এর খাদ্য সহায়তার ওপর নির্ভর করে। ''গাজায় বেশির ভাগ ত্রাণ সহায়তা দেয় ইউএনআরডব্লিউএ।''

    ইসরায়েলের নিষেধাজ্ঞা তাদের মানবিক কার্যক্রমকে ধ্বংস করে দিবে,” বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এর নিউজডে প্রোগ্রামকে বলেছেন ঘাদা উদাহ। ওদিকে ইউএনআরডব্লিউএ -এর ওপর নিষেধাজ্ঞা দেয়া নিয়ে বিবিসি আরবি বিভাগের সাথে কথা বলেছেন কয়েকজন ফিলিস্তিনি।

    ওম ইউসুফ বলছেন গাজায় ইউএনআরডব্লিউএ-র কাজ বন্ধ করার সিদ্ধান্ত ভুল কারণ তারা আমাদের চিকিৎসা দেয়। আমাদের সন্তানদের স্কুলে শিক্ষা দেয়।

    “আমি আশা করি এটি কার্যকর হবে না কারণ এটি ভুল,” বলছিলেন তিনি।

    ওম সহায় বলছেন এ সিদ্ধান্ত তাদের তেল ও খাবার থেকে বিচ্ছিন্ন করে দিবে। “ যা হচ্ছে তা খুবই খারাপ। ইউএনআরডব্লিউএ-র দেয়া ময়দা ছাড়া এ দেশে আর কিছু আমাদের জন্য নেই। আশা করি এ সিদ্ধান্ত বাতিল হবে,” বলেছেন তিনি।

    খান ইউনিসের মোহামেদ বলেন তারা ইউএনআরডব্লিউএ-কে ময়দা, তেল, চিনি ও অন্য দরকারি জিনিস আনতে দিবেন না।

    “এটি বন্ধ হলে আমরা খাবার ও বাচ্চারা শিক্ষা পাবে না”।

  9. যুক্তরাষ্ট্রে আগাম ভোটের ব্যালটে আগুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট নেয়ার জন্য রাখা ব্যালট ড্রপ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    দেশটির কিছু রাজ্যে অগ্রিম ভোট গ্রহণের জন্য এসব ড্রপ বক্স ব্যবহার করে থাকে। সোমবার ভ্যাঙ্কুয়েভারে এ ধরনের দুটি বাক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

    এটি ওয়াশিংটন রাজ্যের একটি ছোট শহর। প্রতিবেশী অরেগন রাজ্যের পোর্টল্যান্ড থেকে দশ মাইলের মধ্যে এর অবস্থান।

    এ ঘটনায় শত শত ব্যালটের ক্ষতি হয়েছে। এছাড়া পোর্টল্যান্ডের দক্ষিণ পূর্ব এলাকায় একটি ড্রপ বক্সে রাখা একটি ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হলে তিনটি ব্যালটের ক্ষতি হয়। কর্মকর্তারা বলছেন তারা আশা করছেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা।

    গত সেপ্টেম্বরে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সতর্ক করে বলেছিলো যে কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী ব্যালট বাক্সের ক্ষতি ও নাশকতাকে উৎসাহিত করছেন।

  10. মৃত্যুদণ্ডের বিধান রহিত করা সম্ভব না: জাতিসংঘকে আসিফ নজরুল

    আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ডের বিধান রহিত করা সম্ভব নয়।

    সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়েছে।

    উপদেষ্টা জানান মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কি না সে বিষয়টি তুলেছিলেন ভলকার তুর্ক।

    “আমি বলেছি, এটা বর্তমান বাস্তবতায় সম্ভব না। কারণ আমাদের পেনাল সিস্টেম ও শত বছরের জাস্টিস সিস্টেমে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যে ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, তাদের হত্যার বিচারকে সামনে রেখে হঠাৎ করে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার প্রশ্নই আসে না,” বলেছেন তিনি।

    আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচারকে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন আইনগত সংস্কারে জড়িত রয়েছে। এছাড়া ফরেনসিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট বা ক্যাপাসিটি বিল্ডিংয়েও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

    ভলকার তুর্ককে আশ্বস্ত করে আইন উপদেষ্টা বলেছেন, এই ট্রাইব্যুনালে সুবিচার করা হবে। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে এটা করা হচ্ছে না।

    “অবিচার করার জন্য আগের আদালতে যেরকম হয়েছে, সেরকম অবিচার করা হবে না। এখানে কোনো কিছু লুকানোর নেই। যে-কেউ এসে এই বিচার দেখতে পারবেন,” বলেছেন তিনি।

  11. হেজবুল্লাহ তাদের নতুন নেতার নাম ঘোষণা করলো

    বৈরুত থেকে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হুগো বাচেগা জানিয়েছেন হেজবুল্লাহ জানিয়েছে নাইম কাশেম তাদের নতুন নেতা হতে যাচ্ছেন।

    তিনি এখন এই গোষ্ঠীর ডেপুটি সেক্রেটারি জেনারেল। মি. কাশেম হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। হেজবুল্লাহর যে অল্প কয়েকজন নেতা এখন জীবিত আছে তিনি তাদের একজন।

    হাসান নাসরাল্লাহ গত সাতাশে সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। শিয়া ধর্মগুরু শেখ হাসান নাসরাল্লাহ ১৯৯২ সাল থেকে হেজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

    পরে তার সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিএদ্দিন লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি শহরতলীতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

    হেজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে।

    এটিকে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছিল। তখন দেশটির গৃহযুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করেছিল।

    হেজবুল্লাহ বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অরাষ্ট্রীয় সামরিক বাহিনীর একটি, যেটিকে অর্থায়ন করেছে ইরান। হেজবুল্লাহর বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও মনে করা হয়।

  12. পঞ্চদশ সংশোধনী রিটে যুক্ত হলো বিএনপি, কাল শুনানি

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রিটে সম্পৃক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বুধবার এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

    এ বিষয়ে রিটের পর আদালত যে রুল জারি করেছিলো, তাকে সমর্থন করে আদালতে সহায়তা দিতে দলের পক্ষ থেকে করা বিএনপি মহাসচিবের আবেদন আদালত মঞ্জুর করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন, শুনানিতে থাকা আইনজীবীদের একজন আনিসুর রহমান রায়হান।

    আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী সংসদে পাস হয়েছিলো। এ সংশোধনীর অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে উল্লেখ করে এর জন্য সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয়েছিলো।

    সেই সংশোধনীতে একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, রাষ্ট্রীয় মূূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন, মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি প্রদান, সংবিধান থেকে গণভোট ব্যবস্থা বাতিল, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের নির্বাচনে অংশগ্রহণ অবৈধ ঘোষণা ইত্যাদি বিষয় সংযুক্ত করা হয়েছিল।

    সেই সাথে ওই সংশোধনীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছিল।

    পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে গত উনিশে অগাস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি একটি রিট করেছিলেন। ওই রিটের প্রেক্ষিতে আদালত পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে।

    ওই রুলকে সমর্থন করে আদালতকে সহায়তা করতে পক্ষভুক্ত হতে হাইকোর্টে সোমবার আবেদন করেছিলেন বিএনপি মহাসচিব। আজ শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করলো আদালত।

    এর আগে গত একুশে অক্টোবর আদালতের কার্যতালিকায় ওঠার পর আদালত রুল শুনানির জন্য ৩০শে অক্টোবর দিন ধার্য্য করেছিলো। সে অনুযায়ী কাল বুধবার এর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী আনিসুর রহমান রায়হান।

  13. প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বাড়ানো হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    “আমাদের দেশে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যেই বাজেট আছে এই বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে,” বলছিলেন মি. চৌধুরী।

    মঙ্গলবার ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

    কারাগারের প্রকল্পের বিষয়ে বলেন, “কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গা ছোট, এটা আরো বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজন যে সময় এখানে আসবে, সে সময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।”

    ঢাকায় যানজট বাড়ছে প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে যারা বিভিন্ন দাবিতে আন্দোলন ও সমাবেশ করছেন তারা ভেন্যু হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করলে রাস্তা বন্ধ হবে না, যানজট হ্রাস পাবে।”

    উপদেষ্টা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর 'এ' জোনস্থ মাল্টিপারপাস কমপ্লেক্স, 'বি' জোনস্থ চক কমপ্লেক্স ও মসজিদ এবং 'সি' জোনস্থ কনডেম সেল ও ফাঁসির মঞ্চ পরিদর্শন করেন।

  14. অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল

    “আমাদের সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি গঠন হয়েছে। প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করলেই দুই একদিনের মাঝে আপনারা জানতে পারবেন,” বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মি. নজরুল।

    তিনি জানান, আজ-কালের মাঝে প্রধান উপদেষ্টার স্বাক্ষর হয়ে গেলেই নির্বাচন কমিশন গঠন করা হবে।

    গত কয়েকটি নির্বাচনকে ভুয়া ও ভোটার তালিকাও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, “এবার তো আমরা ভুয়া নির্বাচন করবো না। এবার অবাধ, অসাধারণ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবো। ভোটার তালিকা হালনাগাদে সময় লাগবে। আর সংস্কারের সাথে নির্বাচনকে কীভাবে সম্পৃক্ত করা হবে, তা দেখতে হবে।”

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ অন্যান্য কিছু দল অংশগ্রহণ করতে পারবে কি না সে প্রসঙ্গে মি. নজরুল বলেন, “এটা আমার বলার স্টেজ না। এখন আপনি যদি মনে করেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, অঙ্গহানি ঘটিয়েছে এবং এখনও ওটার পক্ষে কথা বলে; ওই অডিও যদি সত্যি হয়…তাহলে যে নেত্রী অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার সন্ত্রাসী হুমকি দেয়, যিনি একটা গণহত্যা মামলার আসামি; আমার মনে হয় না তাদের অনুশোচনা-বিচারের আগে বাংলাদেশের মানুষ তাদেরকে এত সহজে তাকে গ্রহণ করবে। সুতরাং, একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা আসবে।”

    “যারা আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিৎ কি না, সেই প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে করে গেলাম আমি,” যোগ করেন তিনি।

  15. আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার রিট প্রত্যাহার করেছে ছাত্ররা

    আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও বিগত তিন নির্বাচন বাতিল চেয়ে করা রিট চালাবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

    আজ মঙ্গলবার বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম।

    এর কারণ জানতে চাইলে মি. করিম বলেন, "আমাকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে, উই উইল নট প্রসিড।"

    আওয়ামী লীগ ছাড়া অন্য যে ১০টি দলকে রাজনীতির বাইরে রাখার জন্য রিট করা হয়েছিলো, সেগুলো হচ্ছে— জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ তরীকত ফেডারেশন, গণতন্ত্রী দল, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মার্ক্সিস্ট-লেনিনিস্ট (বড়ুয়া) ও সোশ্যালিস্ট পার্টি অব বাংলাদেশ।

  16. ‘সায়েন্সল্যাব ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

    সাত কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘সায়েন্সল্যাব ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এই কলেজগুলোর শিক্ষার্থীরা।

    আজ মঙ্গলবার বেলা ১১টায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানান তারা।

    গতকাল ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’-এর অর্গানাইজিং উইংয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ‘শাট ডাউন সাইন্সল্যাব’ কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হলেও তা মানা হয়নি। বরং, “সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।”

    শিক্ষার্থীরা মনে বলছেন যে তাদের বিশ্ববিদ্যালয় গঠনের দাবি মানার পরিবর্তে “আদত সংস্কার কমিটি গঠন করে হাজার হাজার শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস করেছে” কর্তৃপক্ষ।

    কর্তৃপক্ষের সেই উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা “ঘৃণাভরে প্রত্যাখ্যান” করেছে। সেইসাথে, আজ সকাল ১১টায় কমিটির যে প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সভাকেও তারা প্রত্যাখান করেছে।

    সব মিলিয়ে তাদের ঘোষণা, “বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

    পূর্বঘোষণা অনুযায়ী, আজ এই শিক্ষার্থীদের ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাবেশ কর্মসূচি ছিল। কিন্তু সেটিকে পরিবর্তন করে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

  17. সংসদ নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি

    যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেয়ার পাশাপাশি প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে নির্বাচনি এলাকাগুলোয় সক্রিয় হয়ে উঠেছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা।

    জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগ দেয়া এবং নিজ নিজ এলাকায় দলের প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন তারা। এর মূল উদ্দেশ্য হলো আগামী নির্বাচনের জন্য দল ও নিজের অবস্থান সুসংহত করে রাখা।

    দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময়ই দলের থাকে এবং সে অনুযায়ীই এখন তারা কাজ করছেন।

    “নির্বাচনের প্রস্তুতি সবসময়ই আমাদের ছিল এবং এটি থাকেও। তবে সময়ে সময়ে এর নানাদিক আপডেট কিংবা কিছু পরিবর্তন হয়। সেগুলো আমরা করছি,” বিবিসি বাংলাকে বলছিলেন মি. আহমেদ।

    এ বিষয়ে বিবিসি বাংলার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখুন

  18. আ'লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে করা রিটের শুনানি হতে পারে আজ

    আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে করা রিটের শুনানি হতে পারে আজ। হাইকোটের একটি বেঞ্চের মঙ্গলবারের কার্যতালিকায় রিট দুটি আছে।

    সোমবার এরিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) ও হাসিবুল ইসলাম। পাশাপাশি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণার আবেদনও জানানো হয়।

    সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেখা যাচ্ছে, বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজ মঙ্গলবারের কার্যতালিকায় রিট দুটি ২০৮ ও ২০৯ নম্বর ক্রমিকে রয়েছে। ফলে আজ মঙ্গলবার হাইকোর্টের এই বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।

    রিটে আওয়ামী লীগসহ ১১টি দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি না দিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয় রিটে। নির্বিচার মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের অভিযোগ আনা হয়েছে দলগুলোর বিরুদ্ধে।

    অপর একটি রিটে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এবং গেজেট বাতিল করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।