একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: বিএনপি

দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ফেব্রিকেটেড ও একপাক্ষিক বলে অভিযোগ এনসিপির। দেশ বিদেশের প্রধান খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপকে 'ব্ল্যাকমেইল' করা যাবে না। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর তিনি শুল্ক আরোপ করতে যাচ্ছেন।
    • দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
    • ‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার এমন মন্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন রাজনীতিবিদরা।
    • বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তি ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরেক শরিক দল জামায়াতে ইসলামী।
    • কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। রোববার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পর এক ব্রিফিং এ এ কথা বলেন তিনি।
    • গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ও প্রচারের ফলে প্রশাসনের নিরপেক্ষতা ইস্যুতে প্রশ্ন ওঠার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।
    • নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকাল এগারোটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তিন অভিযোগে এই অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতা - কর্মীরা।
    • ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শাসানোর ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    • আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরীক হিসেবে সমঝোতায় পাওয়া ২৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • ব্রাহ্মণবাড়িয়া - ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং মব সৃষ্টির অভিযোগ করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার। অন্যদিকে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টির অভিযোগ জামায়াতের

    সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

    কারো চাপে নতি স্বীকার না করে আরপিও’র নিয়ম মেনেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বৈধ ও অবৈধ কিনা সেটি ফয়সালা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

    রোববার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পর এক ব্রিফিং এ এ কথা বলেন তিনি।

    বিভিন্ন জায়গায় একেক প্রার্থীকে একেকভাবে বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, “আমরা আশা করি ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিধায় এটার প্রতিকারের জন্যে আমরা আজকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি।”

    প্রার্থীদের মনোনয়ন বৈধ নাকি অবৈধ সেটি যাচাই করার বিষয়ে দুইটি প্রধান বিষয় ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকত্ব বিবেচনায় নেওয়া হলেও একেক প্রার্থীর ক্ষেত্রে একেক ধরনের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেন তিনি।

    “আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এসব কারণে যেসব নমিনেশন বাতিল করার কথা সেটা যেন করা না হয়। আমরা স্পষ্টভাবে আজকে বলতে চাই কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে কারোরই হোক ইভেন জামায়াতে ইসলামীরও যদি হয় তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টি ফয়সালা করা হয়” বলেন মি. তাহের।

    তিনি দাবি করেন, ''নতুবা দুইটি জিনিস প্রমাণিত হবে এক এই নির্বাচন কমিশনার দুর্বল তাদের পক্ষে শেষ পর্যন্ত নির্বাচন করা যাবে কিনা এটা সন্দেহ প্রকাশ থাকবে অথবা এই নির্বাচন কমিশন কোনো একটি নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এ ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভেতরে সংশয় তৈরি হবে।

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “কোনো একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে দলটি অতিরিক্ত সিকিউরিটি দেওয়া এসব নিয়ে তারা নির্বাচনী মাঠে যে সমতল অধিকারের প্রশ্ন আসছে সেটিকে ক্ষুন্ন করছে। আমরা বলছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একটি প্রধান অন্যতম দল হিসেবে জামায়াতে ইসলামীর আমিরকেও সম আচরণ দিতে হবে।”

    যদি এটার ব্যত্যয় হয় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাহত হবে বলেও দাবি করেন তিনি।

    এছাড়া বিভিন্ন জায়গায় কোনো কোনো এসপি ও ডিসিরা পক্ষপাতদুষ্ট আচরণ করছে অভিযোগ করে তিনি উল্লেখ করেন, তালিকা করা হচ্ছে। এ বিষয়টি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।

    “যদি নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা না নেন তবে প্রধান উপদেষ্টা সেখানে হস্তক্ষেপ করেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ এডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চান। কিন্তু তার চর্তুপাশে এডভাইজরদের কেউ কেউ আছেন যেন তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন” দাবি করেন জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির।

  3. প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ফেব্রিকেটেড ও একপাক্ষিক বলে অভিযোগ এনসিপির

    এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন মুখপাত্র আসিফ মাহমুদ।

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনে আপিলের যে শুনানি চলছে সেটি সম্পূর্নরূপে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের যে শুনানি চলছে সেটি সম্পূর্ণ এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ।

    রোববার রাত নয়টায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন তিনি।

    তিনি দাবি করেন, “একেবারে রাইসওয়াপ করার মতো অলমোস্ট প্রত্যেকটা দ্বৈত নাগরিক ও ঋণখেলাপীদের ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা দেওয়া হয়েছে।”

    এনসিপির এই মুখপাত্র জানান, দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে ছিলেন তিনি।

    মি. মাহমুদ আপিল শুনানির পরিবেশকে ‘এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে’ বলে ক্ষোভ প্রকাশ করেন।

    “আপনারা সবাই বোধ হয় বলিউডের একটা মুভি দেখছেন জলি এলএলবি। আমার বারবার এটার কথা মনে হচ্ছিলো এই সাত ঘণ্টায়। আমরা দেখলাম নির্বাচন কমিশনের শুনানি চলাকালে ‘ল’ পয়েন্টের বাইরেও প্রেশার পয়েন্ট, ইমোশনাল পয়েন্ট, ড্রামা পয়েন্ট অনেক পয়েন্টের ভিত্তিতে আজকে জাজমেন্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে” বলেন মি. মাহমুদ।

    নির্বাচন কমিশনের সামনে ‘দুই - তিন হাজার ছাত্রদলের নেতা-কর্মী একধরনের মব সৃষ্টি করেছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তৈরি করে রেখেছেন’ বলে অভিযোগ করেন তিনি।

    একইসাথে শুনানি চলাকালীন সময়ে বিএনপি মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎকে ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত’ বলেও দাবি করেছেন মি. মাহমুদ।

    “শুনানির একটা পর্যায় শেষ হওয়ার পরে এবং রায় দেওয়ার পূর্ব মুহূর্তে, যখন আমি আপনি বিচারকের কাছে কোনো বিচার চাইতে যাই, তখন আমাদের আর্গুমেন্ট শেষ, রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লইয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের সাথে যারা আছে তাদের সাথে বসে রায় দেয় তাহলে ওই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই” বলেন এনসিপির মুখপাত্র।

    ১৫ মিনিটের কথা বলে নির্বাচন কমিশনাররা দেড় ঘণ্টা পর ওই বৈঠক শেষে রায় দিয়েছেন বলে দাবি করেন তিনি।

    “দেড় ঘণ্টা পরে তারা এসে রায় দিলেন এবং সেখানে যেই শুনানিতে বিএনপি প্রার্থীদের পক্ষে যিনি পার্টি ছিলেন রুহুল কুদ্দুস কাজল তিনি সেখানে পার্টি ছিলেন ও আর্গুমেন্ট করেছেন এবং যখন সেই বৈঠক হলো সেই বৈঠকেও গিয়ে বসলেন তিনি। সরাসরি পার্টির সাথে গিয়ে বসে বৈঠকের পরে যখন রায় দিচ্ছেন এই রায়টাকে আমরা সম্পূর্ণরূপে মনে করি এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়েও দেখতে পেয়েছি” বলেন মি. মাহমুদ।

    মি. মাহমুদ দাবি করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলো এবং দেশের জনগণ এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়েছে।

    ''আমরা মনে করি আজকে এবং গতকালকে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স দেশের জনগণ ও রাজনৈতিক দলের কাছে থাকার কথা ছিলো সেটা হারিয়েছে''।

    “যদি এরকমভাবে নির্বাচন কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা শঙ্কা করছি এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না” দাবি করেন মি. মাহমুদ।

  4. ইউরোপকে 'ব্ল্যাকমেইল' করা যাবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী

    গ্রিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গ্রিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে

    গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপকে 'ব্ল্যাকমেইল' করা যাবে না।

    ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর তিনি শুল্ক আরোপ করতে পারেন।

    রোববার এই বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা।

    পরে তারা একটি বিবৃতিতে বলেছেন, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে ট্রান্স আটলান্টিক সম্পর্ককে খাটো করা হয়েছে এবং যা ভবিষ্যতে অত্যন্ত খারাপ পরিণতিতে গড়াতে পারে। 'সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা' রক্ষার পক্ষেই তাদের অবস্থান।

    যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি রয়েছে নেটো সদস্যরা।

    ইতোমধ্যে গ্রিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

  5. ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জামায়াতের

    জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরেক শরিক দল জামায়াতে ইসলামী।

    জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ বিষয়টি জানিয়েছেন সাংবাদিকদের।

    মি. করিম বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে নির্বাচন করবেন।

    রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের একটি বৈঠক শেষে দলটির নেতা মি. তাহের এ কথা বলেন।

    মি. তাহের বলেন, “ফয়জুল করিমের সাথে সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করবো। আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে। কিন্তু সিট দেওয়ার তো কোনো উপায় নাই যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। আমরা বলেছি সিট পাইবা না, আসতে পারলে আসো, এরকমও অনেক দল আছে যারা আসতে চাচ্ছে।”

    ইসলামী দলগুলোর ভোটকে এক ছাতার নিচে আনার পরিকল্পনায় গতবছরের মে মাসে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ঐক্য গঠনের উদ্যোগ নেয়। সে সময় পাঁচটি দল যোগ দেয় তাদের সাথে।

    পরে জামায়াতে ইসলামীও এই নির্বাচনী মোর্চায় অংশ নেয়। এরপর থেকে সিদ্ধান্ত গ্রহণ, আসন সমঝোতাসহ নানা কারণে ইসলামী আন্দোলনের সাথে জামায়াতে ইসলামীর দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা দেয়।

    একপর্যায়ে এনসিপিসহ আরো পাঁচটি দল এই নির্বাচনী মোর্চায় যুক্ত হলে এটি ১১ দলীয় নির্বাচনী ঐক্যে রূপ নেয়।

    মি. তাহের সাংবাদিকদের বলেন, “আমাদের সাথে ১১ দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিলো। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিকেল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি।”

    তিনি জানান, ইসলামী আন্দোলনের সম্মানে তাদের নায়েবে আমিরের আসনে কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    “কারণ চরমোনাইর যিনি পীরসাহেব, আমির উনি নির্বাচন করতে চান। ওনাদের যে নায়েবে আমির আছেন ফয়জুল করীম সাহেব, আমরা তার সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করবো। কারণ আমরাতো জোটে ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য” বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মি. তাহের।

  6. রুমিন ফারহানার বিরুদ্ধে 'মব সৃষ্টি'র অভিযোগ, ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং অফিসারের চিঠি

    রুমিন ফারহানা

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ব্রাক্ষণবাড়িয়া - ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং মব সৃষ্টির অভিযোগ তুলেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

    ব্রাহ্মণবাড়িয়া - ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং মব সৃষ্টির অভিযোগ তুলেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

    মি. সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ আশরাফুল ইসলামকে তিনি মিজ ফারহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

    শনিবার, ১৭ জানুয়ারির এই চিঠিতে মিজ ফারহানার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও বিচারিক কাজে বাধা দেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলা হয়েছে।

    চিঠিতে অভিযোগ করা হয়েছে, সরাইলের ইসলামাবাদ নামক স্থানে পেন্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন রুমিন ফারহানা। যা নির্বাচন আচরণবিধিমালার লঙ্ঘন।

    তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অপরাধে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

    চিঠিতে আরো বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি - ধামকি প্রদর্শন করেন।

    চিঠিতে আরো অভিযোগ করা হয়, একপর্যায়ে তিনি এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে ক্ষেপিয়ে তুলে মব সৃষ্টি করেন।

    এ সময় তার সাথে থাকা জুয়েল মিয়াসহ অন্যান্যরা মারমুখি আচরণ করেন।

    এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও’র একটি লিঙ্ক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    রুমিন ফারহানার যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, তিনি বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ইউএনওকে বলছেন, "আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।"

    এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে রুমিন ফারহানা বিবিসি বাংলাকে বলেন, ''আমি মনে করি, এই ইউএনও সাহেব একটা দাপ্তরিক চিঠি ২৪ ঘণ্টাও গোপন রাখতে পারলেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ল, তার অধীনে আমি তো নির্বাচনে নিরাপদ বোধ করবো না, কীভাবে পাচ লক্ষ ভোটারের নিরাপত্তা উনি দেবেন?''

    তিনি আরো বলেন, ''১৩ই জানুয়ারি তার দপ্তরে আমি কিছু অভিযোগ দিয়েছিলাম, সেই ব্যাপারে তারা তো পদক্ষেপ নেয়নি, বরং আমাকে জরিমানা করে বেড়াচ্ছে। অন্য পক্ষ ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করছে, সেটা তাদের চোখে পড়ছে না। আমাদের মনে হচ্ছে, এই প্রশাসন কোনো একটা বড় দলের অঙ্গুলি হেলনে কাজ করছে। তারা যদি নিরপেক্ষ না থাকতে পারে, ১৪ বা ১৮ বা ২৪শের নির্বাচনের মতো আচরণ যদি করে, তাহলে জাতিকে বড় মূল্য দিতে পারে''।

  7. ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরীক হিসেবে সমঝোতায় পাওয়া ২৭ টি আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরীক হিসেবে সমঝোতায় পাওয়া ২৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    রোববার দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এসব আসনের প্রার্থীদের নাম ও ছবিসহ পোস্টার পোস্ট করা হয়েছে।

    “এনসিপি মনোনীত, ১০ দলীয় জোটের প্রার্থীদের শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন” লিখে এসব প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছে গণভ্যুত্থানের পরে গঠিত নবীন এই রাজনৈতিক দলটি।

    ফেসবুকে এনসিপির পোস্ট করা পোস্টারে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, ঢাকা - ১১ আসনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

    এছাড়াও ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নোয়াখালী-৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচনী জোটের পক্ষ হয়ে নির্বাচন করবেন।

    তবে এই ২৭ জনের মধ্যে মাত্র দুইজন নারী প্রার্থী এনসিপির মনোনয়ন পেয়েছে।

    তারা হলেন ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ মনোনয়ন পেয়েছেন।

    ১০দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে দলটি আসন সমঝোতায় ৩০ আসন পেয়েছে।

    গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল।

    নির্বাচনী ঐক্যের শরীক হিসেবে ৩০ আসন পেলেও ৪৭ টি আসনে দলটির প্রার্থী মনোনয়ন দিয়েছে।

    গত ১৬ই জানুয়ারি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন '১১ দলীয় নির্বাচনী ঐক্য' থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। পরে এনসিপি আরো আসনের জন্য সমঝোতা চালিয়ে যাচ্ছে।

  8. একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: বিএনপি

    মির্জা ফখরুল প্রেস বিফ্রিং করছেন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সাথে দেখা করার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে আলাপের বিষয় তুলে ধরেন।

    দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

    বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারদের সাথে দেখা করেন।

    পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে কমিশনের সাথে আলাপের বিষয় তুলে ধরেন।

    তিনি বলেন, ''ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভূক্ত হয়েছে''।

    ''মোট কত সংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনী এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছেন, সেই ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদের সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি''।

    এটি ছাড়াও আরো কিছু অভিযোগ জানিয়েছে বিএনপি।

    বিএনপি মহাসচিব বলেন, ''জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর, এনআইডির কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিন্যাল অফেন্স। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা আহ্বান জানিয়েছি''।

    ''বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী, এই কারণে আমাদের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনীতিক দলের দলীয় প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছে। এই বিষয়েও জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি''।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ''বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, ওসিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কেউ কেউ কাজ করছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক তাদের প্রত্যাহার করার জন্য বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে''।

    একই অভিযোগে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তারা বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

    পোস্টাল ব্যালটে বিএনপির মার্কা ঠিকভাবে ছাপানোর পরে এসব ব্যালট বিতরণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

  9. ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

    ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শাসানোর ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    রোববার তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

    মি. ভুঁইয়া ইউএনওকে শাসিয়ে কথা বলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর এই আদেশটি এলো।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন।

    এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন বলে এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    উল্লেখিত এই অভিযোগের কারণে তার ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    এতে জানানো হয়েছে, মি. ভুঁইয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এর ঘ ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

  10. 'মব' শব্দ প্রয়োগে সতর্ক হতে বললেন তাজুল ইসলাম, এটা 'থ্রেট' বললেন রুহিন হোসেন প্রিন্স

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, ‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করা এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিবিদরা।

    ‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজনীতিবিদরা।

    এমন মন্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন রাজনীতিবিদরা।

    রোববার সকালে ঢাকায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেছেন মি. ইসলাম।

    কিন্তু বক্তব্য শেষ করে মি. ইসলাম ওই অনুষ্ঠানের স্থান থেকে চলে যাওয়ার পর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তার মন্তব্যকে ‘থ্রেট’ উল্লেখ করেন।

    তিনি বলেন, “আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান। তার মানে কী এইটা। নো এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না।”

    বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজও চিফ প্রসিকিউটরের মন্তব্যের কড়া সমালোচনা করেন।

    এর আগে, চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলেন, “মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দূর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মেলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন সেইটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না।”

    যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে সেগুলোর কঠোর হাতে দমন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

    “কারণ জাতির ইতিহাসে সোনালী অর্জনগুলো যেভাবে এসেছে সেগুলোকে সুকৌশলে সূক্ষভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে, আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না” বলেন মি. ইসলাম।

    এই অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

    এই আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি ‘মব’ প্রসঙ্গ তুলে এটি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন রাজনীতিবিদরা।

    তাজুল ইসলামের বক্তব্যের আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ‘মব’ নিয়ে সরকারের সমালোচনা করেন।

    তিনি বলেন, “যে কোনো সময় যে কোনো সরকার যে কোনো সময় বিপ্লবের আগে পরে ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। এটা অনেককে এনকারেজ করবে। মবকে অ্যালাউ করা হয়েছিলো, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সেই সময়ই মবকে কনটেইন না করার ফলাফল আমাদের দিতে হবে।”

    এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ‘মব’ নিয়ে সতর্ক করেন।

    তাজুল ইসলাম ‘মবকে’ জাস্টিফায়েড করায় ক্ষোভ প্রকাশ করেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বক্তব্য দেওয়ার আগেই সেখান থেকে মি. ইসলাম চলে যান।

    মি. বলেন, “এখানে ডানপাশে বসা উনি চলে গেছেন। আমার কাছে মনে হোলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম, আমি আশা করি ওনার কানে আমার এই কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফায়েড করলো, হোয়াই?”

    “আপনি আইনের শাসন চান আবার মবকে উস্কান। তার মানে কী এইটা। নো এইটা বাংলাদেশে চলবে না। এইটা যদি চালাইতে চান আইনের শাসন চলতে পারে না” বলেন মি. প্রিন্স।

    একইসাথে শেখ হাসিনা ও তার নেতা-কর্মীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার না করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সমালোচনা করেন তিনি।

    এই বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও উল্লেখ করেন মি. প্রিন্স।

  11. নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে বিজিবি মোতায়েন

    নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি

    ছবির উৎস, BGB

    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    রোববার সকাল এগারোটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তিন অভিযোগে এই অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতা - কর্মীরা।

    বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    এক খুদে বার্তায় তিনি জানিয়েছেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।"

    তবে, কত প্লাটুন বা কী সংখ্যক বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

    পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পক্ষপাতমূলক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগে ছাত্রদল রাত পর্যন্ত সেখানে অবস্থান করবে বলে এর আগে জানিয়েছে।

  12. সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ: তারেক রহমান

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তি ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার ঢাকায় খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তিদের ও আহতদের পরিবারদের সাথে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে মি. রহমান বলেন, “৭১ সালে মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন ঠিক একইভাবে ২৪ এ যেই যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা - সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবো যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোকে দেখভাল করা।”

    তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নামক একটি মন্ত্রণালয় তৈরি করেছিলো, যা ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা মারা গেছেন বা আহত হয়েছেন অর্থাৎ এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ তারা দেখভাল করে থাকে।

    জুলাই যোদ্ধাদেরও মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করে কেন তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে সেটি ব্যাখ্যা করেন মি. রহমান।

    তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার বা যোদ্ধা আছেন তাদের যে কষ্টের কথাগুলো তুলে ধরেছেন, এই কষ্টগুলোকে যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি, যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু যারা পেছনে রয়েই গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা - অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা গণ্য।”

    জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে সেটিকে গণহত্যার সাথে তুলনা করেছেন মি. রহমান।

    আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

    গণতন্ত্রের বিজয় গাঁথা রচনা করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা যদি ব্যর্থ হই, তবে ভবিষ্যতেও এভাবেই শোকগাঁথা আর শোক সমাবেশ চলতে থাকবে।”

  13. কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, প্রেস উইংয়ের ব্যাখ্যা

    গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ও প্রচারের ফলে প্রশাসনের নিরপেক্ষতা ইস্যুতে প্রশ্ন ওঠার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।

    প্রেস উইংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ''বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। বরং সংকটময় এই সময়ে নীরবতা নিরপেক্ষতার প্রতীক নয়, তা দায়িত্বশীল নেতৃত্বের অভাবকেই নির্দেশ করে''।

    ওই ব্যাখ্যায় বলা হয়েছে, ''বর্তমান অন্তর্বর্তী সরকার শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা বা নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি।...এ সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি করা''।

    ব্যাখ্যায় বলা হয়, ''যে অন্তর্বর্তী সরকার সংস্কারের দায়িত্ব নিয়ে গঠিত, গণতান্ত্রিক সিদ্ধান্তের মুহূর্তে সেই সংস্কার থেকে নিজেকে দূরে রাখবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়''।

    ব্যাখ্যায় আরও বলা হয়, ''এই সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি সমর্থনে নয় বরং দ্বিধা ও নীরবতায়। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের দায়িত্ব নিয়েছে, তা সমর্থন না করলে জনগণের আস্থা ক্ষুণ্ন এবং পরিবর্তনের ধারাবাহিকতা ব্যাহত হবে''।

  14. হাসিনা, টিউলিপ ও রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

    শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, প্লট দুর্নীতির মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।

    রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।

    রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

    আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

    মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ই জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

    ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

    পরে তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

    এর আগে, গত বছরের ৩১শে জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

    এর আগে গত ২৭শে নভেম্বর, প্লট দুর্নীতির অন্য তিন মামলায় বিচার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত। যদিও পলাতক অবস্থায় তাদের বিচার হওয়ায় আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

    একইসাথে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

  15. সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার বিকালে বৈঠক করবে জামায়াতে ইসলামী।

    জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যরের একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠকে অংশ নেবেন।

    রোববার দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী।

    এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সাথে সপরিবারে সাক্ষাৎ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

  16. তিন অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশন

    একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠি বা দলের পক্ষপাতিত্ব করছে এবং পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কসহ তিনটি অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে সকাল থেকে অবস্থান নিয়েছে ছাত্রদল।

    রোববার ছাত্রদলের নেতা-কর্মীরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রাত পর্যন্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।

    পূর্ব নির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে সকাল প্রায় এগারোটা নাগাদ তারা ওই ভবনের সামনের সড়কে অবস্থান নেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির শেষ দিন আজ।

    কর্মসূচিতে ছাত্র কেন্দ্রীয় নেতা-কর্মীরা ছাড়াও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ বিভিন্ন থানা পর্যায়ের বেশ কিছু নেতা-কর্মী অংশ নিয়েছেন।

    নির্বাচন ভবনের সামনের সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছেন।

    ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকের মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু। যেটি আমরা লক্ষ্য করলাম, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে।”

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে