আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

এক ডিআইজি ও তিন পুলিশ সুপার আটক, বেনজিরের বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ী ভাঙচুরের ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ ২৬ বিশিষ্ট নাগরিকের। পুলিশের এক ডিআইজি ও তিনজন এসপি আটক। ২৭ বছর পরে দিল্লি রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। একনজরে দিনের ঘটনাপ্রবাহ

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা ঘটেছে

    • ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ, খুন-গুমসহ অনৈতিক অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে। অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
    • ধানমন্ডি ৩২ নম্বর রোডের শেখ মুজিবর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২৬ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যেভাবে বাড়িটি ভাঙ্গা হয়েছে, আগুন দেয়া হয়েছে, তাতে তারা গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত ও লজ্জিত। এ ঘটনার বিচার চান।
    • দিল্লি বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। বিধানসভার ৭০ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮টি আর এক দশকেরও বেশি সময় ধরে দিল্লিতে ক্ষমতাসীন ছিল যে আম আদমি পার্টি, তারা পেয়েছে ২২টি আসন। এই নিয়ে তৃতীয়বারের মতো দিল্লিতে কোনও আসনই পায় নি কংগ্রেস।
    • বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে। কিন্তু দলটি সরকারকে ব্যর্থ হতে দেবে না।
    • একসময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে এবং এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
    • শনিবার রাত থেকে গাজীপুরসহ সারাদেশে 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'।
    • গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
    • গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় সদর থানার ওসি আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।
  2. দিল্লিতে ৪৮ টি আসন নিয়ে বিপুল জয় বিজেপির, আপের হাতে ২২

    দিল্লি বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। বিধানসভার ৭০ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮টি আর এক দশকেরও বেশি সময় ধরে দিল্লিতে ক্ষমতাসীন ছিল যে আম আদমি পার্টি, তারা পেয়েছে ২২টি আসন। এই নিয়ে তৃতীয়বারের মতো দিল্লিতে কোনও আসনই পায় নি কংগ্রেস।

    দলের বিপুল জয়ের পরে আম আদমি পার্টিকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “যে দলের জন্মই হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে, দেখা যাচ্ছে তারাই তো বড় দুর্নীতিবাজ। দিল্লি যে ভরসা করেছিল, তার সঙ্গে ধোঁকা এটা। মদ কেলেঙ্কারি দিল্লির বদনামী তো হয়েছিলই, তার ওপরে এতটাই অহংকার হয়ে গিয়েছিল এদের যখন সারা বিশ্ব করোনার সঙ্গে লড়াই করছে, তখন নিজের জন্য শিশমহল বানাচ্ছিল।“

    দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক শীর্ষ নেতা মদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে জেলে ছিলেন। আর মি. কেজরিওয়াল নিজের জন্য এক প্রাসাদোপম বাসভবনও তৈরি করেছিলেন।

    তিনি এই নির্বাচনে পরাজিত হয়েছেন। তবে তার পরে দিল্লিতে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন তার দলেরই নেত্রী আতিশী, তিনি অবশ্য জয়ী হয়েছেন।

    বিজেপি দিল্লিতে শেষবার জয়ী হয়েছিল ১৯৯৩ সালে, তারা ২৭ বছর পরে ক্ষমতায় ফিরল জাতীয় রাজধানী শহরে। কংগ্রেস একাই দিল্লির সরকার চালিয়েছে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত। সেবছর আম আদমি পার্টি কংগ্রেসকে সরকার গড়তে সমর্থন দিয়েছিল। তার পরে ২০১৫ এবং ২০২০ সালে আম আদমি পার্টি বিপুল জনসমর্থন পেয়ে সরকার গড়েছিল।

    এবছরের নির্বাচনে কংগ্রেস আর আম আদমি পার্টির জোট হয় নি। তারা একে অপরের বিরুদ্ধে লড়েছিল। প্রকাশিত ফলাফল থেকে দেখা যাচ্ছে যে এমন অনেক আসনে আম আদমি পার্টি পরাজিত হয়েছে সামান্য ব্যবধানে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কংগ্রেস প্রার্থীরা অনেক আসনেই আম আদমি পার্টির ভোট কেটে দিয়েছেন।

    আবার মুসলিম অধ্যুষিত মুস্তাফাবাদ আসনে দিল্লি দাঙ্গায় অভিযুক্ত তাহির হুসেইন নামে একজনকে প্রার্থী করেছিল আসাদুদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। মি. হুসেইন এখানে তৃতীয় হয়েছেন, দ্বিতীয় হয়েছে আপ আর আসনটি জিতে নিয়েছে বিজেপি। তবে আপ এবং এআইএমআইএমের ভোট যোগ করলে বিজেপির প্রাপ্ত ভোটের থেকে তা অনেক বেশি হত।

    প্রখ্যাত নির্বাচন বিশ্লেষক ও আম আদমি পার্টি গঠনের সময় থেকেই যিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ছিলেন, তবে পরে সরে আসেন, সেই যোগেন্দ্র যাদব বলছেন আম আদমি পার্টির এই পরাজয়ের ফলে দলটির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল।

    তার কথায়, “এটা পুরো বিরোধী গোষ্ঠীর কাছেই বড় ধাক্কা। আম আদমি পার্টি দাবি করতে পারে যে বিজেপির থেকে তারা চার-পাঁচ শতাংশই মাত্র ভোট কম পেয়েছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়ার পরাজয় খুবই বড় ধাক্কা। আম আদমি পার্টির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল।

    “বিজেপি তো এখানেই থামবে না। তারা চেষ্টা করবে আম আদমি পার্টি কী করে ভাঙ্গানো যায়। সেই প্রচেষ্টা মোকাবেলা করা আম আদমি পার্টির কাছে কঠিন হবে,” বিশ্লেষণ যোগেন্দ্র যাদবের।

  3. গাজীপুরে হামলার ঘটনায় সদর থানার ওসি প্রত্যাহার

    গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় সদর থানার ওসি আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।

    তিনি বলেছেন, ''গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।''

    গাজীপুরে বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।

    এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  4. বেনজিরের বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

    শনিবার পাঠানো অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার (বেনজীর) বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে।''

    বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক মো. মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

    বিবৃতিতে বলা হয়েছে, ''পলাতক ও দুর্নীতিগ্রস্ত সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীরের এমন ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেননি। বিগত সরকারের আমলে গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রত্যেক পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে এই বাহিনীর প্রত্যেক সদস্য অত্যন্ত ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেন।''

    ''২০২৪–এর জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে, পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার আলোতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে। সে লক্ষ্যেই পুলিশ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন,'' বলা হয়েছে ওই বিবৃতিতে।

    উল্লেখ্য, কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বক্তব্য দেন বেনজীর আহমেদ। সেখানে তার দেয়া বক্তব্যের কিছু অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ ও প্রশাসনের অনেক সদস্যের সাথে তাদের যোগাযোগ রয়েছে, এমন বক্তব্য দিতে শোনা গেছে।

  5. পুলিশের এক ডিআইজি ও তিনজন এসপি আটক

    ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ, খুন-গুমসহ অনৈতিক অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে।

    ঢাকার পুলিশের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

    রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামকে আটক করে ঢাকার গোয়েন্দা বিভাগে নিয়ে আসা হয়েছে।

    অন্যদিকে রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করেছে রংপুরের মেট্রোপলিটন পুলিশ। কুমিল্লা ও সিলেটে এসপি হিসাবে দায়িত্ব পালন করার সময় ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন।

    আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচনের আগে রাজনৈতিক বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।

    শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। এরপর তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়।

    নোয়াখালীর এসপি হিসাবে দায়িত্বরত অবস্থায় ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।

  6. ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ী ভাঙচুরের ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ ২৬ বিশিষ্ট নাগরিকের

    ধানমন্ডি ৩২ নম্বর রোডের শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২৬ জন বিশিষ্ট নাগরিক।

    বিবৃতিতে তারা বলেছেন, “গত ৫ ফেব্রুয়ারি যেভাবে ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ীটি ক্রেন, বুলডেজার ব্যবহার করে নির্মমভাবে ধুলিসাৎ করা হয়েছে এবং তার সঙ্গে অন্য আরো যে সকল স্থাপনা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যে নির্মমতার সাথে ধ্বংস করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে, তা দেখে একটি সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত ও লজ্জিত। এ ঘটনার আমরা বিচার চাই।''

    বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহম্মদ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, মানবাধিকার কর্মী নূর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ হুদা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নোভা আহমেদ।

    আরো স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জোবাইদা নাসরীন ও মোহম্মদ সেলিম হোসেন, দিনাজপুরের সিডিএ পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মানবাধিকার কর্মী সাঈদ আহমেদ, আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, আশরাফ আলী, শাহাদত আলম, রেজাউল হক, গবেষক ও আদিবাসী অধিকার কর্মী হানা শামস আহমেদ ও মানবাধিকার কর্মী মুক্তাশ্রী চাকমা।

    বিবৃতিতে তারা বলেছেন, ''ঘটনাটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত ও বিচারও আমরা জানাতে চাই। কিন্তু কার কাছে জানাব? আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলি হয় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কিংবা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। কিন্তু কেন? তাদের জনগণের ট্যাক্স ও অর্থে লালন-পালন করা হয় কি নীরব দর্শক হয়ে, নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্যে?''

    ''৫ ও ৬ ফেব্রুয়ারির ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তবর্তী সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এ দায় এড়ানোর সুযোগ নেই। যে কোনো দেশের ঐতিহাসিক নিদর্শণ, স্থান কিংবা কোন স্থাপনা সুরক্ষা দেবার দায়িত্ব সেই দেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান, বাড়ি বা অন্য কোন স্থাপনা- ঐ স্থানে কারা কোন সময় বসবাস করেছেন বা কাদের নাম জড়িত সেই নিরিখে বিচার্য নয়।''

    ''.......অনেক নির্মম নির্দয় শাসকের বাসভবনও দর্শকরা তাই দেখতে পান, তাদের কীর্তি-অপকীর্তি সম্পর্কেও বহু শত বছর পরও মানুষ জানতে পারেন। আমরা তাই ৫ ও ৬ ই ফেব্রুয়ারির ঘটনার জন্য অন্তবর্তী সরকারের কাছে সবিস্তারে ব্যাখ্যা দাবি করছি এবং এর সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত ও এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলাসহ যারা দায়ী তাদের জবাবদিহিতা ও শাস্তির দাবি জানাচ্ছি,'' বলা হয়েছে ওই বিবৃতিতে।

    ''একই সাথে আমরা বলতে চাই, ৩২ নম্বর, ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি ভাড়ার সঙ্গে স্বৈরচার বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি প্রদর্শনের কোনই সম্পর্ক নেই। বরং এটা এক ধরনের গণ উত্তেজক সন্ত্রাসের প্রদর্শন বলেই জনগণের কাছে প্রতীয়মান হয়েছে। যা ফ্যাসিবাদ বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভাবমূর্তিকেই ম্লান করে দেয়,'' বিবৃতিতে বলা হয়েছে।

  7. গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ

    গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, শনিবার পৌনে সাতটার দিকে এই গোলাগুলির খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি বলেন, গাজীপুরে শুক্রবারের হামলার প্রতিবাদে আন্দোলন করার সময় একটি গাড়ি থেকে তাকে লক্ষ্য করে গুলি করছে বলে শুনেছি।

    হাতে গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশশির হোসাইন বলে জানা গিয়েছে। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য।

  8. আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না : রিজভী

    বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে। কিন্তু দলটি সরকারকে ব্যর্থ হতে দেবে না।

    কারণ সরকার গঠিত হয়েছিল ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে।

    আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    মি. রিজভী বলেন, "একদিকে, আমরা অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা করছি। অন্যদিকে, আমরা একে অপরের পাশে বসে আলোচনা করছি। এটি গণতান্ত্রিক রীতি। কিন্তু আমরা সরকারকে ব্যর্থ হতে দেব না।"

    "সরকারের সমালোচনা করার কারণে এখন আমাদের জেলে যেতে হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা জোরপূর্বক গুমের শিকার হতে হবে না। দমন-পীড়ন ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এই পরিবর্তন এসেছে," যোগ করেন মি. রিজভী।

  9. গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

    গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

    আজ শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

    এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা, তাতে এতে যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমও। এদিকে শনিবার রাত থেকে গাজীপুরসহ সারাদেশে 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'।

  10. একসময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে : নাহিদ ইসলাম

    ছয় মাসে সরকারকে অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্রের মোকাবেলা, শতাধিক আন্দোলন পরিচালনা, অর্থনৈতিক সংকটের পাশাপাশি ক্রমাগত রাজনৈতিক চাপের মুখোমুখি হওয়াসহ বহুমাত্রিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, "আমরা রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে এমন একটি ভবিষ্যৎ গঠনে অবিচল রয়েছি।"

    বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে মি. ইসলাম এ কথা বলেন।

    মি. ইসলাম বলেন, "যদিও অভ্যুত্থান সংস্কারের আকাঙ্ক্ষার সাথে বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেছিলো, তবে অনেকেই জাতীয় কল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থের পিছনে ছুটতে শুরু করেছিলো। এই বিভক্তির কারণে গুরুত্বপূর্ণ ইস্যুতে, বিশেষ করে রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।"

    "একসময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে। এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে," যোগ করেন মি. ইসলাম।

    তবে তিনি আশাবাদী যে এই বিভাজনগুলি অপ্রতিরোধ্য নয়। বলেন, “আমি বিশ্বাস করি না যে ঐক্য সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। আমরা মতবিরোধ নিরসনে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং অতীতের বিভাজনমূলক অভ্যাসগুলিতে ফিরে আসা এড়াচ্ছি।”

    "সামনের রাস্তাটি এত মসৃণ হবে না, তবে সঠিক সমর্থনসহ অন্তর্বর্তী সরকার দেশের জন্য আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যতের ভিত্তি স্থাপনের আশা করে," বলেন মি. ইসলাম।

  11. দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

    দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জয় এখন সময়ের অপেক্ষা। রাজধানীতে ২৭ বছর পরে তারা ক্ষমতায় ফিরতে চলেছে। গত প্রায় ১০ বছর ধরে দিল্লিতে সরকার চালাতো আম আদমি পার্টি। দলটির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে পরাজয় স্বীকার করে নিয়েছেন।

    তিনি নিজেও নিউ দিল্লি আসনে হেরে গেছেন। তবে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কালকাজী আসন থেকে জয়ী হয়েছেন।

    নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ভারতীয় সময় বেলা তিনটের সময়ে ৭০ আসনের বিধানসভায় বিজেপি ইতোমধ্যেই ১৭ টি আসনে জয়ী হয়েছে, আরও ৩০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে আপ জিতেছে ১১টি আসনে, এগিয়ে আছে ১২টি আসনে।

    মনীশ সিসোদিয়া, সোমনাথ ভারতী, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনের মতো আপের আরও বেশ কয়েকজন বড় নেতা তাদের নিজের আসনে বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন।

    ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আন্দাজ পাওয়া যাচ্ছিল যে ক্ষমতাসীন আম আদমি পার্টি বা আপ পিছিয়ে পড়ছে তাদের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির তুলনায়।

    এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি মি. কেজরিওয়াল লিখেছেন, "আজ দিল্লি নির্বাচনের ফলাফল এসেছে এবং জনতা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বিনয়ের সঙ্গে তা স্বীকার করে নিচ্ছি।"

    কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করানোর জন্য অভিনন্দন জানিয়েছেন।

    অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন যে "দিল্লির মানুষ মিথ্যা, ধোঁকা আর দুর্নীতির ‘শিসমহল’কে নাস্তানাবুদ করে দিল্লিকে ‘আপ-দা’ (হিন্দিতে বিপর্যয়) মুক্ত করেছেন।"

  12. আজ থেকে গাজীপুরসহ সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট'

    শনিবার রাত থেকে গাজীপুরসহ সারাদেশে 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'।

    শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে। "অপারেশন ডেভিল হান্ট" এর ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

  13. ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার

    ঢাকার ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাত থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ – ডিএমপি'র সিটিটিসি'র বোম্ব ডিসপোজাল টিম।

    আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ডিএমপি।

    এদিন সকাল ১১টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল আসে। তখন শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে যে আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে ওগুলো রয়েছে।

    এই খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম সেখানে যায় এবং সেগুলো উদ্ধার করে পুরাতন বাণিজ্য মেলা মাঠে যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় ডিএমপি।

  14. গাজীপুরে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশ

    ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল শুরু হয়েছে। আজ শনিবার দুপুর একটার পর এই মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীদেরকে "গাজীপুরের মাটি, চব্বিশের ঘাঁটি", "ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ" ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

    তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে জড়ো হয়েছেন।

    বিক্ষোভকারীদের দাবি— আগামীকাল দুপুর ১২টার মাঝে হামলাকারীদের গ্রেফতার করতে হবে, সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে 'আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও সাত দিনের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে, প্রশাসনের দায়িত্বে অবহেলার বিচার ও উপদেষ্টাদের জবাবদিহি করতে হবে, 'আওয়ামী সন্ত্রাসীদের' স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে, তাজউদ্দীন মেডিকেলের চিকিৎসা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    আজকের মাঝেই আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙার ঘোষণা দেয় তারা এবং সেইসাথে আরও বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি সরকারিভাবে সিলগালা না করা হলে সেগুলোও ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে।

    এই সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও।

    সমন্বয়ক আরিফ সোহেল তার বক্তব্যে বলেন, "আমলাতন্ত্র, পুলিশ, প্রশাসন সবকিছুর পুরনো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতাকে দিয়ে নতুন করে রাষ্ট্রব্যবস্থা সাজাতে বলেছিলাম আমরা।"

    "আজকে ছয় মাস পরে আমরা দেখতে পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের কিছুই করার নাই। আমাদের সংগ্রামী ভাইয়েরা আক্রমণের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। প্রশাসন সহযোগিতা করে নাই। সেখানে ফ্যাসিবাদী দোসররা বসে আছে। যদি পুলিশ সহযোগিতা না করে, তাহলে নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের নিতে হবে।"

    মি. সোহেল বলেন, "যাদের সক্ষমতা আছে, তাদেরকে নিয়ে প্রয়োজনে নতুন বাহিনী তৈরি করা হোক। সারাদেশের সকল অরাজকতা আমরা থামিয়ে দিবো। এই পুলিশ থামাবে না। আমরা ছাড়া কেউ থামাবে না।"

  15. গাজীপুরের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে যান তিনি। উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি জানান, "একজন রোগী মাথায় আঘাত নিয়ে আইসিইউ-তে আছেন। তার অবস্থা বোঝা যাবে ২৪ ঘণ্টা পর।"

    গতকাল শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এ ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এর সাথে যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।"

  16. ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে আজ

    ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে, সেগুলোর ছয়টির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ শনিবার।

    গত চৌঠা ফেব্রুয়ারি আইন উপদেষ্টা আসিফ নজরুল এ ঘোষণা দিয়েছিলেন।

    তিনি তখন জানান, "রাষ্ট্র সংস্কারে আশু করণীয়, মধ্য মেয়াদি বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে, সেটার সর্বসম্মত সুপারিশমালা" পেশ করা হবে এসব প্রতিবেদনে।

    উল্লেখ্য, বিভিন্ন খাতে সংস্কারের জন্য মোট ১১টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার।

  17. গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

    গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    আজ শনিবার সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে বলা হয়, গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামীলীগের কর্মীদের হামলার প্রতিবাদে 'ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ'দের অংশগ্রহণে এদিন দুপুর দেড়টায় এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে।

    গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এসময় হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এ প্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

  18. ইউএসএআইডি'র কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত

    যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র দুই হাজার ২০০ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা শেষ মুহূর্তে স্থগিত করেছে আদালত।

    সংস্থাটিকে রক্ষা করা উদ্দেশ্যে মি. ট্রাম্পের ওই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করেছিলো দু'টি ইউনিয়ন।

    সেই পরিপ্রেক্ষিতে বিচারক কার্ল নিকোলস খুবই "সীমিত" সময়ের জন্য মি. ট্রাম্পের ওই পরিকল্পনা কার্যকরের বিষয়ে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

    আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত, এক সপ্তাহের জন্য এই আদেশ বহাল থাকবে।

    ডোনাল্ড ট্রাম্পের যুক্তি হলো, ইউএসএআইডির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের সদ্ব্যবহার করা হচ্ছে না, তাই তিনি এটি বিলুপ্ত করতে চান। তারই ধারাবাহিকতায় তিনি সংস্থাটির প্রায় ১০ হাজার কর্মীর মাঝে কেবল ৬১১ জন কর্মীকে রেখে বাকিদেরকে ছুটিতে পাঠাতে চান।

    ইতোমধ্যে প্রায় ৫০০ জন কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিলো এবং শুক্রবার মধ্যরাত থেকে ওই দুই হাজার ২০০ জন কর্মীও তাদের কাতারে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দায়ের করা একটি মামলায় যুক্তি দেওয়া হয় যে সরকার সংবিধান বহির্ভূত কাজ করছে। যার ফলে কর্মীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

    বিচারক কার্ল নিকোলস ইউনিয়নের পক্ষে রায় দিয়ে বলেন যে এখানে আদালত হস্তক্ষেপ না করলে সরকারের কোনও ক্ষতি না হলেও কর্মীদের অপূরণীয় ক্ষতি হবে।