চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: মির্জা ফখরুল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানি চান খালেদা জিয়া। শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার আবেদন করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজে কমপ্লিট শাট ডাউনের ঘোষণা।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা ঘটলো

    • নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী ৭ই নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি।
    • চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • বিদ্যুৎ খাতে ভারতীয় কোম্পানি আদানির বকেয়া দ্রুতই শোধ করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • দেশের বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোকে কলরেট কমানো ও ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
    • ঢাকার মিরপুর ১৪ এবং কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে।
    • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য পেপারবুক তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্ট এ আদেশ দেয়।
    • চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন। নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত হওয়ার পর শপথ নিলেন তিনি।
    • আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাতজন শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ।
    • লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে এবার দুইদিন ব্যাপী ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
    • জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ‘গণহত্যার’ অভিযোগে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হয়েছে।
  2. ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওএসডি হলেন বাগেরহাটের সিভিল সার্জন

    সরকারি টিকাদান কর্মসূচির বক্তব্য শেষে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের ‘জয় বাংলা’ স্লোগানের একটি ভিডিও ভাইরাল হয় গত সপ্তাহে।

    এ নিয়ে বাগেরহাটে বিক্ষোভ ও প্রতিবাদের মুখে ওই সিভিল সার্জনকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ সোমবার থেকে ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।

    গত ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু ক্যানসারে বিরুদ্ধে টিকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আহমেদ।

    বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    স্বাস্থ্য সেবা বিভাগের চিঠি

    ছবির উৎস, HEALTH SERVICE DEPARTMENT

    ছবির ক্যাপশান, স্বাস্থ্য সেবা বিভাগের চিঠি
  3. ইসি গঠনে ৭ই নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন

    নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়েছে সরকার গঠিত সার্চ কমিটি।

    প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগত পর্যায় থেকে আগামী ৭ই নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম দিতে পারবেন।

    রোববার মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে অনুসন্ধান বা সার্চ কমিটি।

    মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো আগামী ৭ নভেম্বর বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক পাঁচ জনের নাম প্রস্তাব করতে পারবে।

    ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরাও তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয় ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হবে।

    এর আগে বিকেলে সুপ্রিম কোর্টে প্রথম বৈঠকে বসে নির্বাচন কমিশন গঠনে করা সার্চ কমিটি।

  4. চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এসময় তিনি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

    রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন।

    শনিবার অন্তর্বতীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন, রাজনীতিবিদরা উসখুস করছেন ক্ষমতায় যেতে।

    রোববার ওই উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মি. আলমগীর বলেন, “আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করি না। আমরা বাংলাদেশকে হাসিনামুক্ত করার জন্য কাজ করেছি। জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দ্রুত করছি”।

    “কেন দ্রুত করছি, যত দেরি করবেন, তত হাসিনা আবার ফিরে আসবে” বলেন বিএনপি মহাসচিব।

    তিনি আরও বলেন, “পরিষ্কার করে বলতে চাই, আবারও ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না”।

    অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অ অভিযোগ করেন, “এই নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা দিবেন না। যতক্ষণ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগকে পুর্নপ্রতিষ্ঠিত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন দেবেন না”।

  5. বিদ্যুৎ খাতে ভারতীয় কোম্পানি আদানির বকেয়া দ্রুতই শোধ করবে সরকার: প্রেস উইং

    বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন ২৫ হাজার মেগাওয়াটের মতো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন ২৫ হাজার মেগাওয়াটের মতো

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আদানির বিদ্যুতের মূল্য পরিশোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনেক টাকা বাকি রেখে গেছে। তবে কোনো একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার কাছে বাংলাদেশ জিম্মি হবে না”।

    রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    তিনি বলেন, “আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধের খবরে মর্মাহত সরকার। এ পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তবে পাওনা পরিশোধের সর্বক্ষমতা এই সরকারের আছে”।

    এদিকে, প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে আদানি পাওয়ার আগামী ৭ই নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে দেবে বলে ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়।

    এতে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছিল। বকেয়া না পাওয়ায় গত বৃহস্পতিবার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানিটি।

    ভারতীয় গণমাধ্যমটি জানাচ্ছে, ডলার সংকটের কারণে ব্যাংকটি অপারগতা প্রকাশ করায় সেই অর্থ কৃষি ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পাঠাতে চেয়েছিল। তবে তা চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আদানি পাওয়ার তাতে সম্মতি দেয়নি।

  6. আসিয়ান সদস্য পদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    ছবির উৎস, CHIEF ADVISOR PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে ইন্দোনেশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    রোববার বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

    এসময় প্রধান উপদেষ্টা আসিয়ানে বাংলাদেশের সদস্যপদে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিকে বাংলাদেশিদের ব্যবসায়ের জন্য আরও সুযোগ তৈরি করার আহ্বান জানান।

    প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, ‘আমি আশা করি ইন্দোনেশিয়া আমাদের আসিয়ানের সদস্যপদ পেতে সাহায্য করবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

    প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে আরও জানান, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। আগামী জানুয়ারিতে মালেশিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করবে।

    রাষ্ট্রদূত মি. সুবোলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দেশের সমর্থন জানান।

    তিনি বলেন, ইন্দোনেশিয়া আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের আবেদন নিবিড়ভাবে অনুসরণ করবে।

    ‘ইন্দোনেশিয়া বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। আশা করি এটি উভয় দেশের জন্য উপকারী হবে,’ বলেন তিনি।

    প্রধান উপদেষ্টা ক্ষুদ্রঋণ প্রচারের জন্য ইন্দোনেশিয়ায় তার একাধিক সফরের কথা স্মরণ করেন। তাঁর অভিজ্ঞতা থেকে তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ব্যবসার খুব কম উপস্থিতি দেখেছেন বলেন জানান।

  7. এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ

    বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    ছবির ক্যাপশান, বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করার অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দুই বিভাগের আওতায় মোট ১০টি দপ্তর রয়েছে।

    রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ দুইটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনা ও গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন প্রদান করেছেন।

    বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

    বর্তমানে জননিরাপত্তা বিভাগের আওতায়- পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোর্ট গার্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার রয়েছে।

    আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে- বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে।

  8. কলরেট কমানো ও মেয়াদহীন ইন্টারনেটের মেয়াদহীন প্যাকেজ চালুর আহবান নাহিদ ইসলামের

    দেশের বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোকে কলরেট কমানো ও ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোন লিমিটেড এর প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকে উপদেষ্টা এ আহ্বান জানান।

    উপদেষ্টা মি. ইসলাম এসময় বলেন, যেহেতু “অন্তর্বর্তী সরকার জনসমর্থিত তাই দেশ ও দেশের মানুষের উপকার হয় এমন যেকোনো কাজ করতে সরকার আগ্রহী”।

    টেলিকমিনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

    এই আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা প্রদানে কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

    উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে।

    রবি এবং গ্রামীণফোনের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকে করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

    ছবির উৎস, ICT DIVISION

    ছবির ক্যাপশান, রবি এবং গ্রামীণফোনের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকে করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
  9. ১৫ দিনের মধ্যে নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে: মন্ত্রিপরিষদ সচিব

    বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন

    সৎ, দক্ষ ও নিরপেক্ষদেরই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে সুপারিশ করা হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

    মি. রশীদ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

    রোববার বিকেলে নতুন গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

    ওই বৈঠকের আগে মন্ত্রিপরিষদ সচিব মি. রশীদ বলেন, বৈঠকেই সার্চ কমিটি তার কর্মপদ্ধতি ঠিক করবে। আইন অনুযায়ী সার্চ কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব বা সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

    আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গত বৃহস্পতিবার গঠিত হয় সার্চ কমিটি।

  10. রংপুর মেডিকেল কলেজে কমপ্লিট শাট ডাউনের ঘোষণা

    রংপুর মেডিকেল কলেজে কমপ্লিট শাট ডাউনের ঘোষণা

    ছবির উৎস, SHIPUL ISLAM

    রংপুর মেডিকেল কলেজে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে।

    রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর ব্যানারে এ ঘোষণা দেয়া হয়।

    আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলনে বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেয়া না হলে রংপুর মেডিকেল কলেজে (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে।

    বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।

    গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।

    এটি উল্লেখ করে ডা. মন্ডল বলেন, "যদি এখনো শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশাসন গ্রাহ্য না করে এবং ওই অনাকাঙ্খিত অর্ডারটি বাতিল করা না হয় তবে কঠোর কর্মসূচি পালন করা হবে।"

    আন্দোলনকারীদের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে থেকে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সাথে নিয়ে দমন-নিপীড়ন করেছেন।

    তাদের অভিযোগ আন্দোলনে নিহত আবু সাঈদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন ডা. রহমান।

    একইসাথে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষকও সাবেক উপাধ্যক্ষ মাহফুজার রহমান।

  11. মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বঙ্গোপসাগরের অবস্থান, হতে পারে বৃষ্টি

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বঙ্গোপসাগরের অবস্থান, হতে পারে বৃষ্টি

    ছবির উৎস, Bangladesh Meteorological Department

    ছবির ক্যাপশান, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

    মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    রোববার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয় নি।

    পাশাপাশি রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

    শনিবার বাগেরহাটের মংলায় দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এ পূর্বাভাসে বলা হয়েছে, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আর এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  12. নিজের মাঠে টেস্টে কিউইদের বিপক্ষে হারলো ভারত

    ২৪ বছর পর নিজের দেশের মাঠে হারল ভারত। মুম্বাই টেস্ট ক্রিকেটে ২৫ রানে ভারতকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।

    টেস্টে নিউজিল্যান্ডের স্কোর ২৩৫ ও ১৭৪। ভারতের স্কোর ২৬৩ এবং ১২১ রান।

    ঘরের মাঠে অজেয় ছিল ভারত। ২০১২ সালে ইংল্যান্ডের পর তাদের মাঠে টেস্ট সিরিজ জিততে পারে নি কোনো দল।

    এক যুগ পর সপ্তাহখানেক আগে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে কিউইরা।

    ঘরের মাঠে ৩-০ তে রোহিত-কোহলিদের হোয়াইটওয়াশ করেছে টম লাথামের দল। তিন ম্যাচের টেস্ট সিরিজে এবারই প্রথম হোয়াইটওয়াশ হয়েছে ভারত।

    ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি দুই ম্যাচের সিরিজ ছিল। তিন বা তার বেশি ম্যাচের সিরিজে এবারই প্রথম।

  13. সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন: আটক আরও পাঁচজন

    সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন: আটক আরও পাঁচজন

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন: আটক আরও পাঁচজন

    ঢাকার মিরপুর ১৪ এবং কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

    তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

    এ ঘটনায় এ নিয়ে মোট আট জনকে আটক করা হলো।

    শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে পরিচালিত যৌথ অভিযানের ধারাবাহিকতায় শনিবার পাঁচজনকে ভাষানটেক ও কাফরুল এলাকা থেকে আটক করা হয়।

    পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাষানটেক ও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এতে আরও বলা হয়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

  14. জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির উদ্যােগ খালেদা জিয়ার

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির উদ্যােগ খালেদা জিয়ার

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, খালেদা জিয়া - ফাইল ফটো

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য পেপারবুক তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

    খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেছেন, "আমরা এ মামলার আপিল শুনানির উদ্যোগ হিসেবে আদালতে গিয়েছি। এ জন্য আমরা কোর্টের অনুমতি নিয়ে নিজেরা পেপারবুকটা তৈরি (আপিলকারির খরচে) করে আপিল শুনানি করতে পারি, সে আবেদন করেছিলাম।"

    আদালত আবেদন মঞ্জুর করে, পেপারবুক প্রস্তুত করার নির্দেশ দিয়েছে বলে জানান মি. কামাল।

    এই মামলায় বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করা হয়েছে।

    তারপরও আপিল শুনানির কারণ কী - এ প্রশ্নের জবাবে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমরা বলেছি, তিনি (খালেদা জিয়া) আইনের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতি মওকুফ করেছেন। সেখানে ক্ষমার কথা আছে।

    "খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী না। তিনি অপরাধ করেন নি। ক্ষমাও চান নি। তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন," বলেন তিনি।

    এ কারণে পেপারবুক তৈরি করে আপিল শুনানির জন্য আদালতের কাছে নিয়ে আসা হবে বলে জানান তিনি। ।

    ২০১৮ সালের ২৯ শে অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫’র বিচারক মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

    একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

    একই সাজা হয়েছে মামলার অপর তিন আসামিরও।

  15. শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র

    শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র

    ছবির উৎস, CHATTOGRAM CITY CORPORATION

    ছবির ক্যাপশান, চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেন

    চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন। নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত হওয়ার পর শপথ নিলেন তিনি।

    রোববার সচিবালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

    শপথ অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে হতাহতদের স্মরণ করে উপদেষ্টা হাসান আরিফ বলেন, “এ শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শপথ অনুষ্ঠিত হলো বিপ্লবোত্তর সময়ে। এ সরকার রুটিন কেয়ারটেকার সরকার নয়।”

    সর্বশেষ ২০২১ সালের ২৭শে জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

    ভোট কারচুপির অভিযোগ তুলে সেই ফল বাতিল চেয়ে ওই মাসেই নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত।

    অগাস্ট মাসে সরকার উৎখাতের পর পহেলা অক্টোবর সে মামলার রায়ে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করে চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল।

    আদালতের রায় অনুযায়ী ইসি সচিবালয় আটই অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করে।

  16. বিএনপির সাত আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি

    বিএনপির সাত আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি

    ছবির উৎস, Collected/BBC

    আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাতজন শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ।

    একইসঙ্গে আবেদনকারী আইনজীবী নাজমুল হুদাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে টাকা জমা দিতে হবে।

    রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

    গত বছর ডিসেম্বর মাসের একটি অনুষ্ঠানে আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ কয়েকজন বিচারপতির বক্তব্যকে কেন্দ্র করে অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির শীর্ষ পর্যায়ের আইনজীবীরা।

    পরে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামালসহ সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

    এই আবেদন আমলে নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বিএনপির আইনজীবীদের তলব করেন।

    কয়েক কার্যদিবস শুনানিও হয়। নয় মাস পর আপিল বিভাগ থেকে অব্যাহতি পেলেন তারা।

  17. লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত

    লেবাননে ইসরায়েলি হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার পর শোকবার্তা প্রকাশ করেছে দূতাবাস কর্তৃপক্ষ

    ছবির উৎস, Bangladesh Bairut Ambassy

    লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

    শনিবার বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

    বৈরুতের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    লেবানন যুদ্ধে নিহত প্রথম বাংলাদেশি মোহাম্মদ নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।

    এক শোক বার্তায় দূতাবাস জানিয়েছে, বিকাল সাড়ে তিনটার দিকে হাজমিয়ে এলাকায় বিমান হামলায় মি. নিজাম ঘটনাস্থলেই মারা যান।

    কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শফে বিরতি নিয়েছিলেন তিনি।

    ‘রেমিটেন্স যোদ্ধা’ নিজামের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করেছেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

  18. এবার দুইদিন ব্যাপী ক্লাশ-পরীক্ষা বর্জন সাত কলেজ শিক্ষার্থীদের

    সাত কলেজ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে এবার দুইদিন ব্যাপী ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

    শনিবার ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

    শিক্ষার্থী প্রতিনিধি রেখে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে কমিশন গঠনসহ কয়েকটি দাবিতে রোববার ও আগামীকাল সোমবার তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবে শিক্ষার্থীরা।

    সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সংগঠক জাকারিয়া বারী সাগর বলেন, “সাত কলেজ নিয়ে যে কোনো চক্রান্ত প্রতিরোধ, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ‘অবিবেচক বক্তব্য’ প্রত্যাহার, কমিটি বাতিল, কমিশন গঠন ও শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”

    সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত কয়েকদিন ধরে নিয়মিত বিক্ষোভ চালিয়ে আসছে।

    এদিকে, সাত কলেজের দেখভালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ‘প্রশাসনিক ব্যবস্থা’ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  19. আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার নামে মামলার আবেদন

    আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার নামে মামলা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা

    জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ‘মানবতাবিরোধী অপরাধ’ ও ‘গণহত্যার’ অভিযোগে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হয়েছে।

    মামলা দায়ের করেছেন ব্রিটিশ বাংলাদেশি একজন আইনজীবীসহ মোট তিনজন ব্রিটিশ আইনজীবী।

    বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার অভিযোগে এ মামলা করা হয়েছে।

    এই মামলাটি দায়ের করেছেন ‘৩ বোল্ট কোর্ট চেম্বার্সে'র আইনজীবী মোঃ আশরাফুল আরেফিন। তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার সারাহ ফোরে, ব্যারিস্টার এমিল লিক্সান্দ্রু।

    শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিক এক সংবাদ সম্মেলনে আইনজীবী মোঃ আশরাফুল আরেফিন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রোম স্ট্যাটিউটের ১৫ অনুচ্ছেদের অধীনে মামলাটি দাখিল করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে মি. আরেফিন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সরকার পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো বাহিনী মোতায়েন করে।

    "এসব বাহিনী নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্র যেমন বার্ডশট পেলেট এবং তাজা গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়।"

    এই নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের উদাহরণ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত বলে তিনি উল্লেখ করেন।

  20. বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগতম। বাংলাদেশ এবং বিশ্বের উল্লেখযোগ্য সব ঘটনার আপডেট পেতে চোখ রাখুন এই লাইভ পাতায়। রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী।

    বিবিসি বাংলায় আরো খবরাখবর পেতে ক্লিক করুন এই লিংকে।