সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করলো সরকার

কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত বিচারকদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে, বাংলাদেশ থেকে পাঠানো সব পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশ-বিদেশের সর্বশেষ সব খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ মঙ্গলবার যা যা হলো:

    • পহেলা অগাস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তা দিয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিটি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
    • টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনো অনেকে নিখোঁজ আছেন। মেয়েদের ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প ‘ক্যাম্প মিসটিক’ ২৭টি মেয়ে শিশু ও তাদের কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এখনো দশটি মেয়ে ও একজন ক্যাম্প কাউন্সেলার নিখোঁজ আছেন।
    • বাংলাদেশে হাওরে পর্যটনের বিষয়ে নতুন বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি আইন ২০১৩ এর আওতায় হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে শিগগিরই সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে। হাওরে পর্যটক গেলে কী করতে পারবেন আর কী করতে পারবেন না সেটি এখানে থাকবে।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিলো। ওই সময় একটি মিটিংয়ে ছিলেন বলেও জানিয়েছেন তিনি। আমেরিকান টিভি সঞ্চালক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এটি বলেছেন। ওই সাক্ষাৎকারে মি. পেজেশকিয়ান বলেছেন যে তার দেশে আমেরিকান বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তিনি যথাসময়ে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে চান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডিনারের শুরুতে মি. ট্রাম্প সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেছেন। তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার কোনো অনুরোধ পাননি।
    • জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সিদ্ধান্ত প্রত্যখ্যান করেছেন দল থেকে অব্যাহতি পাওয়া তিন নেতা- আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু। আজ এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন, মি. কাদের বেআইনিভাবে তাদের অব্যাহতি দিয়েছেন।
    • সাবেক সচিবসহ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত বিচারকদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
    • শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশুগুলোতে এর প্রয়োগ শুরু হবে। ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ওষুধ এখনো বাজারে আছে। কিন্তু একেবারেই ছোটো শিশুদের (যাদের ওজন সাড়ে চার কেজির কম) সুনির্দিষ্ট কোনো ওষুধ এতোদিন ছিল না।

    বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বুধবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।

  2. যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

    মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ, বা ইউএসটিআর-এর সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনার সময় আরও ভালো ফলাফল পাওয়ার ব্যাপারে উচ্চ আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, "আজ (৮ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রে (বাংলাদেশ সময় ৯ জুলাই ভোরে) নির্ধারিত বৈঠকের পর আমরা শুল্ক ইস্যুতে আরও অগ্রগতি সম্পর্কে জানতে পারব।"

    আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দুটি পৃথক বৈঠকের সভাপতিত্ব করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

    ড. সালেহউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তবে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সাথে বৈঠক করবে। "সেই বৈঠকের পরেই বিষয়টি বিস্তারিতভাবে জানা যাবে"।

    বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে এবং বাণিজ্য সচিবও আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবশ্যই বৈঠকে আরও ভালো ফলাফলের প্রত্যাশা করছি। "যাই হোক না কেন, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব"।

    তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বৈঠক ইতিবাচক ছিল। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন, তবে বিষয়টি একান্ত আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে।

    ভিয়েতনামের ওপর যুক্তরাষ্ট্রের ২৬ শতাংশ শুল্ক কমানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার, অথচ ভিয়েতনামের ঘাটতি ১২৫ বিলিয়ন ডলার।

    তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি খুবই ছোট।"

    "আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এমন চিঠি এ পর্যন্ত ১৪টি দেশে পাঠানো হয়েছে। তবে, আমরা আরও আলোচনা করব," বলেন তিনি।

  3. কিশোরগঞ্জে অর্ধশতাধিক টিয়াপাখি উদ্ধার

    কিশোরগঞ্জে অর্ধশতাধিক টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করেছে প্রশাসন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, কিশোরগঞ্জে অর্ধশতাধিক টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করেছে প্রশাসন

    কিশোরগঞ্জের হোসেনপুরে বেদে পল্লীতে অভিযান চালিয়ে অর্ধশতাধিক টিয়াপাখি উদ্ধার ও অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে পাখি শিকারে ব্যবহৃত বিভিন্ন ফাঁদ ও উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল এলাকার বেদে পল্লীতে এই অভিযান পরিচালনা করা হয় বলে সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উজ্জ্বল হোসাইনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বেদে সম্প্রদায়ের কিছু লোকের টিয়াপাখি শিকারের গোপন কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

    অভিযানের সময় পাখি শিকারে ব্যবহৃত জাল, আঠা, বাঁশের লাঠি, দড়ি, শুঁটকি মাছসহ নানা সামগ্রী জব্দ করার তথ্য জানানো হয়। পরে এগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার উদ্ধারকৃত টিয়াপাখিগুলো আকাশে উড়িয়ে অবমুক্ত করেন।

  4. পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের 'অনুমতি দেবে না' ইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না।

    ‘গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের (অনুমোদন) দেবো কেন? যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব সুন্দর নির্বাচন হয়েছে সার্টিফিকেট দিয়েছে; গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদেরকে কি আমাদের নেওয়া উচিত?"

    "আমরা দেখে শুনেই নেবো। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে তাদের নেবো। তিনটা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের কোনো মতেই না," মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

    বিদেশি পর্যবেক্ষকদের আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য আমরা জিজ্ঞেস করেছি। তাদের বলা হয়েছে, আগেই যেন জানিয়ে দেয়। তাদের ২৮টি দেশের পর্যবেক্ষককে সমন্বয় করে পাঠাতে হবে, এ জন্য আগেভাগে স্বাগত জানিয়েছি"।

  5. ছবিতে টেক্সাসের বন্যাপরবর্তী চিত্র

    আকস্মিক বন্যায় তছনছ সবকিছু

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আকস্মিক বন্যায় তছনছ হয়ে গেছে টেক্সাসের অনেক এলাকা

    টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনো অনেকে নিখোঁজ আছেন।

    মেয়েদের ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প ‘ক্যাম্প মিসটিক’ ২৭টি মেয়ে শিশু ও তাদের কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    এখনো দশটি মেয়ে ও একজন ক্যাম্প কাউন্সেলার নিখোঁজ আছেন।

    এই বন্যায় কের কাউন্টিতে কমপক্ষে ৮৪ জন মারা গেছে।

    বন্যার পর উদ্ধার তৎপরতা চলছে।

    বন্যা পরবর্তী কয়েকটি ছবি নিচে দেওয়া হলো।

    বন্যায় ভেসে গেছে অনেক ঘরবাড়ি, নিখোঁজের সংখ্যা অজানা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বন্যায় ভেসে গেছে অনেক ঘরবাড়ি, নিখোঁজের সংখ্যা অজানা
    বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বন্যায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
    বন্যায় উজাড় হয়েছে গাছপালাও

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বন্যায় উজাড় হয়েছে গাছপালাও
    ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ক্যাম্প মিসটিক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ক্যাম্প মিসটিক
    নিহতদের স্মরণ করছে মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নিহতদের স্মরণ করছে মানুষ
    ক্যাম্প মিসটিকের ভেতরের অবস্থা
    ছবির ক্যাপশান, ক্যাম্প মিসটিকের ভেতরের অবস্থা
  6. তীব্র গরমের কারণে এথেন্সের দ্য অ্যাক্রপলিস সাময়িক বন্ধ

    সাময়িকভাবেবন্ধ করা হয়েছে এথেন্সের দ্য অ্যাক্রপলিস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সাময়িকভাবেবন্ধ করা হয়েছে এথেন্সের দ্য অ্যাক্রপলিস

    তাপমাত্রা বেড়ে যাওয়া অব্যাহত থাকায় মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এথেন্সের দ্য অ্যাক্রপলিস। এটি একটি প্রাচীন দুর্গ, যেখানে অনেক প্রাচীন গ্রিক ধ্বংসাবশেষ রয়েছে।

    এটি স্থানীয় সময় বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

    মঙ্গলবার ইউরোপীয় এই দেশটির কিছু অংশে তাপমাত্র ৪২ ডিগ্রি হতে পারে বলে পূর্বাভাস ছিল। দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানলের ঝুঁকির সতর্কতা দেয়া হয়েছে।

    এর আগে রবিবার নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করলে সোমবার অ্যাক্রপলিস খোলার সময় ঘোষণা করা হয়েছিলো।

    কর্তৃপক্ষ বলছে কর্মী ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দেশটিতে এখন চলমান দাবদাহ বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং ৪১ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আছে।

    বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে।

  7. হাওরে পর্যটন নিয়ন্ত্রণে 'সুরক্ষা আদেশ' দেবে সরকার

    নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ে যান পর্যটকরা
    ছবির ক্যাপশান, নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হাওড়ে যান পর্যটকরা

    বাংলাদেশে হাওরে পর্যটনের বিষয়ে নতুন বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি আইন ২০১৩ এর আওতায় হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে শিগগিরই সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে।

    “ইতোমধ্যে সুরক্ষা আদেশের খসড়াটা আমরা প্রস্তুত করেছি এবং এটি চূড়ান্ত করে দিয়ে যাবো। হাওরে পর্যটক গেলে কি করতে পারবেন আর কি করতে পারবেন না সেটি এখানে থাকবে,” তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে বক্তৃতায় একথা বলেছেন।

    উপদেষ্টা জানান হাওরে হাউজবোটগুলো কোথায় যাবে আর কোথায় যেতে পারবেনা, কী কী আদেশ মেনে হাউজবোট চালাতে হবে সেটা সুরক্ষা আদেশে পরিষ্কার বলা থাকবে।

    “আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা হাওরের ট্যুরিজমকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে সক্ষম হবো। হাওর হচ্ছে মিঠা পানির সমুদ্র। এরকম অনন্য ইকো সিস্টেম আসলে পৃথিবীতে বিরল,” বলেছেন তিনি।

    উপদেষ্টা আরও বলেন, হাওরগুলোর সীমানা চিহ্নিত করার একটা নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কোন কোন হাওরে গাছ লাগানো উচিত তার একটা তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।

  8. অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিক

    মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

    ছবির উৎস, Dipankar Bar

    ছবির ক্যাপশান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

    মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন আগামী দোসরা অক্টোবর সচিবালয়ে ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পণ্যসামগ্রীর ব্যবহার বন্ধ করা হবে।

    তিনি বলেন, এ নিষেধাজ্ঞা কার্যকর করতে অগাস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এবং অধীনস্থদের প্লাস্টিক ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে।

    আজ মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট: আ ফিউচার ফর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারে বক্তৃতায় একথা বলেছেন তিনি।

    প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে।

    এগুলোর মধ্যে রয়েছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈজসপত্র, চকলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল ও ক্যাপসহ নানা সামগ্রী।

  9. ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে

    আমেরিকান টিভি সঞ্চালক টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট

    ছবির উৎস, x.com/TuckerCarlson

    ছবির ক্যাপশান, আমেরিকান টিভি সঞ্চালক টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিলো। ওই সময় একটি মিটিংয়ে ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

    আমেরিকান টিভি সঞ্চালক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এটি বলেছেন।

    ওই সাক্ষাৎকারে মি. পেজেশকিয়ান বলেছেন যে তার দেশে আমেরিকান বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই।

    ইসরায়েল সরকার ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, তারা চেষ্টা করেছে। তারা ব্যাপক চেষ্টা করেছে। তবে তারা ব্যর্থ হয়েছে।”

    এ বিষয়ে তিনি নিশ্চিত কি-না এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে।

    “আমি একটি সভায় ছিলাম ও করণীয় নিয়ে আলোচনা করছিলাম। গুপ্তচরদের কাছ থেকে তথ্য পেয়ে সেখানে বোমা হামলা চালায় ইসরায়েল। তবে যখন আল্লাহ না চান, তখন আর কিছুই হয় না।”

    এর আগে ইরানি নেতার একজন উপদেষ্টা আলি লারিজানি বলেছিলেন যে “ইসরায়েল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভাস্থলের খোঁজ পেয়েছিলো এবং তারা চেয়েছিলো বোমা মেরে নেতাদের ধ্বংস করে দিতে। তবে তারা সফল হয়নি”।

    ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমি মাতৃভূমি ও স্বাধীনতা রক্ষায় জীবন দিতে ভীত নই। কিন্তু সেটা কি স্থিতিশীলতা আনবে?”

    আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সাথে আলোচনা স্থগিতে ইরানের সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই ইস্যুতে আলোচনার মধ্যে ছিল ইরান। আমাদের বলা হয়েছিলো ইসরায়েল ইরানে হামলা করবে না। কিন্তু ইসরায়েল আলোচনার টেবিলেই বোমা ফেলেছে”।

  10. ইরানের ওপর নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নিতে চাই, বললেন ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Bloomberg via Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তিনি যথাসময়ে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে চান।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ডিনারের শুরুতে মি. ট্রাম্প সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেছেন। এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে তিনি ইরান বিষয়েও একই সিদ্ধান্ত নেয়ার আশা প্রকাশ করেন।

    তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার কোনো অনুরোধ পাননি।

    ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।

    তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ উল্লেখ করেন এবং বলেন, “আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবো। তাদের পুনর্গঠনের একটি সুযোগ দেয়ার জন্য। কারণ অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরান নিজেকে পুনর্গঠন করতে দেখলে আমার ভালো লাগবে”।

    তিনি একইসঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় হামলার অভিযানে থাকা আমেরিকান পাইলটের প্রশংসা করেছেন।

    ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্রটি আর ‘মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ’ থাকবে না, “তারা দারুণ সম্ভাবনাময়। তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ আছে”।

  11. জি এম কাদেরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জাপার অব্যাহতি পাওয়া তিন নেতার

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সিদ্ধান্ত প্রত্যখ্যান করেছেন দল থেকে অব্যাহতি পাওয়া তিন নেতা- আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু।

    আজ এক সংবাদ সম্মেলনে তারা মি. কাদেরের বিরুদ্ধে বেআইনিভাবে তাদের অব্যাহতি দেয়ার অভিযোগ করেছেন।

    “জি এম কাদের যেভাবে সভা ডেকেছেন সেটি তিনি ডাকতে পারেন না। গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই ওই সভায় আমাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি আমরা মানি না। আমরা আমাদের পদে বহাল আছিউ আমাদের মহাসচিব মুজিবুল হক চুন্নু বহাল রয়েছেন,” সংবাদ সম্মেলনে বলেছেন মি. মাহমুদ।

    দলের অব্যাহতিপ্রাপ্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, তারা জাতীয় পার্টিকে ভাঙতে দেবেন না এবং তারা দল ছাড়বেন না।

    সোমবার জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান।

    জাতীয় পার্টির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ সিদ্ধান্তটি জানানো হয়েছিলো।

    এতে জানানো হয়, গত ২৮শে জুন দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিনজন নেতাকে দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এমন অবস্থায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ওই তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো।

  12. সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকদের ১২ ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করলো সরকার

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

    সাবেক সচিবসহ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত বিচারকদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

    মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে এসব ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

    যাদের ফ্ল্যাট বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তারা হলেন- সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম , সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক।

  13. চীনে স্কুলের খাবার খেয়ে ২৩৩ শিশু হাসপাতালে

    স্কুল থেকে অভিভাবকদের কাছে পাঠানো খাবারের ছবি
    ছবির ক্যাপশান, স্কুল থেকে অভিভাবকদের কাছে পাঠানো খাবারের ছবি

    চীনে দুশোর বেশি স্কুল শিক্ষার্থী ‘খাবারযোগ্য নয় এমন রং’ ব্যবহার করে তৈরি খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেন থেকে নেয়া খাবারের নমুনা পরীক্ষায় জাতীয় নিরাপত্তা সীমার চেয়ে ২ হাজার গুণ বেশি সীসার মাত্রা পাওয়া যাওয়ার পর আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সব মিলিয়ে ২৩৩টি শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা পাওয়া গেছে।

    পুলিশ জানিয়েছে, স্কুলটির অধ্যক্ষ কিচেন স্টাফদের অনলাইন থেকে রং কিনতে বলেছিলেন। কিন্তু শিশুরা অসুস্থ হয়ে পড়ার পর লুকিয়ে রাখা রং খুঁজে পেতে তল্লাশি চালাতে হয়েছিলো।

    পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ওই রংয়ের ওপর পরিষ্কার করে লেখা ছিলো “খাওয়ার উপযোগী নয়”।

    একজন অভিভাবক বিবিসিকে বলেছেন, তার পুত্রের লিভার ও হজম প্রক্রিয়ার ওপর এটি দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলে তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

    আরেকজন অভিভাবক সতর্ক করার পর গত সপ্তাহে লিও নামে একজন অভিভাবক তার সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।

    তার ছেলের এখন দশ দিন চিকিৎসা নিতে হবে।

    চীনের রাষ্ট্রায়ত্ত্ব মিডিয়া স্কুলের রান্নাঘরের সিসিটিভি ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে দেখা যাচ্ছে কর্মীরা খাবারে রঙ্গিন পদার্থ মাখাচ্ছেন।

    অধ্যক্ষ ও আরও সাতজন ওই প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলটি চালাচ্ছিলেন। বিষাক্ত ও ক্ষতিকর খাবার দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

    কতদিন ধরে স্কুলটিতে খাবারে এগুলো মেশানো হচ্ছিলো তা এখনো পরিস্কার নয়। তবে অভিভাবকরা কেউ কেউ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছে যে, গত মার্চ থেকেই তাদের সন্তানরা পাকস্থলী ও পায়ে ব্যথার এবং ক্ষুধামন্দার কথা বলছিলো।

  14. প্রথমবারের মতো অনুমোদন পেলো শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ

    শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেয়া হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেয়া হয়েছে

    শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশুগুলোতে এর প্রয়োগ শুরু হবে।

    ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ওষুধ এখনো বাজারে আছে। কিন্তু একেবারেই ছোটো শিশুদের (যাদের ওজন সাড়ে চার কেজির কম) সুনির্দিষ্ট কোনো ওষুধ এতোদিন ছিল না।

    এতদিন এসব শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বড় বাচ্চাদের জন্য থাকা ওষুধই প্রয়োগ হয়ে আসছিলো, যা খুব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির বিষয় বলে বিশেষজ্ঞরা মত দিয়ে আসছিলেন।

    এখন ওষুধ কোম্পানি নোভার্টিসের নতুন একটি ওষুধকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ‘মুনাফার জন্য নয়’ নীতির ভিত্তিতে এটি উৎপাদন করবে।

    “ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিন দশকের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেছি আমরা। আমাদের অংশীদারদের সাথে নিয়ে নবজাতক ও অল্প বয়সী বাচ্চাদের জন্য প্রথমবারের মতো ক্লিনিক্যালী প্রমাণিত ওষুধ উদ্ভাবন করতে পেরে আমরা গর্বিত,” বলছিলেন কোম্পানিটির প্রধান নির্বাহী ভাস নারাসিমহান।

    ম্যালেরিয়ার কারণে ২০২৩ সালে ৫ লাখ ৯৭ হাজার মানুষের মৃত্যু হয়। এর বেশিরভাগই ছিল আফ্রিকায় এবং এর মধ্যে তিন চতুথাংশই ছিল পাঁচ বছরের কম বয়সি শিশু।

    নোভার্টিস যে ওষুধ তৈরি করেছে সেটিতে সহযোগিতা করেছে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেনচার (এমএমভি)।

  15. বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক

    যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা

    যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আগামীকাল ৯ই জুলাই ওয়াশিংটনে বৈঠকে বসছেন দুই দেশটির কর্মকর্তারা।

    বাংলাদেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও এ প্রতিনিধি দলে থাকবেন।

    “ঢাকা ওয়াশিংটনের সাথে একটি বাণিজ্য চুক্তির দিকে তাকিয়ে আছে, যেটি আমরা আশা করি উভয় দেশের জন্যই উইন-উইন (সমান লাভজনক) হবে,” প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন।

    তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই বাংলাদেশ প্রতিনিধি দল সেখানকার কর্মকর্তাদের সাথে কয়েক দফা বৈঠক করেছে।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের পহেলা অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

    এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেওয়া হয়, তার অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।

  16. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

    হাইকোর্ট

    ছবির উৎস, MUNIRUZ ZAMAN

    ছবির ক্যাপশান, হাইকোর্ট, ফাইল ছবি

    তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

    আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩৯ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়েছে।

    গত বছরের ডিসেম্বরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, প্রতিস্থাপন ও পরিমার্জন আনা হয়েছিল।

    ঘোষিত রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বরং বাকি বিধানগুলোর বিষয়ে আগামী জাতীয় সংসদের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে আদালত।

    জাতীয় সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে।

    ২০১১ সালের ৩০শে জুন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। ২০১১ সালের তেসরা জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

    ওই গেজেট চ্যালেঞ্জ করে গত বছর সুশাসনের জন্য নাগরিক নামে একটি সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন রিট করেন হাইকোর্টে। পরে ওই রিটে রুল দেয় হাইকোর্ট।

    পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেয়া হয়। যেটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ।

  17. ঢাকা, চট্টগ্রামসহ চার বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

    বৃষ্টি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঢাকা, চট্টগ্রামসহ চার বিভাগে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

    দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

    সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

  18. নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন নেতানিয়াহু

    বৈঠক

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করলেন নেতানিয়াহু

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন।

    ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন।

    “আমরা যখন কথা বলছি, তখন তিনি একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন ” পুরস্কার কমিটির বৈঠকে ট্রাম্পকে সম্বোধন করে চিঠি দেয়ার সময় এ কথা বলেন তিনি।

    এর আগে অবশ্য পাকিস্তানও নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল।

    প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ওয়াশিংটন ডিসিতে স্বাগত জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন গাজা যুদ্ধের অবসান ঘটাতে “খুব ভালো আলোচনা চলছে।”

    হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, হামাস ২১ মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে প্রস্তুত।

    “তারা দেখা করতে চায় এবং যুদ্ধবিরতি চায়” বলেন ট্রাম্প।

    কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অমীমাংসিত থাকার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এই আলোচনা এই সপ্তাহেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

    সোমবার যখন একজন সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন গাজা শান্তি চুক্তি আটকে আছে কেন? তখন তিনি বলেছিলেন, “আমি মনে করি না কোনও বাধা আছে, সবকিছু সত্যিই ঠিকঠাক চলছে।”

    এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যত দেওয়ার জন্য আমেরিকার সাথে কাজ করছেন তিনি।

  19. পুতিনের বরখাস্তকৃত পরিবহন মন্ত্রীর মরদেহ পাওয়া গেছে

    রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান সাতভারভ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, পুতিনের বরখাস্তকৃত পরিবহন মন্ত্রীর মরদেহ পাওয়া গেছে

    রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান সাতভারভকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। তিনি নিজেকে নিজেই গুলি করেছেন বলে মনে করছে কমিটি।

    সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ওই পদ থেকে বরখাস্ত করেন। এর কয়েক ঘণ্টা পরে তার মরদেহ পাওয়া যায়।

    তবে তাকে বরখাস্তের কোন কারণ জানানো হয়নি। এর কিছুক্ষণ পরই উপ-পরিবহনমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে তার উত্তরসূরি হিসেবে নিযুক্ত করা হয়।

    ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

    ২০২৪ সালের মে মাসে সাতভারভ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান। এর আগে নয় বছর কুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরিবহন মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মে মাসেই গভর্নরের পদ ছেড়ে দেন।

    সোমবার সাতভারভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বরখাস্তের অর্থ কি? পুতিন কি তার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন?

    পেসকভ জবাব দিয়েছিলেন, “বিশ্বাস হারানোর কথা তখনই বলা হয় যখন সত্যিকার অর্থে বিশ্বাস হারানো হয়। ক্রেমলিনের বিবৃতিতে এমন কোনও বাক্যাংশ ব্যবহার করা হয়নি।”

  20. টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪, এখনও নিখোঁজ অনেকেই

    ক্ষতিগ্রস্ত এলাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪, এখনও নিখোঁজ অনেকেই

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে ১০৪ জন, নিখোঁজ রয়েছে ৪১ জন।

    এই স্টেটে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারের বন্যায় ক্যারি কাউন্টেতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। আনুমানিক ৭৫ জন মারা গেছে সেখানে।

    সেখানে মিস্টিক নামে মেয়েদের একটি সামার ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে শিক্ষার্থী এবং কর্মীসহ ২৭ জন নিহত হয়েছিল। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জন মেয়ে এবং ক্যাম্প কাউন্সিলর এখনও নিখোঁজ।

    অন্যান্য ক্ষতিগ্রস্ত কাউন্টিগুলোর মধ্যে রয়েছে ট্র্যাভিস, বার্নেট, উইলিয়ামসন, কিন্ডল এবং টম গ্রিন কাউন্টি।

    ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এবং অনুসন্ধান এখনো চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখনও অনেক মরদেহ শনাক্ত করা যায়নি।

    এদিকে, জাতীয় আবহাওয়া সতর্কতা জারিকারী এনডব্লিউএস এর বাজেট কমানো দূর্যোগ ত্রাণকে বাধাগ্রস্ত করতে পারে এমন সম্ভাবনা হোয়াইট হাউজ প্রত্যাখ্যান করেছে।

    তীব্র আবহাওয়া উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলতে পারে। একইসাথে কাদা ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় উদ্ধারকারী দলগুলো বিষাক্ত সাপের মুখোমুখি হতে পারে।

    রোববার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করবে।