প্রধান উপদেষ্টার সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সেনাপ্রধানের, জয়কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস সোহেল তাজের

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সজীব ওয়াজেদ জয়কে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পেইজে...

সার সংক্ষেপ

  • বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
  • এ বছর হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
  • গত রাতে কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
  • সাকিবের দেশে ফেরা এবং যাওয়ার ক্ষেত্রে কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
  • হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষদিনে আজ পালন হচ্ছে বিজয়া দশমী।
  • নিরাপদ প্রজনন ও মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে আজ থেকে আগামী ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

    দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    ২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, "আমরা কারো ওপর জুলুম অবিচার চাই না। আওয়ামী লীগ দীর্ঘদিন যে সমস্ত আইন-কালাকানুন তৈরি করেছিল তাই দিয়েই তাদের বিচার হবে।"

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে এখনও পর্যন্ত সর্বমোট এক কোটি ৭১ লাখ ৪২ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

    কুতুবদিয়া এ্যাংকরেজ এলাকায় অবস্থানরত এমটি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ ও বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে লাইটারেজ জাহাজের ভয়াবহ আগুন। এর আগে ওই জাহাজে থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

    সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং যাওয়ার ক্ষেত্রে কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনার হুকুমদাতাদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী ছিল আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হলো শারদীয় দুর্গা উৎসব।

    অন্যান্য খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  2. জুলাইয়ের গণহত্যার 'হুকুমদাতা'দের ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে, ঘোষণা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনার 'হুকুমদাতা'দের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    রোববার রাজধানীর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলেন, "মূলত যাদের নির্দেশে ও যাদের কারণে এই গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, টপ কমান্ডারস, তাদের আমরা অগ্রাধিকার তালিকায় আগে নিয়ে এসেছি।”

    "আইন অনুযায়ী বাংলাদেশের কোনও সাধারণ অপরাধী বিশ্বের যে কোন প্রান্তে থাকলে ইন্টারপোলের সাথে যে এগ্রিমেন্ট আছে, ইন্টারপোলের সিস্টেমের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা সেটার কারণে বাংলাদেশ ইন্টারপোলে রেড নোটিশ পাঠাতে পারে। রেড নোটিশ পাঠানোর মাধ্যমে আমরা অনেককেই ফেরত আনতে পারব”, বলেন মি. ইসলাম।

  3. মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় মোট ১১জন গ্রেফতার

    রাজধানীর মোহাম্মদপুরে শনিবার রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিন ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

    ছবির উৎস, DMP MEDIA CELL

    ছবির ক্যাপশান, গোয়েন্দা পুলিশ বলছে, রাজধানীর মোহাম্মদপুরে শনিবার রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় 'সরাসরি জড়িত' তিনজন ডাকাতকে তারা গ্রেফতার করেছে

    রাজধানীর মোহাম্মদপুরে শুক্রবার রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় মোট এগারোজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ও পুলিশ। এর মধ্যে র‍্যাবের হাতে ৮জন ও পুলিশ আলাদাভাবে আরও ৩জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।

    র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিবিসি বাংলাকে জানান, "আমরা আটজনকে গ্রেফতার করেছি। এর মধ্যে বেসামরিক ব্যক্তি আছেন তিনজন। বিভিন্ন বাহিনীর আছেন পাঁচজন। এখনো অভিযান অব্যাহত রয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।"

    ডাকাতির সময় যে মাইক্রোবাস ব্যবহার করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে বলে জানান মি. ফেরদৌস। এছাড়া সাত লক্ষ টাকা এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

    এদিকে ডিএমপি জানিয়েছে, ডাকাতির ঘটনার সাথে 'সরাসরি জড়িত' তিন ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    গ্রেফতারকৃতরা হল শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) এবং মো: মাসুদুর রহমান (৪৭)।

    ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং দুটি আইফোন উদ্ধার করা হয়েছে।

    ডাকাতির ঘটনায় ইতোমধ্যেই মোহাম্মদপুর থানায় একটি ডাকাতির মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

    এর আগে শুক্রবার রাতে ওই ডাকাতির ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ডাকাত দলটি সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি বাড়িতে প্রবেশের পর সেখান থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

  4. আহতদের প্রায় পৌনে ২ কোটি টাকার সহায়তা, জানাল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে এখনও পর্যন্ত সর্বমোট এক কোটি ৭১ লাখ ৪২ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

    রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৩০জন আহতের কাছে সহায়তা চেক হস্তান্তরকালে এসব তথ্য জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

    এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।

    চেক বিতরণের পাশাপাশি উপদেষ্টারা চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন।

    তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পরে সাংবাদিকদের জানান, “চিকিৎসাধীন সবাই বিনামূল্যে সেবা পাচ্ছেন। অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে ঢাকা মেডিকেলে আসছেন। সেইখানে তাদের টাকা পয়সা খরচ হয়েছে। খরচের ওই ডকুমেন্ট আমরা তাদেরকে রাখতে বলেছি এবং আমরা এই ডকুমেন্টগুলো নিচ্ছি। আমরা তাদের বিল পরিশোধ করে দেব।”

    ঢাকার পর ঢাকার বাইরে আর্থিক অনুদান দেওয়ার কাজ শুরু হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

  5. প্রধান উপদেষ্টার সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সেনাপ্রধানের

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

    এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  6. ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু

    চাপ সামলাতে ওয়ার্ডের বাইরেও ডেঙ্গু রোগীর জন্য শয্যার ব্যবস্থা করা হয়েছে মুগদা হাসপাতালে
    ছবির ক্যাপশান, চাপ সামলাতে ওয়ার্ডের বাইরেও ডেঙ্গু রোগীদের জন্য শয্যার ব্যবস্থা করা হয়েছে মুগদা হাসপাতালে

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৬৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৪৭০ জন।

    এর মধ্যে ৬৩.৩ শতাংশ পুরুষ এবং ৩৬.৭ শতাংশ নারী রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যুসহ এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ২১৪ জন।

  7. কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

    সুফিয়া

    ছবির উৎস, AZIM NIHAD

    কুতুবদিয়া এ্যাংকরেজ এলাকায় অবস্থানরত এমটি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ ও বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

    নয় সদস্যের এ কমিটির প্রধান করা হয়েছে বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

    নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে বলে এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন।

    তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকান্ডের কারণ উদঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজ সমূহের নাবিকদের আন্তর্জাতিক মানদন্ড, পরিবাহিত এলপিজির পরিবহন ও উপযুক্ততা নিরূপণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

    একইসাথে অগ্নি দুর্ঘটনার ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নিরুপন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    উল্লেখ্য, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।

    তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    নৌ-পরিবহন উপদেষ্টা উক্ত ঘটনাসহ সাম্প্রতিক সময়ে জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    একইসাথে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জাহাজগুলোর বাড়তি নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন।

  8. সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুক স্ট্যাটাস সোহেল তাজের, 'জয়ই আসল মাস্টারমাইন্ড, এটা শুনলেও অবাক হব না'

    সজীব ওয়াজেদ জয় মাস্টারমাইন্ড শোনা গেলে আশ্চর্য হবার কিছুই থাকবে না বলে লিখেছেন সোহেল তাজ

    ছবির উৎস, SOHEL TAJ/FACEBOOK

    ছবির ক্যাপশান, সজীব ওয়াজেদ জয় মাস্টারমাইন্ড শোনা গেলে আশ্চর্য হবার কিছুই থাকবে না বলে লিখেছেন সোহেল তাজ

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দু'মাসের বেশি কেটে গেলেও এই অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ কে, তা নিয়ে এখনও চলছে তুমুল আলোচনা।

    এই মাস্টারমাইন্ড ইস্যুতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলেকে জড়িয়ে তার দেওয়া এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

    তিনি লিখেছেন, “আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র-জনতার অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনও দলের নয়।”

    সজীব ওয়াজেদ জয়কে নিশানা করে মি. তাজ লিখেছেন, “আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ ... আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়- আমাদের সবার নিশ্চয়ই মনে আছে বেচারা প্রিন্স চার্লস এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।”

  9. 'সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে' কাজ করার আহ্বান প্রধান বিচারপতির

    শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পুজামণ্ডপসহ কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

    ছবির উৎস, BANGLADESH SUPREME COURT

    ছবির ক্যাপশান, শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ, কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতাল-সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

    সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    রোববার টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান প্রধান বিচারপতি।

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পুজামণ্ডপ, কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভারতেশ্বরী হোমস-সহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

    এর একদিন পর আজ রোববার সেখানে শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

    শুভেচ্ছা বার্তায় প্রধান বিচারপতি বলেন, “আবহমান কাল থেকে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে শারদোৎসব উদযাপনের সংস্কৃতি আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, বহুত্ববাদ, সহিষ্ণুতা ও একত্রে পথচলার শিক্ষা দেয়।”

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদাহরণ একদিকে যেমন আমাদেরকে ন্যায় বিচার ও মানবিক মর্যাদার জন্য লড়াই করতে শেখায়, তেমনিভাবে আমাদের সামাজিক দায়িত্ববোধ, তথা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকারের সুরক্ষায় আমাদের যে প্রতিশ্রুতি, তাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।”

    শুভেচ্ছাবার্তায় প্রধান বিচারপতি আরও বলেন, “সমাজে বিরাজমান অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সকলকে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে এসে একত্রে কাজ করতে হবে।”

  10. বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    ছবির উৎস, BANGLADESH METEOROLOGICAL DEPARTMENT

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।

    রোববার ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    ওই পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চল ব্যতীত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকে চলে যেতে পারে।

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

    রোববার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এ পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া-সহ বা বজ্র-সহ বৃষ্টি হতে পারে।

    সেই সাথে দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ-সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    তা ছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

    সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া-সহ বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ-সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    পরবর্তী পাঁচদিন বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

  11. বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

    ০কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজ গ্রেফতার

    ছবির উৎস, DMP MEDIA CELL

    ছবির ক্যাপশান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ আশরাফুল ইসলাম হত্যা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২শে সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা হয়।

    মামলার এজাহারে বলা হয়, গত চৌঠা অগাস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন।

    মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে।

    এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোঁড়া গুলিতে মোঃ আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে।

    গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

  12. সাকিবের দেশে ফেরা নিয়ে আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

    সাকিব আল হাসান

    ছবির উৎস, Getty Images

    দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন আর উদ্বেগ তৈরি হয়েছে - তা 'আপাতত প্রশমন' করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    সাকিব আল হাসান দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলে এ ফরম্যাটকে বিদায় দিতে চেয়ে সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে এক পোষ্টে দিয়েছিলেন।

    সাকিবের দেশে ফেরা এবং যাওয়ার ক্ষেত্রে কোন আইনী বাধা নেই জানিয়ে রোববার মি. ভুঁইয়া বলেছেন, “কোন আইনি সমস্যা এখন পর্যন্ত নেই এমনটাই দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতোই চলে। সেটা আমি বলতে পারবো না। এরই মধ্যে আইন উপদেষ্টা বলেছেন।”

    দুপুরে বিসিবি পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকের জন্যই তো নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট টিমের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করবো।”

    “আমি মনে করি ইমোশনের জায়গা তো অবশ্যই আছে। যেহেতু একটা বড় মুভমেন্ট হয়েছে, সাকিব আল হাসানের আগের ফ্যাসিবাদী সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল, যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন পোস্টে। তারপরেও কিছু ইমোশনস রয়ে গেছে” বলেন ক্রীড়া উপদেষ্টা।

    বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল মন্তব্য করে মি. ভুঁইয়া বলেন, “আমরা ওই ধরনের কোন সিচুয়েশনের দিকে আসলে অত বেশি যাইনি। যেটা যাওয়ার আসলে কথা ছিল এবং এক্সপেক্টও করতেছিল সবাই যে খুব বাজে সিচুয়েশন হয়তো হইতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ আইনের প্রতি যথেষ্ঠ শ্রদ্ধাশীল এবং এই অবস্থানটা তারা রাখবে,” বলে মন্তব্য করেন মি. ভুঁইয়া।

    বাইরের দেশগুলো খেলতে এসে যাতে নিরাপদ বোধ করে সেজন্য পরিবেশ ভালো রাখতে হবে বলেও মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা।

  13. দেশকে এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    ছবির উৎস, Bangladesh Sangbad Sangstha

    দেশকে এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীর বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়ের আগে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে ।

    তিনি বলেন, “সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। আমরা সবাই বাংলাদেশি। এখানে সবাই একই সূত্রে গাঁথা। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সবাই এক এবং অভিন্ন সত্ত্বা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে”।

    পরোপকারের মহান ব্রত নিয়েই দেশের এ সংকটকালে সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

    তিনি বলেন, "বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক আস্থা ও বিশ্বাস আর সহযোগিতার কোনো বিকল্প নেই।"

    ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "বাংলাদেশের সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন করবে- এটাই সকলের প্রত্যাশা।"

    হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের রাষ্ট্রপতি বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে।"

    মো. সাহাবুদ্দিন বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তোলাই হোক এবারের বিজয়ার অঙ্গীকার।

  14. আওয়ামী লীগের সময়ে হওয়া হত্যাকাণ্ডের বিচার দাবি জামায়াত আমীরের

    জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

    ছবির উৎস, BANGLADESH JAMAT E ISLAMI/FACEBOOK

    ছবির ক্যাপশান, সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

    ২০০৬ সালের ২৮শে অক্টোবর থেকে ২০২৪ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    তিনি বলেছেন, "আমরা কারো ওপর জুলুম অবিচার চাই না। আওয়ামী লীগ দীর্ঘদিন যে সমস্ত আইন-কালাকানুন তৈরি করেছিল তাই দিয়েই তাদের বিচার হবে।"

    জামায়াত আমীর ডা. রহমান বলেন, "আওয়ামী লীগ বলতো আইন সকলের জন্য সমান, আর বিচার বিভাগ স্বাধীন। সেই সমান আইনে সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে।"

    রোববার সকালে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির বার্ষিক সদস্য বা রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    জামায়াতে ইসলামী কোনও প্রতিশোধ নেবে না - জানিয়ে দলটির প্রধান দাবি করেছেন, “পাঁচই অগাস্ট বিপ্লবের পর জামায়াত কর্মীরা চাঁদাবাজি কিংবা দখল করেনি, বরং মানুষের পাশে দাঁড়িয়েছে।"

    বৈষম্যহীন দেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলটির শীর্ষ নেতা।

  15. মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় ছয়জন আটক

    শুক্রবার রাতে ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পড়ে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে পুলিশ।

    রোববার ঢাকা মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।

    এর আগে শুক্রবার রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে।

    ওই ডাকাতির ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ডাকাত দলটি সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি বাড়িতে প্রবেশের পর সেখান থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

    এ ঘটনায় ফ্লাটের মালিক আবু বকর বাদী হয়ে শনিবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

    পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে বলে রোববার গণমাধ্যমকে জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

    ডিএমপি জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    তবে, আটককৃতদের পরিচয় এখনো জানায় নি পুলিশ।

  16. কুতুবদিয়ায় এলপিজি জাহাজের ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    এলপিজি বহনকারী জাহাজ সুফিয়ায় আগুন লাগে শনিবার রাত পৌনে একটার দিকে

    ছবির উৎস, AZIM NIHAD

    কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজের ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

    এর আগে ওই জাহাজে থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

    কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    শনিবার রাত পৌনে একটার দিকে এলপিজি বহনকারী জাহাজ 'সুফিয়া' কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল।

    হঠাৎ মধ্যরাতে জাহাজটিতে আগুন লেগে যায়।

    কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ উদ্ধারকাজ শুরু করে।

    আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে সাগরে লাফ দেন। পরে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানা গেছে।

    তবে জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং তাতে কী পরিমাণ এলপিজি ছিল তা এখনো জানা যায়নি।

    এছাড়া জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তাও নিশ্চিত করে বলতে পারেনি নৌবাহিনী ও কোস্ট গার্ড।

  17. হজে যেতে আগামী ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে

    প্রতিবছর মুসলিম বিশ্বের লাখ লাখ মানুষ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যান

    ছবির উৎস, Getty Images

    আগামী বছর হজে যেতে ২৩শে অক্টোবরের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

    রোববার মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।

    এতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে।

    তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে 'আগে আসলে আগে পাবেন' নীতি অনুসরণ করা হয়ে থাকে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩শে অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে মিনা ও আরাফায় কাঙ্খিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।

    তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানীর সাথে চুক্তি সম্পাদনে দেরি হলে হজযাত্রীদের জামারাহ হতে অনেক দূরে পাহাড়ী এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে।

    ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।

    সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

  18. তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে শের-ই-বাংলা মেডিকেল কলেজের আগুন

    বরিশাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের স্টোর রুম থেকে আগুন লাগে সকালে

    ছবির উৎস, SABBIR OVI

    প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক‌েল ক‌লেজ হাসপাতা‌লের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    তবে হাসপাতালের ভেতর থেকে এখন ধোঁয়া দেখা যাচ্ছে।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর সাতটি ইউনিট।

    ত‌বে এই ঘটনায় কেউ হতাহত হ‌য়ে‌ছে কিনা, সে‌টি নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি কর্তৃপক্ষ।

    বরিশাল থেকে স্থানীয় বাসিন্দা সাব্বির অভি বিবিসি বাংলাকে জানান, সকাল সাড়ে আটটার দিকে হাসপাতা‌লের ব‌র্ধিত নতুন মে‌ডি‌সিন ভব‌নের নিচ তলায় আগু‌নের সূত্রপাত ঘ‌টে।

    নিচতলার স্টোররু‌মে থেকেই আগুনের সূত্রপাত, পরে যা মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

    খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস কর্মীরা ঘটনাস্থ‌লে এসে আগুন নিয়ন্ত্রণে আন‌তে পার‌লেও হাসপাতাল জুড়ে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

    ফায়ার সা‌র্ভি‌সের উদ্ধার কর্মীরা হাসপাতাল ভব‌নের ওপর তলায় থাকা রোগী‌দের উদ্ধার ক‌রে মূল ভব‌নে স্থানান্তর ক‌রে।

    হাসপাতা‌ল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, প‌রি‌স্থি‌তি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে আহত বা হতাহতের সংখ্যা জানা যাবে।

    বরিশাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের স্টোর রুম থেকে আগুন লাগে সকালে

    ছবির উৎস, SABBIR OVI

    ছবির ক্যাপশান, বরিশাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের স্টোর রুম থেকে আগুন লাগে সকালে
  19. প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

    গত বুধবার মহাষষ্ঠী থেকে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

    ছবির উৎস, Getty Images

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব।

    বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, বিসর্জনের উদ্দেশ্যে ঢাকার ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকাল চারটায়।

    এর আগে ঢাকার ২৫২টি পূজামণ্ডপের অধিকাংশ এসে জমা হবে পলাশী মোড়ে।

    সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা।

    এর পর সদরঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

    মণ্ডপে-মণ্ডপে এখন বাজছে বিদায়ের ঘণ্টা। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

    গত বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

    এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে দোলায়।

    হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা।

    তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

  20. ১১ ঘণ্টা ধরে আগুন জ্বলছে জাহাজে, ৩২ জনকে জীবিত উদ্ধার

    এলপিজি বহনকারী জাহাজ সুফিয়ায় আগুন

    ছবির উৎস, Azim Nihad

    ছবির ক্যাপশান, এলপিজি বহনকারী জাহাজ সুফিয়ায় আগুন লাগে শনিবার রাত পৌনে একটার দিকে

    কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১১ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি।

    এ সময় ওই জাহাজে থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

    শনিবার রাত পৌনে একটার দিকে এলপিজি বহনকারী জাহাজ 'সুফিয়া' কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল।

    হঠাৎ মধ্যরাতে জাহাজটিতে আগুন লেগে যায়।

    কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ উদ্ধারকাজ শুরু করে।

    আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে সাগরে লাফ দেন। পরে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানা গেছে।

    তবে, কীভাবে ওই জাহাজে আগুন লাগল বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত হতে পারে, সে বিষয়ে কোনও ধারণা দিতে পারেননি কর্মকর্তাদের কেউ।

    কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি দুপুর পৌনে ১২টার দিকে বিবিসিকে জানান, “দুপুর পৌনে ১২ টা পর্যন্ত আগুনের ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব হলেও, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাহাজটির ভিতরে এখনো আগুন জ্বলছে।”

    তবে জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং তাতে কী পরিমাণ এলপিজি ছিল তা এখনো জানা যায়নি।

    এছাড়া জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তাও নিশ্চিত করে বলতে পারেনি নৌবাহিনী ও কোস্ট গার্ড।