আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

হাদির ওপর গুলির ঘটনা নিয়ে সিইসি'র বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন

শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার সমালোচনার মুখে পড়ায়, বিষয়টি নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে, মাথায় গুলিবিদ্ধ হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিরাপত্তায় তাদের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান এবং দেহরক্ষী নিয়োগে নীতিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার।
    • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। এর আগে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মি. আলমগীরকে বিকেলে আদালতে তোলা হয়। এর আগে, সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়। এর প্রেক্ষিতে পরে সন্ত্রাসবিরোধী আইন তাদের বিরুদ্ধে মামলা হয়।
    • রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে যেভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি করা হয়েছে, সে ধরনের কোনো কাজ তিনি করেননি বলে দাবি করেছেন। "আমি শুনেছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। এখন সন্ত্রাস জিনিসটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার। কাজেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু করেছি বলে আমি মনে করি না এবং আমি নিশ্চিত, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু আমি করিনি," মামলার বিষয়টি জানতে পারার পর সোমবার বিকেলে বিবিসি বাংলাকে বলেন মিজ শাওন।
    • বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
    • বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে 'দেশি-বিদেশি অপশক্তি' অতীতের মতো এখনও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে।
    • হাদির ওপর গুলির ঘটনা নিয়ে সিইসি'র বক্তব্য ঘিরে সমালোচনা হওয়ায় সেটির ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বোঝাতে চেয়েছেন যে, হামলার ওই ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে।
    • বাংলাদেশে অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধে 'ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার' (এনইআইআর) কার্যক্রম শুরুর তারিখ ১৫ দিন পিছিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী পহেলা জানুয়ারি থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
    • ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী, হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
    • ভোলার চরফ্যাশনে স্থানীয় বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ডজনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদেরকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
    • আসন্ন সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে দেশের সকল রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল ১৮ই ডিসেম্বরের চূড়ান্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. হাদির ওপর গুলি নিয়ে সিইসি'র বক্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার সমালোচনার মুখে পড়ায়, বিষয়টি নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন।

    সেখানে বলা হয়েছে, মি. হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বোঝাতে চেয়েছেন যে, হামলার ওই ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।

    এই ব্যাখ্যার মধ্য দিয়ে সিইসি'র বক্তব্য নিয়ে 'ভুল বোঝাবুঝির অবসান' ঘটবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

    সোমবার রাতে এক বিবৃতি একথা জানিয়েছে নির্বাচন কমিশন।

    এর আগে, ঢাকায় এক অনুষ্ঠানে হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে।

    "আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা সব সময়ই ছিল," বলেন মি. উদ্দিন।

    সিইসি'র এমন বক্তব্যের পর সেটার সমালোচনা করে ব্যাখ্যা দাবি করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

  3. মোবাইল ফোন নিবন্ধন শুরুর তারিখ ১৫ দিন পেছালো বিটিআরসি

    বাংলাদেশে অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধে 'ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার' (এনইআইআর) কার্যক্রম শুরুর তারিখ ১৫ দিন পিছিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    আগামী পহেলা জানুয়ারি থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    সোমবার এক বিবৃতিতে এনইআইআর চালুর নতুন তারিখ জানিয়েছে বিটিআরসি।

    এর আগে চলতি বছরের ১৬ই ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

    এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

  4. ভোলায় বিএনপির সঙ্গে জামায়াতের দফায় দফায় সংঘর্ষ

    ভোলার চরফ্যাশনে স্থানীয় বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

    এ ঘটনায় উভয় পক্ষের ডজনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদেরকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

    সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলার চকবাজার এলাকায় সংঘর্ষে শুরু হয় বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা।

    নির্বাচনী প্রতারণা চালানোর সময় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মীর মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

    সংঘর্ষ আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার সময় দু'পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়।

    পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  5. ভোট কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিল নির্বাচন কমিশন

    আসন্ন সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে দেশের সকল রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার ইসি সচিবালয়ের উপ সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল ১৮ই ডিসেম্বরের চূড়ান্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    "ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তার সংকুলান না হলে পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা (স্ব স্ব জেলাধীন) থেকে উক্তরূপ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো," চিঠিতে বলা হয়েছে।

  6. হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছেছে

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে।

    সোমবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে।

    সেখান থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করার কথা রয়েছে।

    এর আগে, দুপুরে মি. হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

  7. প্রার্থীদের নিরাপত্তায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিরাপত্তায় তাদের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং দেহরক্ষী নিয়োগে নীতিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    এর ফলে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা নিরাপত্তা ঝুঁকির কারণে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে পারবেন।

    এক্ষেত্রে যাচাই-বাছাইয়ে সব শর্তপূরণ হলে তাকে অস্ত্র ও দেহরক্ষী রাখার অনুমতি দিবে সরকার।

    তবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মেয়াদ থাকবে নির্বাচনের ফলাফল ঘোষণার তারিখ হতে পরবর্তী ১৫ দিন।

    এরপরে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

    সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

    এমন একটি সময়ে এমন নীতিমালা প্রকাশ করা হলো, যার কয়েকদিন আগে ঢাকা ও চট্টগ্রামে দু'জন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

    তাদের মধ্যে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

    "জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের লক্ষ্যে সরকার এ নীতিমালা প্রণয়ন ও জারি করেছে," প্রজ্ঞাপনে বলা হয়েছে।

  8. হাদির ওপর গুলির ঘটনা নিয়ে সিইসির মন্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতের আমির

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে যে বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, সেটির সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    সেই সঙ্গে ওই বক্তব্য নিয়ে সিইসি'র ব্যাখ্যাও দাবি করেছেন তিনি।

    সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।

    "তার (শরিফ ওসমান হাদি) ওপরে এই বেদনাদায়ক কাপুরুষোচিত আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী, যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে।"

    "এমনই প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে, বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান, তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে," বলেন মি. রহমান।

    বক্তব্যের বিষয়ে সিইসির ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, "আমি তাকে (সিইসিকে) বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্যে যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি যে সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। এটা আপনাকেই প্রমাণ করতে হবে।"

  9. যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করল মার্কিন দূতাবাস

    বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

    সোমবার দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

    নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ সমাবেশও ‘সহিংসতায় রূপ নিতে পারে’–এমন আশঙ্কার কথা জানিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

    এতে বলা হয়েছে, বাংলাদেশের আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঘনঘন রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হতে পারে হতে পারে।

    "কাজেই যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, শান্তিপূর্ণ সমাবেশও বিরোধপূর্ণ হতে এবং সহিংসতায় রূপ নিতে পারে," বিবৃতিতে বলা হয়েছে।

    বাইরে বের হওয়ার ক্ষেত্রে নাগরিকদেরকে সতর্কতা হিসেবে স্থানীয় গণমাধ্যমের খবর দেখা এবং ভিড় ও বিক্ষোভপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

  10. পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

    সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

    সোমবার সন্ধ্যায় শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

    এর আগে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মি. আলমগীরকে বিকেলে আদালতে তোলা হয়।

    রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

    সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মুনিরুজ্জামান তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

  11. মুক্তিযুদ্ধ নিয়ে 'ষড়যন্ত্রকারীদের রং-রূপ-চেহারা হয়তো পাল্টেছে, চরিত্র পাল্টায়নি': তারেক রহমান

    বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে 'দেশি-বিদেশি অপশক্তি' অতীতের মতো এখনও সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বিজয় দিবসকে সামনে রেখে সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত দলীয় আলোচনা সভায় তিনি একথা বলেন।

    "একটি বিষয় আমাদের সবার স্মরণে রাখা দরকার, সতর্ক থাকা দরকার। সেটি হলো, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি তখনো যেমন সক্রিয় ছিল, এখনো সক্রিয়," বলেন মি. রহমান।

    "সময়ের সাথে সাথে ষড়যন্ত্রকারীদের রং-রূপ-চেহারা হয়তো পাল্টেছে, চরিত্র কিন্তু পাল্টায়নি," যোগ করেন তিনি।

    ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    "পতিত পলাতক একটি চক্র স্রেফ নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় ইতিহাসে পরিণত করার অপরিণামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র 'বিজয়ে'র নতুন ইতিহাস রচনার অপচেষ্টা করছে," বলেন তারেক রহমান।

  12. আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়: সিইসি নাসির উদ্দিন

    আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে।

    সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. উদ্দীন একথা বলেন।

    ''একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে,'' বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

    "আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা সব সময়ই ছিল," বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন।

    "আগে কি আহসানউল্লাহ মাস্টার খুন হন নাই? সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব খুন হন নাই? নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে," বলেন মি. উদ্দিন।

  13. 'তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?' মামলার প্রতিক্রিয়ায় অভিনেত্রী শাওন

    রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে যেভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি করা হয়েছে, সে ধরনের কোনো কাজ তিনি করেননি বলে দাবি করেছেন।

    "আমি শুনেছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। এখন সন্ত্রাস জিনিসটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার। কাজেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু করেছি বলে আমি মনে করি না এবং আমি নিশ্চিত, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার মতো কিছু আমি করিনি," মামলার বিষয়টি জানতে পারার পর সোমবার বিকেলে বিবিসি বাংলাকে বলেন মিজ শাওন।

    মামলাটিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে সাংবাদিক আনিস আলমগীর, মডেল মারিয়া কিশপট্ট ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকেও আসামি করা হয়েছে।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি' এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে 'কটুক্তি' করার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

    অভিযোগ অস্বীকার করে মিজ শাওন বলেন, "আমি আমার কিছু মতপ্রকাশ করেছি, যা কোনো দলের পক্ষে বা বিপক্ষে যায় না। আমি আজ পর্যন্ত কোনো দলের নাম বা নেতার নাম ব্যবহার করে কিছু লিখিনি; পক্ষে হোক, বিপক্ষে হোক।"

    "আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না। আমি দেশের একজন সাধারণ নাগরিক। সেই নাগরিকের জায়গা থেকে আমার যখন কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার যখন মনে হয়েছে, জিনিসটা ঘটা উচিৎ হয়নি, তখন আমি সেই মতামতটা প্রকাশ করেছি।"

    "সেই একাত্তর থেকে আমরা কি চেয়েছি? আমরা তো আসলে মতপ্রকাশ করতেই চেয়েছি। চব্বিশের জুলাইতেও যেই কথাটা বলা হয়েছিল, সেটা হলো- বাক-স্বাধীনতা। এখন একদম সিম্পল মতপ্রকাশেই যদি মামলা করতে হয়, আর মামলা করলেই যদি গ্রেফতারের ভয়টা থাকে, তাহলে সেই বাকস্বাধীনতাটা কোথায় গেল?," বলেন মিজ শাওন।

  14. দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: সাদিক কায়েম

    ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী, হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

    এছাড়া মি. হাদির ওপর হামলা "বিচ্ছিন্ন ঘটনা" বলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন যে মন্তব্য দিয়েছেন, সেটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মি. কায়েম।

    ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতার পাশাপাশি শিক্ষার্থীদের অন্য দু'টি দাবি হলো: ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে চিরুনি অভিযান শুরু করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনতিবিলম্বে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে ব্যবস্থা নেওয়া।

    "এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে," বলেন মি. কায়েম।

    এর আগে, ডাকসুর ভিপির নেতৃত্বে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা। কিন্ত পুলিশি বাধার মুখে এগোতে না পারায় তারা শিক্ষাভবনের সামনের সড়কে অবস্থান নেন।

    এরপর মি. কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।

    সেখানে তাদের দাবিগুলো শুনে সেগুলো পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

  15. ১৬ই ডিসেম্বর দুপুরে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

    ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন আয়োজিত প্যারাজাম্প অনুষ্ঠানে জন্য ঢাকার মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    সোমবার নিজেদের ফেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    "মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট হতে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে," বিবৃতিতে বলা হয়েছে।

    সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল।

  16. সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

    সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ।

    কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে সোমবার বিকাল তিনটার দিকে বিবিসি বাংলাকে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

    রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

    সেই অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় মি. আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ডিবি প্রধান।

    এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

  17. ডাকসু নেতাদের ডাকা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

    ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের ডাকা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

    সোমবার বেল ১২টার দিকে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দেয় শিক্ষার্থীরা।

    টিএসসি হয়ে মিছিলটি দোয়েল চত্বরে যাওয়ার পর প্রথম দফায় পুলিশি বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে গেলে হাইকোর্ট মাজার মোড়ে দ্বিতীয় দফায় পুলিশের বাধার মুখে পড়ে।

    একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষা ভবন এলাকায় পুলিশ তাদেরকে আটকে দিলে সড়কেই অবস্থান নেয় শিক্ষার্থীরা।

    পরে ডাকসুর ভিপি মি. কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।

  18. উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি

    মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

    সোমবার দুপুর সোয়া একটার দিকে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ঢাকার এভারকেয়ার হাসপাতাল রওয়ানা হয় বিমানবন্দরের উদ্দ্যেশে।

    ঠিক দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে সেটি পৌঁছায় বিমানবন্দরে। পরে তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে।

    এর আগেই ওসমান হাদিকে নিতে বেলা সাড়ে এগারোটার দিকে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় ঢাকার বিমানবন্দরে। তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল।

    এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমান হাদিকে সোমবারই নেওয়া হবে সিঙ্গাপুরে।

    আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি।

  19. সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

    সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

    রোববার মধ্যরাতের পর আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি এই অভিযোগটি দাখিল করেন। তিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক।

    ওই অভিযোগে আরো যে দুই জনের নাম রয়েছে, তাঁরা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

    পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দিলেও সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

    উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "আমরা একটা অভিযোগ পেয়েছি। এটা নিয়ে কাজ করছি আমরা। স্যারদের সাথে পরামর্শ করে এটা নিয়ে সিদ্ধান্ত নেবো আমরা”।

    তিনি জানান, রাত আড়াইটার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

    থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের পাঁচই আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।

    এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

    শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

  20. রোববার সারাদিন যা যা হলো

    • শেখ হাসিনার ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগ এনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • তবে ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভূক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থান।
    • সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।
    • অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশু ও পুলিশসহ অন্তত ২৯জন।
    • আফ্রিকার দেশ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
    • শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল বাড়াচ্ছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
    • শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। দুইজন সন্দেহভাজন ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।