আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

পুলিশের কর্মবিরতি প্রত্যাহার, দফতর পেলেন আরও দুই উপদেষ্টা, দুর্নীতির মামলায় খালাস ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিহত করাসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। দুই উপদেষ্টার শপথ গ্রহণের পর দপ্তর বণ্টন হয়েছে। সোমবার থেকে সীমিত আকারে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছে পুলিশ। শ্রম আইনের মামলার পর দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সার সংক্ষেপ

  • কর্মবিরতি প্রত্যাহার করেছেন পুলিশ সদস্যরা
  • অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নিয়েছেন
  • সোমবার থেকে সীমিত আকারে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম
  • বৃহস্পতিবার থেকে আন্তঃনগর রেল চলাচল শুরু, মেট্রোরেল চলবে শনিবার থেকে
  • শ্রম আইনের মামলার পর দুর্নীতি মামলা থেকে খালাস ড. মুহাম্মদ ইউনূস
  • সিকিউরিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

সরাসরি কভারেজ

  1. নতুন সরকারের প্রথমদিনে যা যা ঘটেছে:

    • দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই মামলায় গ্রামীণ টেলিকমের আরও ১৩ আসামি খালাস পেয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও রয়েছেন।
    • অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রোববার ডা. বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমাকে তাদের দফতর বুঝিয়ে দেওয়া হয়েছে। ডা. বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
    • রোববার শপথ নেয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। সোমবার থেকে সীমিত আকারে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম।
    • বিভিন্ন দাবিতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা যে কর্মবিরতি পালন করছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশের ৬৩৯টি থানার মধ্যে রোববার বিকেল পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন আইজিপি।
    • রোববার প্রথম কর্মদিবস পার করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ও সংস্কারের দাবিতে যে অভ্যুত্থান ঘটিয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করবো”।
    • সহিংসতা ও অস্থিরতার কারণে তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকায় শনিবার থেকে আবারও চালু হতে যাচ্ছে মেট্রোরেল। অন্যদিকে আগামীকাল থেকেই মালবাহী রেল চলাচল শুরু হবে, তবে যাত্রীবাহী আন্তঃনগর রেল চলবে বৃহস্পতিবার থেকে।
    • দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ই মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পরবর্তীতে ওই বছরের ১৫ই মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।
    • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন।
    • রোববার সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন কর্মকর্তা গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হন। এছাড়া সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে আইএফআইসি ব্যাংকে বিক্ষোভ হয়েছে।
  2. চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা, সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে আন্দোলনে আহতদের

    সরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদে এতদিন চুক্তিভিত্তিক যত নিয়োগ হয়েছে, সেগুলোর সব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ক্ষমতাগ্রহণের পর রোববার প্রথম কর্মদিবসে তারা আরও বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন।

    সেগুলোর মধ্যে রয়েছে: কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে সরকারি খরচে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, বাজারে অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিহত করতে ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশি ছাত্র-জনতার সমর্থনে প্রতিবাদ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকের মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণ।

    এছাড়াও আগামী বৃহস্পতিবার থেকে পুরোদমে যাত্রীবাহী ট্রেন এবং শনিবার থেকে মেট্রোরেল পুনরায় চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে।

  3. প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকের অব্যাহতি ও সদস্যপদ বাতিল, তাদের পাল্টা বিবৃতি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিক নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের সদস্যপদ বাতিল করেছে ব্যবস্থাপনা কমিটি। তবে তবে ওই সিদ্ধান্তকে 'অগঠনতান্ত্রিক' আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওই তিনজন সাংবাদিক।

    যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দিকী সোমা।

    এর মধ্যে ফরিদা ইয়াসমিন সভাপতি এবং শ্যামল দত্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া শাহনাজ সিদ্দিকী সোমা প্রতিষ্ঠািনটির ব্যবস্থাপনা কমিটিতে ছিলেন।

    সদস্যপদ বাতিলের আগে তাদেরকে কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    একইসঙ্গে, রোববার প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় সহ-সভাপতি হাসান হাফিজকে সভাপতি এবং যুগ্ম-সম্পাদক আইয়ুব ভুূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

    এরপরে প্রেস ক্লাবের প্যাডে পাল্টা একটি বিবৃতি দিয়ে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত গণমাধ্যমের স্বাধীনতা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

    রআগে, শনিবার 'আওয়ামীপন্থী' বেশকিছু সাংবাদিকের তালিকায় পাঠিয়ে তাদের সদস্যপদ বাতিলের আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

  4. দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস, প্রধান উপদেষ্টা হওয়ার তিনদিনের মাথায় তাকে খালাস দেওয়া হলো

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    একই মামলায় গ্রামীণ টেলিকমের আরও ১৩ আসামি খালাস পেয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও রয়েছেন।

    রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম তাদেরকে খালাস দেন।

    দুদকের পক্ষে আসামিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার প্রেক্ষিতেই খালাসের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা আমির হোসেন।

    গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০মে মামলাটি দায়ের করেছিল দুদক।

    গত পহেলা ফেব্রুয়ারি ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। এরপর গত ১২ই জুন চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত।

    যদিও ড. মুহাম্মদ ইউনূসসহ অভিযুক্তরা শুরু থেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে আসছিলেন। হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তারা।

    গণআন্দোলনের মুখে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর গত আটই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ড. ইউনূস। এর তিনদিনের মাথায় ওই মামলা থেকে সবাইকে খালাস দেওয়া হলো।

    এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের যে সাজা দেয়া হয়েছিল, সেই সাজা গত বুধবার বাতিল করে দেয় আদালত।

  5. পাকিস্তান সফরের দল ঘোষণা করলো বিসিবি, দলে ফিরেছেন মুশফিক ও তাসকিন

    পাকিস্তান সফরকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ওই দলে অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও রয়েছে।

    এছাড়া দলে ফিরেছেন চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা মুশফিকুর রহিম। ফিরেছেন বিশ্রামে থাকা তাসকিন আহমেদও।

    তবে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

    দলের বাকি সদস্যরা হলেন: জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ।

    আগামীকাল সোমবার সকালেই লাহোরে উদ্দেশ্যে রওনা দেবে দলটি।

    ১৬ই অগাস্ট পর্যন্ত পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শেষে ১৭ই অগাস্ট ইসলামাবাদে যাবে টাইগাররা। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে টেস্ট সিরিজ।

    আগামী ২১ আগস্ট ইসলামাবাদে শুরু হবে প্রথম টেস্ট। এরপর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু ৩০ অগাস্ট। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

    ২০২০ সালের পর এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ।

  6. কর্মবিরতি প্রত্যাহার করেছে পুলিশ

    বিভিন্ন দাবিতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা যে কর্মবিরতি পালন করছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে।

    রোববার স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও আইজিপির কাছ থেকে এসব দাবি পূরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস পাওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন দাবি বাস্তবায়ন সংক্রান্তে গঠিত সমন্বয় কমিটির সদস্য পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

    তিনি বিবিসিকে জানিয়েছেন, ''পুলিশ সদস্যদের দাবি বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস পাওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আজ থেকেই তারা দায়িত্বে যোগ দিতে শুরু করেছেন।''

    তাদের দাবির মধ্যে কর্মস্থলে নিরাপত্তা, দলীয়ভাবে পুলিশ সদস্যদের ব্যবহার না করা, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবার বা আহতদের ক্ষতিপূরণ, পুলিশের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা, পুলিশ বাহিনীকে যেন কোন রাজনৈতিক দল তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করা, সুযোগ-সুবিধা ও ভাতা বৃদ্ধি, কর্মঘণ্টা নিশ্চিত করার মতো দাবি রয়েছে।

    রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে তারা চাকরিতে ইচ্ছুক না বলে ধরে নেয়া হবে।

    সাম্প্রতিক গণআন্দোলনের সময় পুলিশের একাধিক স্থাপনায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় ৪২জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

    শেখ হাসিনার সরকার পতনের দিন, সোমবার থেকেই পুলিশ সদস্যদের আর কোথাও দায়িত্ব পালন করতে দেয়া যায়নি। পরদিনে থেকে তারা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এর মধ্যে কিছু থানা আবার চালু হলেও অনেক পুলিশ সদস্য কাজে ফেরেননি। ফলে অনেক থানার পাশাপাশি পুলিশের নিরাপত্তা টহল যেমন শুরু হয়নি, তেমনি ট্রাফিক ব্যবস্থাও পুলিশ বিহীন রয়েছে।

    ঢাকার রাস্তায় রোববারও শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা করতে দেখা গেছে।

  7. মেট্রোরেল চলবে আগামী শনিবার থেকে

    সহিংসতা ও অস্থিরতার কারণে তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকায় আবারও চালু হতে যাচ্ছে মেট্রোরেল। আগামী শনিবার থেকে নিয়মিতভাবে ট্রেন চলাচল করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কর্মকর্তারা।

    রোববার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপদ মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে মেট্রোরেল চলাচল শুরু করার সিদ্ধান্ত হয়।

    কর্মকর্তারা জানিয়েছে যে, পুনরায় মেট্রোরেলের চলাচল শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক্ষেত্রে রেললাইন সবখানে ঠিক আছে কী-না, সেটি খতিয়ে দেখার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

    সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    তবে ট্রেন চলাচল শুরু হলেও আপাতত সেটি মিরপুর-১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশনে থামবে না। কারণ সাম্প্রতিক সহিংসতায় ওই দু'টি স্টেশন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    তবে ওই দুই স্টেশন ঠিকঠাক করতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। আগের সরকার বলেছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করতে এক বছর সময় লাগবে।

  8. সেনাদের উপর হামলার ঘটনায় গোপালগঞ্জ আ'লীগের দুঃখ প্রকাশ

    গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    রোববার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক সাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

    "অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের (সেনাবাহিনী) কাছে দুঃখ প্রকাশ করছি । ভবিষ্যতে এ রকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসাবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবো,” বিবৃতিতে বলা হয়েছে।

    শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর গোপালগঞ্জে টানা বিক্ষোভের মধ্যে শনিবার সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ও তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে।

    এতে বেশ কর্মকর্তাসহ কয়েকজন সেনা সদস্য আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করতে দেখা গেছে।

    এমন পরিস্থিতিতে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলো জেলা আওয়ামী লীগ।

    আগামীতে কোনও কর্মসূচি পালনকালে লাঠিসোটা বা দেশিয় অস্ত্র প্রদর্শন না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

    "মিছিল বা মিটিংয়ে কোনো দেশি অস্ত্র, লাঠিসোঁটা প্রদর্শন করা যাবে না....এটি কোনোভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাছে আমাদের কাম্য নয়," বিবৃতিতে বলা হয়েছে।

    সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন।

    "সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদের কাজ করতে সহায়তা করতে হবে," সোমবার দলের এক জরুরি সভায় বলেন মি. উদ্দিন।

    এদিকে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।

    "আপনারা জেনে খুশি হবেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। তিনি শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে নির্দেশ দিয়েছেন। কোনোরকম বিশৃঙ্খলা না করতে শেখ হাসিনা সবার প্রতি অনুরোধ করেছেন," জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস হকের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে।

    অন্যান্য বছরের মতো এবারও ১৫ই অগাস্ট 'জাতীয় শোক দিবস' পালন করা হবে বলেও জানানো হয়।

  9. বৃহস্পতিবার থেকে ছাড়বে আন্তঃনগর ট্রেন, মঙ্গলবার থেকে লোকাল, সোমবার সারা দেশে চলবে মালবাহী ট্রেন

    আন্দোলন ও সরকার পতনকে ঘিরে সহিংসতার কারণে তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল আবারও ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

    এক্ষেত্রে সোমবার শুধুমাত্র মালবাহী ট্রেন চলাচল করবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

    এরপর মঙ্গলবার লোকাল ট্রেন এবং বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলেও জানিয়েছেন তারা।

    সোমবার বিকেল পাঁচটা থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলে জানা গেছে।

    ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ১৮ই জুলাই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

    এতে আর্থিকভাবে সরকারি প্রতিষ্ঠানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসেই ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত এলো।

  10. দফতর পেলেন আরও দুই উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রোববার ডা. বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমাকে তাদের দফতর বুঝিয়ে দেওয়া হয়েছে।

    এর মধ্যে ডা. বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

    এই দুই মন্ত্রণালয় আগে প্রধান উপদেষ্টার হাতে ছিল।

    এর আগে, রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের ওই দুই উপদেষ্টা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

    উল্লেখ্য যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত আটই অগাস্ট রাতে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

    এর মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জনই ওইদিন শপথ নেন। ঢাকার বাইরে থাকায় ডা. বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম সেদিন শপথ নিতে পারেননি।

    রোববার ডা. বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিলেও এখনও নিতে পারেননি সাবেক নৌ-কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম।

    দেশের বাইরে থাকা মি. আজমের রোববার রাতে দেশে ফেরার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাকে শপথ পড়ানো হতে পারে।

    এদিকে, দুই মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার পর বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে থাকলো ২৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব।

    সেগুলো হলো: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

    আরও রয়েছে: নৌপরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

  11. সোমবার থেকে সীমিত আকারে চলবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম

    সোমবার থেকে সীমিত আকারে শুরু হবে হাইকোর্টের বিচারিক কার্যক্রম।

    সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এরই মধ্যে হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। দুপুরেই শপথ নেন প্রধান বিচারপতি।

    এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্টের এই আটটি বেঞ্চে ফৌজদারি, দেওয়ানী, রিট এবং বিভিন্ন ধরনের আবেদনের শুনানি হবে।

    তবে, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম কবে শুরু হবে এ বিষয়ে কিছু বলা হয় নি এই বিজ্ঞপ্তিতে।

    শনিবার আপিল বিভাগের সাত জনের মধ্যে ছয় জন বিচারপতি পদত্যাগ করেন। ফলে দুপুরে প্রধান বিচারপতি শপথ নেয়ার পর এখন আপিল বিভাগের বিচারপতির সংখ্যা মাত্র দুইজন।

    এদিকে, সুপ্রিম কোর্টের রীতি ও প্রথা অনুযায়ী, কালই সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে অ্যাটর্নি কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

  12. বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে কাজে ফেরার নির্দেশ

    পুলিশ সদস্যদের মধ্যে এখনও যারা কাজে যোগ দেননি, তাদেরকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এর মধ্যে তারা যোগ না দিলে চাকরিতে ইচ্ছুক না বলে ধরে নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

    "আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র‍্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন," রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন মি. হোসেন।

    উল্লেখ্য যে, গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর ঢাকাসহ অনেক জেলায় হামলার শিকার হয়েছে পুলিশ। ফলে জীবনের নিরাপত্তাসহ বেশকিছু দাবিতে গত ছয়ই অগাস্ট থেকে 'কর্মবিরতি' পালন করছে বাহিনীর সদস্যরা।

    "আপনারা ফিরে যান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করবো। প্রত্যেক বাহিনীর সঙ্গে আমি কথা বলবো,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন।

    পুলিশের উপর হামলা না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

    "ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। জনগণকে আমি এটুকু বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত দেবেন না। আপনারা দেখছেন, আপনারা নিজেরাই সাফার করছেন," বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    অতীতে ক্ষমতাসীনরা পুলিশকে এতদিন 'লাঠিয়াল বাহিনী" হিসেবে ব্যবহার করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

    "পুলিশকে আপনি আর লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না," বলেন মি. হোসেন।

    চাঁদাবাজী, দখলদারিত্বসহ যাবতীয় অরাজকতা কঠোর হাতে দমন করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

    "একটি রাজনৈতিক দলের অবস্থা আজকে দেখেন। এত বড় একটি দল, এত ঐতিহ্যবাহী একটি দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে," বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন।

    অতীতের মতো বাজারঘাট দখল না করার, চাঁদাবাজির না করার জন্য তিনি সতর্ক করে দেন।

  13. অধিকাংশ থানার কার্যক্রম শুরু হয়েছে: পুলিশ হেডকোয়ার্টার্স

    বাংলাদেশের ৬৩৯টি থানার মধ্যে রোববার বিকেল পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স।

    এর মধ্যে মহানগর পুলিশের আওতাধীন ৯৭টি এবং জেলা পুলিশের ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

    বাকি ৪০টি থানাও যেন দ্রুত কার্যক্রম শুরু করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

    তবে ক্ষয়ক্ষতি কাটিয়ে থানাগুলোতে পুরোদমে কার্যক্রম চালু করতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

    উল্লেখ্য যে, গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে চারশ'র বেশি থানা আক্রান্ত হয় বলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।

    এর মধ্যে বহু থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় বেশ কিছু পুলিশ সদস্য নিহতও হয়।

    ফলে জীবনের নিরাপত্তাসহ বেশকিছু দাবিতে 'কর্মবিরতি' শুরু করে পুলিশ।

    গত আটই অগাস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়।

    এরপর পুলিশ সদস্যরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করলেও এখনও তাদেরকে মাঠে নামতে দেখা যায়নি।

  14. সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে আইএফআইসি'র সামনে বিক্ষোভ

    ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মকর্তারা।

    একইসঙ্গে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে যাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদেরকে অবিলম্বে চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    রোববার ঢাকার পুরনো পল্টনে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ‘আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত সকল কর্মকর্তাবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ করেন সাবেক কর্মকর্তারা।

    তাদের অভিযোগ, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এ কাজে তাকে সহযোগিতা করেছেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সরোয়ার, যিনি বর্তমানে ব্যাংকটির উপদেষ্টা।

    এসব 'লুটপাট' সমর্থন না করায় 'মানসিক চাপ' সৃষ্টি করে অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।

    সে কারণ সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সরোয়ারসহ সালমান এফ রহমানের ঘনিষ্ট ব্যক্তিদেরকে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে আইনের আওতায় আনার দাবি করেছেন বিক্ষোভকারীরা।

    উল্লেখ্য যে, সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন।

    একই সঙ্গে তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি।

    বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে ১৯৭৬ সালে যাত্রা করে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড।

    ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়।

    বর্তমানে ব্যাংকটিতে ৩২.৭৫% শেয়ার রয়েছে সরকারের হাতে, বাকি শেয়ার রয়েছে পরিচালক, উদ্যোক্তা ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

    ২০০৯ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রণ নেন।

    ২০১০ সালে তিনি ব্যাংকের চেয়ারম্যান হন। তখন তার হাতে ছিল ব্যাংকের ৩০ শতাংশ শেয়ার।

  15. দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রফতানি নয়: মৎস্য উপদেষ্টা

    দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

    দায়িত্ব নেওয়ার পর রোববার সচিবালয়ের নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিজ আখতার।

    "এটা রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়"

    "দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনোভাবেই অ্যাপ্রুভ করি না," সাংবাদিকদের বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ আখতার।

    এছাড়া সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের নাম না বাড়ে, সেই লক্ষ্যেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি

  16. ৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

    দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার দুপুর সোয়া দুইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

    এর আগে সকালে ভারতের দিল্লী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

    বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে সেখান থেক ছাদখোলা একটি গাড়িতে বিমানবন্দর ছাড়তে দেখা যায়।

    ২০১৫ সালের ১০ই মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পরবর্তীতে ওই বছরের ১৫ই মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে।

    তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলাও করা হয়েছিল তখন। আটকের পর তিনি শিলং পুলিশকে জানিয়েছিলেন, গোয়েন্দা পরিচয়ে তাকে ঢাকার উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়।

    একটি প্রাইভেটকারে তাকে শিলং নেয়া হয়েছিল। তবে তাকে বহনকারী গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কারা ছিল তা তখন তিনি তখন জানাতে পারেননি।

    গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পান।

  17. ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: অর্থ উপদেষ্টা

    ইসলামী ব্যাংকে যারা অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন মি. আহমেদ।

    এর আগে সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন কর্মকর্তা গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হন।

    ব্যাংকটির কর্মকর্তারা অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ওপর এই হামলা চালানো হয়।

    এ নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মি. আহমেদ বলেন, “এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা যারা করেছে কেউই আইনের বাইরে থাকবে না। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে, সে যেই হোক।''

  18. কোন মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের গণমাধ্যমের পক্ষপাতিত্যমূলক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেনঅন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

    রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশের খোঁজখবর নেয়া শেষে দেশীয় গণমাধ্যমের খবর প্রকাশ নিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি, “বার বার বলছেন না না কিছু হয়নি। বিবিসিতে আমি দেখছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেইম অন ইউ, শেইম অন মিডিয়া ওনার।”

    তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অতীতে যাই ছিল, আমরা কোন মিডিয়া বন্ধ হোক চাই না। তবে এখন থেকে চাটুকারি করলে মিডিয়া বন্ধ করে দেবো। সেটা আপনারা আন্তর্জাতিক চিল্লাচিল্লি করেন যাই করেন।আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। যদিও এটা আমার বিষয় না, আমার বিষয়ও বটে”।

    গণমাধ্যমে টক শো প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা টক শো করেন, লিস্ট দেখেন, কাকে ডাকা যাবে, কাকে ডাকা যাবে না। টক শো তে কোন জ্ঞানগর্ভ আলোচনা হয় না। এসব চাটুকারদের ডাকবেন না।”

    প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করা নিয়েও কটূক্তি করেন তিনি। "মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক। আপনি দুনিয়া জয় করে আসছেন। হোয়াট ইজ দিস?"

    তিনি আরো বলেন, “একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্যি কথা বলে না। দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। যারা ক্ষমতায় থাকে, তাদের চোখ যেন খোলে”।

    চাটুকার গণমাধ্যমের মালিকদের বিচার হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

  19. কর্মবিরতিতে থাকা পুলিশ কর্মস্থলে না এলে পলাতক ঘোষণা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ দেওয়া হবে।

    এই সময়ের মধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।

    রোববার সচিবালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। এ সময় পুলিশ সদস্যদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

    এর আগে বুধবার আইজিপি মো. ময়নুল ইসলাম ৮ই অগাস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দিয়েছিলেন।

    এরপর পুলিশ সদস্যরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করে। তবে এখনও তারা মাঠে নামেননি।

  20. আন্দোলনে ৪২ পুলিশ নিহত, আহত পাঁচশোর বেশি: আইজিপি

    পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    সেইসাথে এই আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত পাঁচশোর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

    রোববার বেলা সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে আসার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।