আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

জামায়াতের সাথে জোটে এনসিপি ও এলডিপি

এনসিপি ও এলডিপিকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলাম। অন্যদিকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি 'এ এনসিপির অংশ' হচ্ছেন না। দলটির কেন্দ্রীয় নেতা তাসনিম জারার পদত্যাগের ঘোষণার একদিন পরে যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশ-বিদেশের আরও খবর-বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। রোববার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর ফলে এই জোটের মোট দলের সংখ্যা হয়েছে দশটি।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার দুপুরে পৌনে দুইটার দিকে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান। বিএনপি সূত্রগুলো বলছে, আজ থেকে তিনি বিএনপির গুলশান কার্যালয় থেকে নিয়মিত দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার গুলশান-বনানীর অধিভুক্ত ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত আগামী তেসরা জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
    • বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে 'উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য' উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
    • ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজের পর এবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
    • বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
    • এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।
    • আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
    • অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারের সামরিক সরকার পর্যায়ক্রমে দেশটিতে নির্বাচন আয়োজন করেছে।
    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে এবার পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। আগেরদিন আরেক কেন্দ্রীয় নেতা তাসনিম জারা পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. আমি এ এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

    অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।

    মাহফুজ আলম এই মাসেই তফসিল ঘোষণার আগে আগে সরকার থেকে পদত্যাগ করেছেন। গত বছর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর নিউইয়র্কের একটি অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের 'ব্রেইন বিয়াইন্ড দা হোল থিং' বা নেপথ্য কারিগর বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    তবে পদত্যাগের পরে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি।

    রোববার ফেসবুকে দেওয়া একটি পোস্টে মাহফুজ আলম লিখেছেন, 'জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে' সংগঠিত নাগরিক কমিটি ও এনসিপিতে ''আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি''।

    ''এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি''।

    মাহফুজ আলম লিখেছেন, ''বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ''।

    নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেছেন, ''ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়''।

  3. জামায়াতসহ আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে এনসিপি: নাহিদ ইসলাম

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মি. ইসলাম জানান, প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে।

    "এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে, এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামায়াতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি " বলেন মি. ইসলাম।

    দলগুলোর সাথে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, "তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সমমনা আট দলের সাথে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। "

    তিনি জানান, যেসব আসনে এনসিপির প্রার্থী থাকবে না সেসব আসনে জোটের পক্ষে প্রচারণা ও কাজ করবে দলের নেতাকর্মীরা।

  4. জামায়াতে ইসলামীর আগামী তেসরা জানুয়ারির পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত আগামী তেসরা জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

    রোববার দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, “আগামী তেসরা জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত তেসরা জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।”

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দলটির ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন।

  5. সংখ্যালঘু পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

    বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে 'উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য' উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

    রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে এ কথা বলেন।

    এই বিবৃতিতে বলা হয়েছে, “তার মন্তব্য বাস্তবতা পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।”

    ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।

    বিবৃতিতে বাংলাদেশ বলেছে, “ আমরা কিছু মহল থেকে একটি নির্বাচনী এবং অন্যায্য পক্ষপাতিত্ব লক্ষ্য করছি। বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কে দেওয়া বা উত্তেজিত করার অপচেষ্টা চলছে।”

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন তিনি ছিলেন তালিকাভুক্ত অপরাধী।

    চাঁদাবাজি করার সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে থাকাবস্থায় তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে। পরে যাকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা বাস্তবসম্মত নয় বরং বিভ্রান্তিকর।

    বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে এমন বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের চেতনাকে ক্ষুণ্ন করে।

    একইসাথে ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনবে বলে আশা করেছে বাংলাদেশ।

    মি. আলম বলেন, ''ভারতে মুসলিম-খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই মাসে ভারতের ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংস হত্যার ঘটনা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি-সহিংসতার ঘটনা ঘটেছে''।

    “ গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিষ্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি ” বলেন মি. আলম।

  6. ঋণখেলাপির তালিকায় নাম, চেম্বার জজ আদালতে আবেদন মাহমুদুর রহমান মান্নার

    ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজের পর এবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা এই আবেদনের শুনানি স্ট্যান্ড ওভার বা মুলতবি রেখেছেন চেম্বার জজ মো. রেজাউল হক।

    গত ২৪শে ডিসেম্বর মি. মান্নার করা রিট খারিজ করে হাইকোর্ট। ফলে তার নির্বাচন অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

    ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঋণের একটা অংশ পরিশোধ করে হাইকোর্টে রিটটি করেছিলেন মি. মান্না। যাতে সিআইবি থেকে ওনাদের নাম প্রত্যাহার করা হয়। নাম প্রত্যাহার হলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।

    তবে, মি. মান্নার আইনজীবীদের ওই ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট।

    বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণের দুই শতাংশ জমা দিতে হয়।

    মি. মান্না দুই শতাংশের বেশি পরিশোধ করেছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন আদালতে।

    তবে রিট খারিজ করে হাইকোর্ট বলেছে, সিআইবির তালিকা থেকে মি. মান্নার নাম প্রত্যাহার করতে বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনা দেবে না আদালত।

    যেখান থেকে মি. মান্না ঋণ নিয়েছেন সংশ্লিষ্ট সেই ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে এই তথ্য দেবে বলে জানিয়েছে হাইকোর্ট।

    এর আগে, এ বছরের ১৫ ই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এক নোটিশ পাঠায় ইসলামী ব্যাংকের বগুড়ার একটি শাখা।

  7. জামায়াতের সাথে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি

    বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। এর ফলে এই জোটের মোট দলের সংখ্যা হয়েছে দশটি।

    রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এই ঘোষণা দেন।

    তিনি জানান, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে।

    এই সংবাদ সম্মেলনে আটটি দলের শীর্ষ নেতাসহ কর্নেল অলি আহমেদও উপস্থিত ছিলেন। তবে এনসিপির কোনো নেতা সংবাদ সম্মেলনে ছিলেন না।

    জামায়াতের আমির জানান, এনসিপির সাথে কিছুক্ষণ আগেই আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সাথে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছে। তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দিবেন।

    জামায়াতের আমির বলেন,“এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা। সারাদেশে তিনশো আসনের বিভিন্ন আসনে আমাদের মধ্যে প্রার্থী নির্ধারণ করেছি। যেহেতু দুই দল শেষ পর্যায়ে এসেছে। খুবই দুরূহ হয়ে গেছে। শেষে এসে কোন কোন দলের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা তাদের যুক্ত করতে পারিনি”।

    জামায়াতের সাথে জোটে অংশ নেওয়ার আলোচনার প্রেক্ষাপটে গত দুইদিনে এনসিপির পরপর শীর্ষ পর্যায়ের দুইজন নেতা তাসনিম জারা ও তাসনূভা জাবীন পদত্যাগ করেছেন। এছাড়া আরো ত্রিশ জন নেতা এনসিপির নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন।

    রোববারের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সাথে এনসিপির যোগ দেওয়া নির্বাচনি সমঝোতা বলে উল্লেখ করেন জামায়াতের আমির মি. রহমান বলেন, " আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি? আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি, এটা আমাদের একটি মজবুত নির্বাচনি সমঝোতা। সারা বাংলাদেশের তিনশ আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন নিজেদের মধ্যে আমরা নির্ধারণ করেছি।"

    তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সমঝোতার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    তিনি বলেন, ''কয়েকটি জায়গায় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত না হলেও সেটি মনোনয়ন জমা দেওয়ার পর চূড়ান্ত করা হবে। এটি নিয়ে কোন সমস্যা হবে না”।

    সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে মি. রহমান বলেন, আমাদের হাতে দেড় মাসের কম সময় আছে। আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। ভোটের তারিখ যেন হেরফের না হয়। এ জন্য আমরা সহযোগিতা চাই।

    তিনি বলেন, এখনো সকলের জন্য সমতল মাঠ তৈরি হয় নি। আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন। এর ব্যতিক্রম জাতি মানবে না।

    জামায়াত, এনসিপি ছাড়াও এই জোটে আছে -লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, খেলাফত মজলিস

    বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, নেজামে ইসলাম পার্টি।

    তবে কোন দল কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি ঘোষণা দেওয়া হয়নি এই সংবাদ সম্মেলনে।

  8. প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী

    বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    আজ রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ সংবাদ প্রকাশ করেছে।

    এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ শে ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

  9. অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ সচিবালয়ে এক ব্রিফিং এ এই কথা জানান তিনি।

    মি. চৌধুরী বলেন, “বর্তমান এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পন্ন করা হবে ইনশাল্লাহ।”

    ব্রিফিং-এ হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    চারজন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছে এবং মামলায় যেসব আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলোর কথা জানান তিনি।

    মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন এই উপদেষ্টা।

    “আগামী দশদিনের মধ্যে সাতই জানুয়ারি ২০২৬ এ এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। সবাইকে এ বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এ হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পেছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ” বলেন তিনি।

    ইতোমধ্যেই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্থানান্তর করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    মি. চৌধুরী আহ্বান করেন, “আমরা যেন এমন কোনো কাজ না করি যা সন্ত্রাসীদের শক্তিশালী করবে এবং হাদি হত্যার বিচার কাজকে বাধাগ্রস্ত করবে।”

    বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওঁত পেতে থাকা ফ্যাসিস্টদের দোসর সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিষয়ে দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    “বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা-কর্মী ভালোভাবে না জেনে সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের দোসরদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, এসব খোলস পাল্টানো দুষ্কুতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। তাহলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আমার বিশ্বাস ” বলেন মি. চৌধুরী।

  10. এনসিপির কয়েকজনের পদত্যাগের ইস্যুতে যা বললেন আখতার হোসেন

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাথে জোটবদ্ধ বা আসন সমতার ভিত্তিতে নির্বাচনের আলোচনা এখনো চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

    তিনি বলেছেন, “সংস্কার সংস্কারের বিষয়টাকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে, বাংলাদেশকে নতুন করে গড়তে গিয়ে, ঐকমত্য কমিশনে আমরা যখন আলাপ করেছি তখন স্বাভাবিকভাবে জামায়াতের সাথে আমাদের এক ধরনের মতের মিল তৈরি হয়েছে”।

    ''সেই সব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে জামায়াতের সঙ্গে সামনের নির্বাচনের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় নি”, বলেন তিনি।

    রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    জামায়াতের সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলের ভেতরে একটি অংশের আপত্তি রয়েছে। যে কারণে ২১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে তাসনিম জারা ও তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন।

    এরই মধ্যে কেন্দ্রীয় কমিটির ৩০জন সদস্য শনিবার দলীয় প্রধান নাহিদ ইসলামকে স্মারকলিপিও দিয়েছেন।

    এমন অবস্থায় দলীয় নেতাদের পদত্যাগ দলে প্রভাব ফেলবে কী-না এই প্রশ্ন করা হয়েছিল আখতার হোসেনের কাছে।

    জবাবে তিনি বলেছেন, ''এনসিপির শুরু থেকে অনেকে আমাদের দলে যুক্ত হয়েছেন। হয়তো অনেকে পদত্যাগও করেছেন। ব্যক্তির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। একই সাথে আমরা মনে করি অতীতেও আমাদের দল থেকে দুয়েকজন বিছিন্নভাবে পদত্যাগ করেছিল, সে সময়েও আশঙ্কার কথা বলা হয়েছিল''।

    “এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রে পদত্যাগ বা যোগদান করা এটা খুব স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ” যোগ করেন তিনি।

  11. আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

    আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

    আগামী বছরের ৩১ শে জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে, ৩১ শে ডিসেম্বর রিটার্ন দাখিল করার শেষ সময় ছিল।

    জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। সে হিসেবে এ বছর এখন পর্যন্ত দাখিল হওয়া রিটার্নের সংখ্যা তুলনামূলকভাবে কম।

  12. ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারের সামরিক সরকারের নির্বাচন

    অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারের সামরিক সরকার পর্যায়ক্রমে দেশটিতে নির্বাচন আয়োজন করেছে।

    ব্যাপক বিরোধীতা এবং গৃহযুদ্ধের মধ্যেই রোববার মিয়ানমারে ভোটগ্রহণ শুরু হয়েছে।

    ভোটগ্রহণের সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ এবং বিমান হামলার খবর পাওয়া গেছে।

    এই নির্বাচনকে ঘিরে দেশটিতে ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

    মিয়ানমারের এইনির্বাচনকে 'সাজানো' বলে উল্লেখ করেছে বিরোধীরা, কারণ বহু রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়েছে, এসব দলের নেতাদের কারাগারে পাঠোনো হয়েছে আর গৃহযুদ্ধের কারণে দেশের অর্ধেকের বেশি মানুষ ভোট কার্যক্রমের বাইরে রয়েছে।

    পর্যবেক্ষকরা বলছেন, ধ্বংসাত্মক অচলাবস্থা থেকে বেরিয়ে আসা ও ক্ষমতাকে বৈধতা দিতে চীনের সহায়তা চাইছে জান্তা সরকার।

    নির্বাচনের বিরোধীতা বা ব্যাহত করার অভিযাগে দুই'শো জনের বেশি মানুষের বিরুদ্ধে একটি নতুন আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে।

    যে আইনে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

    রোববার ভোরে মান্দালয় অঞ্চলে একটি জনবসতিহীন বাড়িতে রকেট হামলা হয়।

    পরে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিবিসিকে নিশ্চিত করেছেন এই অঞ্চলের চিফ মিনিস্টার।

    তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

    শনিবার রাতে থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াওয়াদি শহরে ধারাবাহিক বিস্ফোরণে দশটিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    স্থানীয় একজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, ওই হামলায় একজন শিশু নিহত হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    ভোটাররা বিবিসিকে বলেছেন, এবারের এই নির্বাচনটি আগের তুলনায় ‘সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক’ বলে মনে হচ্ছে।

  13. এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনুভা জাবীন

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে এবার পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

    দীর্ঘ একটি পোস্টে এর পেছনের কারণগুলোর কথাও জানান এই নেত্রী। এর আগে গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

    পদত্যাগের বিষয়ে তাজনুভা জাবীন লিখেছেন, “আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে। অত্যন্ত ভাঙ্গা মন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না”।

    এই পোস্টে মিজ জাবীন লেখেন, আপনারা অনেকে ভাবছেন, হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হল যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেয়া হচ্ছে। আমি বলব এটা পরিকল্পিত। এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে”।

    আগেই গুলশান-বনানীর অধিভুক্ত ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মিজ জাবীন। এ জন্য ওই সংসদীয় এলাকায় জনসংযোগও করেছিলেন তিনি।

    এই নির্বাচনের খরচের জন্য অনেকেই তাকে আর্থিক ডোনেশন বা সহযোগিতা করেছিল। সেই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তিনি ফেসবুক পোস্টে লিখেন, “আমি আপনাদের পাঠানো ডোনেশন ফেরত দেব এক এক করে। আমাকে একটু সময় দেবেন। সেটার জন্য বিস্তারিত লিখে আপডেট দেব কিভাবে ধীরে ধীরে ফেরত দেব। প্রত্যেকটা পয়সা ফেরত দেব”।

  14. তারেক রহমান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে গেছেন আজ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার দুপুরে পৌণে দুইটার দিকে দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান।

    বিএনপি সূত্রগুলো বলছে, আজ থেকে তিনি বিএনপির গুলশান কার্যালয় থেকে নিয়মিত দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

    ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসার পর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তারেক রহমান।

    এর পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান।

    শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

  15. ঢাকার গুলশান- বনানী থেকেও প্রার্থী হচ্ছেন তারেক রহমান, মনোনয়ন সংগ্রহ

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার গুলশান-বনানীর অধিভুক্ত ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

    এর আগে শুধুমাত্র বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন তারেক রহমান। ঢাকা ১৭ আসনের পাশাপাশি তারেক রহমান বগুড়া-৬ আসন থেকেও লড়বেন নির্বাচনে।

    এর আগে বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণার সময় ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।

    গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পর গতকাল শনিবার ঢাকার গুলশান এলাকার ভোটার হন মি. রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

    এর আগে ঢাকার এই আসনটিতে বিএনপি কাউকে দলীয় মনোনয়ন না দিলেও এই আসনে প্রচারণা চালাচ্ছিলেন বিএনপির শরীক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

    তবে শেষ পর্যন্ত, মি. পার্থ ভোলা-১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন নিজ দলের প্রতীক গরুর গাড়ি মার্কায়।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিন।

  16. ওসমান হাদির হত্যার প্রধান আসামীরা ভারতে পালিয়েছে, দাবি ঢাকা মহানগর পুলিশের

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই আসামী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।

    পুলিশ জানায়, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতে পালিয়ে প্রথমে দেশটির মেঘালয় রাজ্যে আশ্রয় নেয়।

    রোববার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মোঃ নজরুল ইসলাম।

    এর আগে পুলিশের কর্মকর্তারা বলে আসছিলেন, প্রধান আসামীদের অবস্থান সম্পর্কের তাদের জানা নেই।

    আজ সংবাদ সম্মেলন করে পুলিশ জানিয়েছে, ওসমান হাদির হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। শুটারকে ভারতে পালাতে সহায়তাকারীসহ মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে। ছয় জনের স্বাকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মি. ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ও তাকে সহায়তাকারী মোটরসাইকেল চালক আলমগীর শেখকে সনাক্ত করে পুলিশ।

    তিনি বলেন, গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত শুটার মি. ফয়সালের পিতা হুমায়ূন কবির, ফয়সালের মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো কবির, নুরুজ্জামান নোমানীসহ মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

    এই ঘটনায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, ৫২ রাউন্ড গুলি ও ছোড়া উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেল ও ভুয়া নম্বর প্লেট, গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, প্রায় ৫৩টি ব্যাংক একাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার সাক্ষরিত চেক উদ্ধার করেছে পুলিশ।

    ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেফতারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজিতে করে আমিন বাজারে যায়। পরে তারা মানিকগঞ্জের কালামপুর যায়।

    পুলিশের দাবি, সেখান থেকে একটি প্রাইভেট কারে চড়ে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এ জন্য আসামীদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত পাড়ি দেয়।

    পরে ময়মনসিংহের হালুয়াঘাটের আগেই একটি ফিলিং স্টেশনে ফিলিপ ও সঞ্চয় নামের দুইজন তাদের গ্রহণের জন্য অপেক্ষমাণ ছিল। ফিলিপ তাকে সীমান্ত পাড় করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির কাছে হস্তান্তর করেছে। পুত্তি তাকে সামি নামের একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে হস্তান্তর করে। সামী মেঘালয় রাজ্যের তুরা নামক শহরে তাদেরকে পৌঁছে দেয় বলেও সংবাদ সম্মেলনে জানায় ডিবির অতিরিক্ত কমিশনার।

    মি. ইসলাম বলেন, “আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করি। তারা ইতোমধ্যে পুত্তি ও সামীকে গ্রেফতার করেছে। ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ও চারজন স্বাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন।

  17. শনিবার সারাদিন যা যা হয়েছে...

    • জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য।
    • কোনো নির্দিষ্ট দল বা জোট থেকে নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
    • উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদের সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ঢাকা-১০ আসনেই প্রার্থী হবেন বলে জানিয়েছেন তিনি।
    • ভোটার হতে নির্বাচন কমিশনের নিবন্ধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
    • কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষমান জাহাজে আগুনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
    • বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। পরে তাকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির ধানের শীষে প্রতীকে নির্বাচনের মনোনয়ন দেওয়ার কথা জানায় বিএনপি।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার থেকেই সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
    • বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
    • থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এই তথ্য জানিয়েছেন।
    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক করবেন, যেখানে রাশিয়ার যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা চলবে।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: