আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের হাতে আটক, চট্টগ্রামে সংঘর্ষ

ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল ও চট্টগ্রামসহ অনেক স্থানে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিক্ষোভ করার সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে রাজধানী ঢাকাসহ চার জেলায় কারফিউ আরো কিছুটা শিথিল অবস্থায় চলছে। ডিবি 'হেফাজতে' থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা নিয়ে দেখা যাচ্ছে নানা আলোচনা। কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন সমন্বয়কদের একটি অংশ।

সার সংক্ষেপ

  • সোমবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল।
  • চট্টগ্রামে শিথিলের সময়সীমা বাড়িয়ে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত করা হয়েছে, আগের দিন যা ছিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।
  • ডিবি ‘হেফাজতে’ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদের পরিবারের কাছে তুলে দেয়া এবং শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করলে তাদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট।
  • মোবাইল ইন্টারনেট সেবা সচল করা হলেও এর গতি ধীর বলে জানাচ্ছেন ব্যবহারকারীরা।
  • ডিবি 'হেফাজতে' থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা নিয়ে দেখা যাচ্ছে নানা আলোচনা। কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছেন সমন্বয়কদের একটি অংশ।

সরাসরি কভারেজ

  1. সোমবার বাংলাদেশে যা যা ঘটেছে:

    • কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলার মতো নতুন কর্মসূচি দিয়েছে।
    • ১৪ দলীয় বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
    • ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চট্টগ্রামসহ অনেক স্থানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রামে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সমাবেশ করার সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
    • বাসা থেকে তুলে নেয়ার পরবর্তী ৩০ ঘণ্টার বেশি সময় নিখোঁজ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার দেখিয়ে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
    • কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
    • সারাদেশে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ারও দাবি জানিয়েছেন তারা।
    • দশম দিনের মতো বাংলাদেশে কারফিউ অব্যাহত রয়েছে, যদিও দিনের বেলায় শিথিল থাকার সময়সীমা বাড়ানো হয়েছে। ইন্টারনেট চালু হলেও হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুকের মতো অনেক সেবা বন্ধ রাখা হয়েছে।
  2. রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি আন্দোলনকারীদের

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার বাংলাদেশে এক দিনের যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তা প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি দিয়েছে।

    গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একজন সমন্বয়ক মোঃ মাহিন সরকার বলেছেন, ''শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি।''

    সেই সঙ্গে তাদের পূর্বঘোষিত নয় দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন।

  3. ১৪ দলের সভায় জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত

    ১৪ দলীয় বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, আজ গণভবনে ১৪ দলীয় জোটের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

    তিনি বলেন, ''জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তিকে নিমূূর্ল করা প্রয়োজন। ১৪ দলের এই সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়, জামাত-শিবির গোষ্ঠী অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত-শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।''

    তিনি জানান, ১৪ দল মনে করে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই সাথে নেতৃবৃন্দ আশা করেন, কোন নিরপরাধ শিক্ষার্থী ও মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে।

    এক প্রশ্নের জবাবে ১৪ দলের অন্যতম ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ''সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটা বাস্তবায়ন করবেন।''

  4. চট্টগ্রামে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

    চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

    নগরের জামালখানে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করার কথা বলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এর আগেই ওই এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। ফলে সেখানে কোনো শিক্ষার্থী জড়ো হননি।

    তবে বেলা সাড়ে তিনটার দিকে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে তাঁরা স্লোগান দিতে থাকেন।

    এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

    স্থানীয়রা চিত্র সাংবাদিক কমল দাস বিবিসি বাংলাকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে হাতহাতির এক পর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

    পরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল মারলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

  5. তথ্য অনুসন্ধানে আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গণতদন্ত কমিশন গঠন

    কোটা সংস্কার আন্দোলনে রংপুরে আবু সাঈদের বুকে গুলি ছোড়ার ঘটনায় পুলিশের সাধারণ মানুষকে দোষারোপ করা এবং নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য রয়েছে দাবি করে এসব ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত ও বিচার করতে আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা মিলে একটি “জাতীয় গণতদন্ত কমিশন” গঠন করেছেন ।

    কমিশনের আট সদস্যের মধ্যে আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিআরা নাসরিন, আইনজীবী ও শিক্ষক শাহদীন মালিক, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আছেন।

    জাতীয় গণতদন্ত কমিশনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত পহেলা জুলাই এ পর্যন্ত সংগঠিত বিভিন্ন সহিংস নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুলিবর্ষণ, হুমকি, মামলা ও মানবাধিকার লঙ্ঘনসহ সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য কমিশনের কাছে পাঠানোর অনুরোধ জানানো হবে বলে জানানো হয়।

    এক্ষেত্রে অডিও, ভিডিও, ফটোগ্রাফ ও লেখাসহ যেকোনো ধরনের তথ্য পাঠানো যাবে বলে তারা জানিয়েছেন।

  6. শাবিপ্রবি ও জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

    সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

    সিলেটের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সোমবার বেলা তিনটার দিকে ক্যাম্পাসের সামনে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। এসময় তারা ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

    এসময় আশেপাশে অবস্থান নেয় পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর অর্ধ শতাধিক সদস্য।

    এসময় তারা ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটকে রাখা এবং তাদের থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে এমন দাবিতে তারা স্লোগান দিতে থাকে।

    অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে ‘জোরপূর্বক’ আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করাসহ চারদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

    সোমবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়ক থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফের শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    বিক্ষোভকারীদের অন্য দাবিগুলো হলো- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের নিঃশর্ত মুক্তি দেওয়া, কেন্দ্রীয় সমন্বয়কদের উপর নৃশংস অত্যাচারের বিচার করা, শিক্ষার্থীদের হত্যার পেছনে জড়িতদের অবিলম্বে বিচার করা এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও গণ গ্রেফতার বন্ধ করা।

  7. বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে এবং এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    সোমবার দুপুর দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

    আন্দোলনকারীদের সমন্বয়ক সুজয় শুভ বিবিসি বাংলাকে জানিয়েছেন, ডিবি কার্যালয় থেকে সমন্বয়কারীরা যে প্রেস বিজ্ঞপ্তি পড়েছে এটা শুনে আন্দোলনরত শিক্ষার্থীরা যেন বিভ্রান্ত না হয় বরং সবাই যেন আন্দোলন চালিয়ে যায় সে বিষয়ে করণীয় ঠিক করতে তারা সাড়ে ১২টার দিকে একটি মিটিং ডাকেন। যা বেলা দুটা পর্যন্ত চলে।

    মিটিং শেষে বের হওয়ার সময়ই ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয়ধারী একদল শিক্ষার্থী তাদের ওপর লাঠি, রড, পাইপ নিয়ে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

    "আমরা সংখ্যায় ছিলাম কম, আমাদের কারো কাছে কোন অস্ত্র ছিল না। এমন অবস্থাতেও তারা অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়েছে।"

    ওই হামলায় আহত শিক্ষার্থীদের মধ্যে তিন জন নারী শিক্ষার্থী বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১০ জন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  8. ইসিবি চত্বর থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ

    ঢাকার ইসিবি চত্বর থেকে সোমবার দুপুরে ২০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

    ক্যান্টনমেন্ট থাকার পুলিশ বিবিসি বাংলাকে জানায়, দুপুরে ইসিবি চত্বরে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের আটক করা হয়েছে।

    ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

    আটকদের মধ্যে শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ীরাও রয়েছেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর আজ ঢাকার কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া অবস্থান নিতে দেখা যায়।

    এছাড়া পল্টন মোড় থেকে চার জনকে আটকের কথা জানিয়েছেন বিবিসির সংবাদদাতা। তবে পল্টন বা শাহবাগ থানার পুলিশ নিশ্চিত করেনি।

  9. আরিফ সোহেল ৬ দিনের রিমান্ডে

    সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই মামলায় রিমান্ডে নেয়া হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও। সোমবার বিকেলে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার মধ্যরাতে পোশাকধারী আট-নয়জনের একটি দল আরিফ সোহেলকে বাসা থেকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছিল পরিবার।এরপর ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে মি. সোহেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছিল তার পরিবার।

  10. সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

    সোমবার মন্ত্রিপরিষদ সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    রাষ্ট্রীয় শোক পালনে ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা ও কালো ব্যাজ ধারণের কথা বলেছে মন্ত্রিসভা।

  11. সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা: হাইকোর্ট

    কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

    রাষ্ট্রপক্ষের উদ্দেশে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ মন্তব্য করেন।

    ডিবি ‘হেফাজতে’ নেয়া সমন্বয়কারীদের ছেড়ে দিতে এবং বিক্ষোভে শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিকালে সোমবার দুপুরে হাইকোর্ট এই মন্তব্য করেন।

    রিটকারী আইনজীবী আইনূন নাহার সিদ্দিকা এই তথ্য নিশ্চিত করেছেন।

    ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রোববার পোস্ট করা হয়।

    ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’

    গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে শনিবার সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়।

  12. পল্টনে পুলিশের বাধায় শিক্ষার্থীদের মিছিল পণ্ড, কয়েকজন 'আটক'

    ঢাকার পল্টন মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিয়ে সেটি পণ্ড করে দেয়। এসময় চারজনকে আটক করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।একজন আন্দোলনকারী বিবিসি বাংলার সংবাদদাতাকে জানান, আটকদের একজন তাদের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং আরেকজনের নাম রাফি।

    এদিকে প্রেসক্লাব থেকে পল্টন মোড় ঘুরে বিবিসি বাংলার সংবাদদাতা দেখেছেন পুরো সড়ক জুড়ে কড়া পাহারায় আছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী।

    পল্টন মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত কোনো সাধারণ যান চলাচল করতে দেয়া হচ্ছে না। দোকানপাটও বন্ধ রাখতে বলা হয়েছে।

    এছাড়া আদালত এলাকায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সেখানেও কোনো যান চলাচল করতে দেয়া হচ্ছে না।

  13. শিক্ষার্থী হত্যায় দায়ীদের বিচারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

    সারাদেশে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ারও দাবি জানিয়েছেন তারা।

    সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়নবিরোধী শিক্ষকদের ব্যানারে সমাবেশ করেন তারা।

    এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নয় দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেয়ার কথা বলেন তারা।এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস বিবিসি বাংলাকে বলেন, “হত্যা ও সহিংসতা বন্ধ, কারফিউ তুলে নেয়া, গুম অপহরণ বন্ধ, জান-মালের নিরাপত্তা নিশ্চিত, আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি ও শিক্ষার্থীদের দাবিগুলোর যথাযথ বাস্তবায়ন আমরা চাই।”“আমরা কাদের কাছে দাবি জানাবো, আমরা যাদের কাছে দাবি জানাব তারাই তো এসব হত্যাকাণ্ডে জড়িত,” যোগ করেন মি. ফেরদৌস।

  14. নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সোমবার সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগে থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা দেয়া হবে বলেও সেখানে উল্লেখ করা হয়।

  15. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিল

    বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়া নয় দফা বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে প্রধান ফটকে গিয়ে শেষ করে। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল। তবে শিক্ষার্থীদের তারা বাধা দেয়নি।শিক্ষার্থীদের সাথে কয়েকজন শিক্ষককেও সংহতি জানাতে দেখা গেছে।শিক্ষার্থীরা বলেন, তারা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছেন।

  16. সমন্বয়কদের ছেড়ে দিতে ও বিক্ষোভে গুলি না চালাতে হাইকোর্টে রিট

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘হেফাজতে’ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদের পরিবারের কাছে তুলে দেয়া এবং শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করলে তাদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

    সোমবার সকালে আইনূন নাহার সিদ্দিকা এবং মানজুর আল মাতিন এই রিট আবেদন করেন।

    বেলা দেড়টায় এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

  17. ৩০ ঘণ্টা ধরে 'নিখোঁজ' সমন্বয়ক আরিফ সোহেল

    কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

    গত শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী আট-নয়জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। এসময় তারা নিজেকের সিআইডি ও ডিবি পুলিশের পরিচয় দিয়েছিল বলে জানাচ্ছে পরিবার।

    রোববার সকালে তার পরিবার ডিবি কার্যালয়ে গেলেও সেখান থেকে জানানো হয় আরিফ সোহেল তাদের কাছে নেই।

    ঢাকার গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছয় জন যে ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানেও আরিফকে দেখা যায়নি।

    মি. সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল জানান, “সোহেলকে যখন ভোর রাতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল তাকে বাসায় পৌঁছে দিয়ে যাবে। কিন্তু তখনই তার ফোন নিয়ে নেয়। আমরা ফোনেও তাকে পাইনি। ডিবি কার্যালয়ও বলছে নেই। ওর ব্যাপারে কোন তথ্য পাইনি।”

  18. ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ছেড়ে দেয়া হয়েছে

    গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়ার পর আবার ছেড়ে দেয়া হয়েছে।

    রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে নিয়ে যায় ইউনিফর্ম ছাড়া একদল ব্যক্তি। রাত সাড়ে দশটার দিকে তাকে আবার বাসার কাছাকাছি পৌঁছে দেয়া হয়।

    মি. মোল্লা বিবিসি বাংলাকে বলেন, “আমি নামাজ পড়ছিলাম, এর মধ্যে সাত আটজন আমাকে ঘিরে ফেলে এবং বলে যে এখনই তাদের সাথে যেতে হবে। তাদের কারো কোনো ইউনিফর্ম ছিল না, জানতে চাইলে কেউ পরিচয়ও বলেনি। পরে তারা আমাকে এক প্রকার জোর করেই কালো কাঁচে ঘেরা একটি গাড়িতে তুলে নিয়ে যায়।”

    কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা কী, সহিংসতায় তার কোনো সম্পৃক্ততা আছে কি না এমন নানা বিষয়ে প্রশ্ন করা হয় বলে জানান তিনি।

    তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তরফে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

  19. সোমবার কারফিউ শিথিলের সময়সীমা

    ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ ১১ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সে অনুযায়ী সোমবার সকালে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

    আগের দিন যা ছিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।এর আগে, কারফিউ শিথিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমে বলেছিলেন, “যেহেতু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হয়, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।”