আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত‍্যাগ করেছেন

৩১শে জানুয়ারির পর বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরতদের বিরুদ্ধে ব্যবস্থা।দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ জন। চলতি বছরের জুলাই-অগাস্টের মাঝেই নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হল

    • ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, যদিও তিনি কোন ভুল করেননি, কিন্তু মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে গেলে তা সরকারের কাজে ব্যাঘাত তৈরি করতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, তার জন্য 'দরজা খোলা রয়েছে'।
    • জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
    • স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক আছে।
    • ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবার শুরু হয়েছে।
    • নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
    • অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আগামী ৩১ জানুয়ারির পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
    • চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
    • চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  2. ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত‍্যাগ করেছেন

    ব্রিটেনের ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিক সিদ্দিক পদত‍্যাগ করেছেন।

    বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসার পর থেকেই তার ওপর পদত‍্যাগের চাপ বাড়ছিল।

    সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা, ভাই বোন ও খালার পাশাপাশি তাকেও অভিযুক্ত করা হয়েছে।

    তবে টিউলিপ সিদ্দিক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন ।

    হ্যাম্পস্টেড এবং হাইগেটের লেবার এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের স্ট্যান্ডার্ডস উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে পুরো ঘটনা তুলে ধরেছিলেন। সেই সাথে জোর দিয়েছিলেন যে তিনি কোনও ভুল করেননি।

    তিনি বলেন, ''স্যার লরি যখন দেখেছেন যে তিনি মন্ত্রী পর্যায়ের নিয়ম লঙ্ঘন করেননি, তারপরেও "এটা স্পষ্ট যে ট্রেজারির অর্থনৈতিক সচিব হিসেবে আমার ভূমিকা অব্যাহত রাখা সরকারের কাজ থেকে বিচ্যুতি ঘটাতে পারে।"

    লেবার এমপি এমা রেনল্ডসকে ট্রেজারির নতুন অর্থনৈতিক সচিব নিযুক্ত করা হয়েছে।

    টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, যে আসনটি প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আসন হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের লাগোয়া।

    মন্ত্রী হিসাবে টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক বাজারে দুর্নীতি মোকাবেলা করা।

    গত মাসে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগের তদন্তে নাম প্রকাশ করা হয়।

    তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের প্রধান। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যেতে বাধ্য হন।

    লন্ডনে তার খালার সহযোগীদের সাথে সম্পর্কিত সম্পত্তি ব্যবহারের কারণে সিদ্দিক তীব্র তদন্তের মুখোমুখি হয়েছেন।

    টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলছেন যে তিনি কোনও ভুল করেননি, কিন্তু প্রধানমন্ত্রীকে রক্ষণশীল নেতা কেমি ব্যাডেনোচের কাছ থেকে তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানানো হয়েছে।

    তার পদত্যাগপত্র গ্রহণ করে এক চিঠিতে স্যার কিয়ের স্টারমার বলেছেন যে তার জন্য "দরজা খোলা রয়েছে"। মন্ত্রী পর্যায়ের মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছেন যে তিনি সিদ্দিকের সাথে সম্পর্কিত "অন্যায্যতার কোনও প্রমাণ সনাক্ত করতে পারেননি"।

    "লন্ডনের সম্পত্তির মালিকানা বা দখলের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক অথবা তার স্বামীর নেয়া পদক্ষেপের সাথে সম্পর্কিত কোনও অনৈতিকতার প্রমাণ আমি খুঁজে পাইনি, যদিও এটি সংবাদমাধ্যমের মনোযোগের বিষয়বস্তুতে পরিণত হয়েছে।"

    "একইভাবে, আমি আওয়ামী লীগ (অথবা এর সহযোগী সংগঠন) বা বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত প্রশ্নবিদ্ধ সম্পত্তির মালিকানা বা দখল সম্পর্কিত কোনও অস্বাভাবিক আর্থিক ব্যবস্থার কোনও ইঙ্গিত পাইনি।"

    "এছাড়াও, আমি এমন কোনও প্রমাণ পাইনি যে মিসেস সিদ্দিক এবং/অথবা তার স্বামীর আর্থিক সম্পদ, যা আমার কাছে প্রকাশিত হয়েছে, বৈধ উপায় ছাড়া অন্য কোনও উপায় থেকে এসেছে।"

    কিন্তু তিনি বলেন, এটা "দুঃখজনক" যে সিদ্দিক তার ঘনিষ্ঠ পরিবারের বাংলাদেশের সাথে সম্পর্কের "সম্ভাব্য সুনাম ঝুঁকি সম্পর্কে ততটা সতর্ক ছিলেন না"।

  3. এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ১৬টি সম্পত্তি জব্দ

    এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

    পাশাপাশি তাদের ১৬টি সম্পত্তি জব্দেরও আদেশ দিয়েছেন আদালত।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।

    দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  4. ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৪৫৯ টাকা

    দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র ১২ কেজি সিলিন্ডারের দাম চার টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

    মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেয়া হয়। যা সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা, যা মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকায়।

    এছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়াও গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ২৭ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৭৮ পয়সা।

  5. জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক

    জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ কথা জানান।

    মি. আলম বলেন, “খসড়া ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও শ্রেণি–পেশার সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে”।

    তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেদিন হবে সেখানে প্রধান উপদেষ্টা, সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

    উপদেষ্টা মি. আলম বলেন, “যদি পাঁচই অগাস্ট বিকেলে আমরা ঘোষণাপত্র দিতাম, বা দুই দিন পর দিতাম তখন সেখানে যে মোমেন্ট তৈরি হতো তেমন একটি মোমেন্ট তৈরি করতে চাচ্ছি আমরা”।

    এই ঘোষণাপত্র প্রস্তুত ও ঘোষণা মতামতের ভিত্তিতেই বৃহস্পতিবার চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান।

    তিনি বলেন, “এটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এত বড় একটা অভ্যুত্থানের দলিল। এটা করতে সবাইকে সংযমের দিকে যেতে হবে”।

    জুলাই ঘোষণাপত্র সংবিধানে থাকবে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা মি. আলম বলেন, “সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে যদি জনগণ সরকারকে এই দায়িত্ব দেয় তাহলে”।

    “আর যদি না দেয় আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন তারা এই গণঅভ্যুত্থানের শক্তি হবেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন” যোগ করেন তিনি।

  6. সীমান্তে এখন কোন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক। সেখানে কোনো উত্তেজনা নেই”।

    মঙ্গলবার ময়মনসিংহে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, “ভারতীয় পক্ষ এখন আর কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। আগামী মাসে মহাপরিচালক পর্যায়ে বিজিবি ও বিএসএফ এর বৈঠক রয়েছে। সেখানে বিষয়টি তুলে ধরা হবে”।

    মি. চৌধুরী বলেন, “সীমান্ত নিয়ে দু'দেশের মধ্যে যে অসম চুক্তিগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে”।

    এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের বরাবর চিঠিও দেয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    সারের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “দেশে কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রশাসন ও পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে”।

  7. গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অবশেষে 'চুক্তির কাছাকাছি'

    ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবার শুরু হয়েছে। ওই আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, তারা এখন একটি 'চুক্তির কাছাকাছি' অবস্থায় পৌঁছেছে।

    গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা ও জিম্মিদের মুক্তির বিষয়ে ওই চুক্তি সম্পাদিত হতে পারে।

    কর্মকর্তারা আভাস দিয়েছেন, ইসরায়েল ও হামাস চুক্তির বিষয়ে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

    ওই আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছেন, ফিলিস্তিনি এমন একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে অবস্থান করে গত আট ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

    যদিও মুখোমুখি নয়, তদের মধ্যে আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন।

    এই বিষয়ে বিবিসি বাংলার প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন

  8. দুদকের মামলায় এসকে সুর কারাগারে

    নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

    আদালতে এস কে সুরের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. নাজমুল হোসেন আজ তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

    নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করায় গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরী, স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তাদের মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

  9. তিন্নি হত্যায় খালাস পেলেন সাবেক ছাত্রনেতা অভি

    মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ছাত্রনেতা গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত।

    মঙ্গলবার ঢাকার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার এ রায় ঘোষণা করেন।

    রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ মো. আবু জাফর রিজভী। পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

    মামলার শুরু থেকেই গোলাম ফারুক অভি পলাতক রয়েছেন। তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ইলিয়াস রতন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

    রায় ঘোষণার সময় তিন্নির পরিবারেরও কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

    এর আগে ২০২১ সালের ১৫ই নভেম্বর মামলাটি রায়ের জন্য নির্ধারিত ছিলো।

    ওইদিন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী রায় ঘোষণা না করে তারিখ পিছিয়ে দিয়েছিলেন।

    ২০০২ সালের ১০ই নভেম্বর রাতে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সফি উদ্দিন।

    এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী সরদার। এর পর তিন্নির লাশের ছবি পত্রিকায় ছাপা হলে সুজন নামে নিহতের এক আত্মীয় লাশটি শনাক্ত করেন।

    ২০০২ সালের ২৪ নভেম্বর মামলার তদন্তভার সিআইডিতে ন্যস্ত করা হয়। তদন্তের দায়িত্ব পান তৎকালীন সিআইডির পরিদর্শক ফজলুর রহমান।

    সর্বশেষ ২০০৮ সালের ৮ই নভেম্বর সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

  10. জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার

    রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের শুনানি মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে আজ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে ২১ জানুয়ারি মঙ্গলবার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- বাসসের খবরে বলা হয়েছে, শুনানিতে জামায়াতের আইনজীবীরা বলেছেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল।

    আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিশির মনির ও এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

    ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ২২শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেয় আপিল বিভাগ।

    এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়।

    ২০১৩ সালের পহেলা অগাস্ট একটি রিটের শুনানিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

    পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে পরে সেই আপিল শুনানিতে জামায়াতের আইনজীবীরা উপস্থিত না থাকায় আপিলটি খারিজের আদেশ দিয়েছিল আদালত।

  11. ‘দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না’

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “বাংলাদেশে আর ভারতের দাদাগিরি চলবে না। দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না”।

    মঙ্গলবার দুপুরে চিটাগাং রোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

    মি. আব্দুল্লাহ এসময় বলেন, “বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি আর এই বাংলাদেশে চলবে না”।

    রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, “পরবর্তীতে বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আসবেন তারা দিল্লিমুখী না হয়ে, ভারতমুখী না হয়ে, আপনারা জনতার মুখী হউন”।

    “যারা দিল্লিমুখী হয়েছে তাদেরকে আমরা ৪৫ মিনিটের মধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি”, যোগ করেন তিনি।

    বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে মি. আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যত ধরনের ব্যবস্থা আছে, যত ধরনের ম্যাকানিজম আছে তার সব চলছে”।

    জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবির কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত কর্মসূচিতে মি আব্দুল্লাহ অভিযোগ করেন বর্তমানে দেশের রাজনীতি থেকে তরুণদের মাইনাস করার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে।

  12. ৩১শে জানুয়ারির পর বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরতদের বিরুদ্ধে ব্যবস্থা

    অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আগামী ৩১ জানুয়ারির পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

    মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে অবৈধভাবে অবস্থানরতদের বিরুদ্ধে ‘দি ফরেইনার্স অ্যাক্ট ১৯৪৬’ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে”।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন।

    এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না, তাদের বিরুদ্ধে ' ‘দি ফরেইনার্স অ্যাক্ট ১৯৪৬’ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে”।

    বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী।

  13. দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ জন

    চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আইনের মামলা থেকেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

    মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়।

    একই আদেশে এই মামলায় ১৪ জন আসামির ৫ জন খালাস, বিভিন্ন মেয়াদে ৫ জনকে সাজা দেয়া হয়। এছাড়া এই মামলার অন্য আসামিদের মধ্যে ৪ জন মারা গেছেন।

    আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন।

    হাইকোর্টের আদেশের পর আইনজীবী মি. মনির সাংবাদিকদের জানান, এই মামলায় খালাসের পর আজই মুক্তি পেতে পারেন মি. বাবর।

    মঙ্গলবার এই মামলার শুনানিতে উলফা নেতা পরেশ বড়ুয়াসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে হাইকোর্ট।

    এর আগে গত ১৮ই ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া চোরাচালান মামলায় ফাঁসির সাজা থেকে খালাস পান বাবর।

    বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালের ৬ই ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।

    একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দণ্ডপ্রাপ্ত আসামিরা।

    ২০১৪ সালের ৩০ই জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের দায়ে লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়।

    ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করার ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেছিল।

    খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ২০০১-২০০৬ সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি।

    বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের এ চালান আটক করা হয় ২০০৪ সালের পহেলা এপ্রিল রাতে।

  14. নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২১শে জানুয়ারি

    নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে ফের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১শে জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

    মঙ্গলবার ছয় জনের সাক্ষ্যগ্রহণের পর ঢাকার বিশেষ জজ আদালত এ তারিখটি নির্ধারণ করে।

    কানাডার জ্বালানি কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১০,০০০ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে এই মামলাটিও হয় ২০০৮ সালে।

    বাংলাদেশে তখন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল।

    মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছিলো, কারণ এই চুক্তিটি প্রথম করা হয়েছিলো ১৯৯৬ সালে, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

    পরে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আদালত শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়।

    তবে মামলাটি রয়ে যায় এবং আসামি হিসাবে থেকে যান খালেদা জিয়া।

  15. অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের অনশন চলছে

    চাকরিতে পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০-তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

    আজ মঙ্গলবার সকাল থেকে তারা উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন।

    আন্দোলনকারীরা জানান, গতকাল সোমবার বিকাল চারটার দিকে শিক্ষানবিশ এসআইদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলো। কিন্তু সচিবালয় থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়নি।

    শিক্ষানবিশ এসআইদের দাবি, তাদেরকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

    এর আগে, গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে 'আমরণ অনশনের' ঘোষণা দিয়েছিলেন তারা।

  16. চলতি বছরের জুলাই-অগাস্টের মাঝেই নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

    চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দলের চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মি. আলমগীর।

    এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন যে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে।

    তার সেই বক্তব্যের প্রতিক্রয়ায় বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি, এত বিলম্বিত করার কোনও কারণ নেই। এখন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সরকারের মাঝেও মোটামুটি স্থিতিশীলতা এসেছে, নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিটির প্রতিবেদনও এ মাসে এসে যাবে…সুতরাং, আর বিলম্বিত করার কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না।”

    “জুলাই-অগাস্টের মাঝেই নির্বাচন সম্ভব” উল্লেখ করে তিনি দলের পক্ষ থেকে “সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ে” নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

    তার মতে, নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে।

  17. জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের রায় কাল

    বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার।

    আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেছেন।

    মিজ জিয়ার আইনজীবী কায়সার কামাল মঙ্গলবার সাংবাদিকদের সাথে বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। “এই মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ সকল আসামি আগামীকাল খালাস পাবেন।”

    তিনি এও বলেন যে এই মামলাটি দেওয়াই হয়েছিলো রাজনৈতিক উদ্দেশ্যে যাতে করা খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সেই সাথে, আওয়ামী লীগের শাসনকাল দীর্ঘায়িত করার জন্য।

    এসময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলো যে যদি রায় খালেদা জিয়ার বিরুদ্ধে যায়? উত্তরে তিনি বলেছেন, “যদি’র কোনও প্রশ্ন নাই।” উপস্থিত অন্যান্য আইনজীবীও তার কথায় মত দিয়েছেন।

    মূলত, ২০০৮ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। এই মামলাতেই সাজা পেয়ে দুর্নীতির দায়ে প্রথমবারের মতো কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। এর আগে তাকে অন্তরীণ হতে হয়েছিল রাজনৈতিক কারণে।

    ২০১৮ সালের আটই ফেব্রুয়ারি পুরনো ঢাকার বিশেষ আদালতের বিচারক তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ওইদিনই কারাগারে যান তিনি। সেই থেকে প্রায় ছয় বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি।

    এ মামলার অভিযোগ ছিল, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি ১০ লাখের বেশি টাকা প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে জিয়া অরফানেজ ট্রাস্টের দেয়া হলেও, তা এতিম বা ট্রাস্টের কাজে ব্যয় করা হয়নি। বরং সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

    রায়ে খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, যিনি এখন ব্রিটেনে বসবাস করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন, তাকেও দশ বছর কারাদণ্ড দেয়া হয়।

    এই মামলা সম্বন্ধে আরও জানতে পড়তে পারেন…