আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, ওয়াশিংটনে ইউরোপীয় নেতারা

ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। এই বৈঠক ঘিরে ইউরোপের শীর্ষ নেতারাও ওয়াশিংটনে পৌঁছেছেন। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহিন সরকারকে বহিষ্কার করেছে এনসিপি। বাংলাদেশে পুলিশের সাবেক প্রধান জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা নিয়ে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি হলে সেটা কার্যকরের বিষয়টি নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। এই বৈঠক ঘিরে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউরোপের শীর্ষ নেতারাও।
    • দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি। এর আগে সোমবার ডাকসু নির্বাচনে অন্য একটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন মাহিন সরকার।
    • ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
    • ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগসহ গত বছরের ৪ঠা আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
    • ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি 'নাটক' সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • প্রথমবারের মতো প্রকাশ্যে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছে। ওদিকে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ‘একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সাথে মিলে মব উস্কে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে’ বলে অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘মব সন্ত্রাস বন্ধ করার চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • মিয়ানমারে ২০২১ সালে ক্ষমতা দখলের পর প্রথমবার নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার।
  2. ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক, ওয়াশিংটনে ইউরোপীয় নেতারা

    ইউক্রেন ইস্যুতে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    হোয়াইট হাউজে স্থানীয় সময় দুপুর একটা ( বাংলাদেশ সময় রাত ১১টার দিকে) এই বৈঠকটি শুরু হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল।

    বৈঠকের আগে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে অনেক অগ্রগতি হচ্ছে।

    তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি হলে সেটা কার্যকর করার বিষয়টি নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।

    অন্যদিকে জেলেনস্কি মন্তব্য করেছেন, কূটনৈতিকভাবে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনায় ইউক্রেনের সমর্থন আছে।

    ইউক্রেন যুদ্ধ নিয়ে এই আলোচনায় অংশ নিতে ইউরোপীয় নেতারাও ওয়াশিংটনে এসেছেন। ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ড. ইইউ ও নেটোর শীর্ষ নেতাদেরও ওয়াশিংটনের আলোচনায় যোগ দেয়ার কথা রয়েছে। তাদের অংশগ্রহণকে ইউক্রেনের পক্ষে জোরালো সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

    এদিকে যখন এই আলোচনা চলছে, তখন মস্কো এক ঘোষণায় বলেছে, শান্তির অংশ হিসেবে ইউক্রেনে নেটোর কোনো উপস্থিতি তারা মানবে না।

  3. যুগ্ম- সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে এনসিপি

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি।

    বুধবার রাতে একটি নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

    ওই নোটিশে বলা হয়েছে, গুরুতর দলীয় শঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্বপদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।

    সোমবার থেকেই এই বহিষ্কার আদেশ কার্যকর হয়েছে বলে ওই নোটিশে বলা হয়েছে।

    সোমবারই ডাকসু নির্বাচনের জন্য 'ডিইউ ফার্স্ট' প্যানেলে সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন মাহিন সরকার।

    স্বাধীন বাংলাদেশে ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদকে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাহিন সরকার ওই প্যানেলে ফর্ম সংগ্রহ করেছিলেন।

    এরপরেই দল থেকে তার বহিষ্কারের এই আদেশ এলো।

  4. ওয়াশিংটনে বৈঠকের জন্য আসতে শুরু করেছেন ইউরোপিয়ান নেতারা

    ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর নেতাদের সাথে ডোনাল্ড ট্রাম্প আর ভলোদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউজে বৈঠকের আগে ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছে ইউরোপিয়ান নেতারা।

    এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ওয়াশিংটনে পৌঁছেছেন।

    ইতালি, জার্মানি, ফ্রান্স ও ফিনল্যান্ডের শীর্ষ নেতাদেরও এই বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

    হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে হতে যাওয়া এই বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন যে, “আমরা এর আগে কখনো একসাথে এতজন ইউরোপিয়ান নেতাকে একসাথে পাইনি। আমেরিকার জন্য এটি বিশাল সম্মানের বিষয়। দেখা যাক ফলাফল কী দাঁড়ায়।”

    যুক্তরাষ্ট্র সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় রাত ১১টা) দিকে শুরু হতে যাওয়া ঐ বৈঠকের আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্টের সাথে ভলোদিমির জেলেনস্কি ‘প্রস্তুতিমূলক বৈঠক’ করছেন বলেও জানা যাচ্ছে।

    ওয়াশিংটনে যখন এই বৈঠকের প্রস্তুতি চলছে তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন বলে জানা যাচ্ছে।

    অন্যদিকে এই সময়ে ইউক্রেনের কয়কেটি জায়গায় রাশিয়ার হামলায় অন্তত সাতজন মারা গেছে বলেও জানা যাচ্ছে।

  5. ‘একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সাথে মিলে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করছে’: ছাত্রদল

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ‘একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সাথে মিলে মব উস্কে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে’ বলে অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

    ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম গ্রহণের শেষদিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে এই সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

    সংবাদ সম্মেলনে ‘একদল শিক্ষার্থী ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে’ বলে অভিযোগ তোলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

    ‘মব উস্কে দিয়ে’ ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

    এই ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছে বলে তারা জানিয়েছে, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান করা হয়েছে।

  6. ‘মব জাস্টিস' শেষ হয়ে গেছে বলবো না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার ‘মব’ সন্ত্রাস বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।

    সরকারের আইন-শৃঙ্খলা কমিটির ১২তম সভার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মব ভায়োলেন্স নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি বলবো না যে মব জাস্টিস বন্ধ হয়ে গেছে।"

    সেসময় এ মাসের শুরুতে রংপুরে দুই হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার আশেপাশে কমলেও কিছু এলাকায় মব’ সন্ত্রাস চলছেই।

    “আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়”, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  7. ডাকসু নির্বাচনে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলে সহ সভাপতি পদে প্রার্থী হয়েছেন শামসুন্নাহার হলের ভিপি হিসেবে দায়িত্ব পালন করা শেখ ইতি আফরোজ ইমি। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উইনিয়নের সভাপতি মেঘমল্লার বসু।

    সেপ্টেম্বরের ৯ তারিখ হতে যাওয়া ডাকসু নির্বাচনের জন্য ১৯শে অগাস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ২৫শে অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬শে অগাস্ট।

  8. ছাড়তে হবে ক্রাইমিয়া ফেরত ও নেটোয় যোগদানের আশা, জেলেনস্কির সাথে বৈঠকের আগে ট্রাম্প

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্থায়ীভাবে যুদ্ধের অবসান চাইলে ইউক্রেনকে ক্রাইমিয়া ফেরত পাওয়া বা নেটোয় যোগদানের আশা ছাড়তে হবে।

    ট্রুথ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ''ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেকটা তাৎক্ষণিকভাবে রাশিয়ার সাথে এই যুদ্ধ শেষ করতে পারেন, যদি তিনি চান, অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন।’’

    "মনে করে দেখুন, কীভাবে এটি শুরু হয়েছিল, ওবামার আমলে ক্রাইমিয়া চলে গিয়েছিল (১২ বছর আগে, তখন একটাও গুলি ছোঁড়া হয়নি) আর ইউক্রেনের কখনো নেটোতে যোগদান হবে না। কিছু জিনিস কখনো বদলায় না!!’’ লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।

    ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর একটা নাগাদ (বাংলাদেশ সময় রাত ১১টা) হোয়াইট হাউজে জেলেনস্কির সাথে ট্রাম্পের বৈঠক হবে। সেই সময় ইউরোপীয় নেতাদের সাথেও ট্রাম্পের বৈঠক হবে।

    ওই বৈঠকে কিছু শর্ত মেনে নেওয়ার জন্য জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প চাপ দিতে পারেন বলে ইউরোপীয় নেতারা আশঙ্কা করছেন।

    পাশপাশি ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর নেতারাও হোয়াইট হাউজে বৈঠকে থাকবেন। ইউরোপীয় নেতাদের মধ্যে ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের নেতাদের থাকার কথা রয়েছে।

    তাদের এই বৈঠক হতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাস্কায় কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর। সেই বৈঠকে স্থায়ীভাবে যুদ্ধের অবসান করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

  9. ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী ঘোষণা

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্রশিবির।

    নব্বইয়ের দশকে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে না দেওয়ার বিষয়ে ঐকমত্য ছিল তৎকালীন অধিকাংশ ছাত্র সংগঠনের মধ্যে। এরপর থেকে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেয়নি।

    গত বছর পাঁচই অগাস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা- কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন।

    ছাত্রশিবির সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে যেখানে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন এস এম ফরহাদ।

    শিবির তাদের প্যানেলে দুইজন নারী সদস্যের নামও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

    (এই সংবাদে এর আগে সত্তর এবং আশির দশকের সাবেক ছাত্রনেতাদের বরাতে বলা হয়েছিল, বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রকাশ্যে প্যানেল ঘোষণা দিয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচন করতে যাচ্ছে। তবে তখনকার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর থেকে ছাত্রশিবিরের ডাকসু নির্বাচনের তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেই পরিপ্রেক্ষিতে তথ্যটি সংশোধন করা হয়েছে।)

  10. মিয়ানমারে ক্ষমতা দখলের পর প্রথম নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের

    মিয়ানমারে ২৮শে ডিসেম্বর নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

    ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচন আয়োজনের ঘোষণা দিল সেনা সমর্থিত জান্তা সরকার। ঐ দফায় ক্ষমতা দখল করার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সু চিকে কারাগারে পাঠানো হয়।

    এর আগে সেনা সমর্থিত জান্তা সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানালেও মিয়ানমারের বিভিন্ন জায়গায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতার কারণে নির্বাচনের পরিকল্পনা পেছাতে হয় তাদের।

    এর আগে ২০১৫ সালে অং সান সু চি’র নেতৃত্বে ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) পার্টি নির্বাচনে বিজয়ী হয়। ঐ নির্বাচন ছিল ১৯৯০ সালের পর অনুষ্ঠিত হওয়া মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন।

  11. দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁস করার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

    ওয়্যারলেসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

    রোববার রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। অভিযুক্ত চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত ছিলেন।

    ফাঁস হওয়া ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিন মিনিট নয় সেকেন্ডের ভিডিও চিত্রে একজনকে হাতে ওয়্যারলেস ধরে রাখতে দেখা যায়।

    সেখানে কোন অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। দাবি করা হয় এই কণ্ঠ সিএমপি কমিশনার হাসিব আজিজের। এরপরই সিএমপির পক্ষ থেকে ওই বার্তা ফাঁসকারী ব্যক্তিকে খোঁজা শুরু হয়।

    ওয়্যারলেসে বার্তা দেওয়া হয়, "পুলিশের কোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করা মাত্র, সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে, সেটা ধারালো অস্ত্র হতে পারে। পুলিশের কোন টহল পার্টির সামনে এ ধরনের অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোন সন্দেহ নাই। এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। হয় মাথায় গুলি করবে, বুকে করবে নাহলে পেটে করবে। সরকারি গুলি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।"

    খুলশী থানা পুলিশ জানায়, গত সোমবার ১১ই অগাস্ট রাত ২টায় চট্টগ্রাম মহানগরের সল্টগোলা এলাকায় মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের হামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরদিন মঙ্গলবার রাতে ওয়্যারলেসে সিএমপির সব সদস্যের উদ্দেশে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ আসে।

  12. সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি 'নাটক' সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগে মামলায় পরোয়ানা জারি করা হয়।

    সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

    ২০১৬ সালের ৮ই অক্টোবর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পুলিশের সহায়তায় গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে অভিযান চালায়। সেখানে সাত জন নিহত হন।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বিবিসি বাংলার কাছে অভিযোগ করেন, ওই ঘটনায় নিহত সাত যুবককে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই দোতলা ভবনে আটকে রেখে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিলো।

    তিনি একে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, ওই সাত যুবকের কারো কোনো জঙ্গি সম্পৃক্ততা ছিলো না বলে তদন্তে উঠে এসেছে।

    গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বাকি চারজনের মধ্যে তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান মনিরুল ইসলামসহ অভিযানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নাম রয়েছে বলে জানান মি. ইসলাম।

    উল্লেখ্য, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগের ব্যাপারে গোয়েন্দা নজরদারি শুরু করেছে দুদক।

  13. সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার

    ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    রোববার রাতে ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তরের পর জেলার একটি আদালতে তোলার কথা রয়েছে।

    তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

    এছাড়া গত বছরের ৪ঠা আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলারও আসামি তিনি।

    এসব মামলায় শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করার কথা জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নেওয়া হচ্ছে।

    শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।

    ২০২৪ সালের ২৪শে মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক অপুকে জেলা আওয়ামী লীগের সভাপতির শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়।

  14. ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

    ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

    সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

    সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

    সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।