মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্কে (রেসিপ্রোকাল ট্যারিফ) কিছুটা ছাড় এবং খাতভিত্তিক সুবিধা পাওয়ার বিষয়ে সতর্ক আশাবাদ তৈরি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
- যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একজন ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়নসকে শুক্রবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অমান্যের কারণে তাকে আদালত অবমাননার মুখোমুখি করা হতে পারে বলেও সতর্ক করেছেন বিচারক।
- বিএনপি এতই খারাপ হলে ২০০১ সালে দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি? – মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে এই প্রশ্ন করেছেন।
- ১২ই ফেব্রুয়ারি, ভোটের দিন সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেছেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে সতর্ক থাকতে হবে।
- জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আজ হাবিবুল্লাহ বাহার কলেজের এক অনুষ্ঠানে ডিম নিক্ষেপ করা হয়েছে।
- হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা "মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে" ঘটেছে এবং "ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে," বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম।
- হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না, বলেছেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডি'র সভাপতি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম।
- নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার পেছনে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দুষলেও এনসিপি'র ওই অভিযোগকে নাকচ করে দিয়েছেন মির্জা আব্বাস।
- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতেই ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে।
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
- দক্ষিণ পূর্ব কলকাতায় একটি মোমো তৈরির কারখানা আর সংলগ্ন গুদামে সোমবার ভোররাতে আগুন লাগার ঘটনায় অন্তত আটজনের দেহাংশ উদ্ধার করা গেছে। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পাওয়া তথ্য অনুযায়ী, তখনও পর্যন্ত আরও অন্তত ১৪-১৫ জন নিখোঁজ রয়েছেন।
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
- ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১শে জানুয়ারি প্রথমবারের মতো সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র মহিলা বিভাগ। ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে ওইদিন সকাল সাড়ে ১০টায় এই ‘প্রতিবাদী সমাবেশ’ শুরু হবে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...
















