আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারতের বক্তব্য নাকচ করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, দিল্লিতে শনিবার রাতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল। এদিকে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে— যাকে বলি বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড, এ রকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে।”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ রবিবার সারাদিনে যা যা হলো:

    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আস্থার পরিবেশ তৈরি করতে শিগগিরই মাঠ পর্যায়ে যৌথবাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে নির্বাচন ভবনে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে কমিশন।
    • লক্ষীপুরে ‘দরজায় তালা দিয়ে ঘরে আগুন দেয়ার’ ঘটনায় ‘প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে কোনো দুর্বৃত্তকারী কিংবা কোনো মবের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি’ বলে জেলা পুলিশ তাদের এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছিলো, তাদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে তারা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা বলছে। এদিকে, ইনকিলাব মঞ্চ তাদের দাবি পূরণ হয়নি জানিয়ে পরবর্তী কর্মসুচির জন্য কাল সংবাদ সম্মেলন ডেকেছে।
    • ভারতের দিল্লিতে শনিবার রাতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল। এ সময় হাইকমিশনারকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
    • তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে শ্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।
    • বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "আমরা চেয়েছিলাম ডেমোক্রসি, কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি? তাকে কেন লালন করা হবে?”
    • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ জন ডিন পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ রাতে সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে আজ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ- রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের ডিনদের পদত্যাগপত্র তৈরি করে স্বাক্ষর নেওয়ার জন্য তাদের খোঁজ করেছেন, কিন্তু তারা কেউ বিশ্ববিদ্যালয়ে আজ আসেননি বলে তার ভেরিফায়েড ফেসবুক পাতায় জানিয়েছিলেন।
    • বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রথম প্রধান এ.কে. খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা আজ অনুষ্টিত হয়েছে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধানগণসহ সামরিক বেসামরিক ব্যক্তিরা অংশ নিয়েছেন।
    • আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে শিগগিরই অভিযান: নির্বাচন কমিশন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আস্থার পরিবেশ তৈরি করতে শিগগিরই মাঠ পর্যায়ে যৌথবাহিনীর অপারেশন চালু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সরকারি বার্তা সংস্থা বাসস এ খবর দিয়েছে।

    আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন।

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন তারা যৌথবাহিনীর অভিযানের নির্দেশনা দিয়েছেন, যার লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবার উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।

    “সার্বিকভাবে সাধারণ মানুষ, ভোটার ও প্রার্থী ও দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক চেকপয়েন্ট অপারেশনের উপর গুরুত্ব দিয়েছি। যেসব এলাকায় অস্ত্রের আনাগোনা আছে মর্মে জানা যায়, ওইসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ব্যাপারে বলা হয়েছে,” বলেছেন তিনি।

    যদিও তিনি বলেছেন যে, সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে বলে মনে করছেন তারা।

    “যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায় এগুলো সব চিহ্নিত করেছি। জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয় সে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, তাদের টার্গেট মূলত শহর এলাকাভিত্তিক। তারা সম্ভবত খুব অর্গানাইজভাবে টার্গেটেড কর্মকাণ্ড করছে। যাতে এটার প্রভাব জনমনে শঙ্কা ছড়িয়ে পড়ে। এগুলো সব চিহ্নিত করা হয়েছে,” বলেছেন মি. সানাউল্লাহ।

    তিনি জানান, জনমনে যাতে স্বস্তি ফেরত আসে, মানুষ যেন আশ্বস্ত হয়, দলগুলো যাতে যথাযথভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, নির্বাচনী তফসিল অনুযায়ী সব কাজ যেন নির্বিঘ্ন হতে পারে সে নির্দেশনা তারা দিয়েছেন।

  3. লক্ষীপুরে ঘরে তালা দিয়ে আগুন দেয়ার ঘটনায় নাশকতার জোরালো প্রমাণ নেই, দাবি পুলিশের

    লক্ষীপুরে ‘দরজায় তালা দিয়ে ঘরে আগুন দেয়ার’ ঘটনায় ‘প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে কোনো দুর্বৃত্তকারী কিংবা কোনো মবের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি’ বলে জেলা পুলিশ তাদের এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে।

    শনিবার পুলিশের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো: আবু তারেক।

    বিজ্ঞপ্তিতে একই সঙ্গে বলা হয়েছে, “বর্তমানে আগুন লাগা বা লাগানোর বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো দুর্বৃত্ত কর্তৃক ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগানোর তথ্যাদি পাওয়া গেলে উক্ত বিষয়ে আইনুনাযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিস্তারিত জানানো হবে”।

    এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বিবিসি বাংলাকে জানিয়েছেন যে এ ঘটনায় এখনো কোনো মামলা বাদীপক্ষ করেনি।

    “বাইরে থেকে তালা দিয়ে আগুন দেয়ার স্বপক্ষে জোরালো কোনো প্রমাণ আমরা পাইনি। তারপরেও বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে”।

    যদিও শুক্রবার রাতে ওই ঘটনার পর দেশের সব গণমাধ্যমেই স্থানীয় বিএনপির এক নেতার ঘরের দরজায় তালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়ার খবর উঠে এসেছিলো।

    ওই ঘটনায় সাত বছর বয়েসী একটি শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার অন্য দুই মেয়ে।

    ঘটনার পর শনিবার সাংবাদিকরা পরিবারের বরাত দিয়ে জানিয়েছিলেন যে, বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।

    কিন্তু শনিবারই পরে পুলিশের দেয়া এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ বলেছে, ‘প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে কোনো দুর্বৃত্তকারী কিংবা কোনো মবের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি”।

  4. হাদির হত্যাকারীর অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছিলো তাদের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে ঘটনাটির গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে জানিয়ে পুলিশ বলছে যে যাদের নাম এসেছে তাদের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সন্দেহভাজন আসামী বর্ডার পার হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

    “অনেক সময় অপরাধীরা বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থান গোপন করার প্র্রয়াস চালায়। এটা তেমন প্রচেষ্টা হতে পারে। দেশের ভেতরে কোথায় আছে সে বিষয়ে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। দেশের ভেতরে কোথাও আছে কি-না, থাকলে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চলমান আছে,” বলছিলেন তিনি।

    সচিবালয়ে এই যৌথ সংবাদ সম্মেলনে এসে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বিজিবির পক্ষ থেকে হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি ফয়সালকে ধরার বিষয়ে তাদের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন।

    এতে বিভিন্ন বাহিনী এ বিষয়ে তারা যেসব কর্মকান্ড পরিচালনা করেছে সেগুলোর বিবরণ দিয়েছেন।

    এর আগে শনিবার শাহবাগের সমাবেশ থেকে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলো ইনকিলাব মঞ্চ।

    এদিকে, আজ রাতে ইনকিলাব মঞ্চ তাদের দুই দফা দাবি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।

    আজ রবিবার ফেসবুকে দেয়া পোস্টে সংগঠনটি বলেছে, “দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবীর ১ দফাও মানা হয় নাই।স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয় নাই”।

    এই প্রেক্ষাপটে পরবর্তী কর্মসূচী ও দাবী নিয়ে কাল সংবাদ সম্মেলন ডাকার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

    প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি।

    পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান তিনি।

    শনিবার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়েছে।

  5. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিন পদত্যাগ করেছেন, দিনে তাদের খুঁজেছেন জিএস আম্মার

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ জন ডিন পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ রাতে সাংবাদিকদের জানিয়েছেন।

    এর আগে আজ দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ- রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয়ের ডিনদের পদত্যাগপত্র তৈরি করে স্বাক্ষর নেওয়ার জন্য তাদের খোঁজ করেছেন, কিন্তু তারা কেউ বিশ্ববিদ্যালয়ে আজ আসেননি বলে তার ভেরিফায়েড ফেসবুক পাতায় জানিয়েছিলেন।

    ডিনদের পদত্যাগের দাবিতে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল দিনের বেলায়।

    জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিনের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

    এর প্রতিবাদেই ও ডিনদের পদত্যাগের দাবিতে আজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছেন সালাউদ্দিন আম্মার।

    এ সময় বিভিন্ন কার্যালয়ে গিয়ে যারা তালা দিয়েছে, তারা ক্যাম্পাসে মি. আম্মারের অনুসারী হিসেবে পরিচিত বলে সাংবাদিকরা জানিয়েছেন।

    কর্মসূচি পালনের সময় তিনি নিজেই সাংবাদিকদের সামনে ডিনদের ফোন করেন।

    ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় বিকেল ৪টা ৫১ মিনিটে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন "কল দিছিলাম একজনের পায়ে ব্যাথা, একজন এন্টিবায়োটিক খাইতেছে, ৩জন অসুস্থ, একজন রাজশাহীর বাইরে। পদত্যাগপত্র আমার বন্ধু মব AAB Zubairএর অনুপ্রেরণায় বানানো”।

    এর আগে বেলা ১২টা ৫০ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছিলেন যে তিনি শিক্ষকদের একটি তালিকা করেছেন যারা তার ভাষায় “বিগত জুলাইয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা”।

    ওই পোস্টে তিনি লিখেছেন “ ১.আওয়ামীপন্থী ৬জন ডিনের কেউ ক্যাম্পাসে আসেনি, তাদের কল দেওয়া হয়েছিলো তখন তারা জানিয়েছে তারা ভিসি মহোদয়কে জানিয়েছে তারা দায়িত্বে থাকবেনা। এখন দেখতে চাই ভিসি কি সিদ্ধান্ত নেন। ২. তৎকালীন ভিসি, প্রো-ভিসি ক্লাস নেওয়ার খবর পেয়ে আজ গিয়েছিলাম তারাও একরকম পলাতক। ৩. নোমানী হত্যা মামলার ১১ নম্বর আসামী আইইআর বিভাগের শিক্ষক ফয়সাল Excursion এ গিয়েছেন শিক্ষার্থীদের সাথে”।

    ওই পোস্টে তিনি আরও লিখেন “ এবং আজ মোটামুটি সব দপ্তরে আওয়ামীপন্থীদের দপ্তরগুলো তালাবদ্ধ। আমিও এটাই চাই, বিচার না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকুক। সাথে সাথে একটা তালিকা করেছি বিগত জুলাইয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করা শিক্ষকদের”।

  6. দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ভারতের বক্তব্য নাকচ ঢাকার

    ভারতের দিল্লিতে শনিবার রাতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থীদের' একটি দল।

    এ সময় হাইকমিশনারকে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

    তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে শ্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।

    যদিও ভারতের এ বক্তব্য নাকচ করে দিয়েছেন তৌহিদ হোসেন। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, “আমাদের মিশন কুটনৈতিক এলাকার অনেকটা ভেতরে। হিন্দু চরমপন্থীদের ২৫ জনের একটি দল এতদূর পর্যন্ত আসতে পারবে কেনো। তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে”।

    প্রসঙ্গত, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় দিপু চন্দ্র দাস নামে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। যদিও এ ঘটনায় 'ধর্ম অবমাননার' কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

    র‍্যাব ও স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে এবং বাকীদের ধরতে অভিযান চলছে।

  7. ময়মনসিংহ ও লক্ষীপুরের মব সহিংসতার ঘটনায় আসকের নিন্দা

    ভালুকায় পুড়িয়ে হত্যা আর লক্ষ্মীপুরে আগুনে শিশু হত্যায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) ময়মনসিংহের ভালুকা ও লক্ষ্মীপুর জেলায় সংঘটিত দুটি পৃথক ‘ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের’ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ করেছে।

    সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, “এ সকল ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। ময়মনসিংহের ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে গত ১৮ ডিসেম্বর পরিকল্পিত মব তৈরি করে সংঘবদ্ধভাবে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

    পরবর্তীতে তাঁর মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র অবস্থায় ঝুলিয়ে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে লক্ষ্মীপুর জেলায় ১৯শে ডিসেম্বর রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় ঘরের ভেতরে থাকা সাত বছর বয়সী এক শিশুকন্যা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।

    এসব ঘটনার বিবরণ তুলে ধরে আসক তাদের বিবৃতিতে বলেছে, “এ ধরনের নৃশংস সহিংসতা আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ থাকছে না। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর, দৃষ্টান্তমূলক ও বিচার নিশ্চিত না হওয়ায় এক ধরনের দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে। কেবল ঘটনার পর আটক বা গ্রেপ্তার করলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না”।

    বিবৃতিতে আরও বলা হয়, “এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের পাশাপাশি উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং সংঘবদ্ধ সহিংসতায় মদদ দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে, এ ধরনের ঘটনার পেছনে থাকা প্রশাসনিক ব্যর্থতার বিষয়গুলোও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন”।

  8. মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত

    বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রথম প্রধান এ.কে. খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা আজ অনুষ্টিত হয়েছে।

    এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধানগণসহ সামরিক বেসামরিক ব্যক্তিরা অংশ নিয়েছেন।

    এ.কে. খন্দকার নামে পরিচিত হলেও তার পুরো নাম আবদুল করিম খন্দকার।

    শনিবার আইএসপিআর তার মৃত্যুর খবর জানায়।

  9. ‘চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন সেটি হয়ে যাবে মবোক্রেসি’, সংবাদপত্রে হামলার বিষয়ে সালাহউদ্দিন আহমদ

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পত্রিকা সমাজের দর্পণ, কিন্তু এখন বলা যায় এ মুহুর্তে সমাজের সেই দপর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।

    “বেশ কিছুদিন ধরে গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে হামলা করতে দেখেছি। অনুমান করা উচিত ছিলো। কিছু স্থাপনায়, কিছু ঠিকানায় যেভাবে মবোক্রেসিকে এলাউ করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা চেয়েছিলাম ডেমোক্রসি, কিন্তু সেটি কেন হয়ে যাবে মবোক্রেসি? তাকে কেন লালন করা হবে?” প্রশ্ন তোলেন মি. আহমদ।

    তিনি রোববার ঢাকায় সম্পাদক, বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলছিলেন।

    দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় ফেরা উপলক্ষ্যে ওই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। ২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা মি. রহমানের বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

    সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে— যাকে বলি বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড, এ রকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার”।

    তিনি বলেন, এ ঘটনায় সরকারের দায়িত্ব ছিলো বেশি, কারণ এমন প্রেডিকশন অনুমান ইন্টিলিজেন্স রিপোর্টে থাকে।

    “আমরাও জেনেছি সেই ইন্টিলিজেন্স রিপোর্ট। কিন্তু সেটা আমলে নেয়া হলো না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে বলার পরেও এক দেড় ঘন্টা পর কেন রেসপন্স হলো?"

    "নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব যারা নিয়েছেন, এ জায়গায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমি সরকারের দুর্বলতার দিকে ইঙ্গিত করছি। এগুলো কঠোর হাতে দমন করা উচিত ছিলো”।

    আরো পড়তে পারেন:

  10. ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা

    ছায়ানট ভবনে ১৯শে ডিসেম্বর গভীর রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    রোববার ধানমন্ডি থানায় এ মামলাটি করা হয়েছে।

    ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, মামলায় তিন শতাধিক অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে।

    কোন ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

    বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম ঐহিত্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।

    হামলার পর রাত সাড়ে তিনটার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায়, ভবনটিতে পরিচালিত 'ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের' ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা ঘোষণা দেয়া হয়।

    ঘটনার পরে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সিসি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    আরো পড়তে পারেন:

  11. সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ছয় শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত

    আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

    জানাজার আগে জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসফা-এর চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার মি. বরিস-এফ্রেম চৌমাভি বক্তব্য রাখেন।

    গত ১৩ই ডিসেম্বর সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং নয়জন শান্তিরক্ষী আহত হন।

    আহতদের মধ্যে আট জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে।

    আরো পড়তে পারেন:

  12. অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

    চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশ।

    সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণায়।

    আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে বলেছে, "সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।"

    "পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।"

    বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে অবস্থান নেয় একদল লোক।

    লাঠিচার্জ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়ার আগে কয়েকজনকে সহকারী হাইকমিশনারের বাসভবনে ঢিল ছুঁড়তে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে।

    পরে পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ১২ জনকে আটক করে।

    এর আগে, ১৭ই ডিসেম্বর জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলে নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে বুধবার দুপুরে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক বন্ধ করে দেয়া হয়।

    তবে পরদিন ১৮ই ডিসেম্বর পুনরায় চালু হয় ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

    আরো পড়তে পারেন:

  13. শনিবার সারাদিন যা যা হলো

    * জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরেই দাফন করা হয়।

    * শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার বিকাল সোয়া পাঁচটার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

    * দুপুর আড়াইটায় ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

    * জানাজার নামাজের আগে প্রধান উপদেষ্টা বলেন , “তোমাকে আমরা বিদায় জানাতে আসি নাই আজ, তুমি আমাদের বুকের ভেতরে আছে, সকল বাংলাদেশির বুকের ভেতরে তুমি আছো।”

    * জানাজা নামাজের আগে ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া হাদির হত্যাকারিদের ধরতে সরকার কী করেছে - তা সবার সামনে এসে না জানালে ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগের আহ্বান জানানো হয় সেখানে।

    * ওসমান হাদির জানাজা শেষে সেখানে উপস্থিত এক দল লোক সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন।

    * লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান।

    * ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে হত্যার ঘটনায় সাত জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

    * লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।

    * বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন।

    * সন্ত্রাস ও সহিংসতা সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। রিপোর্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর: 01308332592 এবং ইমেইল অ্যাড্রেস: notify@ncsa.gov.bd বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে