আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

১১ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে

আগামী ১১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে ৫২৭টি থানায় ওসি পদে পরিবর্তন আনা হয়েছে। এদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো

    • হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়া এখন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
    • খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।
    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনাকারীদের ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
    • বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • আগামী ১১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এবার ভোটের সময় একঘণ্টা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে ইসি।
    • বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
    • বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই সারাদেশে পুলিশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদে পদায়ন করা হয়েছে।
    • প্রায় এক মাস পর মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরই তার বোন উজমা খান কারাগারে সাক্ষাৎ করেছেন ইমরান খানের সাথে।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। বুধবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেছেন তিন বাহিনী প্রধান

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

    মঙ্গলবার রাতে তারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ খবর নিতে যান বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইসপিআর।

    এর আগে গত ২৩শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

    এরপর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

    মঙ্গলবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়া এখন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

    তিনি জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  3. ১১ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে

    আগামী ১১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়গুলোকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামী সাত থেকে ১১ই ডিসেম্বরের মধ্যেই এই তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে এবং ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

    ওইদিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

    বাংলাদেশের আইন অনুযায়ী, ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন।

    সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র।

    একই সাথে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। তবে এসবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে।

  4. সাক্ষাতের পর বোন জানালেন, সুস্থ আছেন ইমরান খান

    প্রায় এক মাস পর মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরই তার বোন উজমা খান কারাগারে সাক্ষাৎ করেছেন ইমরান খানের সাথে।

    আদিয়ালা কারাগারে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইমরান খান সুস্থ আছে, এজন্য বিধাতাকে ধন্যবাদ’।

    ইমরান খানের বোন এটিও জানান যে, কারাগারে তার ভাইকে মানসিক নির্যাতন করা হচ্ছে, যে কারণে তিনি খুব ক্ষুদ্ধ।

    উজমা খান জানান, মঙ্গলবার ইমরান খানের সাথে তাকে ২০ মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। ইমরান খান তাকে জানিয়েছেন যে- সারা দিন তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে, শুধুমাত্র অল্প সময়ের জন্য ঘর থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়।

    মঙ্গলবার, ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর বিক্ষোভের পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানকে তার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়।

    সকালে ইমরান খানের তিন বোন আলিমা খানম, নওরীন নিয়াজি এবং উজমা খান যখন আদিয়ালা সাক্ষাতের জন্য কারাগার এলাকায় যান তখন শুরু থেকে তখন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

    শুরুতে সেখানে তারা পুলিশের বাধার সম্মুখীন হন। তবে এর কিছুক্ষণ পরে, কারা কর্তৃপক্ষ শুধুমাত্র বোন উজমা খানের সাথে সাক্ষাতের সুযোগ দেয়।

  5. ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

    ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।

    মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।

    এছাড়া ডিসেম্বর মাসের জন্য যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে কমিশন। অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা ছিল, যা ছিল তার আগের মাসের চেয়ে ১ টাকা ১৯ পয়সা কম।

    এদিকে, মঙ্গলবার থেকে বাসা বাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজি প্রতি ২১৬ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২২৩ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

  6. লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই সারাদেশে পুলিশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদে পদায়ন করা হয়েছে।

    লটারিতে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন, পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

    এর আগে ২৫শে নভেম্বর সব জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে বদলি করা হয়।

    পদায়নের মধ্যে, ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে, বরিশাল রেঞ্জের ছয় জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে।

    এছাড়া সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ থানার ওসিকে, রাজশাহী রেঞ্জে আট জেলায় ৭১ থানার ওসিকে এবং রংপুর রেঞ্জের আট জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

    পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে।

    মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে লটারি নয়, বরং সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন।

  7. বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    “বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই” বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

    উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে। কারও যদি বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় সেটি দেওয়ার জন্যও মন্ত্রণালয় প্রস্তুত আছে”।

    এছাড়া বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে বলেও জানান উপদেষ্টা।

  8. এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, “উনি চাইলেই ট্রাভেল পাস ইস্যু হবে”।

    এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কি না কিংবা তার আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই।

    বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান মি. হোসেন, "উনার আত্মীয়-স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কি না, অ্যারেঞ্জমেন্ট আছে”।

  9. বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

    মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, ১৯৯১ সালে প্রণিত বাড়ি ভাড়া সংক্রান্ত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে।

    তিনি জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী, প্রতি এলাকার শহর পরিচালনা কর্তৃপক্ষ সময়ে সময়ে বাড়িভাড়া নির্ধারণ করে দেওয়ার নিয়ম রয়েছে।

    এক্ষেত্রে বাড়ির মান, আয়তন, সংযোগ সড়ক ও অন্যান্য সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বের বিভিন্ন শহরে এই নিয়ম রয়েছে বলেও জানান তিনি।

  10. নির্বাচন কমিশনের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

    বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

    মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল।

    বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, গণতন্ত্রের পথে উত্তোরণের জন্য আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও সন্তোষ জানান ইইউ প্রতিনিধিরা।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন।

  11. ‘মেডিকেল বোর্ড মনে করলে যথাযথ সময়ে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে’

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড কাজ করছে এবং তাকে দেখতে আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন।

    এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংকালে এক প্রশ্নের তিনি বলেন, “উনাকে দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে উনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং উনারা দেখবেন”।

    “দেখার পরবর্তীতে উনাকে যদি ট্রান্সফারেবল মনে হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে— মেডিকেল বোর্ড মনে করে, তখনই সেই যথাযথ সময়ে উনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে”।

    বিদেশ নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের সকল প্রস্তুতি আছে; কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে— রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই”।

    গত ২৩শে নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭শে নভেম্বর থেকে তিনি এই হাসপাতালের সিসিইউতে আছেন।

  12. খালেদা জিয়াকে যে কারণে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো সরকার

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    এ বিষয়ে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

    সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়, বলা হয়েছে বিবৃতিতে।

    এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

  13. খালেদা জিয়া ‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন’

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘চিকিৎসা গ্রহণ করতে পারছেন’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি কোনো ধরনের গুজবে কান না দিতে দলের পক্ষ থেকে আবারও আহ্বান জানিয়েছেন।

    আজ বেলা ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের ডা. জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়া চিকিৎসা মেইনটেইন করছেন, গ্রহণ করতে পারছেন”।

    দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারত সহযোহিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন মি. জাহিদ হোসেন।

    তিনি খালেদা জিয়ার বিষয়ে কোনো ধরনের গুজব না ছড়া এবং কোনো ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

    গত ২৩শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

    তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

    বহু বছর ধরেই তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

  14. তারেক রহমানের ‘ধন্যবাদ’

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনাকারীদের ধন্যবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    আজ ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে”।

    তিনিআরো লিখেছেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো”।

  15. সর্বনিম্ন তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

    বাংলাদেশের উত্তরের জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-তিন দিনে দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

    আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

    সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী তিনদিন দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

  16. চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূ-কম্পন অনুভূত

    সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক নয়।

    ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনগিন এলাকায়। এটি আগারগাঁওয়ে বিএমডি ভূকম্পন কেন্দ্র থেকে ৪৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

  17. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান দাবি করেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতরাত থেকেই ‘ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। অন্যদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গত কয়েকদিনের মতোই নিবিড় পর্যবেক্ষণ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে 'বিভ্রান্ত না হওয়ার' আহ্বান জানিয়েছেন তিনি।
    • খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনই তথ্য জানাবেন বলে এক বার্তায় জানিয়েছে বিএনপি। তিনি ছাড়া এ বিষয়ে অন্য কারো দেওয়া তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
    • খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রয়োজন হলে যেকোনো সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন।
    • ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
    • প্লট বরাদ্দে অনিয়মের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে রায় দিয়েছে, সেটাকে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন মিজ সিদ্দিক। এদিকে, মিজ সিদ্দিকের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির রায়কে স্বীকৃতি দিচ্ছে না তার দল লেবার পার্টিও। কারণ হিসেবে দলটি বলছে, বিচারকাজ চলাকালে টিউলিপ সিদ্দিককে ন্যায্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধার বিষয়ে তথ্য জানা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে যদি কোনো বাধা থেকেও থাকে, সেটি সমাধানের বিষয়ে অন্তর্বর্তী সরকার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন। এছাড়া দেশে ফিরলে মি. রহমানের নিরাপত্তার ব্যাপারেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।
    • বাংলাদেশে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং 'প্রশাসনিক ক্যু' করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তবে কমিশন অনুমতি দিলে নির্বাচনের আগে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থীও হওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।
    • সংস্কার ইস্যুতে নানান সমালোচনা মুখ পড়লেও অন্তর্বর্তী সরকার 'অনেক বেশি' সংস্কার করে ফেলেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। "এত সংস্কার হজম করা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে কঠিন হতে পারে,'' বলে মন্তব্য করেছেন তিনি।
    • বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন।
    • বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদেশে আসার পর কারা বন্দি গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত। এদিকে, মিজ খাতুনসহ পুশ-ইনের শিকার ছয়জনকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
    • পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কারা কর্তৃপক্ষ 'সত্য লুকাচ্ছে' বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
    • চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ তুলে জাপানে পাঠানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
    • বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রাখায় বেশির ভাগ সরকারি প্রাথমিক স্কুলে সোমবার শুরু হয়নি বার্ষিক পরীক্ষা। এছাড়া মাধ্যমিক পর্যায়ে যেসব পরীক্ষা চলছিল, সেগুলোও স্থগিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে