ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন মুশফিকুর রহিম, রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘ

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যূত রোহিঙ্গাদের জন্য রেশন বা খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচন বা সরকার পরিবর্তনেরও কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরাসরি কভারেজ

  1. ওয়ানডে থেকে অবসরের কথা জানালেন মুশফিকুর রহিম

    ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম।

    বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান এই তারকা।

    ইংরেজিতে দেওয়া এক পোস্টে মি. রহিম লিখেছেন, "আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্‌, সবকিছুর জন্য।"

    "বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ ভাগের বেশি দিয়েছি," যোগ করেন তিনি।

    মুশফিকুর রহিমের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান খরায় ভুগেছেন এই ব্যাটার।

    এসব আলোচনার মধ্যেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।

    মুশফিকুর রহিম।
    ছবির ক্যাপশান, মুশফিকুর রহিম।
  2. আজ বুধবার যা যা হলো

    • বাণিজ্য শুল্ক বাড়ানো নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য তারা প্রস্তুত। সব ধরনের চীনা পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। চীনও দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
    • বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রেশন বা খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি। এখন থেকে প্রতি মাসে রোহিঙ্গাদের মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে ছয় ডলারের রেশন দেবে আন্তর্জাতিক এই সংস্থাটি।
    • বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনেরও কোনো সম্পর্ক নেই।
    • যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রাইট টু ফ্রিডম এর প্রতিনিধি উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লুইস ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন এবং চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন। নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন মি. মাইলাম। মানবতাবিরোধী অপরাধের বিচারে সহায়তা দিতে চান বলে জানিয়েছেন এই দুই জন।
    • গাজার নিয়ন্ত্রণ নেয়া এবং সেখানকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার বিপরীতে ৫৩ বিলিয়ন ডলারের গাজা পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন আরব নেতারা।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

    আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট

  3. যুক্তরাষ্ট্রের সাথে 'যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত' বলে জানিয়েছে চীন

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক বাড়ানোর জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা।

    বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি এখন বাণিজ্য যুদ্ধের দ্বারপ্রান্তে। সব ধরনের চীনা পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

    চীনও দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

    ওয়াশিংটনে চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে এক্স-এ এক পোস্টে বলেছে: "যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়- সেটি শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য য কোনো ধরনের যুদ্ধ- আমরা চূড়ান্ত পরিণতি পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত।"

    ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি চীনের পক্ষ থেকে সবচেয়ে শক্ত বক্তব্য। এটি আসলো এমন এক সময় যখন বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের উদ্বোধনের জন্য শীর্ষ নেতারা বেইজিংয়ে সমবেত হচ্ছেন।

    বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আবারো প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

    বেইজিংয়ে নেতারা চীনের জনগণকে একটি বার্তা দেয়ার চেষ্টা করছেন যে বাণিজ্য যুদ্ধের হুমকি সত্ত্বেও দেশটির অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

    চীন যুক্তরাষ্ট্রের তুলনায় স্থিতিশীল ও শান্ত ভাবমূর্তি দেখাতে আগ্রহী। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করে থাকে তারা।

    যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর ওপর যে শুল্ক আরোপ করেছে তার সুবিধা নেয়ার বিষয়েও আগ্রহী তারা।

    মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, তারা আরও উন্মুক্ত হওয়া অব্যাহত রাখবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে।

  4. রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘ

    রোহিঙ্গাদের জন্য রেশন কমাচ্ছে জাতিসংঘ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রোহিঙ্গাদের জন্য রেশন কমাচ্ছে জাতিসংঘ

    বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রেশন বা খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেক করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এখন থেকে প্রতি মাসে রোহিঙ্গাদের মাথাপিছু ছয় ডলারের রেশন দেবে আন্তর্জাতিক এই সংস্থাটি।

    রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    বর্তমানে রোহিঙ্গাদের মাথাপিছু ১২ দশমিক ৫০ ডলারের খাদ্য সহায়তা দেওয়া হয়, তহবিল সংকটের কারণে আগামী মাস থেকে তা ছয় ডলারে নেমে আসবে।

    এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় খাদ্য সংকট ও অপুষ্টি বাড়বে বলে আশঙ্কা করছেন ত্রাণ কর্মকর্তারা।

    শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান রয়টার্সকে বলেন, “গতকাল আমাকে মৌখিকভাবে সাড়ে ছয় ডলার সহায়তা কমিয়ে আনার এই তথ্য জানানো হয় এবং আজ আমি এ সংক্রান্ত চিঠি পেয়েছি। পহেলা এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।”

    “আমরা এখন যে পরিমাণ সহায়তা পাচ্ছি তাই যথেষ্ট নয়। নতুন কাটছাঁটের পরিণতি কী হবে তা কল্পনা করাই কঠিন,” তিনি রয়টার্সকে বলছিলেন।

    বাংলাদেশ সরকোরের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। তাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতার সময় পালিয়ে আসে।

    গত বছরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

    রোহিঙ্গা ক্যাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, রোহিঙ্গা ক্যাম্প
  5. হাসিনার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই, বললেন আমির খসরু

    আমির খসরু মাহমুদ চৌধুরী

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, আমির খসরু মাহমুদ চৌধুরী

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনেরও কোনো সম্পর্ক নেই।

    আজ বুধবার ঢাকার একটি হোটেলে এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    আমির খসরু বলেন, বিচারিক প্রক্রিয়া তো এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেটা তো চলতেই থাকবে।

    “আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য হবে না… এরকম কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচনি ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই,” বলছিলেন তিনি।

    আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, “আজকে একটা, কালকে একটা আমরা বক্তব্য রাখবো- এসব বলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই।”

    "গত ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে। উদ্দেশ্য ছিলো বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে। বাংলাদেশের জনগণ তারা স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে। তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে।" বলছিলেন তিনি।

    প্রসঙ্গত, নবগঠিত জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের একজন সারজিস আলম মঙ্গলবার বলেছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে।

  6. অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মার্কিন রাষ্ট্রদূতসহ দুই প্রতিনিধি

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রাইট টু ফ্রিডম এর প্রতিনিধি উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লুইস ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন এবং চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন। নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন মি. মাইলাম।

    পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা বিচার প্রক্রিয়ার অগ্রগতি বা সমস্যা আছে কি না তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটা সম্ভব মানবতাবিরোধী অপরাধের বিচারে সহায়তা দিতে চান।

    “তারা (মার্কিন প্রতিনিধিরা) বলেছেন ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত হোক। যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়।”

    “ন্যায়বিচার জটিল ও কঠিন একটি প্রক্রিয়া। অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসলে বা তাড়াহুড়ো করে বিচার করে কোনো ত্রুটি করলে প্রতিপক্ষ এর সুযোগ নেবে। ন্যায়বিচার পরাভূত হতে পারে। আমাদের সবকিছু দেখতে হয়। জনগণ বিচার চাইবে দ্রুত। আমরা চাইবো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হওয়া। যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়া। বাইরের কারও কথায় আমরা প্রভাবিত হচ্ছি না,” বলছিলেন তিনি।

  7. গাজা পুনর্গঠনে আরব নেতাদের ৫৩ বিলিয়ন ডলারের পরিকল্পনা অনুমোদন

    গাজা পুনর্গঠনে পাল্টা পরিকল্পনা নিয়েছে আরব নেতারা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজা পুনর্গঠনে পাল্টা পরিকল্পনা নিয়েছে আরব নেতারা

    গাজার নিয়ন্ত্রণ নেয়া এবং সেখানকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে দেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার বিপরীতে ৫৩ বিলিয়ন ডলারের গাজা পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন আরব নেতারা।

    মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি সভায় তারা এ পরিকল্পনা অনুমোদন করেন।

    “মিশর পরিকল্পনা এখন আরব পরিকল্পনা,” কয়েক ঘণ্টার বৈঠক শেষে বলেছেন আরব লীগের মহাসচিব আবৌল গেইত।

    প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের কথা উল্লেখ না করেই তিনি বলেছেন “আরবের অবস্থান হলো ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক- যে কোনো ধরনের বাস্তুচ্যূতি প্রত্যাখ্যান করা”।

    মিশর বিস্তারিত পরিকল্পনাটি তৈরি করেছে। এতে সবুজ বাসস্থানের পাশাপাশি বড় আকারের ভবনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

    এটি মূলত যুক্তরাষ্ট্রের ‘মিডল ইস্ট রিভারিয়া’ প্রস্তাবের পাল্টা হিসেবে তৈরি করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা আরব বিশ্বকে ক্ষুব্ধ করে। আরব পরিকল্পনায় শুধু জায়গার উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়নি। বরং এতে রাজনৈতিক দিক এবং ফিলিস্তিনিদের অধিকারের বিষয়টি উঠে এসেছে।

    মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি গাজার পুনর্গঠনের পাশাপাশি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

    যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগীরা দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন।

  8. রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে সাড়ে চার ঘণ্টা

    রমজান মাসে ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে। বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।

    গত ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত করা হয়েছিল।

  9. জেলেনস্কির বার্তার প্রশংসা করে ট্রাম্প বললেন 'শিগগিরই শান্তি আলোচনা শুরু'

    কংগ্রেসে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কংগ্রেসে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।

    কংগ্রেসে ভাষণ দেয়ার সময় তিনি একটি চিঠি পড়িয়ে শোনান। এসময় তিনি বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে।

    “এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি,” বলেন তিনি।

    দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ। রাশিয়া ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং বলেন ‘প্রশ্ন হলো কে কার সাথে বসছে’।

    তিনি মনে করিয়ে দেন যে রাশিয়ার সাথে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে।

    ওদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক 'শান্তি চাইলে প্রতিদিনকার হামলার বন্ধের' জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

    “সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চাইলে রাশিয়াকে প্রতিদিনকার গোলাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে,” টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছেন তিনি।

    এদিকে ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ১৮১টি ড্রোন হামলা হয়েছে এবং এর মধ্যে ১১৫টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

  10. বসুন্ধরায় মব ও ইরানি নাগরিকের ওপর হামলায় দুই জন আটক

    বসুন্ধরা আবাসিক এলাকায় দুই ইরানি নাগরিককে মারধর

    ছবির উৎস, Collected

    ছবির ক্যাপশান, বসুন্ধরা আবাসিক এলাকায় দুই ইরানি নাগরিককে মারধর

    ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরির মাধ্যমে লোকজন জড়ো করে দুই ইরানি নাগরিকদের মারধরের ঘটনায় দুই ব্যক্তিকে আটক এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

    “একদল ব্যক্তি সেখানে মব সৃষ্টি করে বিদেশি নাগরিকদের ওপর হামলা করেছিলো। আমরা ভিডিও ফুটেজ জব্দ করেছি এবং কাল রাতে সেই দোকানের একজন কর্মচারীসহ দুজনকে আটক করেছি,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

    পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ইরানি নাগরিক মোহাম্মদ আহমদ ও তার নাতি মোহাম্মদ মেহেদী অন্য একজনের গাড়িতে করে বসুন্ধরা এলাকার একটি প্রতিষ্ঠানে এসেছিলেন তাদের কাছে থাকা ডলার বদল করে বাংলাদেশি টাকা নিতে। যেই দোকানে তিনি মুদ্রা বিনিময় করতে এসেছিলেন সেখানেই কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

    ঘটনাস্থলে থাকা বসুন্ধরা এলাকারই এক ব্যক্তি মব জড়ো করে বিদেশিদের ওপর হামলার ওই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে। এ ঘটনার যে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় লোকজন চারপাশ থেকে ঘেরাও করে একটি গাড়ি ভাঙচুর করছে।

    পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানি নাগরিকরা ডলার কম দিয়েছেন এমন অভিযোগ করে কথা কাটাকাটির সূত্রপাত হলে একপর্যায়ে তারা ছিনতাই করেছে এমন তথ্য প্রচার করা হয়।

    এরপর লোকজন তাদের মারধর শুরু করে ও তাদের গাড়ি ভাঙচুর করে। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ এসে দুই বিদেশিকে উদ্ধার করে।

  11. গুলশানে বাসায় মব ও লুটপাটের ঘটনায় বাবা-ছেলেসহ তিন জন আটক

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

    তাদের মধ্যে দুই জন সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও ‘আওয়ামী লীগের দোসরদের’ লুকিয়ে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা।

    ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকেই তিন জন আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন বলে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে বলা হয়, আটকদের মধ্যে একজন একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতো। সেই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি দেয়।

  12. ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ আপাতত স্থগিত

    ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

    ছবির উৎস, মীর কাদির

    ছবির ক্যাপশান, ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

    দেশের সকল খাতে ক্ষমতাসহ নিয়োগে ঢাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আজ বেলা সাড়ে ১১টায় রেলপথ অবরোধ করেছিলো শিক্ষার্থীরা।

    পরে দুপুর একটার দিকে তারা তিন দফা দাবি ঘোষণা করে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে।

    শিক্ষার্থীদের তিন দাবি হলো:

    • রাবি, চবি, জাবি, জবি, সাত কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ বাংলাদেশের সকল স্টেইকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
    • সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনঃর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
    • ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রুপরেখা প্রনয়ণ করতে হবে

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ক্যাম্পাস প্রতিনিধি মীর কাদির বিবিসি বাংলাকে জানিয়েছেন, দাবির বিষয় সাড়া না পেলে আগামীকাল বৃহস্পতিবার আবার কর্মসূচি রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

  13. সাবেক বিচারপতি মানিক রিমান্ডে, নতুন মামলায় গ্রেফতার আনিসুল-আতিকুলসহ ১২ জন

    গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

    এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক হত্যা মামলায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাসহ মোট ১২ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত।

    আজ বুধবার সকালে তাদের প্রত্যেককে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

    পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে ও মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন ৷

    রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না তারা।

    নতুন করে গ্রেফতার হওয়াদের তালিকায় আছেন— আ’লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম; সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম; সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার; সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহম্মেদসহ ১২ জন।

  14. পাকিস্তানে জঙ্গি হামলায় ১২ জন নিহত

    পাকিস্তানে জঙ্গি হামলা

    ছবির উৎস, Social media

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার একটি ক্যান্টনমেন্টে জঙ্গি হামলার ঘটনায় ১২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।

    পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো বরাত দিয়ে বিবিসি উর্দু জানিয়েছে, বান্নু ক্যান্টনমেন্টে হামলাকারীরা একটি বিস্ফোরকভর্তি যান ক্যান্টনমেন্টে প্রবেশ করানোর চেষ্টা করছিলো।

    সেসময় নিরাপত্তা বাহিনী বিভিন্ন প্রবেশপথে তাদের লক্ষ্য করে গুলি চালায়।

    সেই সময় প্রবল বিস্ফোরণের সৃষ্টি হয়। এই ঘটনাটি ঘটে ইফতারের সময়, যখন অনেকে নামাজ পড়ছিলেন।

    জঙ্গিদের বিস্ফোরকভর্তি যানগুলোর বিস্ফোরণে পাশের একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে পাশের মসজিদের ছাদ ধসে পড়ে, যার ফলে সেখানে নামাজরত মুসল্লিরা নিহত হন।

  15. উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন সি আর আবরার

    শপথ পাঠ করেছেন সি আর আবরার

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, শপথ পাঠ করেছেন সি আর আবরার

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার তিনি সি আর আবরার নামেই বেশি পরিচিত।

    আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

    সি আর আবরার আজ থেকে সরকারের শিক্ষা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন।

    শপথ পাঠ করছেন সি আর আবরার

    ছবির উৎস, CA Press Wing

    ছবির ক্যাপশান, শপথ পাঠ করছেন সি আর আবরার
  16. ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

    বাংলাদেশে বেশিরভাগই ভবন বিল্ডিং কোড না মেনেই নির্মাণ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে বেশিরভাগই ভবন বিল্ডিং কোড না মেনেই নির্মাণ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    সপ্তাহখানেকের মাথায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

    আজ বুধবার বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের টেলিপ্রিন্ট অপারেটর মো. গোলাম মোস্তফা।

    তিনি জানান, পাঁচ দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার।

    মি. মোস্তফা জানান, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অভ্যন্তরেই তিনবার ভূমিকম্প হয়েছে। সেইসাথে, বাংলাদেশের আশেপাশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হচ্ছেই এবং সেই কাঁপুনি বাংলাদেশও অনুভব করছে।

    ভূমিকম্প নিয়ে আরও পড়তে পারেন:

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে