আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ বলছে ঢাকা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, দেশের যেসব সংকটের কথা বলা হচ্ছে, এর "সব নাটক, তৈরি করা" বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মন্তব্য ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’ বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে।
    • দলের নিবন্ধন না পাওয়ায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে পাঁচ দিন অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিনের আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান।
    • ফিলিপিন্সের বৃহত্তম দ্বীপের দিকে ধেয়ে আসা ঝড় ফাং ওয়াংকে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অঞ্চলটিতে এরইমধ্যে প্রাণহাণির মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে।
    • তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। শনিবার শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন তারা।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৩ই নভেম্বর 'ঢাকা লকডাউন' নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ।
    • চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত একমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
    • বাংলাদেশের ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক শানিয়ান তানিম।
    • দেশের যেসব সংকট "সব নাটক, তৈরি করা" বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কথিত নির্যাতনের প্রতিবাদে তিনি জি-২০ সম্মেলনে অংশ নেবেন না।
    • আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে না আসলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
    • নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের জানিয়েছেন, কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখনো চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করবেন এ বিষয়টি নিশ্চিত।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    দেশ-বিদেশের আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি মূল পাতায়...

  2. বিএনপি নেতা সালাহউদ্দিনের আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের তারেক রহমান

    দলের নিবন্ধন না পাওয়ায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে পাঁচ দিন অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিনের আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান।

    আজ রাতে অনশন ভাঙার পর তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মি. আহমেদ।

    রোববার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে মি. আহমেদ তার অনশন ভাঙান।

    এ সময় তিনি তারেককে বলেন, “আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত"।

    এর আগে, দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

    তিনি বলেন, “আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়"।

    উল্লেখ্য, গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

    সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের ‘আম জনতার দল’। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তারেক।

  3. রাজনাথ সিংয়ের মন্তব্য ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’: পররাষ্ট্র মন্ত্রণালয়

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মন্তব্য ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’ বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম শনিবার বাংলাদেেশর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমরা মনে করি রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তা শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়”।

    ভারতের নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘নিজের কথাবার্তায় সতর্ক থাকার’ পরামর্শ দেন।

    সাক্ষাৎকারে সিং বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে"।

    শুক্রবার নেটওয়ার্ক-১৮ গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্টপোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে।

    এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলেন, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে”।

    তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ ভারতের সঙ্গে "সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার" ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

    মি. আলম আরও বলেন, "বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব"।

    সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশ সঙ্গে কোনো দ্বন্দ্ব চায় না।

  4. ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

    ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এম ইকবাল হোসাইন ও বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

    এ ঘটনায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে এবং আট জন আহত হয়েছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

    আজ বিকেলে এ ঘটনা ঘটে।

    ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় অসুস্থ হয়ে একজন মারা গেছেন জানিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বলছেন, তার শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন নেই।

    মনোনয়নপ্রাপ্ত ইকবাল হোসাইন গৌরীপুর সরকারি কলেজের হোস্টেল মাঠে এবং মনোনয়ন বঞ্চিত প্রার্থী হিরণ শহরের মধ্যবাজার ধান মহাল এলাকায় সভার আয়োজন করে।

    স্থানীয় সাংবাদিকরা জানান, উভয় পক্ষই নিজেদের সমাবেশে যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের দিকে ইট-পাটকেল ছুঁড়ে, মোটরসাইকেল ও পার্শ্ববর্তী স্থানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।

    গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই পক্ষের ধাওয়া -পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

  5. চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত একমাসের জন্য স্থগিত

    চট্টগ্রাম বন্দরের শুল্ক ৪১ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত একমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আজ রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

    বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায় সংক্রান্ত গত ৩০শে সেপ্টেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

    এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়। সবচেয়ে বেশি বাড়ে কনটেইনার পরিবহনের মাশুল।

    এই মাশুল কবে থেকে বাস্তবায়ন হবে, তা জানিয়ে গত ৩০ শে সেপ্টেম্বর সার্কুলার (বিজ্ঞপ্তি) দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

    এতে ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল বাস্তবায়ন হবে বলে উল্লেখ করা হয়।

    প্রজ্ঞাপন ও সার্কুলারের বৈধতা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠন অক্টোবরে রিটটি করা হয়।

  6. জাহানারা আলমের ঘটনায় যেই জড়িত থাকুক, 'প্রমাণিত হলে সরিয়ে দেওয়া হবে'

    ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, অভিযোগ প্রমাণিত হলে তাকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক শানিয়ান তানিম।

    তিনি বলেন, "তদন্ত কমিটি ডিক্লেয়ার করা হয়েছে। তাই আমরা ওই কমিটির ওপর নির্ভরশীল। কমিটি যদি বলে চারটা এমপ্লয়িকে ওএসডি করতে হবে তাহলে আমরা তাই করবো। কমিটি যা বলবে তাই হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স।"

    আজ রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, "জাহানারার যেই কমপ্লেইন এসছিল সেটা লিখিত এসছিল ২১ সালে। ২১ সালেই সম্ভবত সেটা রিসলভ হয়ে গিয়েছিল। এটা আবার নতুনভাবে যেটা এসেছে সেটা আমাদের কাছে এখনো আসেনি"।

    "যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভারবালিও আসতে পারে। তখন বোর্ড ব্যাপারটা আরো সিরিয়াসলিই দেখবে। নিউজ তো অনেক কিছুই আসতে পারে। আমরা বলছি না সেটা সত্য কি অসত্য," বলেন মি. ইসলাম।

  7. ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জন মারা গেছেন। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়ে এক হাজার ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৮ হাজার ৫৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন মোট ৩১৩ জন।

  8. আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৩ই নভেম্বর 'ঢাকা লকডাউন' নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ।

    আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই।

    মোতায়েনকৃত সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেওয়ার বিষয়ে তিনি জানান, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না।

  9. দেশের যেসব সংকট, সব নাটক, তৈরি করা: বিএনপি মহাসচিব

    দেশের যেসব সংকট "সব নাটক, তৈরি করা" বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ রোববার বিকেলে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

    “আজকে যত সংকট দেখতেছেন এগুলা সব তৈরি করা, এগুলা নাটক। সাধারণ মানুষ এসব কিছু বুঝে না। ওরা শুধু চায় ভোট দিতে। কয়েকটা দল বলতেছে নির্বাচনের আগে গণভোট হতে হবে। সাধারণ মানুষ কি এই গণভোট, সনদ এগুলা বোঝে? বোঝে না” বলেন মি. আলমগীর।

    তিনি বলেন, “দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। হাসিনাই তার জ্বলন্ত প্রমাণ”।

    এছাড়া অন্তর্বর্তী সরকার জনগণের সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি।

  10. দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলনে যাবেন না ট্রাম্প, ‘শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতন’ চলছে দাবি তার

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কথিত নির্যাতনের প্রতিবাদে তিনি জি২০ সম্মেলনে অংশ নেবেন না।

    বিশ্বের বৃহত্তম অর্থনীতির নেতারা চলতি মাসের শেষ দিকে জোহানেসবার্গে জি২০ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনের আয়োজক হওয়াটা “গভীরভাবে লজ্জাজনক” বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

    দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে। তাদের মুখপাত্র ক্রিসপিন ফেরি বিবিসি নিউজকে বলেন, “জি২০ সম্মেলনের সফলতা কোনো একটি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণের ওপর নির্ভর করে না”।

    দক্ষিণ আফ্রিকার কোনো রাজনৈতিক দলই দাবি করেন যে দেশটিতে ‘গণহত্যা’ চলছে। এর মধ্যে আফ্রিকান ও শ্বেতাঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে।

    বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে কথা বলার সময় ক্রিসপিন ফেরি বলেন, ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বেদনাদায়ক ঔপনিবেশিক ইতিহাসকে ব্যবহার করে “একটি কাল্পনিক সংকটের চিত্র আঁকছেন”।

    তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতনের কোনো প্রমাণ নেই।

    তবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় বলেন, দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়াটা অত্যন্ত লজ্জাজনক।

    তিনি দাবি করেন, “আফ্রিকানাররা (যারা ডাচ, ফরাসিও জার্মান অভিবাসীদের বংশধর) হত্যা ও নিপীড়নের শিকার হচ্ছেন এবং তাদের জমিও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে”।

    তিনি বলেন, “যতদিন এসব মানবাধিকার লঙ্ঘন চলবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেবেন না”।

  11. এস আলম গ্রুপের ৬৭ জনের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা

    বাংলাদেশের বেরসকারি ব্যবসায়িক গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী এবং পাঁচ ভাইসহ প্রতিষ্ঠানটির ৬৭ জনের বিরুদ্ধে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

    দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা।

    আজ রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    অভিযোগ অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এবং বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান যেমন: এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে অনিয়মিতভাবে ঋণ অনুমোদন করা হয়।

    মূল ঋণের পরিমাণ ছিল নয় হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। যেটি বর্তমানে লভ্যাংশ ও সুদসহ ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে।

  12. চার-পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

    আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে না আসলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    তিনি জানান, বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমদানির অনুমোদন চেয়ে দুই হাজার ৮০০টি আবেদন করা হয়েছে।

    আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    মি. উদ্দীন বলেন, “ম্যাক্সিমাম দুই সপ্তাহ যাবত পেঁয়াজের দামের একটা উল্লম্ফন ঘটেছে। আমরা জিনিসটার উপর তীক্ষ দৃষ্টি রাখছি। অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় ২৮০০র মতো আমদানির আবেদন বর্তমানে আমাদের কাছে আছে। আমরা বাজারের ওপর তীক্ষ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, তা হলে আমরা এই আমদানি অনুমোদন করে দেব”।

    কতদিনের মধ্যে এটা করা হবে এ বিষয়ে তিনি জানান, “আমরা আগামী হয়তো বা চার-পাঁচ দিন দেখব। এ সপ্তাহের মধ্যে যদি দেখি যে বাজারের মূল্য যথেষ্ট উন্নতি না ঘটে...”।

    বাণিজ্য উপদেষ্টা মি. উদ্দীন বলেন, পেঁয়াজের দাম একপর্যায়ে ৩৫ থেকে ৪০ টাকায় নেমে এসেছিল,। যেটা কৃষকদের জন্য সুখকর ছিল না। এরপর বহুদিন পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকা ছিল।

    পেঁয়াজের সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ১০ হাজার হাইফ্লো মেশিন বিতরণ করা হয়েছে বলে উল্লেখ করেন মি. উদ্দীন।

    এক প্রশ্নের জবাবে তিনি জানান, একাধিক কারণে পেঁয়াজের দাম বেড়েছে। মৌসুমের শেষ, হঠাৎ করে ভারী বৃষ্টি, পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া ইত্যাদি কারণে দাম বেড়েছে।

  13. নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে: অর্থ উপদেষ্টা

    নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

    আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

    দেশের সার্বিক দিকের অগ্রগতি ভালো জানিয়ে তিনি বলেন, "মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাসাভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে। তবে, সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে। চালের দামও সহনীয় রয়েছে"।

    আইএমএফ-এর ঋণের কিস্তি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "আইএমএফ-এর সঙ্গে কথা চলছে কিস্তি নিয়ে। আমাদের কাছে যেসব তথ্য আছে, তা আগামী সরকারের কাছে প্যাকেজ আকারে দেওয়া হবে"।

    তবে, ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময় আসবে না। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে বা সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি।

  14. আসন চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করলেন আসিফ মাহমুদ

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের জানিয়েছেন, কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখনো চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করবেন এ বিষয়টি নিশ্চিত।

    আজ রোববার দুপুরে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন এই উপদেষ্টা।

    পরে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মি. মাহমুদ।

    “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই," বলেন মি. মাহমুদ।

    কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এ প্রশ্নে তিনি জানান, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক।”

    বিএনপি এই আসনটি যেহেতু ফাঁকা রেখেছে তাই কোনো যোগাযোগ হয়েছে কি না–– এমন প্রশ্নে তিনি বলেন, “আমার কারো সাথে কোনো আলোচনা হয়নি। কেউ, রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে, এককভাবেই নেব”।

    মি. মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকারের পদ থেকে পদত্যাগ করার পরে ঢাকায় ধানমন্ডি এলাকায় থাকার প্ল্যান আছে।

    "সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই হলো। সেই জায়গা থেকেই যাতে আমার ভোট নষ্ট না হয়, তাই এখানে ভোটার হওয়া।"

    কবে নাগাদ পদত্যাগ করবেন এমন প্রশ্নে জানান, সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে।

  15. ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ব্যাপারে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই: আসিফ নজরুল

    ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    আজ রোবববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়েছে।

    মি. নজরুল বলেন, জাতীয় নির্বাচনে বিলম্ব করার কোনো কারণ নেই। এটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

    তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ - ১৭ বছরে কোনো জাতীয় নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ থাকাটা স্বাভাবিক। এই সময়ে প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেননি। তাই আসন্ন নির্বাচন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ সৃষ্টি হয়েছে। তারা অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে।

  16. পাঁচ মামলায় জামিন পেলেন কারাগারে থাকা সেলিনা হায়াৎ আইভী

    গণঅভ্যুত্থানের সময় সংগঠিত এক হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ পাঁচটি পৃথক মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

    আজ রোববার হাইকোর্ট এক রায়ে এসব মামলার রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দিয়েছে।

    এই পাঁচ মামলার মধ্যে হত্যার অভিযোগে তিনটি এবং মারাত্মক জখমের অভিযোগে দুইটি মামলা রয়েছে।

    ওই রায়ের পরে তার আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, মামলাগুলোতে মিজ আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ছয় মাস ধরে কারাগারে রয়েছেন এবং একজন নারী এসব যুক্তি বিবেচনায় তার জামিন চাওয়া হয়েছিল।

    উল্লেখ্য, গত নয়ই মে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেফতার হন মিজ আইভী।

  17. সংঘর্ষ বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অভিনব 'শান্তি চুক্তি'

    সংঘর্ষ ও মারামারি বন্ধে ঢাকায় পাশাপাশি অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে এক অভিনব 'শান্তি চুক্তি'।

    ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।

    এই সমস্যার সমাধানে শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তির মতো এক অভিনব উদ্যোগ নেয় পুলিশ।

    নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এই শান্তি চুক্তির আয়োজন করেন।

    তবে তিনটি কলেজের মধ্যে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেননি।

    আজ রোববার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন এবং কোলাকুলি করেন। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

    ওই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ওসি মি. হক বিবিসি বাংলাকে বলেন, “আমি এখানে জয়েন করার পরে বেশ কয়েকবার মারামারি হইছে। বেশ কয়েকবার আমি কলেজগুলোর শিক্ষকদের সাথে বসছি। কিন্তু মূল সমস্যা যাদের, তাদেরকে নিয়ে একবারও বসা হয়নি। তো আমি শিক্ষার্থীদের সাথেও যোগাযোগ করি। দুই পক্ষকে বসিয়ে দেওয়ার কথা জানাই। তারা রাজি হয়”।

    তিনি জানান, অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়, ফুল দেয় এবং কোলাকুলি করে।

    তবে সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের গতকাল শনিবার রাতে বিষয়টি জানানোয় সময় স্বল্পতায় তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি বলে জানান মি. হক।

    ভবিষ্যতে আবারো তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমঝোতায় বসবেন বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

    এদিকে, আগে একটি সংঘর্ষকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের বিরুদ্ধে ঢাকা কলেজের করা মামলাটি আইনি প্রক্রিয়ায়ই সমাধান করা হবে বলে জানান তিনি।

  18. পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুই জন উপদেষ্টার পদত্যাগ দাবি আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের

    তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

    একইসাথে, শিক্ষকদের ওপর শনিবার পুলিশের লাঠিচার্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

    আজ রোববার বেলা ১২টা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা জড়ো হতে শুরু করেন। এদিন ঢাকার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।

    গতকাল শনিবার শাহবাগে শিক্ষকদের মিছিল-সমাবেশে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন পান। ১০ম গ্রেডে বেতনের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা।

    আরো দুটি দাবির মধ্যে রয়েছে- শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশম ও ১৬তম বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।

  19. ফিলিপিন্সে আঘাত হানছে ‘সুপার টাইফুন’ ফাং ওয়াং

    ফিলিপিন্সের বৃহত্তম দ্বীপের দিকে ধেয়ে আসা ঝড় ফাং ওয়াংকে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অঞ্চলটিতে এরইমধ্যে প্রাণহাণির মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে।

    দেশটির আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, টাইফুন ফাং ওয়াং রোববার কয়েকটি এলাকায় ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১৫৫মাইল) গতির বাতাস ও প্রবল বৃষ্টিপাত নিয়ে আঘাত করবে।

    এরইমধ্যে নয় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

    রোববার সকালে ফিলিপিন্সের পূর্বাঞ্চলীয় বিকল অঞ্চল প্রথম সরাসরি এই ঝড়ের আঘাতে পড়ে। রাতের মধ্যে দেশটির প্রধান জনবহুল অঞ্চল লুজোন ঝড়ের প্রভাবের মধ্যে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

    টাইফুন ফাং ওয়াং – যা স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত – এর আগের ঝড় কালমায়েগির কয়েকদিন পরেই এসেছে, যার ধ্বংসযজ্ঞে প্রায় ২০০ জন মানুষের মৃত্যু হয়েছিল।

    ঝড় আসার আগেই কয়েকটি স্কুল সোমবারের ক্লাস বাতিল করেছে অথবা অনলাইনে স্থানান্তর করেছে। ফিলিপাইন এয়ারলাইন্সও বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।

    ফাংওয়াং স্থলভাগে আঘাত হানার পর দ্রুত দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হলেও, এটি লুজোন অতিক্রম করার সময়ও টাইফুন হিসেবেই থাকবে।

    পাগাসার এক কর্মকর্তা শনিবার সন্ধ্যার ব্রিফিংয়ে জানান, ফিলিপিন্সের পূর্বাঞ্চলে ইতোমধ্যেই ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া শুরু হয়েছে।

  20. কুমিল্লা ছেড়ে ঢাকা-১০ আসনে ভোটার হওয়ার আবেদন করবেন আসিফ মাহমুদ

    নির্বাচনী আসন নিয়ে সমঝোতা আলোচনার মধ্যেই ঢাকা -১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    আজ রোববার বিকালে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করবেন বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে।

    এর আগে, কুমিল্লার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন মি. মাহমুদ।

    ঢাকা -১০ নির্বাচনি আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত সোমবার বিএনপি ২৩৭ আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করে। কিন্তু ৬৩ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

    এই ঢাকা-১০ আসনটিও তাদেরই একটি। যেটিতে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি।

    তবে জামায়াতে ইসলামী এই আসনে এরইমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা-১০ আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।

    জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন।