বিদ্রোহী তিন নেতাকে জাতীয় পার্টি থেকে সরিয়ে দিলেন জিএম কাদের

জাতীয় পার্টির মহাসচিবসহ বিদ্রোহী তিনজন নেতাকে বহিষ্কার করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ডেঙ্গুতে একদিনে এ বছরের সর্বোচ্চ সংক্রমণ, তিন জনের মৃত্যু।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো:

    • যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্সসহ আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
    • জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন মহাসচিব করা হয়েছে শামীম হায়দার পাটোয়ারীকে।
    • যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। এর মধ্যে কের কাউন্টিতেই প্রাণ গেছে অন্তত ৭৫ জনের।
    • গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এই সময়ে ডেঙ্গুতে মারা গেছে ৩ জন।
    • জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী তেসরা অগাস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবে দলটি।
    • জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী মনে করে দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে।
    • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে।
    • ২১ মাস ধরে চলমান গাজা যুদ্ধের মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনাও বাড়ছে।
    • ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ১০ই জুলাই বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

    বিবিসি বাংলা লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়

  2. যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০, আরও ঝড় বৃষ্টির শঙ্কা

    টেক্সাসের বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮০ তে পৌঁছেছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, টেক্সাসের বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮০ তে পৌঁছেছে

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। এর মধ্যে কের কাউন্টিতেই প্রাণ গেছে অন্তত ৭৫ জনের।

    এই বন্যায় টেক্সাসের কের কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। মেয়েদের ওই ক্যাম্পটি প্লাবিত হওয়ার ঘটনায় সেখানকার শিশু ও ক্যাম্প কর্মী মিলিয়ে ২৭ জন নিহত হওয়ার খবর দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

    রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টির এই ঘটনাকে বড় ধরনের দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছেন।

    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও ঝড়ের আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। যে কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

    কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকাজ চালাতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা।

    সোমবার সকালে কের কাউন্টির কর্মকর্তা ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কের কাউন্টিতে যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ৪৮ জন প্রাপ্তবয়স্ক ও ২৭ জন শিশু। এখনো ১৫জন প্রাপ্তবয়স্ক ও নয়জন শিশুর মরদেহ শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

    এছাড়া এখন পর্যন্ত ক্যাম্প মিস্টিকের ১০ জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে তিনি।

  3. যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ আটটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি

    নির্বাচন কমিশনের এনআইডি বিভাগে দেশের ১২ কোটির বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে
    ছবির ক্যাপশান, নির্বাচন কমিশনের এনআইডি বিভাগে দেশের ১২ কোটির বেশি নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে

    যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্সসহ আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বাকি চারটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমান।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের খবরে এ তথ্য বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, ওই দেশগুলোতে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম শুরু করতে সম্মতি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

    সেই চিঠিতে বলা হয়েছে, “ওই দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে সকল প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে”।

    এ নিয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বাসসকে জানিয়েছেন আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার জন্য ইসি প্রস্তুত থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

    মহাপরিচালক মি. কবীর বাসসকে আরো জানিয়েছেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম চলতি মাসেই উদ্বোধন হতে পারে।

    গত দোসরা জুলাই ইসির জাতীয় এনআইডি অনুবিভাগ প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দেশ্যে কার্যক্রম শুরুর সম্মতি প্রদান সংক্রান্ত এ চিঠি পররাষ্ট্র সচিবকে দেওয়া হয়েছে।

    পররাষ্ট্র সচিবকে দেওয়া ইসির সেই চিঠিতে বলা হয়েছে, ‘বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।'

    এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

  4. এবার জাপা থেকে চুন্নুসহ শীর্ষ পর্যায়ের তিন নেতা বহিষ্কার

    জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    সোমবার জাতীয় পার্টির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৫শে জুন জেলা/মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় এবং শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

    গত ২৮শে জুন দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিনজন নেতাকে দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এমন অবস্থায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ওই তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনা সরকার পতনের পর দলটির বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

    গত ২৮শে জুন দলের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিলো জাতীয় পার্টির দলীয় বৈঠকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটির সম্মেলন স্থগিত করেন চেয়ারম্যান।

    সোমবার বিকেলে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে মহাসচিব করা হয়েছে তরুণ নেতা শামীম হায়দার পাটোয়ারীকে।

    জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তি

    ছবির উৎস, JATIYA PARTY

    ছবির ক্যাপশান, জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তি
  5. ডেঙ্গুতে একদিনে এ বছরের সর্বোচ্চ সংক্রমণ, তিন জনের মৃত্যু

    ডেঙ্গুর জীবাণু বহন করে এডিস মশা।
    ছবির ক্যাপশান, ডেঙ্গুর জীবাণু বহন করে এডিস মশা।

    গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ সংক্রমণ।

    এছাড়া গত চব্বিশ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    গত ২৪ ঘণ্টায় যে ৪৯২জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ১৫৪ জনই বরিশাল বিভাগের।

    এর মধ্যে বরগুনাতেই ৬৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় বরিশাল বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

    চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৪৮ জনের।

    স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি জুলাইয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪৬৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জন মারা গেছেন।

    সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

  6. তেসরা অগাস্ট শহীদ মিনারে দেশ পুনর্গঠনের ইশতেহার: নাহিদ ইসলাম

    নাটোরে এনসিপি'র সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম

    ছবির উৎস, MUSHFIQ US SALEHIN

    ছবির ক্যাপশান, নাটোরে এনসিপি'র সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী তেসরা অগাস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবে দলটি।

    তিনি বলেন, “আমরা যে ইশতেহার ঘোষণা করবো সেখানে সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে”।

    দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এনসিপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

    এসময় এনসিপি প্রধান বলেন, “স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে তাদের পরিণতিও সেই একই হবে”।

    নাহিদ ইসলাম বলেন, “আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা বলছি গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যারা নিহত হয়েছে গণঅভ্যুত্থানে তাদের শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে”।

    তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের সংবিধানে স্বীকৃতি থাকতে হবে। এ জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা কিংবা কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেবো না”।

  7. মুজিবুল হক চুন্নু বহিষ্কার, জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

    জাতীয় পার্টির অফিসিয়াল লোগো

    ছবির উৎস, JATIYA PARTY

    ছবির ক্যাপশান, জাতীয় পার্টির অফিসিয়াল লোগো

    মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের তরুণ নেতা শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

    সোমবার বিকেলে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

    শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় সংসদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। হাসিনা সরকার পতনের পর দলটির বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

    গত ২৮শে জুন দলের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিলো জাতীয় পার্টির দলীয় বৈঠকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলটির সম্মেলন স্থগিত করেন চেয়ারম্যান।

    এককভাবে সম্মেলন স্থগিত করায় দলের মধ্যে বিভক্তি আরও বেড়ে গেছে বলে গত সপ্তাহে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন দলটির নেতারা।

    এরই মধ্যে সোমবার বিকেলে হঠাৎই বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কার করে মি. পাটোয়ারিকে মহাসচিব করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

  8. এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে- গোলাম পরওয়ার

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী মনে করে দেশে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে।

    আগামী ১৯শে জুলাই দলটির জাতীয় সমাবেশ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. পরওয়ার বলেন, “সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে রয়েছে। এ জন্য আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ড এখন নাই। যে কারণে আমাদের আমীরে জামায়াতও বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না”।

    তিনি বলেন, “আমরা ও আমাদের আমীর সাহেব বলেছেন, নির্বাচন আমরা চাই। কিন্তু সেই নির্বাচন যেন যেনতেন ভাবে না হয়। যেনতেন’র অর্থই হল কোনোদিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। আবার প্রশাসন জবরদস্তি করবে। কেন্দ্র দখল হবে”।

    জামায়াতের সেক্রেটারির দাবি, দলীয় প্রধান জামায়াত আমীরের বক্তব্য অনেক সময় মিসকোড করা হয়।

    তিনি বলেন, “আমরা নির্বাচন পেছানো, নির্বাচন না করা কিংবা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই।

  9. নির্বাচনে যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে- মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে।

    সোমবার সিলেটে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

    তিনি বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, আমাদের ছেলেদের চাকরির সুযোগ পাবে না, মবোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে”।

    বিএনপি মহাসচিব বলেন, “এসব কারণে একটা নির্বাচিত সরকার দরকার। যে সরকারের পেছনে মানুষ আছে, যাদের পেছনে জনসমর্থন আছে”।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মনে রাখবেন নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী সরকার আর হতে পারে না”।

    লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়ায় বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

    এখন থেকেই দলীয়ভাবে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহবান বিএনপি মহাসচিব।

  10. গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

    ২১ মাস ধরে চলমান যুদ্ধের মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনাও বাড়ছে।

    ট্রাম্প এর আগেই সাংবাদিকদের বলেছিলেন, তিনি নেতানিয়াহুর সাথে গাজায় সংঘাতের অবসান বিষয়ে ‘অত্যন্ত দৃঢ়’ অবস্থান নিয়েছেন। এবং চলতি সপ্তাহেই ‘একটি চুক্তি হবে’ বলে তিনি মনে করেন।

    বিমানে ওঠার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি, আমাদের রাজি হওয়া শর্ত অনুযায়ী। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনায় নি:সন্দেহে এই কাঙ্ক্ষিত ফলাফল আসবে”।

    রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে।

    তবে এবার আলোচনায়ও সমাধান হবে কি না, তা স্পষ্ট নয়।

    একদিকে এই আলোচনা যখন চলছে তখন গাজায় টানা ইসরায়েলি বোমা হামলা চলছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ মানবিক সংকটও দেখা দিয়েছে গাজায়।

  11. চাকরিচ্যুত বিজিবি সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ

    কাকরাইলমোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ

    ছবির উৎস, SULTAN MAHMUD ARIF

    ছবির ক্যাপশান, কাকরাইলমোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ

    চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিবির (সাবেক বিডিআর) চাকরিচ্যুত সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

    বিভিন্ন সময়ে চাকরিচ্যুত বিজিবি সদস্যরা সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেন তারা।

    মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনা ভবনের দিকে যেতে চাইলে, কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ।

    তাদেরকে সরে যেতে ১০ মিনিটের আল্টিমেটাম দেয় পুলিশ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের সেখান থেকে সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে।

    এসময় কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করারও খবর পাওয়া গেছে।

    তাদের তিন দফা দাবি হল- চাকরিচ্যুত এই বাহিনীর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পুনর্বহাল ও কারাগারে বন্দি থাকা সদস্যদের মুক্তি।

    চাকরিচ্যুত বিজিবি সদস্যদের কাকরাইল মোড়ে অবস্থান

    ছবির উৎস, SULTAN MAHMUD ARIF

    ছবির ক্যাপশান, চাকরিচ্যুত বিজিবি সদস্যদের কাকরাইল মোড়ে অবস্থান
  12. দেশের তিনটি বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

    ভারি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

    দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য বৃষ্টিপাতের এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এতে বলা হয়, ভারি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কাও রয়েছে।

    একই সাথে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  13. শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১০ই জুলাই

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

    জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

    এ বিষয়ে আদেশের জন্য ১০ই জুলাই বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

    সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হয়।

    অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    এরমধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলায় গ্রেফতার একমাত্র আসামি।

    তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামীদের নিজেদের নিয়োগ করা আইনজীবী ছিলেন না। তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানি করেন।

    জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত পহেলা জুন আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউসন।

    এদিন প্রথম ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

    গত ১৬ই জুন ট্র্যাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী সাতদিনের মধ্যে হাজির হতে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং পরদিন দু’টি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

    তবে বিজ্ঞপ্তি দেওয়ার পরও পলাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল পহেলা জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন। সে ধারাবাহিকতায় পহেলা জুলাই শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল-১ আজ সোমবার দিন ধার্য করেছিলো।

  14. ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প, অসমন্ড চিয়া, বিবিসি নিউজ

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো ইলন মাস্কের ।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো ইলন মাস্কের ।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক সময়কার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এই বিলিয়নেয়ার একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেছেন।

    "আমি মনে করি তৃতীয় একটি দল শুরু করা খুবই হাস্যকর," রোববার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের বলেন ট্রাম্প।

    "আমেরিকায় সবসময় দুই দলীয় ব্যবস্থা ছিল, আর আমি মনে করি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে।"

    কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর, ইলন মাস্ক গত সপ্তাহে এক্স-এ (আগের টুইটার) পোস্ট করেন যে, তিনি “আমেরিকান পার্টি” নামে একটি নতুন দল গঠন করছেন, যা রিপাবলিকান ও ডেমোক্রেটিক এই দল বা ‘ইউনিপার্টির’ বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।

    ট্রাম্প এবং মাস্ক আগে বেশ ঘনিষ্ঠ ছিলেন। টেসলা প্রধান মাস্ক যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডোজ) এর নেতৃত্বে ছিলেন, যার কাজ ছিল সরকারি খরচ কমানো।

    মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন, যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বাড়ায়।

    রোববার মাস্ক বলেন, ভবিষ্যতে যেকোনো সময় নতুন এই দলটি তাদের একজন প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি সমর্থন জানাতে পারে, তবে “পরবর্তী ১২ মাসের লক্ষ্য হলো হাউজ এবং সেনেট (পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষ)”।

    ট্রাম্প রোববার তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, "গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে দেখা আমার জন্য কষ্টদায়ক, সে যেন এক ধরনের ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।"

    এই পোস্টে মাস্কের "ইলেকট্রিক ভেহিকেল (ইভি) আদেশ” বা ইলেকট্রিক গাড়ি বাধ্যতামূলক করার প্রচেষ্টার সমালোচনা করা হয়। ট্রাম্প বলেন, এটি হলে “সবাইকে খুব অল্প সময়ের মধ্যে জোর করে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।”

    ট্রাম্পের ট্যাক্স ও ব্যয় পরিকল্পনা, যা ৪ঠা জুলাই আইনে পরিণত হয়েছে, তাতে ইলেকট্রিক গাড়ির জন্য কর ছাড় বাতিল করা হয়েছে।

    তিনি আরো যোগ করেন, তিনি মাস্কের এই ইভি আদেশের প্রস্তাব শুরু থেকেই বিরোধিতা করে আসছেন, এবং কেন আইনে ইভি বাধ্যতামূলক করা হয়নি, তার ব্যাখ্যাও দেন।

    “এখন মানুষ চাইলে যেকোনো গাড়ি কিনতে পারবে, পেট্রোলচালিত, হাইব্রিড (যেগুলো ভালো চলছে), বা নতুন প্রযুক্তির যেকোন গাড়ি। এখন ইলেকট্রিক গাড়ি আর বাধ্যতামূলক নয়।”

    এই আইন সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্বালানি উৎপাদনের খরচ বাড়িয়েছে, তবে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে, যা বিতর্কের জন্ম দেয়।

    ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদ চলাকালে মাস্ক অনলাইনে তার এই নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন, যেখানে তিনি বারবার ট্রাম্পের ব্যয় পরিকল্পনার সমালোচনা করেন।

  15. ইয়েমেনে হুথি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল, ইয়াং তিয়ান, বিবিসি নিউজ

    ইসরায়েল বলেছে, গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজ, যেটি আগে হুথি বিদ্রোহীরা ছিনতাই করেছিল, তা হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল।

    ছবির উৎস, Mohammed Hamoud/Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েল বলেছে, গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজ, যেটি আগে হুথি বিদ্রোহীরা ছিনতাই করেছিল, তা হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল।

    ইসরায়েল বলেছে, তারা ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ নিশ্চিত করেছেন যে, তাদের লক্ষ্যগুলোর মধ্যে ছিল গ্যালাক্সি লিডার নামে একটি বাণিজ্যিক জাহাজ।এই জাহাজটি ২০২৩ সালে বিদ্রোহী গোষ্ঠী (হুথি) ছিনতাই করেছিলো এবং ইসরায়েল বলেছে, এটি আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতো।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, হুদায়দাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে তারা হামলা চালানোর পর, ইয়েমেন থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

    ইরান-সমর্থিত হুথি সামরিক গোষ্ঠীর একজন মুখপাত্র বলেছেন, হামলার পরে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

    "স্থানীয়ভাবে উৎপাদিত বিপুল সংখ্যক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র" ব্যবহার করে ইসরায়েলি আক্রমণ প্রতিহত করার কথা জানান তিনি।

    ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতামূলক সাইরেন বাজাতে দেখা গিয়েছে এবং সেখানকার সেনাবাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ফলাফল এখনো যাচাই করা হচ্ছে।

    ইয়েমেনে হুথি-চালিত গণমাধ্যম বলেছে, ইয়েমেনের হুদায়দায় ইসরায়েল হামল চালিয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত কিছু জানা যায়নি।

    কাৎজ বলেছেন, এই হামলাগুলো ছিল “অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ”-এর অংশ এবং এবং হুঁশিয়ারি করেছেন যে হুথিদের "তাদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে"।

    তিনি এক্স (আগের টুইটার) এ লিখেছেন, "ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে। কেউ যদি ইসরায়েলকে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। আর কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে, তার হাত কেটে ফেলা হবে।"

    ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে।

    ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, ইয়েমেনের বন্দরে তারা সবশেষ হামলা চালিয়েছে ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে হুথিদের বারবার হামলার জবাব হিসেবে।

    তারা আরো বলেছে, ইয়েমেনের যেসব বন্দরে হামলা করা হয়েছে, সেখানে ইরানের সরকারের কাছ থেকে অস্ত্র এনে ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলার জন্য ব্যবহার করা হচ্ছিল।

    বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার কিছুক্ষণ পর, হুথিরা নিশ্চিত করে যে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হামলা প্রতিহত করেছে।

    রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্র, যা কাছের ইব ও তাইজ শহরে বিদ্যুৎ সরবরাহ করে, সেটিও ইসরায়েলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

    এই হুদায়দায় সর্বশেষ হামলা হয় মে ও জুন মাসে। ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো ওই বন্দর শহরটিতে আঘাত করেছিলো।

    হুদায়দা বন্দর, যা লাখ লাখ ইয়েমেনির জন্য খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার প্রধান প্রবেশদ্বার, সেটি গত এক বছরে একাধিকবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।