সোমবার সারা দিন যা যা ঘটেছে:
- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। মতবিরোধ থাকলেও তাদের মধ্যে বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
- বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের চেয়ে কমে দুই দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে।
- জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা।
- স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার লেবার পার্টির এই নেতাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়।
- ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হায়াহকে নির্বাচিত করেছে।
- বাংলাদেশে আবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- ইরানে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার শিরাজের উত্তর-পশ্চিম দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সেখানে বিমান হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
- সরকার নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশের পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন' (বিএসটিআই)। নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত ওইসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতি নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
- দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচটি শিশু মারা গেছে। এছাড়া বিভিন্ন জেলায় নতুন করে আরও এক হাজার ৬৯টি শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।