আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সোমবার সকাল ১১টায় শেখ হাসিনার মামলার রায়

শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিনে জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে চারটি জেলায় বিজিবি মোতায়েন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো-

    • সোমবার সকাল ১১টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্নসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। তিনি মামলাকারী ব্যক্তিকে চেনেন না বলে দাবি করেছেন।
    • জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
    • সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায়ের দিনে জামায়াতে ইসলামীসহ আট দল মাঠে থাকার ঘোষণা দিয়েছে।
    • এই রায়কে ঘিরে সারাদেশে সর্তক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তল্লাশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে।
    • বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
    • এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক কূটনীতিক ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূলপাতায়

  2. বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি

    বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের খবরে বলা হয়েছে, এন্টি টেররিজম ইউনিটের (ঢাকা) পুলিশ সুপার মো. শাহরিয়ারকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদারকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মো. জান্নাতুল হাসানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মো. রেজাউর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) উপ-কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) অতিরিক্ত উপকমিশনার হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপ-কমিশনার, ঢাকায় এসবির অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলামকে ঢাকায় এসবির বিশেষ পুলিশ সুপার, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার তহুরা জান্নাতকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ও ঢাকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফরহানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

    অপর এক প্রজ্ঞাপনে রাঙামাটির বেতবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) কমান্ড্যান্ট (অতিক্তি ডিআইজি) ড. আব্দুস সোবাহানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালামকে রাঙামাটির বেতবুনিয়ার পিএসটিএসের কমান্ড্যান্ট, বরিশালের ১০ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুনকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজ (চলতি দায়িত্ব) মো. শাহাব উদ্দীনকে বরিশাল ১০ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্বে), বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকায় পুলিশ অধিদপ্তরের এআইজি ড. সাইফুল্লাহ বিন আনোয়ারকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

    এছাড়া ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর সারদায় অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদকে সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলির আদেশ বাতিল, সিএমপির অতিরিক্ত কমিশনার আসফিকুজ্জামান আকতারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) যুগ্ম কমিশনার, সিএমপির উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, সিলেট মেট্রোপলিটন পুলিশের(এসএমপি) উপ-কমিশনার শেখ শরীফুল ইসলামকে সিএমপির উপ-কমিশনার ও ময়মনসিংহের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) রাশিদা বেগমকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

    এছাড়া ঢাকায় এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের এআইজি ও ঢাকায় পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ এহসান সাত্তারকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

  3. এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন শমসের মবিন চৌধুরী

    এবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক কূটনীতিক ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

    রোববার তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের কাছে একটি চিঠিতে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন মি. চৌধুরী।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মি. খন্দকার।

    তিনি বলেছেন, “শমসের মবিন চৌধুরী অনেক দিন ধরেই দলে নিষ্ক্রিয়। আমাদের দলও অনেক দিন ধরে নিষ্ক্রিয় রয়েছি। আজকেই উনি (মি. চৌধুরী) দল থেকে অবসরের কথা আমাকে ফোনে জানিয়েছেন এবং একটি চিঠিও পাঠিয়েছেন”।

    মি. চৌধুরী ওই চিঠিতে তৈমুর আলম খন্দকারকে লিখেছেন, “এই মর্মে আপনাকে, এবং আপনার মাধ্যমে সকলকে অবগত করছি যে, শারীরিক কারণে আমি, শমসের এম চৌধুরী, রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একি সাথে তৃণমূল বিএনপির সকল পদ থেকে আমি পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ ইং থেকে কার্যকর হইল”।

    “আমার উপড়ে উল্লেখিত সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট এবং গণমাধ্যমে অবগত করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করিলাম”, উল্লেখ করেন মি. চৌধুরী।

    সাবেক কূটনীতিক মি. চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। পরে তিনি বিএনপি ছেড়ে বিকল্পধারা বাংলাদেশেও যোগ দিয়েছিলেন।

    পরে সেখান থেকে পদত্যাগ করে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন শমসের মবিন চৌধুরী।

  4. সোমবার সকাল ১১টায় শেখ হাসিনার মামলার রায়

    সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস জানিয়েছে, কাল সকাল ১১টায় এ রায় উপলক্ষে আদালত বসবে।

    এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।

    শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গত বছরের চব্বিশের জুলাই অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এসব মামলা করা হয়।

    এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই রায় দেওয়া হবে।

    বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন।

    শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধেই ৫টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন।

    অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এ ছাড়া, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও খালাস চেয়েছেন তার আইনজীবী।

  5. আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

    ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্নসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী।

    রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত মিজ চৌধুরী ও তার ভাইয়ের জামিন মঞ্জুর করে।

    শুনানি নিয়ে আদালত তাদের জামিনের আদেশ দেন বলে জানিয়েছেন মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার।

    এর আগে ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে মেহজাবীন এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত।

    আদালত সূত্র জানিয়েছে, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে আসামি মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর আদালতে হাজির না হওয়ায় গত ১০ই নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    বাদী আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার এজাহারে উল্লেখ করেন, দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার কথা বলেন তাকে। এ কারণে বাদী নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন মেহজাবীন চৌধুরীকে। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে কালক্ষেপণ করতে থাকেন আসামিরা।

    তবে, বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহাজাবীন চৌধুরী দাবি করেছেন, যিনি মামলাটি করেছেন তাকে তিনি চেনেন না। ওই ব্যক্তির মামলা করা দেখে তিনি বিস্মিত হয়েছেন।

    তিনি পোস্টে আরো লিখেন, “এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না”।

  6. শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি বিএনপি মহাসচিবের

    জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এই রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি জানান।

    ওই পোস্টে মি. আলমগীর লিখেন, “আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার দাবী করছি!”

    এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মি. আলমগীর বলেন, “আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে”।

  7. আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন- কাদের সিদ্দিকী

    কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, “আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোন শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন”।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপে এই বক্তব্য দেন মি. সিদ্দিকী।

    এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ''গণভোটের চার প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে''।

    অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মি. সিদ্দিকী বলেন, “১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না”।

    আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনার নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে”।

  8. ডেঙ্গুতে আরো পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় যে ১,১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৯৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৪৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

    অন্যদিকে, ২৪ ঘণ্টায় সারা দেশে ১,১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৪ হাজার ৯৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩৬ জন।

  9. ঢাকা ও কুমিল্লায় ৫৪ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দশজনকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ।

    ডিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, রাজধানীতে রাজধানীতে ‘ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেফতার করা হয়।

    এর আগে শনিবার আওয়ামী যুব লীগের চার নেতা-কর্মীকে গ্রেফতারের খবর দিয়েছিলো ডিবি পুলিশ।

    এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ৪৪ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে ২৯ জনকে আটক করা হয় শহরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের আটক করা হয় শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকে।

    কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী বিবিসি বাংলাকে ৪৪ জন গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, 'নাশকতাসহ বিভিন্ন অভিযোগে' তাদের গ্রেফতার করা হয়েছে।

  10. সাবেক মন্ত্রী টিপু মুনশি, প্রতিমন্ত্রী শাহরিয়ার-এনামুলসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ

    আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সাত জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

    দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছে।

    আরো যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে, তারা হলেন কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মুজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বাংলাদেশ সুপ্র্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক মন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি।

  11. কুমিল্লায় মহাসড়কে গাছ কাটার ঘটনায় একজন গ্রেফতার

    কুমিল্লা সদরের বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকে বকুল গাছ লাগিয়েছিলো সড়ক ও জনপথ অধিদপ্তর। সম্প্রতি বেলতলী এলাকায় অন্তত: অর্ধশত বকুল গাছ কেটে ফেলেন এক যুবক। এই ঘটনায় মামলা করে সড়ক ও জনপথ অধিদপ্তর।

    সেই মামলায় শনিবার রাতে মো. আজমির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    কুমিল্লা সদর দক্ষিণ থানা মামলা ও গ্রেফতারের কথা নিশ্চিত করেছে বিবিসি বাংলাকে।

  12. রায় নিয়ে দেশে 'আতঙ্ক' বিরাজ করছে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায় নিয়ে দেশে 'আতঙ্ক বিরাজ করছে' -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে সোমবার যে রায় হওয়ার কথা সেটা নিয়ে দেশে একটা ‘আতঙ্ক বিরাজ করছে’।

    তিনি বলেন, “রায় নিয়ে দেশে একটা চরম অনিশ্চিয়তা, একটা আতঙ্ক বিরাজ করছে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।”

    রোববার ঢাকায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার ভাষায়, নৈরাজ্য সৃষ্টিকারীদের রুখে দেয়ার আহ্বান জানান।

    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দাবি তুলে ধরে কিছু মহল নির্বাচনকে বিলম্বিত করতে চায়।

    “অনেক বিভ্রান্তি, হতাশার মধ্য দিয়েও এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে, ২৬শে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, বিভিন্ন দাবি তুলে ধরে নির্বাচনকে বিলম্বিত করতে চায়।” বলেন মির্জা ফখরুল।

  13. শেখ হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ আট দলের

    সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিনে জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে।

    জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

    শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।

    “আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো,” বলেন মি. গোলাম পরওয়ার।

    জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট।

    "গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে"।

    সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্য যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য জনগনের যে আকাঙ্খা, তার ‘আংশিক পূরণ হয়েছে’। আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ তা আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে।

    আরো পড়তে পারেন:

  14. রায়ের পর শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর

    বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ১৭ই নভেম্বর ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সোমবার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

    রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনাসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেয়ার জন্যও তারা আবেদন করেছেন।

    তিনি বলেন, “আমরা ট্রাইব্যুনালে তার (শেখ হাসিনা) সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি। শুধু তাই নয়, একইসঙ্গে এই আসামীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিক্টিম বা শহীদ আছে, আহত পরিবার আছে - তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছি।”

    তিনি আরো বলেন, "ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে যে আদেশই দিক না কেন, প্রসিকিউশন সেটা মেনে নেবে।"

    এদিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।

    রায়টি সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে