আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সংস্কার, সংলাপ ও নির্বাচন নিয়ে সরকার যে প্রক্রিয়ায় এগুতে চায়

অন্তর্বর্তী সরকারকে সময়-সুযোগ দিতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে ‘কমিশন অফ ইনকোয়ারি’। সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত ও অপর একজনকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সারাদিনের ঘটনাপ্রবাহ জানতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন।

সার সংক্ষেপ

  • অন্তর্বর্তী সরকারকে সময়-সুযোগ দিতে বিএনপি প্রস্তুত, জানালেন মির্জা ফখরুল
  • হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছে আদালত
  • গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে এসব ঘটনা তদন্তে গঠিত ‘কমিশন অফ ইনকোয়ারি’
  • সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত ও অপর আরেকজন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে
  • সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বলে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা ঘটেছে

    স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করতে না পারায় আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আগামী রবিবারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়ার আশাবাদ জানান তিনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য উপদেষ্টা।

    অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করেছে সেগুলো তিনমাসের মধ্যে তাদের প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। এরপর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার।

    অন্তর্বর্তী সরকারকে সময়-সুযোগ দিতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শেষ করে স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে, তা ব্যবহার করে অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশের সৃষ্টি করতে চান। এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।’

    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী বলেছেন,বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ আছে বটে কিন্তু দেশটির পরিস্থিতি স্থিতিশীল হবে বলে তিনি আত্মবিশ্বাসী। ভারতের এই রাজনৈতিক নেতা নিউইয়র্ক সফরের সময় সেখানকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন।

    গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে সব গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া ‘কমিশন অফ ইনকোয়ারি’। অতিরিক্ত জেলা জজ মো. বুলবুল হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার প্রকাশিত হয়।

    সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।

  2. সংস্কার, সংলাপ ও নির্বাচন নিয়ে সরকার যে প্রক্রিয়ায় এগুবে

    সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। এরপর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার।

    সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংস্কার না করার ফল কী হয়েছে তা এতোদিন রাজনৈতিক দলগুলোর উপলব্ধি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    মিজ হাসান বলেন, “ সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার সুনির্দিষ্ট কোন কোন ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। রাজনৈতিক দলগুলোও ইতিমধ্যে স্পষ্ট করেছে আগে সংস্কার তারপরে তারা নির্বাচনে যেতে চান”।

    ব্রিফিংএ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের বড় পার্থক্য রয়েছে। এই সরকার একটি গণ-অভ্যুত্থানের আউটকাম। এই গণ-অভ্যুত্থানে দুটি শব্দ ছিল। একটি হলো বৈষম্যবিরোধী, আরেকটি হচ্ছে সংস্কার”।

    “এর উদ্দেশ্যই হচ্ছে একটি প্রকৃত গণতন্ত্রের দিকে দেশটিকে নিয়ে যাওয়া। যেহেতু এরশাদ সরকারে সঙ্গে এই সরকারের ফাউন্ডেশনেই পার্থক্য আছে, তাই সেই সরকারের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা ও উদ্দেশ্যকে কোনোভাবেই মিলিয়ে ফেলবো না”

    তিনি আরও বলেন, “এই যে কমিশনগুলো হলো, প্রাথমিকভাবে আমরা আশা করছি, তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন দিতে পারবে। এগুলো আদৌ বাস্তবায়িত হবে কি না, সেটা নির্ভর করবে এর স্বপক্ষে রাজনৈতিক ঐক্য আমরা গড়ে তুলতে পারি কি না। এ জন্য সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোরও মতামত চাচ্ছি”।

    শেখ হাসিনাকে বিচারাধীন প্রক্রিয়ায় থাকতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    তিনি বলেন, “ শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে। কারণ দায়দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে”।

  3. অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশের সৃষ্টি করতে চাই: ইউনূস

    শ্রমিক-মালিকের মধ্যে সরকার সুসম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    তিনি বলেন, “আমাদের মেয়াদকালে আমরা শ্রমিক-মালিকের সম্পর্ক সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা এখনো জেনেভা কনভেনশনে যোগ দিতে পারি নি। আমাদেরকে সাহস দিন, এগিয়ে আসুন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে স্বাক্ষর করি"।

    বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ন্যাশনাল বিজনেস সংলাপে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

    ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) এবং জাতীয় পর্যায়ের ১৫টি বাণিজ্যিক সংগঠন এ সংলাপের আয়োজন করে।

    তিনি শ্রমিকদের যা প্রাপ্য, মালিকদের তাতে শরিক হওয়ার আহ্বান জানান।বাংলাদেশে ব্যবসা পরিচালনায় অনেক বাধা রয়ে গেছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “ব্যবসায় বাধার কোন সীমা নেই। ব্যবসা করা এক মহা সংগ্রাম। তবে আমরা এসব বাধা পেরিয়ে যেতে আজ একযোগে সরকার, সরকারের বাইরে সবাই এক পরিবারের সদস্য হিসেবে কাজ করে যাবো”।

    ছাত্রদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের সরকারের সাথে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেছেন, “ছাত্র-জনতার গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে, তা ব্যবহার করে আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে একটা নতুন তরতাজা বাংলাদেশের সৃষ্টি করতে চাই। আসুন, এ লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি।’

    সবাই মিলে একজোট হয়ে কাজ করলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অবস্যম্ভাবী এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

    ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে ড. ইউনসূ বলেন, “সংস্কার কেবল সরকারের ওপর ছেড়ে দেবেন না। আসুন সবাই মিলে সংস্কার করি। যেখানে ভুল দেখবেন, আত্ম-জিজ্ঞাসা করবেন -সেখান থেকে বেরিয়ে আসার। ছেলেদের আত্মাহুতির দিকে তাকিয়ে ভুল পথ পরিহার করুন”।

  4. এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার: হাসনাত আব্দুল্লাহ

    রাষ্ট্র বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    বিকেলে কক্সবাজারের পাবলিক হলে আয়োজিত দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র-নাগরিকদের সঙ্গে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, “ রাষ্ট্র বিনির্মানের কাজে অনেক বাধা আসবে, ষড়যন্ত্র আসবে, নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। শহীদের রক্তের সাথে বেঈমানি না করে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে”।

    পাঁচই অগাস্ট পরবর্তীতে আরেকটি সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেন মি. আব্দুল্লাহ।

    মি. আব্দুল্লাহ বলেন, যারা শহীদ হয়েছে তাদের রক্তের যেই দায়ভার সেই দায়িত্বটি পালন করতে হবে। আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব তাদের রক্তের ঋণ পরিশোধ করা।

    বার্ধক্যের নেতৃত্ব তরুন প্রজন্মের মনন, চিন্তা, মগজ বুঝতে পারেনি। এতে একটি দূরত্ব তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    ভারতের সাথে সম্পর্ক নিয়ে মি. আব্দুল্লাহ বলেন, “আন্তর্জাতিকভাবে ভারতের সঙ্গে এতোদিন সম্পর্ক ছিল নতজানু সম্পর্ক। কিন্তু উপদেষ্টা আসিফ বলে দিয়েছে এখন ভারতের সঙ্গে সম্পর্ক হবে চোখে চোখ রাখার”।

    রাষ্ট্রের সামগ্রিক কল্যানের জন্য ৫ই অগাস্টের আগে যেভাবে ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান ছিল সেভাবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

    মি. আব্দুল্লাহ বলেন, “আমাদের দল, মত, সংখ্যালঘু, সংখ্যাগুরু, ধর্মপরিচয় সবকিছুর উর্ধ্বে উঠে সবার পরিচয় ছিল বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ। একইভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনাম বাংলাদেশ, চাঁদাবাজি বনাম বাংলাদেশ, টেন্ডারবাজি বনাম বাংলাদেশ”।

    স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান জারি রাখার আহ্বান করেন মি. আব্দুল্লাহ।

  5. গুম হওয়া ৬৪ ব্যক্তির তালিকা কমিশনে পাঠালেন প্রধান বিচারপতি

    বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম হওয়া ৬৪ জনের সন্ধান চেয়ে পরিবারগুলোর দেয়া স্মারকলিপিটি গুম অনুসন্ধান কমিশনের কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য গঠিত তদন্ত কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ৬৪ জনের নাম, ছবি, ঠিকানাসহ দেয়া স্মারকলিপিটি পাঠানো হয়েছে।

    এর আগে গত ২৮শে অগাস্ট ‘গুম পরিবারের সদস্য’ ব্যানারে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি দেয়।

    এই স্মারকলিপিতে গুমের অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা, পরিবারগুলোর আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দেয়া, সরকারি খরচে মামলা পরিচালনার ব্যবস্থাসহ আটটি বিষয়ে প্রধান বিচারপতির সহযোগিতা চাওয়া হয়।

    এছাড়াও গুম হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া না গেলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরের জন্য বিশেষ সনদ দেয়ার ব্যবস্থা করার কথাও বলা হয়েছে এই স্মারকলিপিতে।

    সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্মারকলিপির সাথে সংযুক্ত গুম হওয়া ব্যক্তিদের তালিকা গুম অনুসন্ধান কমিশনের তদন্তের কাজে সহায়ক হতে পারে বলে প্রধান বিচারপতি এ স্মারকলিপিটি কমিশনের কাছে পাঠিয়েছেন।

  6. বাংলাদেশ নিয়ে রাহুল গান্ধী যা বললেন

    ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী বলেছেন, বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ আছে বটে কিন্তু দেশটির পরিস্থিতি স্থিতিশীল হবে বলে তিনি আত্মবিশ্বাসী। ভারতের এই রাজনৈতিক নেতা নিউইয়র্ক সফরের সময় সেখানকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন। সেখানে তিনি নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন।

    রাহুল গান্ধীকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং বাংলাদেশকে সেটি জানানো হয়েছে।

    মি. গান্ধী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে সব ধরণের সহিংসতার অবসান হোক এটা তারা চান এবং যত দ্রুত সম্ভব এটা থামানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বাংলাদেশে যাতে সহিংসতা বন্ধ হয় সেজন্য ভারত সরকার চাপ করার দায়িত্ব আছে বলে তিনি উল্লেখ করেন।

    এই অনুষ্ঠানের পর কংগ্রেস পার্টির এক্স প্লাটফর্মে রাহুল গান্ধী লিখেছেন, বাংলাদেশের মানুষের সাথে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে।

    “ বাংলাদেশের জন্মের সাথে আমার দাদী গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং সেসব উদ্বেগ আমরা বাংলাদেশকে জানিয়েছি।”

    “তারপরেও আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং বর্তমান সরকারের সাথে কিংবা ভবিষ্যতে যে কোন সরকারের সাথে আমরা সম্পর্ক রাখতে সক্ষম হবো,” লিখেছেন রাহুল গান্ধী।

  7. শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় শনিবারের স্মরণসভা স্থগিত, খরচের ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা

    স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারায় আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আগামী রবিবারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়ার আশাবাদ জানান তিনি।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য উপদেষ্টা।

    স্মরণসভার নতুন সময়সূচি পরে জানানো হবে উল্লেখ করে মি. ইসলাম বলেন, "এখন পর্যন্ত আমাদের কাছে ৭২৮ জন শহীদের তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এগুলো ভ্যারিফাই করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আহতের সংখ্যা ২০ হাজার ২৬৩ জন। জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে যেন প্রত্যেক জেলা ভিত্তিক একটা তালিকা করে তারা পাঠায়।"

    স্মরণসভার বাজেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মি. ইসলাম বলেন, "পাঁচ কোটি টাকাই খরচ হবে এমন নয়, এর মধ্যে রাখতে বলা হয়েছে। অর্থ ব্যয় হবে শহীদ পরিবারের সদস্যদের ঢাকায় এনে এক রাত রাখা ও তাদের আপ্যায়নের জন্য। এখানে কোনো সাজসজ্জা বা বাড়তি খরচের ব্যাপার নেই। তাদের থেকে শহীদদের সম্পর্কে আরও তথ্য নেয়া হবে।"

  8. জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    পাকিস্তানের মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান দেয়া হয়।

    এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশে বলেন, এই সাক্ষাতের অপেক্ষায় ছিলাম।

    ড. ইউনূস জানান, পাকিস্তানে তাদের এই অর্জন ঐতিহাসিক। তাদের অর্জনে গোটা জাতি গর্বিত।

    উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভের ২৪ বছর কেটেছে। এর মধ্যে অনেক দেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবারই প্রথম।

    পাকিস্তানকে প্রথম ম্যাচে ১০ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড. ইউনূস পাকিস্তানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে কথা বলেন এবং অভিনন্দন জানান।

  9. ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন দুই ঢাবি শিক্ষক

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেয়া হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    আগামী চার বছর পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হবার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

    আগে তারা যে পদে আসীন ছিলেন সে অনুযায়ী বেতনভাতা পাবেন।

    এছাড়া কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুসারে তারা সুবিধাদি পাবেন এবং যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর করা হবে।

    উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

    তিনি যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি বিষয়ে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে পলিটিক্যাল ইকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তাঁর ৩৫টিরও অধিক নিবন্ধ ও গ্রন্থ অধ্যায় প্রকাশিত হয়েছে।

    তিনি শিভেনিং স্কলার এবং কিজো ওবুচী ফেলো।

    অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কানাডার কার্লেটন বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞান বিষয়ে মাস্টার্স এবং সাংস্কৃতিক নৃ-বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তাঁর মোট ১১৩টি প্রকাশনা নিবন্ধ রয়েছে।

    মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১০ সালে নেহেরু হিউম্যানেটারিয়ান অ্যাওয়ার্ড এবং ২০১১-১২ সালে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইডিআরসি) কানাডা রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন।

  10. অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ: অ্যাটর্নি জেনারেল, '৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে'

    সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ- এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    “সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে,” বলেন মি. আসাদুজ্জামান।

    এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

    “ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না,” যোগ করেন তিনি।

    রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি।

    মি. আসাদুজ্জামান জানান, শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

  11. অন্তর্বর্তী সরকারকে সময়-সুযোগ দিতে আমরা প্রস্তুত: মির্জা ফখরুল

    অন্তর্বর্তী সরকারকে সময়-সুযোগ দিতে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    একইসঙ্গে যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ শেষ করে স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি তারা কাজ করছে। এ কাজের জন্য তাদেরকে সময়-সুযোগ দিতে আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ।”

    বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “গতকাল (বুধবার) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন, তার জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছেন। এই বক্তব্যে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন।”

    এছাড়াও সম্মেলনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৪ ও ১৫ই সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা করে দলটি।

    মির্জা ফখরুল বলেন, “আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেয়ার জন্য এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করার। এ কারণে আমরা দু’দিনের কর্মসূচি দিয়েছি।”

    কর্মসূচির মধ্যে ১৪ই সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে গত ১৫ বছরে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন ও নির্যাতিত হয়েছেন, তাদের স্বজনদের নিয়ে সমাবেশ করা হবে। সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর ১৫ তারিখ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হবে বলে জানান মি. আলমগীর।

  12. গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ‘কমিশন অফ ইনকোয়ারি’র গণবিজ্ঞপ্তি জারি

    গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে সব গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া ‘কমিশন অফ ইনকোয়ারি’।

    অতিরিক্ত জেলা জজ মো. বুলবুল হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার প্রকাশিত হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক বিগত ০১.০১.২০১০ হতে ০৫/০৮/২০২৪ পর্যন্ত আময়ের মধ্যে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কমিশন গঠন করেছে।

    জোরপূর্বক গুমের ঘটনায় ব্যক্তি নিজে কিংবা পরিবারের কোনো সদস্য বয়া আত্মীয়স্বজন বয়া গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবে।

    আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযোগ দাখিল করা যাবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  13. যৌথ অভিযানে গ্রেফতারের পর মৃত দুইজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, এলাকাবাসীর মানববন্ধন

    গাইবান্ধার সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারের পর মৃত্যু হওয়া দুই ব্যক্তিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

    এদিকে গ্রেফতারের পর নির্যাতনের কারণে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) ইবনে মিজান।

    তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার পাঁচ জনের বিরুদ্ধে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার রায় বাদী হয়ে 'অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য' আইনে এই মামলা দায়ের করেছেন।

    মামলায় আসামিরা হলেন, সাঘাটা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট (৪৫), গোবিন্দী বাঁশহাটি এলাকার সেরায়েত আলীর ছেলে শাহাদাৎ হোসেন পলাশ (৪৫), উত্তর সাথালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম রকি (২৮), গোবিন্দী এলাকার রোস্তম আলীর ছেলে সোহরাব হোসেন আপেল (৩৫) ও একই এলাকার মালেক উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।

    আসামিদের মধ্যে সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলামকে যৌথ বাহিনী গ্রেফতারের পর তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আপেলের মৃত্যু হয় এবং একইদিন সকাল সাড়ে ৯টার দিকে শফিকুল ইসলাম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

    গত সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের ভরতখালীর গোবিন্দী এলাকা থেকে তাদের পাঁচজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

    মৃত ব্যক্তির নামে মামলা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, 'মামলার চার্জশিটে তাদের নাম বাদ পড়বে।'

    তবে, মৃত ব্যক্তির নামে মামলা প্রসঙ্গে এই মামলার বাদী ও সাঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপক কুমার রায়ের দাবি, ওই দুই ব্যক্তির মৃত্যুর আগেই মঙ্গলবার সকালে পাঁচজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।

    এদিকে, গাইবান্ধা জেনারেল হাসপাতালে আপেলের মৃত্যুর পর চিকিৎসাধীন দুইজনের একজন শাহাদাৎ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    অপরজন চেয়ারম্যান মোশাররফ সুইট আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এছাড়া রিয়াজুল ইসলাম রকি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    অপরদিকে, গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা যাওয়া সোহরাব হোসেন আপেল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হওয়া শফিকুল ইসলামের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এদিকে, গ্রেফতারের পর নির্যাতনের কারণে সোহরাব হোসেন আপেল ও শফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার ভরতখালি বাজার এলাকার সড়কে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের নিহত ও আহতদের স্বজন ছাড়াও বিভিন্ন পেশার মানু্ষ অংশ নেয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, গ্রেফতারের পর চেয়ারম্যান সুইটসহ ৫ জনকে বেদম মারধর ও নির্যাতন করে যৌথ বাহিনীর সদস্যরা।

    তাদের নির্যাতনের কারণেই আপেল ও শফিকুলের মৃত্যু হয়েছে। এই ঘটনার সুষ্ঠ বিচারসহ জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

  14. ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বরখাস্ত, অপর একজনকে বাধ্যতামূলক অবসর

    সেনাবাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত ও অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

    তারা হলেন, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।

    গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হলেও বৃহস্পতিবার বিষয়টি সামনে আসে।

    লেফটেন্যান্ট জেনারেল মজিবুরকে বরখাস্ত ও সাইফুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

    লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এর আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

    তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

    ২০১৬ সালের জুলাই মাসে হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার সময় ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে মজিবুর রহমান আলোচনায় এসেছিলেন। পরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক হন।

    দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

    এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। এছাড়া তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

  15. ঢাকাসহ চার বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা

    সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ চারটি বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া অফিস থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার প্রকাশিত পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

    এতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

    এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

    এর আগে বুধবার সকাল থেকে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে তিন দিনের ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অফিস।

    উল্লেখ্য, ৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারী বৃষ্টিপাত।

    এর আগে বৃহস্পতিবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হচ্ছে।

    এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  16. জামিন আবেদন নাকচ; জেল হাজতে ইনু, মেনন, পলক ও মামুন, পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি চারদিনের রিমান্ডে

    ছাত্রজনতার আন্দোলনে গুলি বর্ষণ ও হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠান আদালত।

    রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে তোলা হয়। এসময় জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। কিন্তু জামিন আবেদন বাতিল করে কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

    এদিকে ভ্যানের মধ্যে ছাত্র-জনতাকে পুড়িয়ে মারার ঘটনায় সাভার থানায় করা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে চারদিনের রিমান্ড দিয়েছে আদালত।

    এ নিয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাফির আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।

    আশুলিয়ার ঘটনায় কেন সাভার থানায় মামলা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এফআইআরে ঘটনাস্থলের নিকটস্থ থানা বাদ দিয়ে অন্য থানায় মামলা করার বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়েছে। এ ধরনের ঘটনায় আইনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস কমে যায়।

  17. পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন

    পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফর রাজ হোসেন।

    তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন।

    বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণে সফর রাজ হোসেনের পরিবর্তে ভুলবশত সফররাজ চৌধুরী বলা হয়।

    পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এছাড়া, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

  18. সীমান্ত থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

    চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাহিনীটির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

    মি. ইসলাম জানান, অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোর ৬টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে স্থানীয় একটি থানায় রাখা হয়েছে।

    সামাজিক মাধ্যমের পরিচিত মুখ ফারাজ করিমের বাবা ফজলে করিম চৌধুরী। পাঁচই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির আরও অনেক নেতার মতো তিনিও আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।

  19. খালেদা জিয়া হাসপাতালে

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মিজ জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

    তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ থাকায় মেডিক্যল বোর্ডের পরামর্শক্রমে নিয়মিত চেক আপ ও নিবিড় পর্যবেক্ষণের জন্য গতকাল রাতে তাকে হাসপাতালে নেয়া হয় এবং পরে ভর্তি করা হয়। রাতে কিছু পরীক্ষার পর সকালের দিকেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

    উল্লেখ্য, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডনি এবং আর্থ্রাইটিসের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।